ইমেইল থেকে
নুসরাত জাহান স্মরনীকা
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১২:৪৩ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
শিক্ষা যদি একটি গাছ হয়, তবে জিপিএ-৫ তার একটি ফল মাত্র। কিন্তু আমরা যেন ফলটিকেই পুরো গাছ ভেবে বসেছি। গাছের শিকড় কতটা শক্ত, মাটি কতটা উর্বর, গাছটি ঝড় সামলাতে পারে কি না? এসব প্রশ্নের চেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফলটি কত বড় এবং চকচকে। ফলে শিক্ষার আসল উদ্দেশ্য জ্ঞান অর্জন, চিন্তা করার ক্ষমতা, যুক্তিবোধ, সৃজনশীলতা ও মানবিকতা ধীরে ধীরে আড়ালে পড়ে যাচ্ছে। একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এটি নিঃসন্দেহে তার পরিশ্রম ও সাফল্যের একটি স্বীকৃতি। কিন্তু একটি জিপিএ-৫ কি বলে দিতে পারে সে কতটা জানে? সে নিজের ভাষায় কোনো বিষয় ব্যাখ্যা করতে পারে কি না, কোনো সমস্যার নতুন সমাধান বের করতে পারে কি না, কিংবা বাস্তব জীবনে অর্জিত জ্ঞান প্রয়োগ করতে পারে কি না? উত্তরটি হলো না।
বাংলাদেশে দীর্ঘদিন ধরে পরীক্ষার ফলাফল শিক্ষার্থীর মেধা যাচাইয়ের প্রধান সূচক হয়ে আছে। বিশেষ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ যেন শিক্ষার্থীর সাফল্যের চূড়ান্ত সনদ। পরিবারে সন্তানের জিপিএ-৫ নিয়ে গর্ব, শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের তালিকায় জিপিএ-৫-এর সংখ্যা এবং সামাজিকভাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর বাড়তি মর্যাদা সব মিলিয়ে একটি অদৃশ্য প্রতিযোগিতা তৈরি হয়েছে।
সমস্যা হলো, এই প্রতিযোগিতায় ‘কতটা শিখেছে’ প্রশ্নটি ক্রমেই হারিয়ে যাচ্ছে, জায়গা করে নিচ্ছে ‘কত পেয়েছে’ প্রশ্নটি। একজন শিক্ষার্থী হয়তো একটি অধ্যায়ের প্রতিটি তথ্য মুখস্থ করে পরীক্ষার খাতায় নিখুঁতভাবে লিখতে পারছে। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার কয়েক মাস পর যদি সেই বিষয় সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়, সে হয়তো কিছুই মনে করতে পারছে না। আবার আরেকজন শিক্ষার্থী হয়তো পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পায়নি, কিন্তু সে বিষয়টি বুঝেছে, প্রশ্ন করেছে, নিজের মতো করে চিন্তা করেছে এবং বাস্তব জীবনে সেটি প্রয়োগ করতে পারে। তাহলে প্রকৃত অর্থে শিক্ষিত কে?
শিক্ষার মান যে শুধু পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে না, আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক মূল্যায়নগুলোও সেই কথাই বলে। বিশ্বব্যাংকের ২০২৪ সালের Learning Poverty Brief অনুযায়ী, বাংলাদেশে প্রাথমিক শিক্ষার শেষ পর্যায়ের বয়সী শিশুদের প্রায় ৫১ শতাংশ বয়সোপযোগী একটি সহজ লেখা পড়ে তা বুঝতে ন্যূনতম দক্ষতা অর্জন করতে পারেনি। এখানেই আমাদের জন্য সবচেয়ে বড় প্রশ্নটি তৈরি হয় একজন শিক্ষার্থী যদি পরীক্ষায় ভালো নম্বর পায়, কিন্তু একটি লেখা পড়ে তার অর্থ বিশ্লেষণ করতে না পারে, তাহলে তার শিক্ষার মানকে কীভাবে উচ্চমানের বলা যায়?
শিক্ষার মান কমে যাওয়ার পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, মুখস্থ-নির্ভর শিক্ষাব্যবস্থা। অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীর বোঝার চেয়ে পরীক্ষায় নির্দিষ্ট উত্তর লিখে নম্বর পাওয়াকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ফলে শিক্ষার্থী জ্ঞানকে নিজের করে নেওয়ার বদলে পরীক্ষার জন্য জমিয়ে রাখে। দ্বিতীয়ত, কোচিং ও গাইড-নির্ভরতা। শিক্ষার্থীর নিজের চিন্তার জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে। কোন প্রশ্নের উত্তর কীভাবে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে এই কৌশল শেখানো হচ্ছে কিন্তু কেন উত্তরটি এমন হবে, সেটি নিয়ে আলোচনা কম হচ্ছে। তৃতীয়ত, অভিভাবকদের অতিরিক্ত ফলাফলকেন্দ্রিক প্রত্যাশা। অনেক পরিবারে ‘জিপিএ-৫ না পেলে তুমি ব্যর্থ’Ñ এমন একটি মানসিক চাপ তৈরি হয়। ফলে শিক্ষার্থী শেখার আনন্দের বদলে নম্বর হারানোর ভয় নিয়ে পড়াশোনা করে। চতুর্থত, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের পরিবর্তন। একজন শিক্ষক কেবল সিলেবাস শেষ করার দায়িত্ব পালন করলে শিক্ষা প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যায়। শিক্ষার্থীর কৌতূহল তৈরি করা, প্রশ্ন করতে শেখানো এবং ভুল থেকে শেখার সুযোগ তৈরি করাও শিক্ষকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। পঞ্চমত, মূল্যায়ন পদ্ধতির সীমাবদ্ধতা। একটি নির্দিষ্ট সময়ের লিখিত পরীক্ষায় একজন শিক্ষার্থীর সম্পূর্ণ দক্ষতা পরিমাপ করা কঠিন। সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা, দলগত কাজ, সমস্যা সমাধান, বিশ্লেষণী ক্ষমতা ও নৈতিক বোধ এসব পরীক্ষার খাতায় সহজে ধরা পড়ে না।
প্রথমেই আমাদের বুঝতে হবে জিপিএ-৫ খারাপ কিছু নয়, কিন্তু জিপিএ-৫ কে শিক্ষার একমাত্র মাপকাঠি বানানোই সমস্যা। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষাব্যবস্থায় মুখস্থ-নির্ভরতার পরিবর্তে বোঝাপড়া ও প্রয়োগভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। পরীক্ষায় শুধু ‘কী লিখবে’ নয়, ‘কেন লিখবে’, ‘কীভাবে ভাববে’ এবং ‘বাস্তব জীবনে কোথায় প্রয়োগ করবে’ এসবও মূল্যায়ন করতে হবে।
শিক্ষার উদ্দেশ্য কেবল ভালো ফল করা নয় বরং এমন মানুষ তৈরি করা, যে প্রশ্ন করতে জানে, যুক্তি দিয়ে ভাবতে জানে, ভুল স্বীকার করে আবার চেষ্টা করতে জানে এবং অর্জিত জ্ঞান দিয়ে নিজের ও সমাজের উন্নতিতে ভূমিকা রাখতে পারে। কারণ পরীক্ষার খাতায় পাওয়া পাঁচ কখনও একটি মানুষের সম্পূর্ণ জ্ঞানকে পাঁচে পাঁচ দিতে পারে না। শিক্ষা তখনই সফল, যখন পরীক্ষার হল থেকে বেরিয়ে যাওয়ার পরও তার আলো মানুষের চিন্তা, আচরণ ও জীবনকে আলোকিত করে।
লেখক: শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা