× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুবিধা হোক স্বচ্ছ ও জবাবদিহিতামূলক

সম্পাদকীয়

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১২:৩৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রপ্তানিমুখী শিল্পকে প্রতিযোগিতায় সক্ষম রাখতে সরকার নানা ধরনের নীতি-সহায়তা দিয়ে থাকে। সুবিধাগুলোর অন্যতম হলো ‘বন্ড’ ব্যবস্থার আওতায় শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির সুযোগ। উৎপাদন ব্যয় কমানো, রপ্তানি বাড়ানো এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ সুবিধার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু যে সুবিধা শিল্পের বিকাশের জন্য দেওয়া হয়, সেটিই যদি অপব্যবহারের মাধ্যমে বিপুল রাজস্ব ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে বিষয়টি জাতীয় স্বার্থের প্রশ্ন হয়ে ওঠে। গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘৬ প্রতিষ্ঠানের ৬৯৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি’ শীর্ষক প্রতিবেদনে এমন অভিযোগই উঠে এসেছে। আমরা চাই, অভিযোগের সত্যতা যথাযথ তদন্তের মাধ্যমে নির্ধারিত হোক। কেননা অভিযোগের অঙ্কটি এত বড় যে, বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, রপ্তানিমুখী শিল্পের উৎপাদন খরচ কমাতে সরকার বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির সুযোগ দেয়। এসব কাঁচামাল দিয়ে পণ্য তৈরি করে তা রপ্তানি করার শর্ত ছিল। চট্টগ্রামের ৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা এই সুবিধার অপব্যবহার করে শুল্কমুক্ত সুবিধায় আনা কাপড় ও কাপড়জাত পণ্য বিক্রি করে দিচ্ছেন খোলাবাজারে। গত পাঁচ মাসে বন্ড সুবিধায় আমদানি করা পণ্য বন্ডেড ওয়্যারহাউস থেকে অবৈধভাবে সরিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। আরও দুটি প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। 

জানা যায়, চট্টগ্রাম নগরের স্ট্র্যান্ড রোডের বাংলাবাজার এলাকার মেসার্স জাদিদ অ্যাপারেলসের বিরুদ্ধে বন্ড সুবিধায় কাঁচামাল আমদানি করে তা ওয়্যারহাউস থেকে অবৈধভাবে সরিয়ে নেওয়ার অভিযোগে গত ৪ মার্চ প্রথম মামলা হয়। এতে সরকারের ১০৭ কোটি ৮৫ লাখ ৫৮ হাজার টাকা রাজস্ব যুক্ত। নিউ চাক্তাই এলাকার মেসার্স আটিস্টিক অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধেও গত ১২ মার্চ দ্বিতীয় মামলা হয়। প্রতিষ্ঠানটির ওয়্যারহাউসে সিলগালা করা ১৪ হাজার ৭৮৬ কেজি বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল পাওয়া যায়নি। এছাড়া ‘সিটিজি ফোর ব্রাদার্স অ্যাপারেলস লিমিটেড’ এবং ‘দি নিড অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড’ নামে আরও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও মামলা করা হয়। এদিকে চট্টগ্রাম ইপিজেডের মডিস্ট (সিইপিজেড) লিমিটেড ও জেএমএস গার্মেন্টস লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ, রপ্তানির শর্তে বন্ড সুবিধায় পণ্য আমদানি করলেও প্রতিষ্ঠান দুটি সেই পণ্য রপ্তানি করেনি। বন্ড কর্মকর্তারা ওয়্যারহাউস পরিদর্শনে গিয়ে আমদানি করা পণ্যও সেখানে পাননি। এ ঘটনায় প্রতিষ্ঠান দুটির কাছে ব্যাখ্যা চেয়েছে কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম। প্রতিষ্ঠান দুটি বন্ডেড সুবিধায় এসব পণ্য এনে সরকারের কাছ থেকে প্রায় ৫৮৫ কোটি ৩২ লাখ ১৭ হাজার টাকা শুল্ক মওকুফ নিয়েছিল। 

বন্ড সুবিধার মূল দর্শন অত্যন্ত পরিষ্কার, শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করা হবে এবং তা ব্যবহার করে উৎপাদিত পণ্য রপ্তানি করা হবে। তার মানে এই সুবিধা অভ্যন্তরীণ বাজারে বিক্রির জন্য নয়। কিন্তু তদারকির দুর্বলতা, কাগজপত্রের কারসাজি কিংবা সংশ্লিষ্টদের যোগসাজশের সুযোগ থাকলে এই ব্যবস্থার অপব্যবহার ঘটতে পারে। এতে সৎ ও নিয়ম মেনে চলা উদ্যোক্তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন, অন্যদিকে সরকার হারায় বিপুল রাজস্ব। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এত বড় অঙ্কের রাজস্ব ফাঁকির অভিযোগ ওঠার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন তা শনাক্ত করতে পারল না? বন্ড ব্যবস্থায় আমদানি থেকে উৎপাদন এবং উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত প্রতিটি ধাপের তথ্য যদি কার্যকরভাবে ডিজিটালভাবে সংযুক্ত করা যায়, তাহলে অনিয়ম শনাক্ত করা অনেক সহজ হবে। একই সঙ্গে কাস্টমস, বন্ড কমিশনারেট, রপ্তানি-সংক্রান্ত কর্তৃপক্ষ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার তথ্যভান্ডারের মধ্যে সমন্বয় জরুরি।

সরকার সম্প্রতি রপ্তানিকারকদের জন্য বন্ড সুবিধা আরও সম্প্রসারণ এবং কাঁচামাল আমদানির সুযোগ সহজ করার উদ্যোগের কথা জানিয়েছে। এই উদারীকরণ নিঃসন্দেহে শিল্প ও রপ্তানি বাড়াতে সহায়ক হতে পারে। কিন্তু সুবিধা যত বাড়বে, অপব্যবহার ঠেকানোর ব্যবস্থাও তত শক্তিশালী করতে হবে। কারণ রাজস্ব আহরণে ঘাটতি থাকা অবস্থায় শত শত কোটি টাকার সম্ভাব্য রাজস্ব ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে দায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে যারা তদারকির দায়িত্বে থেকেও অনিয়ম ঠেকাতে ব্যর্থ হয়েছেন, তাদের ভূমিকাও খতিয়ে দেখা জরুরি।

আমরা বলতে চাই, রপ্তানি বাড়াতে বন্ড সুবিধা অবশ্যই থাকবে; কিন্তু সেই সুবিধা হতে হবে স্বচ্ছ, প্রযুক্তি-নির্ভর ও জবাবদিহিতামূলক। শিল্পকে প্রণোদনা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, আর রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা করাও তার সমান গুরুত্বপূর্ণ দায়িত্ব। রপ্তানির স্বার্থে দেওয়া সুবিধা যেন শেষ পর্যন্ত রাজস্ব ফাঁকির লাইসেন্সে পরিণত না হয়Ñ এটাই এখন নিশ্চিত করা জরুরি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা