প্রতীকী ছবি
রাজনীতিতে সব ভাঙন চোখে পড়ে না। কিছু ভাঙন শুরু হয় নীরবেÑ কোনো ঘোষণা ছাড়া, কোনো নাটকীয়তা ছাড়া। প্রথমে বদলে যায় ভাষা, তারপর কমে আসে পারস্পরিক আস্থা, এরপর বাড়তে থাকে সন্দেহ। একসময় একই লক্ষ্য নিয়ে চলা মানুষও একে অপরকে প্রতিপক্ষ হিসেবে দেখতে শুরু করে। বাইরে থেকে দেয়াল তখনও অটুট মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে তাতে চিড় ধরতে শুরু করে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, সেই চিড় সাধারণত তখনই ধরা পড়ে, যখন অনেক ক্ষতি হয়ে যায়।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় এমন একটি পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির মধ্যে বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য, পাল্টাপাল্টি বক্তব্য এবং রাজনৈতিক দূরত্বের আলোচনা জনপরিসরে এসেছে। গণতান্ত্রিক রাজনীতিতে এটি অস্বাভাবিক নয়। ভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকবেই। কিন্তু প্রশ্ন হলো, সেই মতবিরোধ কি নীতিগত পার্থক্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি ধীরে ধীরে তা এমন অনৈক্যে রূপ নেবে- যা বৃহত্তর রাজনৈতিক লক্ষ্যকেই দুর্বল করে দেবে?
রাজনীতিতে একটি পুরনো সত্য আছেÑ বাইরের প্রতিপক্ষের চেয়ে ভেতরের বিভাজন অনেক বেশি ক্ষতিকর। কারণ বাইরের প্রতিপক্ষ দৃশ্যমান থাকে, কিন্তু ভেতরের অবিশ্বাস ধীরে ধীরে শক্তিকে ক্ষয় করে। এই ক্ষয় এক দিনে হয় না; এটা ঘটে নীরবে, অনেকটা অদৃশ্যভাবে।
গণতন্ত্রে মতবিরোধ কোনো দুর্বলতা নয়। বরং ভিন্নমতই একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ। কিন্তু মতবিরোধ যখন ব্যক্তি আক্রমণ, পারস্পরিক অবিশ্বাস এবং প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় রূপ দেয়, তখন সেই সংস্কৃতি গণতন্ত্রের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তখন রাজনৈতিক শক্তি নিজেরাই নিজেদের শক্তি ক্ষয় করতে শুরু করে।
বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির রাজনৈতিক অবস্থান, আদর্শ ও সাংগঠনিক চরিত্র আলাদা। তাই সব বিষয়ে তাদের একই অবস্থান হবেÑ এমন প্রত্যাশাও বাস্তবসম্মত নয়। কিন্তু যদি বৃহত্তর গণতান্ত্রিক প্রশ্নে তাদের অবস্থানের মিল থাকে, তাহলে পারস্পরিক সংযম, শালীনতা এবং আলোচনার সংস্কৃতি বজায় রাখা রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়।
আজকের রাজনীতির আরেকটি বাস্তবতা হলো সামাজিক মাধ্যম। আগে রাজনৈতিক বিরোধ সীমাবদ্ধ থাকত সভা-সমাবেশ কিংবা সংবাদ সম্মেলনে। এখন একটি সম্পাদিত ভিডিও, একটি পুরনো বক্তব্য, একটি ভুয়া স্ক্রিনশট বা একটি বিভ্রান্তিকর পোস্ট মুহূর্তেই লাখো মানুষের কাছে পৌঁছে যায়। অনেক সময় রাজনৈতিক বিরোধের চেয়ে সামাজিক মাধ্যমের উস্কানি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এখানেই সবচেয়ে বড় ঝুঁকি। কারণ রাজনীতিতে যখন অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়, তখন সেখানে তৃতীয় পক্ষ সক্রিয় হয়ে ওঠে। এই তৃতীয় পক্ষ কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তি নাও হতে পারে; এটি হতে পারে এমন কোনো রাজনৈতিক শক্তি, স্বার্থান্বেষী গোষ্ঠী কিংবা অপপ্রচার-নির্ভর নেটওয়ার্ক, যারা বিভাজনকে আরও গভীর করতে চায়। ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে, যেখানে ভেতরের বিভাজন বাইরের কৌশলকে সফল করেছে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসও এই বাস্তবতা থেকে মুক্ত নয়। বিভিন্ন সময়ে দেখা গেছে, বিরোধী রাজনৈতিক শক্তির অভ্যন্তরীণ অনৈক্য তাদের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করেছে। আবার এমন উদাহরণও আছে, যেখানে মতপার্থক্য থাকা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো আলোচনার পথ বেছে নিয়েছে। ইতিহাস তাই শেখায়Ñ ঐক্য মানে একমত হওয়া নয়; ঐক্য মানে ভিন্নমতকে ধারণ করার সক্ষমতা।
একটি রাষ্ট্রে গণতন্ত্র শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়। গণতন্ত্রের শক্তি নির্ভর করে রাজনৈতিক সংস্কৃতির ওপর। সেই সংস্কৃতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু পারস্পরিক সম্মানও থাকবে। যখন সেই সম্মান হারিয়ে যায়, তখন গণতান্ত্রিক পরিসরও সংকুচিত হতে থাকে। সাধারণ মানুষ রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধে আগ্রহী নয়; তারা আগ্রহী তাদের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানে। কর্মসংস্থান, মূল্যস্ফীতি, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, বিনিয়োগ, নাগরিক সেবাÑ এসব বিষয়ই মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই রাজনৈতিক দলগুলোর প্রতিযোগিতা যদি জনকল্যাণের পরিবর্তে দলীয় সংকীর্ণতায় পারস্পরিক সংঘাতে সীমাবদ্ধ হয়ে যায়, তাহলে জনগণের আস্থাও হ্রাস পায়।
রাজনীতিতে ভাষার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি উত্তেজনাপূর্ণ বক্তব্য মাঠপর্যায়ে সংঘাত সৃষ্টি করতে পারে, আবার একটি দায়িত্বশীল বক্তব্য উত্তেজনা কমাতেও পারে। তাই রাজনৈতিক নেতৃত্বের বাকসংযম শুধু একটি নৈতিক গুণ নয়, রাজনৈতিক প্রয়োজনও। আজ বিএনপি, জামায়াত ও এনসিপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো কে বড় দল বা কে বেশি জনপ্রিয়, তা নয়। প্রকৃত চ্যালেঞ্জ হলো, তারা কি মতবিরোধকে এমনভাবে পরিচালনা করতে পারবে, যাতে তা গণতান্ত্রিক প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকে? নাকি সেই মতবিরোধকে তারা এমন অনৈক্যের দিকে নিয়ে যাবে, যা বৃহত্তর রাজনৈতিক লক্ষ্যকে দুর্বল করবে? পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশে জোটভুক্ত বা সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ থাকে। কিন্তু তারা সংলাপের পথ ছাড়ে না। কারণ তারা জানে, আলোচনা বন্ধ হলে ভুল বোঝাবুঝি বাড়ে, আর ভুল বোঝাবুঝি বাড়লে বিভাজন গভীর হয়।
বাংলাদেশেও আজ সেই শিক্ষা প্রাসঙ্গিক। রাজনৈতিক নেতৃত্বের উচিত সাময়িক উত্তেজনার চেয়ে দীর্ঘমেয়াদি রাজনৈতিক স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দেওয়া। কারণ, একটি অসতর্ক সিদ্ধান্তের প্রভাব অনেক সময় কয়েক বছর পর্যন্ত বহন করতে হয়। এটা মানতে হবে- ঐক্য কখনও স্থায়ী ব্যবস্থা নয়, চলমান প্রক্রিয়া। ধৈর্য, সহনশীলতা এবং সংযমের দ্বারা একে প্রতিনিয়ত সুরক্ষা দিতে হয়। রাজনৈতিক ঐক্যের প্রধান স্তম্ভ হলো পারস্পরিক বিশ্বাস ও আস্থা। সে সঙ্গে বৃহত্তর জাতীয় স্বার্থে অপেক্ষাকৃত ক্ষৃদ্র স্বার্থ পরিত্যাগও ঐক্য টিকিয়ে রাখার অন্যতম পূর্বশর্ত।
রাজনীতির ইতিহাসে দেখা যায়, অনেক বড় পরাজয় বাইরের আক্রমণে নয়, ভেতরের বিভাজনে এসেছে। দেয়াল ভেঙে পড়ার আগে যেমন ছোট একটি অদৃশ্য চিড় তৈরি হয়, তেমনি রাজনৈতিক বিভাজনও শুরু হয় নীরবে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে আস্থার সংকট গভীর হতে থাকে। তাই আজ সময়ের দাবি হলো, মতভেদকে শত্রুতায় নয়, আলোচনায় রূপ দেওয়া। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে ব্যক্তিগত বিরোধে পরিণত না করা। ভিন্নমতকে সম্মান করা এবং বৃহত্তর জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। কারণ দেয়ালের যে চিড় প্রথমে চোখে পড়ে না, একসময় সেই চিড়ই পুরো ভবনকে দুর্বল করে দেয়। রাজনীতিতেও ঠিক তাই। অনৈক্যের ছোট্ট ফাটল যদি সময়মতো মেরামত না করা যায়, তাহলে এক দিন সেই ফাটলই বড় সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে।
লেখক: সাংবাদিক; সভাপতি, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন