নিরঞ্জন রায়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেই বিশ্বব্যাপী এক বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছেনÑ যেখানে তিনি প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন হায়ার ট্যারিফ বা উচ্চ শুল্ক। ট্রাম্প প্রথমবার হোয়াইট হাউসে এসেও এই উচ্চ শুল্ক আরোপ শুরু করেন। কিন্তু তখন পদক্ষেপ ছিল খুবই সীমিত পরিসরে। মূলত আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী বাণিজ্যিক অংশীদার, বিশেষ করে চীনের বিরুদ্ধে। ফলে বিষয়টি নিয়ে সে সময় খুব একটা আলোচনা হয়নি। কিন্তু এবারের উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত একেবারেই ভিন্ন এবং নজিরবিহীন। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বিচারে বিশ্বে আমেরিকার সকল বাণিজ্যিক অংশী-দেশের বিরুদ্ধে উচ্চ হারে শুল্ক আরোপ করেছেন। বাদ যায়নি তাদের দীর্ঘদিনের সামরিক অংশীদার এবং বন্ধুরাষ্ট্র, ইউরোপের দেশগুলোও। এমনকি আমেরিকার নিকট প্রতিবেশী এবং সবচেয়ে বিশ্বস্ত বন্ধুরাষ্ট্র, কানাডাও ট্রাম্পের উচ্চ শুল্কের অন্যতম শিকারে পরিণত হয়েছে। উচ্চ শুল্কের হাতে থেকে রক্ষা পায়নি আমেরিকার আরেক নিকট প্রতিবেশী দেশ মেক্সিকো, যেখানে আমেরিকার ব্যবসায়ীদের উল্লেখযোগ্য বিনিয়োগ ও বাণিজ্যিক স্বার্থ জড়িত আছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা এবং নির্বিচারে উচ্চ শুল্ক আরোপ, এর বিপরীতে অনেক ক্ষমতাসম্পন্ন দেশের পাল্টা ব্যবস্থা গ্রহণ এবং পরবর্তীতে আলাপ-আলোচনা ও চুক্তি সম্পাদনের মাধ্যমে বিশ্বব্যাপী সৃষ্ট বাণিজ্য যুদ্ধের উত্তেজনা অনেকটাই কমে আসে। এতে করে উচ্চ শুল্কের বিষয়টি স্বাভাবিক হয়ে গেছে বলে প্রতীয়মান হলেও বাস্তবে তেমনটা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্যিক অস্ত্র উচ্চ শুল্ক আরোপ অব্যাহত রাখেন। একপর্যায়ে উচ্চ শুল্ক-সংক্রান্ত একাধিক বিষয় আমেরিকার আদালত পর্যন্ত গড়ায় এবং সেখানকার রায়ে ট্রাম্পের উচ্চ শুল্ককে অবৈধ আখ্যা দিয়ে বাতিল করে দেওয়া হয়। কিন্তু ট্রাম্প আদালতের রায় সহজভাবে মেনে নিতে পারেননি এবং তার উচ্চ শুল্কের সিদ্ধান্ত থেকে মোটেও সরে আসেননি। উল্টো অন্য আইন ব্যবহার করে আরও অধিক হারে উচ্চ শুল্ক আরোপ অব্যাহত রাখেন।
যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্পকে উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে নিবৃত করা সম্ভব নয়, তাই উচ্চ শুল্কের আওতায় থাকা সব দেশ এবং সকল অংশীজন এই উচ্চ শুল্কের বাস্তবতা মেনে নিতে শুরু করে। এই বাণিজ্যিক অস্ত্র বিবেচনায় নিয়েই তাদের বাণিজ্য কৌশল নির্ধারণ করে। সবাই ভাবতে শুরু করেছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প যতদিন হোয়াইট হাউসে আছেন, ততদিন এই সমস্যার সমাধান হবে না। তাদের বদ্ধমূল ধারণা যে, প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস থেকে চলে যাওয়ার পর যখন নতুন প্রেসিডেন্ট আসবেন, তখন এই সমস্যার সমাধান হবে এবং বাণিজ্যিক পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু সাম্প্রতিক এই আশাবাদী মানুষও আশাহত হতে শুরু করেছেন। তাদের ধারণাও ভুল প্রমাণিত হওয়ার মতো অবস্থার লক্ষণ ইতোমধ্যে দেখা দিতে শুরু করেছে। অনেকের মতে যে উচ্চ শুল্কের দামামা প্রেসিডেন্ট ট্রাম্প শুরু করে দিলেন, তা আর কখনোই স্বাভাবিক হবে না। তাদের মতে এই উচ্চ শুল্কই হবে আগামী দিনের নতুন স্বাভাবিক বাণিজ্যি, যাকে অনেকেই নিউ নরমাল বলে উল্লেখ করতে শুরু করেছেন।
আন্তর্জাতিক বাণিজ্যের উচ্চ শুল্কের এই নতুন বাস্তবতা যে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ আছে, তেমন নয়। এই বাস্তবতা মেনে নিয়ে অনেক ব্যবসায়ী এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপও নিতে শুরু করেছে। এর বড় দৃষ্টান্ত হচ্ছে আমেরিকার গাড়ি উৎপাদন শিল্প, যার অন্যতম প্রধান উপাদান হচ্ছে স্টিল, যা মূলত চায়না থেকে আমদানি করা হয়। অথচ ট্রাম্প প্রশাসন চায়না থেকে স্টিল আমদানির ওপর ৫০% শুল্ক ধার্য করে বসে আছে। এই বাস্তবতায় আমেরিকার যারা এই স্টিল আমদানি করে এবং চায়নার যারা এসব স্টিল রপ্তানি করে, তারা উভয়ই উচ্চ শুল্কের আলোকে নিজ নিজ ব্যবসায়িক কৌশল অবলম্বন করেছে। কেননা তাদের সবারই ধারণা যে এই উচ্চ শুল্কের বাণিজ্য প্রতিবন্ধকতা খুব সহসা যাবে না এবং এটি মাথায় রেখেই তাদেরকে ব্যবসা চালিয়ে যেতে হবে।
ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যেসব উচ্চ শুল্ক আরোপ করেছিলেন, তা পরবর্তীতে বাইডেন সরকার ক্ষমতায় এসে আর বাতিল করেননি। ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত উচ্চ শুল্ক হার এখনকার মতো মাত্রাতিরিক্ত ছিল না। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য মতে প্রকৃত শুল্ক হার (ইফেকটিভ ট্যারিফ রেট), যা মূলত মোট আদায়কৃত শুক্লের পরিমাণকে মোট আমদানির পরিমাণ দিয়ে ভাগ করে নির্ণয় করা হয়, সেই প্রকৃত শুল্ক হার ট্রাম্পের প্রথম মেয়াদে ছিল মাত্র ৩%। অথচ এই প্রকৃত শুল্ক হার ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একপর্যায়ে ১১%-এ পৌঁছেছিল এবং পরবর্তীতে কিছুটা কমে ৭%-এ এসে ঠেকেছে। প্রকৃত শুল্ক হার এত বেশি হওয়ার কারণে অনেক ব্যবসায়ী তাদের ব্যবসায়িক কৌশলে ব্যাপক পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন এবং তাদের সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন যথেষ্ট সমন্বয় করেছেন, যা পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে। আন্তর্জাতিক বাণিজ্যের এই নতুন বাস্তবতার কারণে অনেক ব্যবসায়ী তাদের সাপ্লাই সোর্স পরিবর্তন করতে গিয়ে অনেক অর্থ ব্যয় করেছেন। অনেক সাপ্লাই সোর্স চীন থেকে অন্যত্র সরিয়ে নিয়েছেন। এমনকি আমেরিকার অনেক আমদানিকারক পণ্য আমদানির ক্ষেত্রে চীনের মতো উচ্চ শুল্কের ঝুঁকিতে থাকা দেশের ওপর নির্ভরশীলতা যথেষ্ট কমিয়ে কম ঝুঁকির দেশে স্থানান্তর করতে শুরু করেছেন।
শুধু যে ব্যবসায়ীরা উচ্চ শুল্কের দীর্ঘমেয়াদি বাস্তবতা মেনে নিতে শুরু করেছেন, তেমন নয়। সেই সাথে আমেরিকার জনগণ বা ভোক্তারাও এই বাস্তবতা মেনে নিতে শুরু করেছেন। শুল্ক হচ্ছে এমন একধরনের বাণিজ্যিক হাতিয়ার, যার সরাসরি প্রভাব পড়ে জনগণের ওপর। আমদানির ক্ষেত্রে যে অন্যান্য প্রতিবন্ধকতা আছে, যেমনÑ কোঠা, নিষেধাজ্ঞা, প্রভৃতি আরোপ করলে তার সরাসরি প্রভাব জনগণের ওপর সেভাবে না-ও পড়তে পারে। এখানেই শুল্কের সাথে অন্যান্য বাণিজ্যিক হাতিয়ারের পার্থক্য। শুল্ক মূলত আমদানি কর, যা অন্য দেশ থেকে পণ্য আমদানির ওপর প্রদান করতে হয়। এই উচ্চ শুল্ক আরোপের কারণে বিশ্বের অন্যান্য দেশ যত না ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকার জনগণ। কেননা তাদেরকে অনেক বেশি মূল্যে পণ্যসামগ্রী ক্রয় করতে হচ্ছে। ট্রাম্পের উচ্চ শুল্কের কারণে আমেরিকার বাজারে পণ্যদ্রব্যের চাহিদা ব্যাপক হারে কমে যাওয়া এবং ব্যবসা-বাণিজ্যে মন্দা নেমে আসার কথা ছিল। কিন্তু এ রকম প্রভাব সামান্য পরিলক্ষিত হলেও ব্যাপকভাবে দেখা দেয়নি। এর কারণ হচ্ছে জনগণের ক্রেডিট কার্ড চালু থাকা। উন্নত বিশ্ব, বিশেষ করে আমেরিকা-কানাডাতে মানুষ ক্রেডিট কার্ডনির্ভর ভোগবাদী জাতিতে পরিণত হয়েছে। ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলেও মানুষের জীবনযাত্রা হ্রাস পায় না। কারণ মানুষ ক্রেডিট কার্ড ব্যবহার করে আগের মতোই পণ্যসামগ্রী ক্রয় করে থাকে। ফলে অর্থনীতির চাহিদা বিধি সেভাবে আগের মতো কাজ করতে চায় না।
এদিকে আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচন এখনও দুই বছর বাকি থাকলেও ইতোমধ্যে নির্বাচন সামনে রেখে কথাবার্তা শুরু হয়ে গেছে। সবাই উচ্চ শুল্ক নিয়ে আলোচনা করলেও কেউই তা প্রত্যাহারের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলছেন না। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেক্রেটারি অফ স্টেট, মার্কো রুবিও উভয়েই ট্রাম্প ঘোষিত উচ্চ শুল্ক হারের সমর্থক, তাই তারা উচ্চ শুল্ক সমর্থন করে বলেছেন যে বিশ্বে স্বচ্ছ এবং ন্যায্য আন্তর্জাতিক বাণিজ্য নিশ্চিত করার ক্ষেত্রে উচ্চ শুল্ক সবচেয়ে ভালো একটি পদক্ষেপ। একজন ডেমোক্র্যাটদলীয় নেতা এই পদ্ধতির ঘোড় বিরোধিতা করেছেন। যে ক্যালিফোর্নিয়া রাজ্য ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিল, সেই রাজ্যের গভর্নর উচ্চ শুল্কের বিরোধিতা করে একে অবৈধ রাজস্ব উপার্জনের মাধ্যম হিসেবে বর্ণনা করেছেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হারিস বলেছেন যে, উচ্চ শুল্কের কারণে আমেরিকানদের জীবনযাত্রা ব্যয় বেড়ে গেছে। সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং রাজনীতিবিদ উচ্চ শুল্কের বিষয়টি নিয়ে কথা বলছেন ঠিকই। কিন্তু কেউ এমন নিশ্চয়তা দিতে পারছে না যে, আগামীতে হোয়াইট হাউসে যেতে পারলে উচ্চ শুল্ক প্রত্যাহার করা হবে।
অবশ্য এ রকম নিশ্চয়তা দেওয়ার সময় এখনও আসেনি। নির্বাচনের সময় যখন এগিয়ে আসবে এবং নির্বাচনী প্রচারণা যখন আনুষ্ঠানিকভাবে শুরু হবে, তখন হয়তো অনেকেই সেরকম নিশ্চয়তা দিতে পারেন। তবে বাস্তবতা হচ্ছে, ট্রাম্পের উচ্চ শুল্কের কারণে আমেরিকার কোষাগারে প্রতিমাসে ২০ থেকে ৩০ বিলিয়ন ডলার জমা পড়ছে। এই বিশাল অঙ্কের রাজস্ব কেউ হাতছাড়া করতে চাইবে না, তাতে যিনিই আগামীতে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন না কেন। একদিকে আমেরিকার ব্যবসায়ী সম্প্রদায় এবং ভোক্তাসাধারণ উচ্চ শুল্ক হারে অভ্যস্ত হয়ে উঠছে এবং একে নতুন বাস্তবতা হিসেবে মেনে নিতে শুরু করেছে। অন্যদিকে সরকারের বিশাল অঙ্কের রাজস্ব আদায়। সব মিলিয়ে অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে উচ্চ শুল্ক আগামী দিনের নতুন বাণিজ্যিক বাস্তবতা হতে চলেছে। এখন আমেরিকায় যেসব দেশ পণ্য রপ্তানি করে, তারা যত দ্রুত এই বাস্তবতা মেনে নিয়ে তাদের প্রস্তুতি গ্রহণ করবে এবং সে অনুযায়ী রপ্তানি কৌশল নির্ধারণ করবে, ততই তাদের জন্য ভালো হবে। না হলে আমেরিকার বাজার ক্রমান্বয়ে হাতছাড়া হয়ে যেতে পারে।
লেখক: সার্টিফায়েড অ্যান্টি-মানিলন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার (টরন্টো, কানাডা)