× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রী দ্রুত পদক্ষেপ নিন

সম্পাদকীয়

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১২:১৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিদ্যুৎ সমস্যার আশু সমাধানের কোনো ইশারা-ইঙ্গিত নেই। বরং দিন দিন বেড়েই চলেছে দুর্ভোগের মাত্রা। সারা দিন চলে বিদ্যুতের লুকোচুরি খেলা। এই আছে তো, এই নেই। প্রায় এক মাস ধরে চলা এই সমস্যা এখন প্রকট আকার ধারণ করেছে। এত দিন গ্রামাঞ্চলে থাকলেও এখন তা রাজধানীতেও সম্প্রসারিত হয়েছে। দিনে-রাতে সমানতালে কয়েকবার বিদ্যুতের যাওয়া-আসার ফাঁদে পড়ে নাগরিক জীবন অতিষ্ঠ। শেষ শ্রাবণের তীব্র গরমে বৈদ্যুতিক পাখার অলস বসে থাকা নগরবাসীর দৈনন্দিন জীবনকে করে তুলেছে দুর্বিসহ।

গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এর শীর্ষ প্রতিবেদনে বিদ্যুতের অভাবে জনজীবনের তীব্র ভোগান্তির কথাই তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামাঞ্চলে দিনে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। পর্যাপ্ত সক্ষমতা থাকলেও গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো স্থবির হয়ে পড়েছে। চাহিদা পূরণের ক্ষেত্রে যে বিশাল ঘাটতি তৈরি হয়েছে, তা সামাল দিতে পারছে না বিদ্যুৎ বিভাগ। ফলে জনমনে সৃষ্টি হচ্ছে ক্ষোভ। সে ক্ষোভ যেকোনো মুহূর্তে জনরোষের বিস্ফোরণ ঘটাতে পারে, হামলা হতে পারে দেশের পল্লী বিদ্যুৎ সমিতির অফিস, উপকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায়। এমন আশঙ্কায় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করার জন্য পুলিশপ্রধানের প্রতি অনুরোধ জানিয়ে সম্প্রতি চিঠি দিয়েছে।

এদিকে বিদ্যুৎ সাশ্রয়ের নিমিত্তে সরকার রাত ৮টার মধ্যে দোকানপাট, শপিং মল বন্ধ করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার পর সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ রাখা এবং আলোকসজ্জা থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহ নেই এসব পদক্ষেপ বিদ্যুৎ সাশ্রয়ের সহায়ক। তবে বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ সংকট যে পর্যায়ে পৌঁছেছে, তাতে এসব পদক্ষেপ কার্যত মরুভূমিতে এক পশলা বৃষ্টিতুল্য। মহেশখালীর একটি এলএনজি টার্মিনাল বিকল হওয়ায় সরবরাহে যে সংকট দেখা দেয়, তখনই কর্তৃপক্ষের অনুধাবন করা উচিত ছিল এর বিরূপ প্রভাব কতটা বিস্তৃত হতে পারে। উচিত ছিল সংকট সম্পর্কে জনগণকে অবহিত করা এবং তা নিরসনে সরকারের পদক্ষেপের বিষয়ে আশ্বস্ত করা। কিন্তু তার পরিবর্তে আমরা বিদ্যুৎ বিভাগের কর্তাব্যক্তিদের কাছ থেকে হরেক কিসিমের বালখিল্য কথাবার্তা শুনেছি। স্বয়ং বিদ্যুৎ মন্ত্রী যখন জোর দিয়ে বলেন, ‘গ্রামে কোনো লোডশেডিং নাই। পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা, তাই কোথাও সমস্যা হলে বিদ্যুৎ আসতে দেরি হয়’Ñ তখন জনগণ আশ্বস্ত হওয়ার বদলে বিক্ষুব্ধ হয়ে উঠলে তাদের কি খুব বেশি দোষ দেওয়া যাবে? আবার তিনিই যখন অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার কারণে মধ্যরাতে বিদ্যুৎ চাহিদার অস্বাভাবিক বৃদ্ধিকে সংকটের কারণ হিসেবে উল্লেখ করেন, তখন ‘শাক দিয়ে মাছ ঢাকা’ প্রবাদটি জনসাধারণের মনে না পড়ারও কোনো কারণ থাকে না। স্মরণযোগ্য যে, ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে বর্তমান মন্ত্রী একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তখনও সারা দেশে ভয়াবহ বিদ্যুৎ সংকটের জন্য তাকেই দায়ী করা হয়েছিল। জনবিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার এই প্রতিমন্ত্রীকে পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। 

আমরা বলছি না, মন্ত্রীকে সরিয়ে দিলেই রাতারাতি বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে। বিদ্যুৎ সরবরাহে যে ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে, তা গোপন কোনো বিষয় নয়, এখন লুকোছাপারও কিছু নেই। এলএনজি টার্মিনাল বিকল হওয়া, গ্যাসের অভাবে উৎপাদন ঘাটতিÑ সবই যান্ত্রিক ও কারিগরি ত্রুটি। কথার প্রলেপে এই ত্রুটির যেমন সমাধান সম্ভব নয়, তেমনি ব্যর্থতাও ঢেকে রাখার উপায় নেই। প্রয়োজন সমস্যা সম্পর্কে সত্য ভাষণ; যাতে সরকারের ওপর জনসাধারণের আস্থায় চিড় না ধরে। এ প্রসঙ্গে আমরা বলতে চাই, রাষ্ট্র একটি বৃহৎ পরিসর এবং বিশাল কর্মযজ্ঞ। এখানে কোনো কোনো সময় অনাকাঙ্ক্ষিত সমস্যা দেখা দিতেই পারে। দায়িত্বপ্রাপ্তরা বিজ্ঞজনোচিত সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে সে সমস্যা উতরানোর চেষ্টা করবেনÑ এটাই কাম্য। তার পরিবর্তে যদি তারা উদ্ভট কথাবার্তা বলে জনমনে সঞ্চারিত ক্ষোভকে উস্কে দেন, তাহলে তাকে দুর্ভাগ্যজনক না বলে উপায় কী? দেশবাসীর প্রত্যাশা জনমনে পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরিত হওয়ার আগেই উদ্ভূত সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান সুচিন্তিত পদক্ষেপ নেবেন। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা