× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

লোডশেডিং কি পরিকল্পনার ঘাটতি?

ফারহানা মীম

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১১:৫২ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গরম বাড়লেই দেশে বিদ্যুতের চাহিদা বাড়েÑ এটা নতুন কোনো ঘটনা নয়। কিন্তু প্রতিবছর গরম এলেই যদি মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হয়, তাহলে প্রশ্ন উঠতেই পারে : সমস্যাটি কি শুধু বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পনা ও ব্যবস্থাপনার ঘাটতি? সাম্প্রতিক কয়েক দিনের পরিস্থিতি সেই প্রশ্নটিকেই আবার সামনে নিয়ে এসেছে। দেশের বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট কোনো সময়সূচি ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। কোথাও ২৪ ঘণ্টায় প্রায় ১২ ঘণ্টা, আবার কোথাও দিনরাত মিলিয়ে ১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ করেছেন গ্রাহকরা। সরকারি তথ্যেও সাম্প্রতিক সময়ে একাধিকবার ৩ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিংয়ের চিত্র উঠে এসেছে।

বিদ্যুৎ সংকটের এই চিত্র শুধু অন্ধকার ঘর কিংবা বন্ধ ফ্যানের গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য এবং উৎপাদন। রাজশাহীর গ্রামাঞ্চলে কৃষক ও ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। রংপুরে হাসপাতাল ও ক্লিনিকের সেবা ব্যাহত হওয়ার অভিযোগ রয়েছে। কুড়িগ্রাম ও সুনামগঞ্জে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবন ও বাণিজ্যিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।

সবচেয়ে বড় কথা, লোডশেডিংয়ের ক্ষতি সব সময় হিসাব করা যায় না।

বিদ্যুৎ খাত-সংশ্লিষ্টদের মতে, গ্যাস সরবরাহ কমে যাওয়া সংকটের অন্যতম কারণ। বিদ্যুৎকেন্দ্রগুলোতে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। এর সঙ্গে পায়রা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের যান্ত্রিক ত্রুটি এবং ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ার বিষয়টিও যুক্ত হয়েছে। তবে আরও বিস্ময়কর বিষয় হলো, বিদ্যুতের দাম বাড়ার পরও সংকট কমেনি। জুনেই পাইকারি পর্যায়ে গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বিদ্যুতের দাম বেড়েছে। অর্থাৎ গ্রাহকের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে, কিন্তু তার বিনিময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হয়নি। 

দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানো হয়েছেÑ এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু উৎপাদনের সক্ষমতা থাকা আর প্রয়োজনের সময় সেই বিদ্যুৎ উৎপাদন করতে পারা এক বিষয় নয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত গ্যাস বা অন্যান্য জ্বালানি দরকার, বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ দরকার এবং উৎপাদিত বিদ্যুৎ মানুষের কাছে পৌঁছাতে নির্ভরযোগ্য সঞ্চালন ও বিতরণব্যবস্থা দরকার।

এই সংকটের সবচেয়ে বড় বোঝা যেন পড়ছে গ্রামের মানুষের ওপর। ঢাকার দুই বিতরণ সংস্থার তুলনায় ঢাকার বাইরের গ্রামীণ এলাকায় ঘাটতি অনেক বেশি। নেত্রকোণায় ১৫৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে কোনো কোনো সময় সরবরাহ নেমে এসেছে মাত্র ৫৯ মেগাওয়াটে। নীলফামারীর ডোমারেও প্রয়োজনের তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ পাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে শহরের তুলনায় গ্রামের মানুষকে দীর্ঘ সময় লোডশেডিং সহ্য করতে হচ্ছে। এতে প্রশ্ন উঠছেÑ বিদ্যুৎ সংকটের ভার কি সমানভাবে ভাগ হচ্ছে? 

আরেকটি বড় সমস্যা হলো অনিয়মিত লোডশেডিং। বিদ্যুৎ না থাকার কষ্টের সঙ্গে মানুষ কোনোভাবে মানিয়ে নিতে পারে, যদি সে জানে কখন বিদ্যুৎ থাকবে আর কখন থাকবে না। কিন্তু নির্দিষ্ট কোনো সময়সূচি ছাড়াই বারবার বিদ্যুৎ চলে গেলে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।

লোডশেডিংয়ের ভোগান্তির সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি প্রশ্নÑ বিদ্যুৎ না থাকলেও বিদ্যুৎ বিল কি কমছে? অনেক গ্রাহকের অভিযোগ, দীর্ঘ সময় লোডশেডিংয়ের পরও মাস শেষে বিদ্যুৎ বিল প্রত্যাশিত হারে কমছে না; বরং কারও কারও ক্ষেত্রে আগের তুলনায় বিল আরও বেড়েছে। অবশ্য বিদ্যুৎ বিল শুধু বিদ্যুৎ থাকার সময়ের ওপর নির্ভর করে না। ব্যবহৃত ইউনিট, ইউনিটপ্রতি মূল্য এবং প্রযোজ্য বিভিন্ন চার্জের ভিত্তিতেই বিল নির্ধারিত হয়। তবু দীর্ঘ সময় বিদ্যুৎ না পাওয়ার পরও বিলের অঙ্ক নিয়ে যখন গ্রাহকের প্রশ্ন ওঠে, তখন বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

বিদ্যুৎ এখন আর শুধু আলো, ফ্যান বা টেলিভিশন চালানোর বিষয় নয়। একজন শিক্ষার্থীর পড়াশোনা, একজন রোগীর চিকিৎসা, একজন কৃষকের সেচ, একজন জেলের মাছ সংরক্ষণ, একজন ব্যবসায়ীর উৎপাদনÑ সবকিছুর সঙ্গেই বিদ্যুৎ জড়িয়ে আছে। তাই প্রশ্নটা শুধু ‘বিদ্যুৎ কখন আসবে?’Ñ এখানে থামিয়ে রাখলে চলবে না।


লেখক: শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা