× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপদ সড়ক নিশ্চিত হোক

মতিলাল দেব রায়

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১১:৪৭ এএম

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সড়ক আমাদের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বাড়ি থেকে কর্মস্থল, স্কুল-কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল থেকে বাজারÑ জীবনের প্রায় প্রতিটি প্রয়োজনেই আমাদের সড়কের ওপর নির্ভর করতে হয়। কিন্তু যে সড়ক আমাদের চলাচলের স্বাধীনতা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পথ তৈরি করে, সেই সড়কই অনেক সময় হয়ে ওঠে আতঙ্কের কারণ। প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মানুষ আহত ও নিহত হচ্ছে। কোনো পরিবার হারাচ্ছে উপার্জনক্ষম মানুষ, কোনো শিশু হারাচ্ছে তার মা-বাবাকে, আবার কোনো তরুণ সারাজীবনের জন্য প্রতিবন্ধিতার শিকার হচ্ছে।

প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে যাচ্ছে তাজা প্রাণ। সংবাদপত্রের পাতায় কিংবা সাধারণের চোখে এগুলো হয়তো একটি ‘সংখ্যা’ বা ‘পরিসংখ্যান’মাত্র। কিন্তু স্বজনহারা পরিবারের কাছে তা অপূরণীয় এক ক্ষত, যা কখনও শুকায় না। স্বজন হারানোর শূন্যতার অপরিমেয় ওজন বুকে চেপে বসে জগদ্দল পাথরের মতো। এই লেখা যে দিন লিখছি, সেদিন প্রতিদিনের বাংলাদেশ-এর শেষ পাতায় সড়ক দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘৭ আগস্ট সাপ্তাহিক ছুটির শান্ত সকালটি মুহূর্তেই পরিণত হলো শোকের দিনে। কেউ ফিরছিলেন প্রিয়জনের কাছে, কেউ আবার দিনভর শ্রম বিক্রি করে পরিবারের মুখে আহার তুলে দেওয়ার আশায় ভোরেই ছুটেছিলেন শ্রমিকের হাটে। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই পথই হয়ে উঠল মৃত্যুর ফাঁদ। বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। এ ছাড়া ফেনী ও বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছে।’ মর্মান্তিক দুর্ঘটনাটি কেবল একটি দিনের চিত্র। 

সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা যায়, গত জুলাই ২০২৬ মাসে সারা দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছে। এর আগের মাস জুন ২০২৬-এ সড়ক দুর্ঘটনায় ৪৩৭ জন নিহত হয়েছিল। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে সড়কে প্রাণ হারিয়েছে ৬,৫২৪ জন। ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৫৪৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২ হাজার ৬০৮ জন। ২০২৫ সালে সারা দেশে মোট ৬ হাজার ৭২৯টি দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন প্রাণ হারায়।

তথ্য অনুসন্ধানে জানা যায়, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ চালকের নিয়ন্ত্রণহীনতা। বিশেষ করে দূরপাল্লার বাসের চালকদের সক্ষমতার অভাবও পাওয়া গেছে। এসব চালকের ড্রাইভিং লাইসেন্স থাকলেও সড়কে দ্রুতগতিতে বাস চালানো ও নিয়ন্ত্রণ বিষয়ে ব্যর্থতার চিত্রও মিলেছে।বাংলাদেশের সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দূরপাল্লার যানবাহনের চালকদের জন্য নির্দিষ্ট কর্মঘণ্টা, লাইসেন্স ও নিরাপত্তা বিধান বাধ্যতামূলক করা হয়। টানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালানো নিষেধ ও ক্লান্তি এড়াতে দূরপাল্লার যানে বিকল্প বা অতিরিক্ত চালক রাখা আবশ্যক। অন্যসব নির্দেশের মধ্যে রয়েছে পরিবহনের চালক ও সহকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, রাস্তার মাঝে চালকদের বিশ্রামের ব্যবস্থা রাখা, অনিয়মতান্ত্রিকভাবে রাস্তা পারাপার বন্ধ করা, সিগন্যাল দিয়ে পারাপার করা, সিটবেল্ট পরানো নিশ্চিত করা।

সড়ক দুর্ঘটনার প্রসঙ্গ এলে শুধু চালকের বেপরোয়া গতি, অসতর্কতা বা ট্রাফিক আইন না মানার বিষয়টি সামনে আসে। এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ঘটনা কেবল ব্যক্তির ভুলের ফল নয়; এর পেছনে রয়েছে একটি বৃহত্তর ব্যবস্থাগত সমস্যা। অদক্ষ চালক, অনিয়ন্ত্রিত গতি, ফিটনেসবিহীন যানবাহন, অপরিকল্পিত সড়ক, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, পর্যাপ্ত ফুটপাতের অভাব, রাস্তা পারাপারের নিরাপদ ব্যবস্থা না থাকা এবং আইন প্রয়োগে দুর্বলতাÑ সবকিছু মিলেই তৈরি হয় ঝুঁকিপূর্ণ পরিবেশ।

একজন চালককে আইন মানতে হবেÑ এটি যেমন সত্য, তেমনি সড়ক ব্যবস্থাকেও এমন হতে হবে, যাতে আইন মেনে চলা সহজ হয়। যেখানে ফুটপাত নেই, সেখানে পথচারী কোথায় হাঁটবেন? যেখানে নিরাপদ পারাপারের ব্যবস্থা নেই, সেখানে মানুষ কীভাবে রাস্তা পার হবে? যেখানে গণপরিবহনের নির্দিষ্ট স্টপেজ নেই, সেখানে যাত্রী ওঠানামা করবে কোথায়? শুধু জনগণকে দায়ী করে সমস্যার সমাধান সম্ভব নয়।

নিরাপদ সড়কের প্রথম শর্ত হলোÑ মানুষের জীবনের মূল্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। একটি বাস কয়েক মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছলে বড় কোনো ক্ষতি হয় না; কিন্তু সেই কয়েক মিনিট বাঁচাতে গিয়ে যদি একজন মানুষের জীবন চলে যায়, তার ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তাই পরিবহন ব্যবস্থায় ‘দ্রুত’ পৌঁছার চেয়ে ‘নিরাপদে’ পৌঁছাকে অগ্রাধিকার দিতে হবে।

গণপরিবহন ব্যবস্থার উন্নয়নও নিরাপদ সড়কের সঙ্গে সরাসরি সম্পর্কিত। পর্যাপ্ত ও মানসম্মত গণপরিবহন না থাকলে মানুষ বাধ্য হয়ে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল বা অনিরাপদ যানবাহনের ওপর নির্ভর করে। ফলে সড়কে যানবাহনের সংখ্যা বাড়ে, বাড়ে সংঘর্ষের ঝুঁকিও। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে শুধু দুর্ঘটনার পর ব্যবস্থা নেওয়া নয়, একটি দক্ষ, সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে।

পথচারীদের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাওয়া দরকার। শহরের ব্যস্ত সড়কগুলোতে অনেক মানুষ ফুটপাত দখল, অবৈধ পার্কিং কিংবা অপরিকল্পিত নির্মাণকাজের কারণে মূল সড়কে হাঁটতে বাধ্য হন। এতে পথচারী ও যানবাহন উভয়ের ঝুঁকি বাড়ে। প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে মানসম্মত ফুটপাত, নিরাপদ জেব্রা ক্রসিং, প্রয়োজন অনুযায়ী ফুটওভারব্রিজ বা আন্ডারপাস এবং কার্যকর সিগন্যাল ব্যবস্থা থাকা জরুরি। তবে শুধু অবকাঠামো তৈরি করলেই হবে না; সেগুলো ব্যবহারযোগ্য ও রক্ষণাবেক্ষণযোগ্য করাও নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা দরকার। স্কুল-কলেজের সামনে দ্রুতগতির যানবাহন, অবৈধ পার্কিং ও বিশৃঙ্খল যান চলাচল শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকির মধ্যে ফেলে। শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে নির্দিষ্ট ‘সেফটি জোন’, গতি নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত পথচারী পারাপারের ব্যবস্থা করা যেতে পারে। একটি শিশুর নিরাপদে স্কুলে যাওয়া কোনো বিশেষ সুবিধা নয়; এটি তার স্বাভাবিক অধিকার।

আইনের কঠোর প্রয়োগ অবশ্যই জরুরি। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে হতে হবে স্বচ্ছ, ধারাবাহিক ও বৈষম্যহীন। প্রভাবশালী কিংবা সাধারণ- সবার জন্য একই নিয়ম কার্যকর হতে হবে। ট্রাফিক আইন ভাঙার পর জরিমানা দিয়ে বিষয়টি শেষ হয়ে গেলে চলবে না; বারবার আইন ভঙ্গকারী চালক, অদক্ষ চালক এবং ঝুঁকিপূর্ণ পরিবহন ব্যবস্থার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদানের প্রক্রিয়ায় কঠোর মান নিশ্চিত করা জরুরি।

দুর্ঘটনা ঘটার পর দ্রুত চিকিৎসা পাওয়াও নিরাপদ সড়ক ব্যবস্থার অংশ। একটি দুর্ঘটনার পর প্রথম কয়েক মিনিট অনেক সময় জীবন-মৃত্যুর ব্যবধান তৈরি করতে পারে। তাই মহাসড়ক ও ব্যস্ত সড়কগুলোর আশপাশে জরুরি চিকিৎসা, অ্যাম্বুলেন্স সেবা এবং দ্রুত উদ্ধারব্যবস্থা শক্তিশালী করা দরকার। দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা থাকলে অনেক জীবন বাঁচানো সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- সড়ক নিরাপত্তাকে কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব হিসেবে দেখলে চলবে না। সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন মালিক ও শ্রমিক, চালক, পথচারী, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং নাগরিক সমাজ- সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতা তৈরির কাজও অব্যাহত রাখতে হবে। ট্রাফিক আইন জানা এবং মানা একটি সামাজিক অভ্যাসে পরিণত হওয়া দরকার। মনে রাখতে হবে, সড়কে একটি ভুলের মূল্য কখনো কখনো একটি পুরো পরিবারের জীবন বদলে দিতে পারে। তাই নিরাপদ সড়কের দাবি কোনো আন্দোলনের সাময়িক স্লোগান নয়; এটি একটি সভ্য ও মানবিক সমাজের স্থায়ী অঙ্গীকার হওয়া উচিত।

আমরা এমন একটি দেশ চাই, যেখানে একজন মা নিশ্চিন্তে তার সন্তানকে স্কুলে পাঠাতে পারবেন; একজন শ্রমজীবী মানুষ কাজ শেষে নিরাপদে ঘরে ফিরতে পারবেন; একজন বয়স্ক মানুষ ভয় ছাড়াই রাস্তা পার হতে পারবেন; একজন সাইকেল আরোহী বা মোটরসাইকেল চালক নিজের নিরাপত্তা নিয়ে সচেতন থাকার পাশাপাশি অন্যের নিরাপত্তাও নিশ্চিত করবেন।

সড়ক কারও একার নয়। এটি আমাদের সবার। তাই নিরাপদ সড়কও কারও বিশেষ অধিকার নয়- এটি সবার অধিকার। একটি সভ্য রাষ্ট্রে মানুষ ঘর থেকে বের হলে নিরাপদে গন্তব্যে পৌঁছাবে- এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে সড়কে বের হওয়া অনেক সময় এক ধরনের অনিশ্চয়তার যাত্রা। অথচ অধিকাংশ সড়ক দুর্ঘটনাই প্রতিরোধযোগ্য। মনে রাখতে হবে, নিরাপদ সড়ক কোনো বিশেষ সুবিধা নয়, এটি সংবিধানস্বীকৃত জীবন ও নিরাপত্তার অধিকারেরই অবিচ্ছেদ্য অংশ। আমরা এমন একটি সড়কব্যবস্থা চাই, যেখানে গন্তব্যে পৌঁছানোর আগে মানুষের মনে থাকবে নিরাপত্তার নিশ্চয়তা? নিরাপদ সড়ক মানে নিরাপদ জীবন। আর নিরাপদে বেঁচে থাকার অধিকার-সবার।


লেখক: কলামিস্ট ও সমাজ সংগঠক

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা