× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষি গবেষণায় বিনিয়োগ

ড. এম আব্দুল মোমিন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১১:৩০ এএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ১১:৩১ এএম

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ভূ-প্রাকৃতিকভাবে বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর। এখানে মাটিতে বীজ বুনলেই কিছু ফসল হয়, যা বিশ্বের অনেক দেশেই বিরল। ফলে এখানে কৃষিকে অতি সাধারণ ও সহজবোধ্য বিজ্ঞান হিসেবে বিবেচনা করা হয়। অনেক ক্ষেত্রে কৃষিকে শুধু উৎপাদনের খাত হিসেবে দেখা হয়, যেখানে বীজ-সার-পানি দিয়ে ফসল ফলানোই মূল কাজ। কিন্তু আধুনিক বিশ্বে কৃষি মূলত একটি জ্ঞাননির্ভর শিল্প, যার ভিত্তি গবেষণা ও উচ্চশিক্ষা। যে দেশগুলো কৃষি গবেষণা ও উচ্চশিক্ষায় পরিকল্পিতভাবে বিনিয়োগ করেছে, তারা শুধু খাদ্য উৎপাদনে এগিয়ে যায়নি, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি আয় ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও বড় সুবিধা পেয়েছে।

আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর হাজার হাজার তরুণ গ্র্যাজুয়েট সনদ নিয়ে বেরিয়ে আসছে কিন্তু চার বা পাঁচ বছরে তাদের মননশীলতার কতটা বিকাশ ঘটছে? উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য নতুন জ্ঞান সৃষ্টি করা। আর এই নতুন জ্ঞান সৃষ্টির একমাত্র বাহন হলো গবেষণা। আমাদের দেশে গবেষণার চিত্রটি হতাশাজনক। এর পেছনে বেশ কয়েকটি বাস্তব কারণ রয়েছে। আমাদের উচ্চশিক্ষার বড় সমস্যা হলো গবেষণাহীনতা। গবেষণাহীন উচ্চশিক্ষা যেন প্রাণহীন এক কারখানা, যার বাইরের চাকচিক্য আছে, কিন্তু ভেতরে কোনো সৃজনশীলতা নেই। বাস্তবতা হলোÑ আমাদের উচ্চশিক্ষা-ব্যবস্থা মূলত পরীক্ষা আর ফলাফলকেন্দ্রিক। ব্রিটিশ আমলের পুরনো দিনের সিলেবাস, হলদে হয়ে যাওয়া নোটবই, ক্লাসে লেকচার তোলা, আর পরীক্ষার আগের রাতে তা মুখস্থ করে খাতায় উগড়ে দেওয়াÑ এটাই যেন সফলতার একমাত্র মাপকাঠি। 

যে তরুণের চোখে একদিন নতুন আবিষ্কারের নেশা ছিল, বাস্তবতার জাঁতাকলে পড়ে সে-ও একসময় কেবল একটি ‘নিরাপদ চাকরি’ বা ‘বিসিএস’-এর অন্ধ মোহে নিজের সৃজনশীলতাকে বিসর্জন দেয়। গবেষণাহীন উচ্চশিক্ষার কারণে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। তারা তত্ত্ব মুখস্থ করছে ঠিকই, কিন্তু বাস্তব জীবনে বা শিল্প ক্ষেত্রে সেই তত্ত্বের ব্যবহার বা প্রয়োগ শিখছে না। ফলে ইন্ডাস্ট্রি বা করপোরেট জগৎ যে ধরনের দক্ষ, বিশ্লেষণধর্মী ও সমস্যা সমাধানে পারদর্শী জনবল খুঁজছে, বিশ্ববিদ্যালয়গুলো তা তৈরি করতে নিদারুণভাবে ব্যর্থ হচ্ছে। এর ফলেই তৈরি হয়েছে এক অদ্ভুত বৈপরীত্যÑ একদিকে লাখ লাখ শিক্ষিত বেকার, অন্যদিকে দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পাচ্ছে উচ্চ বেতনে বিদেশি বিশেষজ্ঞ।

গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করার অর্থ হলো নতুন ধারণা, প্রযুক্তি এবং সমাধানের আবিষ্কারে সম্পদ বিনিয়োগ করা, যা স্বাস্থ্য, শিল্প এবং জাতীয় সমৃদ্ধিতে অগ্রগতি সাধন করে। বিনিয়োগের উল্টো পিঠেই আসে লাভ বা মুনাফার হিসাব, যেখানে সংখ্যা কথা বলে। কৃষি গবেষণার অর্থনৈতিক মুনাফা নিয়ে বিশ্বব্যাপী যে মেটা-বিশ্লেষণগুলো রয়েছে তার ফল রীতিমতো চমকপ্রদ। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থার পরিসংখ্যান অনুসারে, কৃষি গবেষণায় প্রতি ডলার বিনিয়োগে বিশ্বব্যাপী গড়ে প্রায় দশ ডলার মুনাফা পাওয়া যায় এবং যুক্তরাষ্ট্রের মতো দেশে এই হার বিশ ডলার পর্যন্ত উঠেছে। এই বিপুল মুনাফার পেছনে কাজ করে ফলন বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সহনশীলতা তৈরি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণে দেখা গেছে, কৃষি গবেষণায় উচ্চ ও নিম্ন আয়ের দেশগুলোর জন্য অভ্যন্তরীণ রিটার্নের হার যথাক্রমে ৩৪ থেকে ৪২ শতাংশের মধ্যে থাকে, যা এই খাতকে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি বানিয়েছে। অর্থাৎ একই অর্থ যদি শেয়ারবাজার বা ব্যাংকে বিনিয়োগ করা হতো, তাহলে এত বড় মুনাফা পাওয়া প্রায় অসম্ভব। এই তথ্য থেকেই স্পষ্ট হয় কেন বিশ্বের অগ্রসর অর্থনীতিগুলো কৃষি গবেষণাকে কৌশলগত খাত হিসেবে বিবেচনা করে।

সারা বিশ্বে কৃষি গবেষণায় বিনিয়োগের ক্ষেত্রে একটি অনুকরণীয় উদাহরণ চীন। নব্বইয়ের দশকের শেষ দিক থেকে চীন তার কৃষি গবেষণা ও উন্নয়ন বাজেট নাটকীয়ভাবে বাড়াতে শুরু করে। ১৯৯০ সালে বৈশ্বিক কৃষি-খাদ্য গবেষণা ব্যয়ে চীনের অংশ ছিল মাত্র ১.৪ শতাংশ, যা ২০২১ সালে এসে ২৬ শতাংশে পৌঁছে যায়। যা যুক্তরাষ্ট্রের তখনকার ১২ শতাংশ ব্যয়ের চেয়ে দ্বিগুণেরও বেশি। এই বিনিয়োগের ফল তারা হাতে হাতে পেয়েছে। ২০১১ সালের পর চীন কৃষি গবেষণায় বিশ্বের সর্ববৃহৎ অর্থ ব্যয়কারী দেশে পরিণত হয়, এমনকি ইউরোপীয় ইউনিয়নকেও ছাড়িয়ে যায়। ২০১৫ সালে চীনের বার্ষিক কৃষি গবেষণা ব্যয় দশ বিলিয়ন ডলারের বেশি ছিল, যা তখনকার যুক্তরাষ্ট্রের ব্যয়ের প্রায় দ্বিগুণ এবং চীনের নিজের ২০০০ সালের ব্যয়ের প্রায় পাঁচগুণ। চীনের কৃষি গবেষণায় এই বিনিয়োগের সরাসরি প্রতিফলন দেখা যায় তাদের অর্থনৈতিক মুনাফায়ও। গবেষণায় দেখা যায়, চীনের কৃষি বিনিয়োগ খাতে মুনাফার হার ১৯৯৭ সালে ৩৬ থেকে বর্তমানে ৯০ শতাংশ পর্যন্ত উঠেছে, এবং সময়ের সাথে এই হার বাড়ছেই। এই বিপুল বিনিয়োগের ফলেই চীন আজ বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠীকে খাওয়ানোর সক্ষমতা অর্জনের পাশাপাশি সারা বিশ্বে খাদ্যশস্য রপ্তানি করছে।

দেখা যায়, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন কৃষি গবেষণায় বিশ্ব নেতৃত্বে ছিল, যা তাদের কৃষি উৎপাদনশীলতাকে বিশ্বের শীর্ষে নিয়ে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক দশকগুলোয় একটি উদ্বেগজনক চিত্র দেখা যাচ্ছে। কর্নেল বিশ্ববিদ্যালয় ও স্ট্যানফোর্ডের গবেষকদের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের সরকারি কৃষি গবেষণা ব্যয় বর্তমানে প্রায় পাঁচ বিলিয়ন ডলার, যা ১৯৭০ থেকে ২০০০ সাল পর্যন্ত বছরে মাত্র অর্ধ শতাংশ হারে বেড়েছিল এবং পরে তা স্থবির হয়ে যায়। এই স্থবিরতার পরিণতি নিয়ে কৃষি অর্থনীতিবিদরা স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন। গবেষকদের মতে, দশকের পর দশকের প্রমাণ হয় যে কৃষি গবেষণায় বিনিয়োগ দেশের জন্য অত্যন্ত উচ্চ মুনাফা বয়ে আনে এবং বিনিয়োগ না বাড়ালে এর বিকল্প হবে উৎপাদনশীলতার পতন, সরকারি ভর্তুকি বৃদ্ধি, অন্য দেশের ওপর নির্ভরতা বাড়া এবং পরিবেশগত ক্ষতি, কারণ কৃষকরা তখন বেশি জমি ও রাসায়নিক ব্যবহার করে উৎপাদন বাড়াতে বাধ্য হবেন। যুক্তরাষ্ট্রের এই অভিজ্ঞতা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়: শুধু একবার বিনিয়োগ করে সাফল্য পেলে তা ধরে রাখা যায় না, বরং প্রতিযোগী দেশগুলো এগিয়ে গেলে আগের অর্জিত সুবিধাও ক্ষয়ে যেতে পারে।

কেবল চীন কিংবা যুক্তরাষ্ট্র নয়, ব্রাজিল ও ভারতের মতো দেশগুলোও কৃষি গবেষণায় টার্গেটেড বিনিয়োগের মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদার করার দৃষ্টান্ত স্থাপন করেছে। সরগম ও বাজরা ফসলের ওপর পরিচালিত আন্তর্জাতিক গবেষণা পর্যালোচনায় দেখা গেছে, এই খাতে বিনিয়োগের গড় বার্ষিক মুনাফার হার ৫৪ থেকে ৭৬ শতাংশের মধ্যে, যা মূলত জাতীয় কৃষি গবেষণা ব্যবস্থা ও আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টার ফল। এই উদাহরণগুলো প্রমাণ করে যে কৃষি গবেষণার উচ্চ মুনাফা কোনো নির্দিষ্ট দেশ বা ফসলের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বৈশ্বিক প্রবণতা।

বাংলাদেশেও কৃষি গবেষণার সুফল ইতোমধ্যে দৃশ্যমান। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মৌসুমে উপযোগী ১২৭টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে কয়েকটি জাত দেশের প্রায় ৭৫-৮০ ভাগ জমিতে চাষ হচ্ছে এবং দেশের খাদ্য নিরাপত্তা অর্জন ও দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অবদান রেখেছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এক স্বতন্ত্র গবেষণায় দেখা যায়, এখানে প্রতি ১ টাকা বিনিয়োগে রিটার্ন আসে প্রায় ৫৬ টাকার সমান। একইভাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) গম, ভুট্টা, ডাল, তেলবীজ, ফল ও সবজির অসংখ্য উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ব্যাপক ভূমিকা রাখছে। তবে চীন বা যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশের কৃষি গবেষণা বাজেট এখনও অনেক সীমিত। গবেষণা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো, জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির জন্য আরও পরিকল্পিত বিনিয়োগ প্রয়োজন।

কৃষি গবেষণার বিনিয়োগ অন্য খাতের তুলনায় কিছু বিশেষ সুবিধা বহন করে। প্রথমত, এর প্রভাব শুধু কৃষকের কাছেই সীমাবদ্ধ থাকে না, ভোক্তারাও সস্তা ও প্রাপ্য খাদ্যের সুবিধা পান এবং সমাজের সামগ্রিক কল্যাণ বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, গবেষণার সুফল প্রায়শই এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়, যার ফলে একটি বিনিয়োগের সুফল বহু গুণ বিস্তৃত হতে পারে। তৃতীয়ত, এই রিটার্ন দীর্ঘমেয়াদে আসে এবং বছরের পর বছর ধরে স্থায়ী হয়, যা একে অন্যান্য স্বল্পমেয়াদি বিনিয়োগের তুলনায় আরও মূল্যবান করে তোলে।

গবেষণায় অর্থ ব্যয় কোনো অপচয় নয়, বরং এটি দেশের টেকসই উন্নয়নের জন্য সবচেয়ে লাভজনক বিনিয়োগ। আর কৃষি গবেষণা ও উচ্চশিক্ষায় বিনিয়োগ কোনো বিলাসিতা নয়, বরং একটি দূরদর্শী কৌশলগত সিদ্ধান্ত। চীনের আগ্রাসী বিনিয়োগ যেমন প্রমাণ করেছে কীভাবে রাষ্ট্রীয় অগ্রাধিকার একটি দেশকে খাদ্য স্বনির্ভরতার দিকে নিয়ে যেতে পারে, তেমনি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক স্থবিরতা সতর্ক করে দেয় যে এই অগ্রগতি কখনোই আপনা-আপনি টিকে থাকে না। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ, দক্ষ গবেষক তৈরির জন্য উচ্চশিক্ষায় বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতাÑ এই তিনটি স্তম্ভকে একসাথে এগিয়ে নিতে হবে।যে দেশ আজ কৃষিজ্ঞানে বিনিয়োগ করে, আগামীর খাদ্য সুরক্ষা ও অর্থনৈতিক স্থিতিশীলতা তারই হাতে থাকবে।

লেখক: কৃষিবিদ ও কৃষি সাংবাদিক, ঊর্ধ্বতন যোগাযোগ কর্মকর্তা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা