× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৃত্যুশয্যায় ঢাকার নদী

সম্পাদকীয়

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১১:২১ এএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ১১:২২ এএম

রাজধানী শহর ঢাকা অবস্থিত বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে, বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই ঢাকার উৎপত্তি। ছবি: সংগৃহীত

রাজধানী শহর ঢাকা অবস্থিত বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে, বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই ঢাকার উৎপত্তি। ছবি: সংগৃহীত

প্রখ্যাত পল্লী-সংগীতশিল্পী খালেক দেওয়ানের ‘দেখে যাও ওরে ও আমার পথিক ভাই/ আমার পাড়াগাঁও,/ বুড়িগঙ্গা পাড়ি দিতে লাগে একটি ছোট নাও’Ñ গানটি একসময় মানুষের মুখে মুখে ফিরত। যারা জীবনে কখনও বুড়িগঙ্গা নদী স্বচক্ষে দেখেননি, তারাও ঐতিহ্যবাহী এ নদীটির সঙ্গে না-দেখা পরিচিতজন হয়ে উঠেছিলেন। বাংলাদেশের শিল্প-সাহিত্য, সংগীত-কবিতায় নদ-নদীর প্রসঙ্গ এসেছে অনিবার্যভাবেই। কারণ নদী এদেশটির প্রাণসঞ্চারী প্রবাহ, প্রাণীর দেহে শিরা-ধমনিতে রক্তপ্রবাহের মতো। মানুষ কিংবা অন্য কোনো প্রাণীর দেহে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে তা যেমন প্রাণহীন হয়ে পড়ে, তেমনি একটি দেশ বা জনপদ মরে যেতে পারে তার নদীপ্রবাহের অভাবে। আমাদের রাজধানী শহর ঢাকা অবস্থিত বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে। মূলত বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই ঢাকার উৎপত্তি। তাই এ ঐতিহ্যবাহী নদীকে ঢাকার প্রাণপ্রবাহ হিসেবেই বিবেচনা করা হয়। সময়ের বিবর্তনে সে বুড়িগঙ্গার আজ শীর্ণদশা। বলা অসমীচীন হবে না, ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন মৃত্যুশয্যায়। একই সঙ্গে ঢাকাকে ঘিরে প্রবাহিত তুরাগ, শীতলক্ষ্যা, বালু এবং ধলেশ্বরী নদীও জীবন্মৃত অব্স্থায় উপনীত।

গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এর ‘ঢাকা বাঁচাতে বাঁচাও নদী’ শীর্ষক বিশেষ প্রতিবেদনে এসব নদ-নদীর মরণদশার কারণ সবিস্তারে উল্লেখ করা হয়েছে। মূলত নদীপাড় দখল, অপরিকল্পিত নগরায়ণ এবং পানিদূষণের কারণে নদীগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে। একসময় এসব নদীর তীরবর্তী এলাকার মানুষরা গৃহস্থালির কাজ, এমনকি তৃষ্ণা নিবারণের জন্যও এগুলোর পানি ব্যবহার করত। কিন্তু এখন নদীগুলোর পানিতে হাত দেওয়ার আগে দশবার ভাবতে হয়। বিশেষ করে, বুড়িগঙ্গার পানির দিকে তাকালে শিউরে উঠতে হয়। ঢাকা মহানগরীর অধিবাসীদের দৈনন্দিন বর্জ্য, এই নগরীর ছোট-বড় শিল্পকারখানার বর্জ্য, নদীর অপর পাড়ের কালিগঞ্জ-জিঞ্জিরা, আশুলিয়া, সাভার, টঙ্গী, ভৈরব, ডেমরাসহ বিভিন্ন এলাকার শিল্পকারখানা থেকে নির্গত প্রাত্যহিক বর্জ্য এসব নদীর পানিকে শুধু দূষিতই করেনি, করে তুলেছে বিষবৎ। বিশেষ করে, শুকনো মৌসুমে বুড়িগঙ্গা নদীর পানি এমন কালচে রঙ ধারণ করে যে, দেখে আলকাতরা বলে ভ্রম হয়। সে সঙ্গে তীব্র দুর্গন্ধে দম নেওয়াই কষ্টকর হয়ে দাঁড়ায়। 

বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদীসমূহের করুণদশা নিয়ে আগে-পরে অনেক কথা হয়েছে। নদী দখল, নদীদূষণ ইত্যাদি প্রতিরোধ করে সেগুলোকে মৃত্যুর হাত থেকে রক্ষার তাগিদও বহুবার দেওয়া হয়েছে। শোনা গেছে, সরকারের প্রভাবশালীদের হুংকারও। কিন্তু পরিশেষে সবই বায়বীয় আস্ফালন প্রমাণিত হয়েছে। এ সমস্যা নিরসনকল্পে সরকারও বিভিন্ন সময়ে নানা উদ্যোগ-আয়োজনের কথা শুনিয়েছে। কিন্তু অজস্র বাক্য ব্যয়, অগুণতি পরিকল্পনার কথা প্রচারের পরও অবস্থা রয়ে গেছে তথৈবচ। কথা ভেসে গেছে হাওয়ায়, পরিকল্পনার ‘পরি’ উড়ে গেছে আকাশে, রয়ে গেছে শুধু ‘কল্পনা’। যেহেতু বাস্তব আর কল্পনার ব্যবধান সহস্র যোজন, তাই নানা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নদীগুলোকে সুস্থ করা এখনও সম্ভব হয়ে ওঠেনি। তবে সঠিক ডায়াগনসিসের মাধ্যমে রোগ শনাক্ত করে ব্যবস্থাপত্র অনুযায়ী পদক্ষেপ নিলে মৃত্যুর হাত থেকে এসব নদীকে বাঁচানো অসম্ভব নয়।

বাংলাদেশের নদী ব্যবস্থাপনার সঙ্গে বেশ কয়েকটি সরকারি সংস্থা সম্পৃক্ত। এগুলো হলোÑ পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা ওয়াসা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। বিশেষজ্ঞদের মতে, এসব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাব নদী রক্ষার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রধান বাধা। একটি সংস্থা উদ্যোগ নিলেও অন্য সংস্থা সহযোগিতা না করলে তা আর এগোতে পারে না। তবে আশার কথা হলো, প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রকট সমস্যাটির প্রতি নজর দিয়েছেন। সম্প্রতি তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে নদী রক্ষাকল্পে আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে; যার তত্ত্বাবধানে থাকবে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়। একটি জনগুরুত্বসম্পন্ন সমস্যার নিরসনকল্পে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে সমন্বয় কমিটি গঠনের খবর দেশবাসীকে আশান্বিত করবে নিঃসন্দেহে। তবে তাদের সে প্রত্যাশা পূরণ হবে তখন, যখন কমিটি তার কার্যকারিতা দেখাতে সক্ষম হবে এবং অন্তর্ভুক্ত সংস্থাগুলোর মধ্যে আক্ষরিক অর্থেই সমন্বয় প্রতিষ্ঠিত হবে। তা না হলে এসব সিদ্ধান্ত কাগুজে উদ্যোগ হিসেবেই পরিগণিত হবে। 

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব ক্ষেত্রে যে একটি ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছেন, তা আমাদের মতো দেশবাসীরও নিশ্চয় নজরে এসেছে। তবে আমাদের দেশের একটি নেতিবাচক ঐতিহ্য হলো, সরকারপ্রধানের প্রবল আগ্রহ ও ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক সময় সরকারের সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়িত হয় না। রাজধানীর চারপাশের নদীসমূহকে রক্ষার নতুন উদ্যোগের পরিণতিও যেন অতীতের মতো না হয়, প্রধানমন্ত্রীকেই সেদিকে কড়া নজর রাখতে হবে। মনে রাখতে হবে, চারপাশের নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ও সেগুলোর দূষণমুক্ত জীবনই রাজধানী ঢাকাকে প্রাণচঞ্চল রাখার প্রধান পূর্বশর্ত। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা