বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বিস্তৃত হাওরাঞ্চল কেবল একটি জলাভূমি নয়, এটি খাদ্য নিরাপত্তা, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য এবং জলবায়ু সহনশীলতার কেন্দ্রবিন্দুও। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বিস্তৃত হাওরাঞ্চল কেবল একটি জলাভূমি নয়, এটি খাদ্য নিরাপত্তা, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য এবং জলবায়ু সহনশীলতার কেন্দ্রবিন্দুও। কিশোরগঞ্জ, নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ এলাকা নিয়ে গড়ে উঠেছে এই জলাভূমি। দেশে ছোট-বড় ৪১৪টি হাওর রয়েছে। প্রায় ৮.৫৮ লাখ হেক্টর জমি এই ব্যবস্থার অংশ। অর্থাৎ এটি কোনো প্রান্তিক অঞ্চল নয়। জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।
দেশের মোট ধানের প্রায় ২০ শতাংশ আসে হাওরাঞ্চল থেকে। এর বড় অংশ বোরো ধান। অর্থাৎ দেশের খাদ্য নিরাপত্তা এই অঞ্চলের এক ফসলি কৃষির ওপর অনেকটা নির্ভরশীল। কিন্তু সেই ফসলই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আগাম বন্যা হলে কয়েক দিনের মধ্যে হাজার হাজার কোটি টাকার ফসল তলিয়ে যায়। কৃষক নিঃস্ব হন। সরকার ত্রাণ দেয়। পরের বছর আবার একই ঘটনা ঘটে। এ পুনরাবৃত্তি শুধু প্রাকৃতিক নয়, নীতিগত ব্যর্থতারও প্রতিফলন। বাঁধ নির্মাণ হয়। আবার ভাঙে। খাল খনন হয়। আবার ভরাট হয়। প্রকল্প হয়। কিন্তু সমন্বিত জল ব্যবস্থাপনা হয় না। নদী, খাল, বিল ও হাওরকে একটি একীভূত ইকোসিস্টেম হিসেবে বিবেচনা না করলে টেকসই সমাধান সম্ভব নয়।
হাওর অঞ্চলে বছরে এক ফসল হয়। এটি কাঠামোগত ঝুঁকি। বন্যাসহিষ্ণু ও স্বল্পমেয়াদি ধানের জাত উদ্ভাবন জরুরি। শস্যবীমা চালু করা সময়ের দাবি। কৃষক যদি জানেন যে, ক্ষতির একটি অংশ পূরণ হবে, তাহলে তিনি উৎপাদনে তৎপর থাকবেন।
দেশের মোট মাছের প্রায় এক-চতুর্থাংশ হাওর থেকে আসে। প্রায় দেড় কোটি মানুষের জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই খাতের সঙ্গে যুক্ত। হাওর দেশীয় প্রজাতির বিপুল পরিমান মাছের প্রজনন ক্ষেত্র। কিন্তু বাস্তবতা উদ্বেগজনক। বিলুপ্তপ্রায় প্রজাতির সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। প্রজনন মৌসুমে নির্বিচারে আহরণ চলছে। প্রাকৃতিক বিচরণপথ অনেক স্থানে বাধাগ্রস্ত।
জলমহাল ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক আছে। উচ্চ ইজারা মূল্য প্রকৃত জেলেদের বাইরে ঠেলে দেয়। তারা দাদননির্ভর হন। এতে উৎপাদনের আসল অংশীদার হয় মধ্যস্বত্বভোগী। নীতি অনুযায়ী নিবন্ধিত জেলেদের অগ্রাধিকার থাকলেও বাস্তবে প্রভাবশালী গোষ্ঠীর দখলদারত্বের অভিযোগ রয়েছে। প্রজনন মৌসুমে কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে। সেই সময় নিবন্ধিত জেলেদের ভিজিএফ সহায়তা নিশ্চিত করতে হবে।
হাওর একটি সংবেদনশীল ইকোসিস্টেম। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট। মৌলভীবাজার ও সিলেট অঞ্চলে বিস্তৃত হাকালুকি হাওর দেশের অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি। কিন্তু অযাচিত বাঁধ ও সড়ক নির্মাণ প্রাকৃতিক পানিপ্রবাহ ব্যাহত করছে। এতে পানি ধারণক্ষমতা কমছে। মাঝারি অতিবৃষ্টিতেই বন্যা হচ্ছে। আবার শুষ্ক মৌসুমে পানির অভাব দেখা দিচ্ছে। এই দ্বৈত সংকটের সমাধান প্রকল্পভিত্তিক নয়, অববাহিকাভিত্তিক হতে হবে।
বর্তমান সরকার সারা দেশে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের যে মহাপরিকল্পনা নিয়েছে, তা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক উদ্যোগ। জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে সচল করতে এ ধরনের কর্মসূচির তাৎপর্য অনস্বীকার্য। হাওরাঞ্চলের প্রধান সমস্যা পানি সরানো নয়, পানিপ্রবাহের স্বাভাবিক পথ নিশ্চিত করা। খাল খনন দিয়ে সাময়িক নিষ্কাশন বাড়ানো গেলেও নদীর গভীরতা ও প্রস্থ পুনরুদ্ধার না করলে দীর্ঘমেয়াদে কাঙ্ক্ষিত সুফল মিলবে না। বরং অপরিকল্পিত খনন অনেক ক্ষেত্রে প্রাকৃতিক জলপ্রবাহের ভারসাম্য নষ্ট করতে পারে।
অতএব জাতীয় কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে আঞ্চলিক বৈচিত্র্যকে বিবেচনায় নেওয়া জরুরি। সমতল অঞ্চলে খাল খনন কার্যকর হতে পারে, কিন্তু হাওরাঞ্চলে অগ্রাধিকার হওয়া উচিত নদী খনন, ড্রেজিং ও প্রাকৃতিক অববাহিকা পুনরুদ্ধার। উন্নয়ন তখনই টেকসই হবে, যখন তা ভূপ্রকৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। পাশাপাশি বৃক্ষরোপণ বাড়াতে হবে। হিজল, করচ, তাল, কদমের মতো পানিসহিষ্ণু গাছ রোপণ করলে বজ্রপাতের ঝুঁকি কমবে, পরিবেশও সুরক্ষিত
হাওরাঞ্চলে স্বাস্থ্য ও শিক্ষা এখনও পিছিয়ে। বর্ষায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়। অনেক গ্রামে চিকিৎসক থাকেন না। পানিবাহিত রোগ নিত্যসঙ্গী। ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা ও ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করা জরুরি। নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে হবে।
শিক্ষা ক্ষেত্রে চ্যালেঞ্জ ভিন্নধর্মী। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি বাড়লেও ঝরে পড়ার হার উদ্বেগজনক। বর্ষায় শিশুরা কাদাজল পেরিয়ে বা নৌকায় ভেসে স্কুলে যায়। দুর্গম বিদ্যালয়ে আবাসিক সুবিধা চালু করা যেতে পারে। মিড ডে মিল উপস্থিতি বাড়াতে সহায়ক হবে। শিক্ষা হতে হবে জীবনমুখী। কৃষি, মৎস্য, পরিবেশ বিষয়ে প্রাথমিক ধারণা শিক্ষার অংশ হওয়া উচিত।
হাওর উন্নয়ন নিয়ে অতীতে নানা উদ্যোগ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাওর উন্নয়ন বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছিলেন। পরে তা পুনর্গঠিত হয়েছে। ২০১২ ও ২০২৫ সালে দুটি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনাও নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে প্রশ্ন রয়েছে। পরিকল্পনা কাগজে থাকলে লাভ নেই। সমন্বিত বাস্তবায়ন কাঠামো দরকার। কৃষি, মৎস্য, পানি, পরিবেশ ও স্থানীয় সরকারকে একই প্লাটফর্মে আনতে হবে।
হাওর বাংলাদেশের জন্য একটি প্রাকৃতিক সম্পদ। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এর যথাযথ সংরক্ষণ ও ব্যবহার দেশকে অর্থনৈতিকভাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। হাওর হতে পারে নতুন অর্থনৈতিক অঞ্চল। শুকনো মৌসুমে কৃষি ও পশুপালন। বর্ষায় মৎস্য ও পর্যটন। পরিকল্পিত উদ্যোগ নিলে এই অঞ্চল জাতীয় প্রবৃদ্ধিতে আরও বড় অবদান রাখতে পারে। কিন্তু আমরা কি হাওরকে বারবার দুর্যোগের সংবাদ হিসেবে দেখব, নাকি একটি কৌশলগত সম্পদ হিসেবে গড়ে তুলব? উত্তর নির্ভর করছে রাষ্ট্রের রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা এবং নীতির ধারাবাহিকতার ওপর। হাওরের ঢেউ শুধু পানির নয়, এটি সম্ভাবনারও। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে এখন প্রয়োজন সুদূরপ্রসারি দৃষ্টিভঙ্গি ও বাস্তবমুখী পদক্ষেপ।
লেখক : সাংবাদিক ও কলামিস্ট