গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
৫ আগস্ট ২০২৬ জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরাচারী সরকারপ্রধান শেখ হাসিনা দেশ থেকে পলায়নের দুই বছরপূর্তি পালিত হয়েছে। এ সময়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের রাজধানী দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চুয়াল বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে শেখ হাসিনা মূলত রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়ার এবং দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করেছেন বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।
ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘ সময় প্রকাশ্যে না এসে হঠাৎ এই ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে রাজনৈতিক বার্তা দিয়ে শেখ হাসিনা তার উপস্থিতি জাহির করেছেন মাত্র। রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করতে এবং সমর্থকদের সক্রিয় করতে ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক অভিজ্ঞমহল স্ট্যান্টবাজি বলেই মনে করছেন। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করাই ভার্চুয়াল সংবাদ সম্মেলনের উদ্দেশ্য। শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারানোর পর এটিই তার প্রথম বড় পরিসরের গণমাধ্যমে উপস্থিতি বলে ধরে নেওয়া যায়। দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত ভার্চুয়াল মাধ্যমে দেওয়া তার বক্তব্যে ভিডিওর বদলে শুধুমাত্র অডিও সংযোগ থাকায় এবং সুনির্দিষ্ট কোনো তাৎক্ষণিক রাজনৈতিক রূপরেখা বা কর্মপন্থা না পেয়ে অনেক সমর্থক ও নেতাকর্মীর মধ্যেই হতাশার সৃষ্টি হয়েছে। তা ছাড়া লাইভ সম্প্রচার চলাকালীন প্রথম ১০ মিনিটে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক সংযোগ বিচ্ছিন্ন করায় এবং প্রত্যাশা অনুযায়ী স্বচক্ষে তাকে দেখতে না পাওয়ার কারণেও সমর্থক মহলে মিশ্র প্রতিক্রিয়া ও হতাশা লক্ষ করা যায়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিনে বুধবার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে যোগ দিয়ে তিনি মূলত বাংলাদেশের রাজনীতিতেতে নিজের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করেছেন মাত্র। শেখ হাসিনা লাইভে আসবেন এবং তাকে সরাসরি দেখা যাবেÑ এমন আলোচনা ছিল। এমনকি বিভিন্ন গণমাধ্যমে প্রচারও করা হয়েছিল। কিন্তু প্রকৃত অর্থে তাকে দেখা যায়নি। শেখ হাসিনাকে দীর্ঘ দুই বছর পর সরাসরি দেখা যাবেÑ এমন প্রত্যাশা নিয়েই ফেসবুকে লাইভে ঢুকেছিলেন বিপুলসংখ্যক দর্শক। আওয়ামীপন্থী একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছিল যে, শেখ হাসিনা ভার্চুয়ালি আসবেন। তাকে দেখা যাবে। এমনকি তিনি সরাসরি সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও কথা বলবেন। কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দেখা গেল না। ভিডিও কনফারেন্স হওয়ার কথা থাকলেও এলেন অডিও সংযোগ যোগ নিয়ে।
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে শত শত মামলা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এমন সময়ে তার অডিও বার্তা দেশের রাজনীতিতে কী প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তা নিয়ে আলোচনা চলছে। সবচেয়ে বড় প্রশ্ন, যে নেত্রী ভিডিওতে আসবেন বলে প্রচার করার পরেও ভিডিওতে এলেন না, তার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা মানুষ কতটা বিশ্বাসযোগ্য। বক্তব্যে তার স্বদেশ প্রত্যাবর্তনের কোনো বাস্তব পরিকল্পনাও পাওয়া গেল না। ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ঘোষণা রাজনৈতিক বার্তা না সিদ্ধান্ত, তা নিয়ে জনমনে রয়েছে সংশয়। এই বিষয়ে আয়োজক বা শেখ হাসিনার পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। তাই ঠিক কোন কারণে এই অনুপস্থিতি সেটি নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না। কিন্তু এর একটি রাজনৈতিক প্রভাব রয়েছে, যা উপেক্ষা করার কোনো সুযোগ নাই।
২০২৪ সালের ৫ আগস্ট যে প্রেক্ষাপটে তাকে ঢাকা ছাড়তে হয়েছিল, দু’বছর পর দিল্লিতে কেমন আছেন, কেমন ছিলেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই সবার কৌতূহল ছিল। কিন্তু, তার অনুপস্থিতি ও অডিও বার্তা সেই কৌতূহলে পানি ঢেলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং আঞ্চলিক কূটনৈতিক পরিবেশেও প্রভাব ফেলতে পারে। ফলে ঘোষিত সংবাদ সম্মেলন ঘিরে দুই দেশেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।
অন্যদিকে বাংলাদেশে নয় হাসিনাকে আমেরিকা পাঠাচ্ছে ভারত দাবি ঠিকানা পত্রিকার। লাইভে এসে অডিও ভাষণে বাংলাদেশে ফেরার জন্য ডিসেম্বর মাসের কথা ঘোষণা করলেও কোন ডিসেম্বর সেটি স্পষ্ট করেননি পলাতক শেখ হাসিনা। তবে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা পত্রিকার অনলাইন ভার্সনে একটি নতুন খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গোর ও ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকের মূল বিষয়বস্তু ছিল শেখ হাসিনাকে ভারত থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো। এর অংশ হিসেবে দিনেশ ত্রিবেদী ভারতে যান । ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাহুল গান্ধী, ডাক্তার দেবী শেঠির উপস্থিতিতে এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয় বলেও ঠিকানার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঠিকানার প্রতিবেদনে আরও বলা হয় যে, কূটনীতিক সার্জিও গোর বলেন, সময় লাগবে। এ বিষয়ে হঠাৎ কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। প্রথমত, আমেরিকা হচ্ছে ‘জাতিসংঘের’ দেশ। সেই জাতিসংঘের রিপোর্টে তিনি একজন ঘাতক। ১৪০০ নাগরিক হত্যার অভিযোগে অভিযুক্ত। তাই, ওনাকে আমেরিকায় নিতে প্রতিবন্ধকতা আসতে পারে। জাতিসংঘ একটি ‘এমবার্গো’ দিয়ে বসতে পারে। তবে একটি পথ খোলা আছে। তিনি আর রাজনীতি করবেন না শর্তে মুচলেকা দেবেন। দ্বিতীয়ত, প্রমাণ করতে হবেÑ তিনি মারাত্মক অসুস্থ। তাহলে ‘মেডিকেল গ্রাউন্ডে’ মার্কিন ভিসা পেতে পারেন। বলতে হবে, কঠিন অসুস্থতায় শয্যাপাশে পুত্র জয়কে চান। মার্কিন নাগরিক হিসেবে জয়ও তেমনটি চাইবেন। এই বৈঠকের পরই দিল্লি ছুটে যান দীনেশ ত্রিবেদী। সর্বদলীয় বিশেষ বৈঠকে বিস্তারিত অবহিত করেন তিনি। ভারত সরকারও আর সময়ক্ষেপণ না করার পক্ষে। বেঙ্গালুরুর কার্ডিয়াক সার্জন ডা. দেবী শেঠী এখন দিল্লিতে। শেখ হাসিনার অতিপ্রিয় চিকিৎসক তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার এমন এক ঘোষণা দিয়ে ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় সারা দেশে একরকম অস্থিরতা সৃষ্টি হয়েছিল। বিদ্রোহী ছাত্র-জনতা ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়ি ভাঙচুর ও বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেয়। অথচ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই শাসনামলে এ বিষয় নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য পরিলক্ষিত হচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সরকার শেখ হাসিনার এমন বক্তব্যকে পাত্তা দিচ্ছে না। সাথে সরকারের অহিংস নীতিও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিসহ সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন, ‘শেখ হাসিনা যদি সত্যিই সাহস থাকে তবে কোনো ধরনের শর্ত বা স্ট্যান্ডবাজি না করে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়ে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করা উচিত।’
জুলাই গণহত্যার দায়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সহসা কোনো সম্ভাবনা নেই। সে মুহূর্তে ভারত থেকে দলটির সভপিতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত কর্মী-সমর্থকদের চাঙ্গা করার কৌশল হলে হতে পারে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিষয়টিকে অনেকেই ‘রাজনৈতিক চমক’ সৃষ্টির কসরত হিসেবেই দেখছেন। কারণ ৫ আগস্টের অনুষ্ঠানে শেখ হাসিনার অনুপস্থিতি প্রমাণ করেছে মাত্র তার ওই ঘেষণা বায়বীয় আস্ফালন ছাড়া আর কিছুই নয়। তবে এখন থেকে সবারই নজর থাকবে শেখ হাসিনার পরবর্তী নড়াচড়ার ওপর। তিনি শিগগিরই জনসমক্ষে হাজির হয়ে সৃষ্ট জনকৌতূহল নিবৃত্ত করবেন, নাকি ‘অদৃশ্য মানবী’ হয়েই থাকবেন, সেটাই এখন বড় প্রশ্ন। একই সঙ্গে তার দেশে ফেরার ঘোষণাকে অন্তঃসারশূন্য বাগাড়ম্বর বলাটা অসমীচীন নয় বোধহয়।
লেখক: কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক