গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
দীর্ঘ দেড় দশকের অপশাসনে ভঙ্গুর হয়ে পড়া বাংলাদেশকে পুনর্গঠনের সময় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, ফ্যাসিবাদী শাসন ও শোষণের জাঁতাকলে পিষ্ট হয়ে ঋণ ও আমদানি-নির্ভর এই রাষ্ট্রটির শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশসহ সকল খাত কার্যত আজ ভঙ্গুর। যে কারণে দেশ পুনর্গঠনের যাত্রায় সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের মাধ্যমে পাঁচ বছর মেয়াদি কৌশলগত অর্থনৈতিক কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।
ক্ষমতাসীন বিএনপির জননীতিকে সামনে রেখে আগামী দিনের কর্মপরিকল্পনার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই, যেখানে অবাধ নির্বাচন, আইনের শাসন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা থাকবে। একটি মানবিক রাষ্ট্র চাই, যেখানে স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার হবে সর্বজনীন এবং একটি কল্যাণ রাষ্ট্র চাই, যেখানে প্রতিটি নাগরিকের অর্থনৈতিক সুযোগ ও ন্যায্যতা নিশ্চিত থাকবে। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ ও বর্তমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা-এর প্রতিটিই ঐতিহাসিকভাবে এমডিজি কিংবা বর্তমানের এসডিজির ভিশন ও মিশনের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, এসডিজির মূলনীতির সঙ্গে বর্তমান সরকারের ‘সবার জন্য বাংলাদেশ’ নীতির হুবহু মিল রয়েছে। সরকারের সংস্কার ও উন্নয়নের ‘পাঁচ স্তম্ভ’র মাধ্যমে দারিদ্র্য বিমোচন, সর্বজনীন সামাজিক সুরক্ষা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, জেন্ডার সমতা, জলবায়ু সহনশীলতা এবং সুশাসনের মতো এসডিজির মূল অগ্রাধিকারগুলোই প্রতিফলিত হয়েছে। এ ছাড়া স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ও এসডিজির অগ্রগতি সুসংহত করতে সরকার ‘পুনরুদ্ধার-পুনর্বাসন-পুনর্গঠন’ কৌশল গ্রহণ করেছে। এর মাধ্যমে সাময়িক স্থিতিশীলতা থেকে দীর্ঘমেয়াদি কাঠামোগত রূপান্তর একটি সুসংহত নকশায় বাস্তবায়িত হবে।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নারীর ক্ষমতায়ন, কৃষকের স্বার্থরক্ষা ও চিকিৎসাসেবা সহজ করতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ই-হেলথ কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এতে প্রান্তিক কৃষক, স্বল্প আয়ের পরিবার ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সরাসরি ভর্তুকি, কৃষি উপকরণ, আর্থিক সহায়তা এবং স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এমনকি স্পোর্টস কার্ড ও ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় পুরোহিত ও সেবায়েতদের সম্মানী ভাতার আওতায় আনা হয়েছে। সেই বাস্তবতায়, প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কারণ একটি রাষ্ট্রের উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণ, প্রবৃদ্ধির হার কিংবা বড় বড় প্রকল্প বাস্তবায়নের হিসাব নয়; উন্নয়নের প্রকৃত ভিত্তি হলো শক্তিশালী প্রতিষ্ঠান, আইনের শাসন, জবাবদিহিতা, মানবিক মর্যাদা এবং নাগরিকের অধিকার নিশ্চিত করা।
দীর্ঘ সময়ের রাজনৈতিক কর্তৃত্ববাদ, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, দুর্নীতি ও অনিয়ম রাষ্ট্রের বিভিন্ন কাঠামোকে যে চাপের মধ্যে ফেলেছে, তা অস্বীকার করার সুযোগ নেই। ফলে এখন প্রয়োজন অতীতের ক্ষত নিয়ে রাজনৈতিক বিতর্কে আটকে না থেকে একটি কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রাষ্ট্র গড়ে তোলার কাজে মনোযোগ দেওয়া। তবে আমরা মনে করি, পুনর্গঠন বলতে শুধু অর্থনীতিকে পুনরুদ্ধার করলেই হবে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। বিশেষ করে, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দুর্নীতি দমনব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও কার্যকর করা জরুরি। একই সঙ্গে ব্যাংকিং খাতের অনিয়ম, খেলাপি ঋণ, বিনিয়োগের স্থবিরতা, কর্মসংস্থানের সংকট ও মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। এ অবস্থায় পুনর্গঠনের অর্থ হতে হবে উৎপাদনশীল বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সামাজিক সুরক্ষা জোরদার করা।
মনে রাখতে হবেÑ দারিদ্র্য বিমোচন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, বৈষম্য হ্রাস, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতাÑ এসব কোনো বিচ্ছিন্ন লক্ষ্য নয়; এগুলো একটি উন্নত রাষ্ট্রের পরস্পর সম্পর্কিত ভিত্তি। বাংলাদেশ ইতোমধ্যে এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর ও অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে। তাই এসডিজি অর্জনের প্রশ্নটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সবচেয়ে বড় কথা, পুনর্গঠন হতে হবে জনগণকেন্দ্রিক। উন্নয়নের সুফল যদি শুধু কোনো শ্রেণি বিশেষের হাতে কেন্দ্রীভূত হয়, তাহলে সেই উন্নয়ন টেকসই হয় না। কৃষক, শ্রমিক, তরুণ, নারী, উদ্যোক্তা ও প্রান্তিক জনগোষ্ঠী সবাইকে উন্নয়নের অংশীদার করতে হবে। অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে যদি রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে প্রতিষ্ঠান নির্মাণ, দুর্নীতির পরিবর্তে জবাবদিহিতা এবং বৈষম্যের পরিবর্তে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া যায় তাহলেই প্রধানমন্ত্রীর আগ্রহের ‘বাংলাদেশ পুনর্গঠন’ সত্যিকার অর্থেই সম্ভব হবে, যে পুনর্গঠনের মূল ভিত্তি হবে জনগণ।