নজরুল ইসলাম হক্কানী
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৩:১৭ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৬ ১৩:১৮ পিএম
তিস্তা ব্যারেজ। ফাইল ছবি
বাংলাদেশের নদী ও পানি সংকটের আলোচনা দীর্ঘদিন ধরে মূলত পানি বণ্টন, আন্তর্জাতিক আইন কিংবা কূটনৈতিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থেকেছে। কিন্তু একবিংশ শতাব্দীর নদী ব্যবস্থাপনা কেবল পানির ভাগাভাগির বিষয় নয়, এটি একটি সমন্বিত রিভার বেসিন ম্যানেজমেন্ট- যেখানে নদীর প্রবাহ, পলি, বন্যা, খরা, নৌপরিবহন, কৃষি, জীববৈচিত্র্য, ভূগর্ভস্থ পানি, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক অর্থনীতিÑ সবকিছুকে একই পরিকল্পনার আওতায় আনা হয়।
বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী তিস্তা আজ এই আধুনিক ব্যবস্থাপনার অভাবেই সংকটের প্রতীক হয়ে উঠেছে। বর্ষায় ভয়াবহ বন্যা, শুষ্ক মৌসুমে পানিশূন্যতা, নদীভাঙন, কৃষির ক্ষতি এবং পরিবেশগত অবক্ষয় উত্তরাঞ্চলের উন্নয়নকে দীর্ঘদিন ধরে পিছিয়ে রেখেছে। তাই তিস্তা মহাপরিকল্পনাকে শুধু একটি নদী উন্নয়ন প্রকল্প হিসেবে নয়, বরং বিজ্ঞানভিত্তিক নদী ব্যবস্থাপনার জাতীয় মডেল হিসেবে দেখা প্রয়োজন।
বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যেই নদী ব্যবস্থাপনায় প্রকৌশলগত উৎকর্ষতার অসাধারণ উদাহরণ সৃষ্টি করেছে। একসময় হোয়াংহো নদীকে বলা হতো ‘চীনের দুঃখ’। অতিরিক্ত পলি, ভয়াবহ বন্যা এবং নদীপথ পরিবর্তনের কারণে প্রতি বছর ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। কিন্তু কয়েক দশকের ধারাবাহিক গবেষণা, স্যাটেলাইট পর্যবেক্ষণ, ড্রেজিং, বহুমুখী বাঁধ, জলাধার, পলি ব্যবস্থাপনা এবং ডিজিটাল নদী পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে আজ হোয়াংহো নদীকে চীনারা বশ মানাতে সক্ষম হয়েছে। যার ফলে হোয়াংহো বিশ্বের অন্যতম সফল নদী ব্যবস্থাপনার উদাহরণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। একইভাবে চীনের ইয়াংজি নদী অববাহিকায় থ্রি গর্জেস ড্যাম শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মিত হয়নি; এটি বন্যা নিয়ন্ত্রণ, নৌপরিবহন, পানি সংরক্ষণ, ফসল উৎপাদন এবং আঞ্চলিক অর্থনীতির উন্নয়নে বহুমাত্রিক ভূমিকা রাখছে। নদীকে সেখানে একটি জীবন্ত অর্থনৈতিক করিডোর হিসেবে পরিকল্পনা করা হয়েছে।
নেদারল্যান্ডস আরও ভিন্ন পথ দেখিয়েছে। সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থান করেও দেশটি ‘Room for the River’ কর্মসূচির মাধ্যমে নদীকে কৃত্রিমভাবে সংকুচিত না করে বরং অতিরিক্ত পানি ধারণের জন্য নদীর স্বাভাবিক বিস্তারের সুযোগ সৃষ্টি করেছে। এতে নতুন ভূমিগঠন ও বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি নদীর পরিবেশও রক্ষা পেয়েছে। দক্ষিণ কোরিয়ার ফোর রিভার্স রিস্টোরেশন প্রকল্প নদীর পানি সংরক্ষণ, নৌপরিবহন, পর্যটন এবং পরিবেশ পুনরুদ্ধারের একটি সমন্বিত মডেল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী কমিশন শতাধিক বছর ধরে বিজ্ঞানভিত্তিক তথ্য-উপাত্ত ব্যবহার করে নদীর প্রবাহ, পলি এবং বন্যা ব্যবস্থাপনা পরিচালনা করে সফলতা পেয়েছে।
আমাদেরও সে আধুনিক দৃষ্টিভঙ্গীপ্রসূত পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন। তিস্তা মহাপরিকল্পনার মূল উদ্দেশ্য সেটাই। পরিকল্পনাটিতে নদীর ড্রেজিং, নদী প্রশিক্ষণ, তীর সংরক্ষণ, জলাধার নির্মাণ, আধুনিক সেচ ব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ, জলাভূমি সংরক্ষণ, নতুন চর ব্যবস্থাপনা এবং নদীকেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মতো সমন্বিত ধারণা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, তিস্তার সবচেয়ে বড় সমস্যা কেবল পানির স্বল্পতা নয়; বরং প্রবাহের চরম বৈষম্য। বর্ষায় অতিরিক্ত পানি দ্রুত নেমে যায়, আবার শুষ্ক মৌসুমে নদীটি মৃতপ্রায় অবস্থায় উপনীত হয়। আধুনিক জলবিদ্যা বলছে, এ ধরনের নদীতে কেবল আন্তর্জাতিক পানি বণ্টনের আলোচনা যথেষ্ট নয়; প্রয়োজন পানি সংরক্ষণ, মৌসুমি প্রবাহ নিয়ন্ত্রণ এবং নদীর ধারণক্ষমতা বৃদ্ধি।
এখানেই তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব। যদি বর্ষার অতিরিক্ত পানি বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষণ করা যায়, তাহলে সে পানি শুষ্ক মৌসুমে কৃষি, শিল্প ও পরিবেশের জন্য ব্যবহার করা সম্ভব হবে। একই সঙ্গে নদীর নাব্য বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির পুনঃভরণ এবং জীববৈচিত্র্যও পুনরুদ্ধার করা যাবে।
বর্তমান বিশ্বে নদী ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা, রিমোট সেন্সিং, ড্রোন জরিপ, জিআইএস, ডিজিটাল এলিভেশন মডেল এবং রিয়েল-টাইম ফ্লো মনিটরিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নদীর কোথায় পলি জমছে, কোথায় ভাঙন বাড়ছে, কোথায় ড্রেজিং প্রয়োজনÑ এসব তথ্য এখন কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্লেষণ করা সম্ভব। বাংলাদেশেও এই প্রযুক্তিনির্ভর নদী ব্যবস্থাপনা চালু করা সময়ের দাবি।
আজ জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়ায় হিমবাহ গলনের হার, অস্বাভাবিক বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা বৃদ্ধি পাচ্ছে। তাই ভবিষ্যতের নদী ব্যবস্থাপনায় শুধু বর্তমানের তথ্য নয়, আগামী ৩০ থেকে ৫০ বছরের জলবায়ু পূর্বাভাসও বিবেচনায় নিতে হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সময় এই জলবায়ু সহনশীল প্রকৌশল নকশা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাংলাদেশে নদী নিয়ে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক জাতীয় ঐকমত্য। নদী কোনো রাজনৈতিক দলের সম্পদ নয়; এটি রাষ্ট্রের প্রাকৃতিক অবকাঠামো। পদ্মা, যমুনা, মেঘনা কিংবা তিস্তাÑ সব নদীর জন্যই সমন্বিত অববাহিকা ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে হবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে এটি শুধু একটি নদী পুনরুদ্ধার প্রকল্প হবে না; বরং বাংলাদেশের আধুনিক নদী প্রকৌশলের একটি মাইলফলক হয়ে উঠতে পারে। উত্তরাঞ্চলের কৃষি, শিল্প, নৌপরিবহন, পর্যটন, মৎস্যসম্পদ এবং পরিবেশÑ সব ক্ষেত্রেই এর ইতিবাচক প্রভাব পড়বে।
একসময়ের দুঃখ হোয়াংহো যেমন আজ চীনের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম সহায়ক শক্তি, তেমনি তিস্তাও হয়ে উঠতে পারে দেশের উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের রক্তপ্রবাহ। প্রয়োজন শুধু বাস্তবসম্মত পরিকল্পনা ও তার পরিপূর্ণ বাস্তবায়ন। নেদারল্যান্ডস নদীর সঙ্গে যুদ্ধ না করে নদীর জন্য জায়গা সৃষ্টি করেছে। দক্ষিণ কোরিয়া নদীকে অর্থনীতির চালিকাশক্তিতে পরিণত করেছে। সময় এসেছে, শুধু তিস্তা নয়, দেশের সব নদীকে বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তিতে পরিণত করার।
তিস্তা মহাপরিকল্পনা তাই কোনো আঞ্চলিক আবেগের নাম নয়; এটি আধুনিক নদী প্রকৌশল, জলবিজ্ঞান, পরিবেশ সংরক্ষণ এবং জাতীয় উন্নয়নের সমন্বিত ভবিষ্যৎ পরিকল্পনা। উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করতে হলে এই পরিকল্পনাকে বিজ্ঞান, প্রকৌশল ও জাতীয় স্বার্থের ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের বিকল্প নেই।
লেখক: নজরুল ইসলাম হক্কানী (সভাপতি, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ)