মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিকল্পনায় ‘বেকার ভাতা’ প্রস্তাবটি তরুণ-সমাজের মধ্যে ব্যাপক ‘আশাবাদ’ জাগিয়েছিল। বিএনপির নির্বাচনী ইশতেহারেও বেকার ভাতার বিষয়টির উল্লেখ ছিল। কিন্তু সম্প্রতি গণমাধ্যমে খবর এসেছে, শেষ পর্যন্ত প্রস্তাবটি আর আলোর মুখ দেখছে না। প্রস্তাবটি বাদ পড়ায় লাখো বেকার-তরুণের প্রত্যাশা হোচট খেলো। জানা গেছে, সম্পদ ও অর্থের সংকট এবং বাজেটের সীমাবদ্ধতার কারণে কৌশলগত পরিকল্পনা থেকে ‘বেকার ভাতা’র প্রস্তাবটি সরকার বাদ দিয়েছে। ভাতার চেয়ে যুবকদের হাতে সরাসরি কাজ ও দক্ষতা তৈরির সুযোগ কিভাবে নিশ্চিত করা যায় সরকার সে পথ খুঁজছে। সরকারের এই সুদূরপ্রসারী সিদ্ধান্ত অবশ্যই সাধুবাদযোগ্য।
কিন্তু বাস্তবতা হচ্ছে, ‘বেকার ভাতা’ বাদ পড়ার খবরটি তরুণদের হতাশ করেছে। কর্মসংস্থানের অপেক্ষায় থাকা অসংখ্য শিক্ষিত বেকার তরুণ-তরুণী এই ভাতাকে সাময়িক আর্থিক সহায়তা হিসেবে ভেবেছিল। সে দৃষ্টিকোণ থেকে প্রত্যাশা জাগানো প্রস্তাবটি বাদ দেওয়া নিঃসন্দেহে হতাশাজনক সিদ্ধান্ত। এটি শুধু অর্থনৈতিক সহায়তাই নয়, বরং রাষ্ট্র তাদের পাশে আছেÑ এমন একটি ইতিবাচক বার্তাও বহন করত।
একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার তরুণ জনগোষ্ঠী। সেই সম্পদ যদি দীর্ঘ সময় কর্মহীন থাকে, তাহলে ক্ষতি শুধু একজন ব্যক্তির বা একটি পরিবারের নয়, পুরো অর্থনীতির। তরুণদের দক্ষতাকে কাজে লাগানো গেলে জাতীয় অর্থনীতিতে তা ইতবাচক প্রভাব রাখবে এবং বেকার ভাতার প্রয়োজন একসময় এমনিতেই কমে আসবে। রাষ্ট্রের লক্ষ্যও সেটাই হওয়া উচিত। সরকারি হিসাব অনুযায়ী দেশে বেকারের সংখ্যা প্রায় ২৭ লাখ ৪০ হাজার। এ বেকারের মধ্যে শিক্ষিত তরুণদের অংশ তুলনামূলক বেশি। অর্থাৎ উচ্চশিক্ষায় বিনিয়োগ বাড়লেও সেই শিক্ষাকে অর্থনৈতিক উৎপাদনে রূপান্তর করার প্রচেষ্টা এখনও যথেষ্ট মজবুত হয়নি।
এ কথা সত্য যে, বাংলাদেশে সাধারণ বেকারসহ শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশ্ববিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিবছর লাখ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছেন। কিন্তু অর্থনীতির সম্প্রসারণ সে হারে না বাড়ায় বর্ধিত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। এ বাস্তবতায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির নতুন পরিকল্পনায় ‘বেকার ভাতা’ অন্তর্ভুক্ত করার উদ্যোগ ছিল অত্যন্ত সময়োপযোগী ও মানবিক একটি চিন্তা। কিন্তু প্রশ্ন হলোÑ কেন এই সিদ্ধান্ত থেকে সরে আসা হলো?
একজন শিক্ষিত তরুণ যখন বছরের পর বছর চাকরি বা কাজ পাননা, তখন তিনি শুধু আয়ের সুযোগ হারান না; আত্মবিশ্বাস হারান, পরিবার ও সমাজের কাছে বিব্রত হন, মানসিক চাপে ভোগেন এবং অনেক ক্ষেত্রে হতাশা, বিষণ্নতা কিংবা অপরাধের ঝুঁকিতেও পড়েন। অনেকেই বিদেশে যাওয়ার জন্য ঋণগ্রস্ত হন, আবার কেউ অপ্রয়োজনীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার পেছনে বছরের পর বছর সময় নষ্ট করেন। এই দীর্ঘ অনিশ্চয়তা একটি জাতির মানবসম্পদকে দুর্বল করে দেয়। তাই অনেকের মতে বেকার ভাতার ধারণাটি ছিল একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা ব্যবস্থা। এর উদ্দেশ্য ছিল কাউকে অলস করে তোলা নয়; বরং চাকরি খোঁজার সময় ন্যূনতম আর্থিক সহায়তা দিয়ে তাকে সম্মানজনকভাবে টিকে থাকার সুযোগ করে দেওয়া। বিশ্বের বহু উন্নত ও উন্নয়নশীল দেশে ‘বেকার ভাতা’ একটি স্বীকৃত সামাজিক নিরাপত্তা ব্যবস্থা।
বিশ্বের অনেক উন্নত দেশে বেকার ভাতা রয়েছে। যদিও সেটি নিঃশর্ত নয়। সেসব দেশে চাকরি খোঁজার প্রমাণ দিতে হয়, প্রশিক্ষণে অংশ নিতে হয়, নতুন কাজের প্রস্তাব এলে তা গ্রহণ করতে হয়। অর্থাৎ ভাতা সেখানে কর্মবিমুখতা নয়, কর্মজীবনে দ্রুত ফিরে যাওয়ার একটি সহায়ক ব্যবস্থা। আমরা জানি, ভাতা দিয়ে সমস্যার স্থায়ী সমাধান হয় না। বরং দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং স্থায়ী কর্মসংস্থান তৈরির দিকে নজর দেওয়া বেশি কার্যকর। এই যুক্তির পক্ষে শক্ত ভিত্তি রয়েছে। এর আরেকটি দিকও আছে। দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অংশ নিতেও খরচ হয়। চাকরির পরীক্ষায় আবেদন করতে টাকা লাগে। এক জেলা থেকে অন্য জেলায় পরীক্ষা দিতে যেতে খরচ হয়। অনেক তরুণ পরিবারের ওপর নির্ভর করতে করতে একসময় মানসিক চাপেও ভোগেন। তাই সীমিত সময়ের জন্য কিছু আর্থিক সহায়তা দক্ষতা উন্নয়নের পথকেও সহজ করতে পারে।
বাংলাদেশের আর্থিক সক্ষমতা সেই পর্যায়ে না পৌঁছালেও নীতিগত শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। এখানে হয়তো সর্বজনীন বেকার ভাতা সম্ভব নয়। কিন্তু লক্ষ্যভিত্তিক সহায়তা, প্রশিক্ষণ ভাউচার, চাকরিপ্রার্থীদের জন্য যাতায়াত সহায়তা, শিক্ষানবিশ কর্মসূচি কিংবা দক্ষতা উন্নয়ন ভাতা চালুর মতো উদ্যোগ বিবেচনা করা যেতে পারে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সমাজের ঝুঁকিপূর্ণ, অসহায় ও আর্থিকভাবে দুর্বল জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া। বাংলাদেশে বর্তমানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিএফসহ নানা কর্মসূচি রয়েছে। এগুলো নিঃসন্দেহে দরিদ্র মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে এগুলো উৎপাদনশীলতা তথা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কোনো অবদান রাখছে না।
যদিও এই পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার পেছনে কয়েকটি যুক্তি তুলে ধরা হয়েছে। প্রথমত, সরকারের আর্থিক সক্ষমতার প্রশ্ন। বর্তমানে সামাজিক নিরাপত্তা খাতে বিপুল অর্থ ব্যয় হচ্ছে। নতুন একটি কর্মসূচি চালু করলে অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হবে। দ্বিতীয়ত, প্রকৃত বেকার শনাক্ত করার জটিলতা রয়েছে। আমাদের দেশে এখনও এমন কোনো সমন্বিত ডিজিটাল ডাটাবেজ নেই, যেখানে নিশ্চিতভাবে বলা যাবে কে প্রকৃত বেকার এবং কে নয়। তৃতীয়ত, সুযোগের অপব্যবহারের আশঙ্কাও রয়েছে। সঠিক তদারকি না থাকলে প্রকৃত উপকারভোগীর পরিবর্তে অন্যরা সুবিধা নিতে পারেন। চতুর্থত, নীতিনির্ধারকদের একটি অংশ মনে করে, ভাতার পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি করাই হওয়া উচিত সরকারের প্রধান অগ্রাধিকার।
এসব যুক্তির বাস্তব ভিত্তি অবশ্যই আছে। কিন্তু তারপরও প্রশ্ন- এসব সমস্যার কারণে পুরো পরিকল্পনাই বাতিল করে দেওয়া কি যৌক্তিক? বরং সমস্যাগুলোর সমাধান খুঁজে একটি সীমিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর্মসূচি চালু করা সম্ভব ছিল। বর্তমানে জাতীয় পরিচয়পত্র, স্মার্টকার্ড, ডিজিটাল আর্থিক লেনদেন এবং বিভিন্ন সরকারি তথ্যভান্ডার ব্যবহার করে প্রকৃত উপকারভোগী নির্বাচন আগের যেকোনো সময়ের তুলনায় সহজ হয়েছে। কর্মসংস্থান অধিদপ্তর, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলোর তথ্য সমন্বয় করেও একটি কার্যকর নিবন্ধনব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
সরকার ইতোমধ্যে যুব উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, স্টার্টআপ সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির নানা উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে বাস্তবতা হলো, এগুলোর সুফল সবার কাছে সমানভাবে পৌঁছায় না এবং চাকরি পাওয়ার আগ পর্যন্ত একজন তরুণের ন্যূনতম আর্থিক নিরাপত্তার প্রশ্নটি থেকেই যায়। সেই শূন্যস্থান পূরণে সীমিত পরিসরে বেকার ভাতা কার্যকর ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে সরকার চাইলে পরীক্ষামূলকভাবে কয়েকটি জেলার মাধ্যমে কর্মসূচি শুরু করতে পারে। প্রথম ধাপে নিবন্ধিত শিক্ষিত বেকার, বিশেষ করে নিম্নআয়ের পরিবারকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এটিও মনে রাখতে হবে, সামাজিক নিরাপত্তা কেবল দারিদ্যের বিরুদ্ধে লড়াই নয়; এটি সামাজিক স্থিতিশীলতা রক্ষারও একটি উপায়। একটি রাষ্ট্র তখনই কল্যাণমুখী হয়, যখন সে তার নাগরিকের দুর্বল সময়ে পাশে দাঁড়ায়। একজন তরুণ যখন কাজ খুঁজছেন, তখন তার পাশে দাঁড়ানো দয়া নয়; এটি ভবিষ্যতের অর্থনীতিতে বিনিয়োগ।
অস্বীকার করা যাবেনা, বেকার ভাতা একমাত্র সমাধান নয়। শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বিকাশ, কৃষিভিত্তিক শিল্প সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নÑ এসবই দীর্ঘমেয়াদি সমাধানের অপরিহার্য অংশ। এতে স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত হয়। তবে দীর্ঘমেয়াদি সমাধান কার্যকর হওয়ার আগ পর্যন্ত স্বল্পমেয়াদি সামাজিক সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আজ উন্নয়নের নতুন অধ্যায়ে প্রবেশের কথা বলছে। সেই উন্নয়নের কেন্দ্রে যদি তরুণ প্রজন্মকে রাখতে হয়, তাহলে তাদের সবচেয়ে বড় সংকট বেকারত্বকে উপেক্ষা করার সুযোগ নেই। তাই সীমিত পরিসরে, কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে এবং দক্ষতা উন্নয়নের সঙ্গে যুক্ত করে এই কর্মসূচি চালু করা গেলে তা কেবল কয়েকজন বেকারের উপকার করবে না; বরং রাষ্ট্রের মানবসম্পদ উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তিকে আরও শক্তিশালী করবে।
মনে রাখতে হবে, একটি কল্যাণরাষ্ট্রের পরিচয় শুধু প্রবৃদ্ধির পরিসংখ্যানে নয়, বরং কঠিন সময়ে নাগরিকের পাশে দাঁড়ানোর সক্ষমতায়। তাই সময় এসেছে বেকার ভাতা নিয়ে নতুন করে ভাবার। স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা সহায়তার মতো কার্যকর উদ্যোগের পাশাপাশি সরকারের উচিত ‘বেকার ভাতা’ বিষয়টি পুনর্বিবেচনা করা।
লেখক: মো. মোয়াজ্জেম হোসেন বাদল (কলামিস্ট ও শিল্পোদ্যোক্তা)