× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসে হৃদয়বিদারক মৃত্যু

সম্পাদকীয়

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১২:৫০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে ওরা দেশ থেকে বহু দূরে ছুটে গিয়েছিল রোজগারের আশায়। সেখানে সকাল-সন্ধ্যা হাড়ভাঙা খাটুনি খেটে উপার্জন করে দেশে অর্থ প্রেরণ করত স্বজন-পরিজনদের সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য। হয়তো দেশে অবস্থানরত পরিবারের সদস্যরা জানতও না ওরা সেখানে কী কাজ করে কিংবা সে কাজে জীবনের ঝুঁকি আছে কি না। গত রবিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ফলে ১৭ জনের মর্মান্তিক মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পর প্রশ্নগুলো যেকোনো বিবেকবান মানুষকে তাড়িত করছে নিঃসন্দেহে।

গতকাল প্রতিদিনের বাংলাদেশসহ জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় আগুনে পুড়ে অন্তত ১০ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে জানিয়েছে, নিহতদের সাতজন নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা। নিহতদের মরদেহ যথাসম্ভব দ্রুত দেশে আনা এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে মন্ত্রণালয় গণমাধ্যমকে জানিয়েছে। খবরে বলা হয়েছে, এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আত্রাই উপজেলার সর্বত্র শোকাচ্ছন্ন হয়ে পড়েছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার বাতাস। 

মৃত্যু একটি চিরন্তন সত্যÑ সন্দেহ নেই। পবিত্র আল কুরআনে আল্লাহ বলেছেন, ‘কুল্লু নাফসিন জায়েকাতুল মাউত’। অর্থাৎ সব প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে সে মৃত্যু যেন স্বাভাবিক হয়, এটা প্রতিটি মানুষেরই কাম্য। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তিতে, একজন মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে যেন স্বজনদের চোখের জল দেখে যেতে পারে। স্নেহার্দ্র হাতের স্পর্শ যেন ললাটে অনুভব করতে পারে। তবে তেমন মৃত্যু অনেকের ভাগ্যেই হয় না। নানা দুর্ঘটনায় প্রতিনিয়ত মানুষের মৃত্যু হচ্ছে, যেগুলো কেউই প্রত্যাশা করে না। গত দুই দিনে দেশে প্রায় ত্রিশজন মানুষের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। তার সঙ্গে যুক্ত হলো সৌদিতে অগ্নিকাণ্ডে দশজনের মৃত্যু। 

একটি মৃত্যু তৈরি করে এক অপরিসীম শূন্যতা। সে শূন্যতার পরিসর মৃত ব্যক্তির পরিচয়ের ওপর নির্ভর করে অনেকটা। জাতীয় ব্যক্তিত্ব কেউ মারা গেলে বলা হয়, ‘দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি এবং শূন্যতা সৃষ্টি হলো, যা কোনোদিন পূরণ হওয়ার নয়।’ একজন সাধারণ মানুষের মৃত্যুতে দেশ ও রাষ্ট্রের তেমন শূন্যতা হয়তো সৃষ্টি হয় না, তবে ওই ব্যক্তির পরিবারের ক্ষতি কখনও পূরণ হয় না। আর যদি মৃত বা নিহত ব্যক্তি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম হন, তখন সে পরিবারটি পড়ে যায় দুঃখের অকূল পাথারে। সময়ের ব্যবধানে স্বজন হারানো শোক হয়তো প্রশমিত হয়, কিন্তু যে ক্ষত পরিবারটির দেহে সৃষ্টি হয়, তা কোনোদিন মুছে যায় না।

আগে পরে প্রবাসে বহু বাংলাদেশির করুণ মৃত্যু হয়েছে। জীবিকার আশায় প্রবাসে পাড়ি জমাতে গিয়ে দালালদের হাতে পড়ে পথিমধ্যেই অনেকের জীবন প্রদীপ নিভে যাওয়ার ঘটনা ঘটেছে অসংখ্য। ইউরোপে যাওয়ার আশায় নৌকায় চড়ে সাগর পাড়ি দিতে গিয়ে সলিল সমাধি হয়েছে বহু হতভাগ্য মানুষের। গহিন অরণ্যের মধ্য দিয়ে পথ চলতে গিয়ে হিংস্র পশুর থাবায় জীবন হারিয়েছে অনেকে। আবার উন্নত দেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে মাঝপথে আটকে রেখে দেশে স্বজনদের কাছে মুক্তিপণ দাবি এবং না দিলে বিদেশগমন প্রত্যাশী ব্যক্তিকে মেরে ফেলার ঘটনাও কম ঘটেনি। এসব ঘটনা জানা সত্ত্বেও যেকোনোভাবে বিদেশে পাড়ি জমাতে উদগ্রীব আমাদের দেশের তরুণরা। এর প্রধান কারণ দেশে কর্মস্বল্পতা। এখানে কাজের অভাবে প্রতিবছর দীর্ঘ হচ্ছে বেকারের মিছিল। জনশক্তি আমাদানিকারক দেশগুলোর ঢাকাস্থ ভিসা সেন্টারে প্রতিদিনের লম্বা লাইনই এর প্রমাণ।

তাই বলে আমরা প্রবাসে কর্সংস্থানকে নিরুৎসাহিত করার পক্ষে না। বরং এটা অনস্বীকার্য যে, জনশক্তি রপ্তানি আমাদের জাতীয় অর্থনীতির একটি শক্তিশালী স্তম্ভ। এ স্তম্ভকে অধিকতর শক্তিশালী করার আবশ্যকতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে, যারা দেশের রেমিট্যান্স যোদ্ধা হিসেবে স্বীকৃত, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। আমরা বিস্মিত এটা ভেবে যে, সৌদি আরবের মতো একটি উন্নত ও আর্থিকভাবে শক্তিশালী রাষ্ট্রের রাজধানীতে অবস্থিত একটি কারখানা এতটা নিরাপত্তহীন থাকে কীভাবে? সোফা তৈরির কারখানায় ব্যবহৃত কাঁচামাল প্রায় সবই দাহ্য ও অতিদাহ্য পদার্থ। তেমন একটি কারখানায় অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা বা দুর্ঘটনার সময় কর্মীদের নিরাপদ নির্গমনের ব্যবস্থা ছিল না বা থাকে নাÑ এটা বিশ্বাসযোগ্য নয়। আমরা মনে করি সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করে এসব প্রশ্নের সমাধান করা দরকার। 

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে, সৌদি আরবে নিহতদের পরিবারকে সরকার সহায়তা দেবে। সরকার কতটুকু, কী সহায়তা দেবে তা আমাদের জানা নেই। তবে আমরা তার চেয়ে বেশি গুরুত্ব দিতে চাই নিহতদের নিয়োগকারী সৌদি কোম্পানি এবং সরকারের কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ আদায়ের ওপর। এটা অবশ্য ঠিক, একটি জীবনের মূল্য আর্থিক ক্ষতিপূরণে পরিশোধ সম্ভব নয়। তাতে নিহতরা ফিরেও আসবেন না। তবে তাদের মৃত্যুতে সংশ্লিষ্ট পরিবারগুলো যে অসহায় অবস্থায় পতিত হয়েছে, তারা উপকৃত হবে। আমরা সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা