× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

সৈকতে প্লাস্টিক নিষিদ্ধ হোক

মো. আরিফ উল্লাহ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১২:২২ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ এখন অন্যতম গুরুতর পরিবেশগত সংকট হিসেবে বিবেচিত হচ্ছে। সাম্প্রতিক আন্তর্জাতিক গবেষণা ও পরিবেশগত পর্যবেক্ষণে দেখা যায়, প্রতিবছর বিশ্বে ৪০০ মিলিয়ন টনেরও বেশি প্লাস্টিক উৎপাদিত হয়, যার একটি উল্লেখযোগ্য অংশ বর্জ্য হিসেবে পরিবেশে ছড়িয়ে পড়ে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ১১ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য নদী ও সমুদ্রে প্রবেশ করে। এই প্রবণতা অব্যাহত থাকলে ২০৪০ সালের মধ্যে এর পরিমাণ প্রায় তিনগুণে পৌঁছতে পারে। পরিবেশে জমে থাকা এসব প্লাস্টিক সময়ের সঙ্গে সঙ্গে ক্ষুদ্র কণায় বা মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। এসব মাইক্রোপ্লাস্টিক মাছ, ঝিনুক, কচ্ছপ, সামুদ্রিক পাখি ও অন্যান্য জলজ প্রাণীর দেহে প্রবেশ করে এবং খাদ্যচক্রের মাধ্যমে শেষপর্যন্ত মানুষের শরীরেও পৌঁছে যায়। সাম্প্রতিক গবেষণায় মানুষের রক্ত, ফুসফুস, প্লাসেন্টা এবং এমনকি মস্তিষ্কের টিস্যুতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য নতুন মাত্রার উদ্বেগ সৃষ্টি করেছে।

এই বৈশ্বিক বাস্তবতার বাইরে নয় বাংলাদেশও। বিশেষ করে কক্সবাজার, যা বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন ও জীববৈচিত্র্যের কেন্দ্র। প্রতিবছর লাখো পর্যটকের আগমন স্থানীয় অর্থনীতিকে গতিশীল করলেও একই সঙ্গে বাড়ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার। প্লাস্টিকের বোতল, পলিথিন ব্যাগ, খাবারের মোড়ক, কাপ, স্ট্র, চামচসহ বিভিন্ন ধরনের বর্জ্য প্রতিদিন সৈকত ও আশপাশের পরিবেশে জমা হচ্ছে। পর্যাপ্ত ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে এসব প্লাস্টিকের বড় একটি অংশ শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে গিয়ে মিশছে।

কক্সবাজারের সামুদ্রিক পরিবেশ শুধু পর্যটনের জন্য নয়; এটি দেশের মৎস্যসম্পদ, প্রবাল, সামুদ্রিক কচ্ছপ, ডলফিন এবং উপকূলীয় জীববৈচিত্র্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লাস্টিক দূষণের কারণে সামুদ্রিক প্রাণী খাদ্য ভেবে প্লাস্টিক গিলে ফেলে অথবা প্লাস্টিক বর্জ্যে আটকে প্রাণ হারায়। ফলে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে মৎস্যসম্পদ, উপকূলীয় অর্থনীতি এবং খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

বিগত সময়ে হাইকোর্টের এক নির্দেশনায় সরকারকে বিদ্যমান পলিথিন নিষেধাজ্ঞা কার্যকর করা, উপকূলীয় এলাকায় প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের উদ্যোগ গ্রহণের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। এই রায়ের মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণ, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা এবং জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা। কক্সবাজারের মতো উপকূলীয় পর্যটন এলাকায় এ নির্দেশনার কার্যকর বাস্তবায়ন বিশেষ গুরুত্ব বহন করে। কিন্তু এর বাস্তবায়ন আমরা কোথাও দেখতে পাই না। যদিও বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। 

কক্সবাজারে একটি সমন্বিত ‘Plastic Controlled Tourism Zone’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া যেতে পারে। পর্যটনকেন্দ্রের প্রবেশ পথে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিয়ন্ত্রণ, নির্দিষ্ট এলাকার মধ্যে এসব সামগ্রীর বিক্রয় ধাপে ধাপে সীমিত করা, কাপড়, পাট, কাগজ ও বাঁশের তৈরি বিকল্প পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়া সময়োপযোগী পদক্ষেপ হতে পারে। এ ছাড়াও উন্নয়ন সংস্থাগুলোকে এই বিষয়ে কাজ করার সুযোগ করে দিয়েও প্লাস্টিক নিয়ন্ত্রণ করা যাবে। একই প্রবেশ পথ ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত ডাস্টবিন, বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সংগ্রহকেন্দ্র এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে পরিবেশবান্ধব প্যাকেজিং ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনে নীতিগত বাধ্যবাধকতা আরোপ করা যেতে পারে।

পরিবেশ রক্ষার এই উদ্যোগকে কেবল পরিচ্ছন্নতা কর্মসূচি হিসেবে দেখার সুযোগ নেই; এটি জনস্বাস্থ্য, জলবায়ু সহনশীলতা, জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই পর্যটন এবং ভবিষ্যৎ অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পর্যটন এলাকা আন্তর্জাতিক পর্যটকদের কাছেও অধিক আকর্ষণীয় হয়ে ওঠে, যা স্থানীয় কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলে।

কক্সবাজার শুধু একটি পর্যটনকেন্দ্র নয়; এটি বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য, পরিবেশগত নিরাপত্তা এবং আন্তর্জাতিক ভাবমূর্তির প্রতীক। তাই এখনই সময় গবেষণাভিত্তিক পরিকল্পনা, কার্যকর আইন প্রয়োগ, পরিবেশবান্ধব প্রযুক্তি, নাগরিক সচেতনতা এবং সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ‘প্লাস্টিকমুক্ত কক্সবাজার’ গড়ে তোলার।


মো. আরিফ উল্লাহ (প্রতিষ্ঠাতা, কোস্টাল কমিউনিটি ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার)



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা