× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমাজ বিনির্মাণে শিক্ষার গুরুত্ব

ড. শামসুদ্দীন শিশির

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১২:১৫ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠানের চমৎকার একটি কক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে আসার সুযোগ ঘটে। শিক্ষাপ্রতিষ্ঠান ও শ্রেণিকক্ষ পবিত্র স্থান। যে স্থানে নির্দিষ্ট কোনো ধর্মের মানুষের সন্তানদের পাঠদান ও পাঠ গ্রহণের কাজটি চলে না। এখানে সকল ধর্ম-বর্ণের, ধনী-গরিব এবং নানান পেশার মানুষের সন্তানকে প্রকৃত মানুষ হওয়ার দীক্ষা দেওয়া হয়।

দার্শনিক বার্ট্রান্ড রাসেল (১৮৭২-১৯৭০) বলেছেন, শিক্ষাব্যবস্থার দুটি মুখ্য উপাদান হলোÑ ছাত্র সম্প্রদায় এবং শিক্ষকমণ্ডলী। তিনি স্কুলে শিক্ষকের ভূমিকার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে গিয়ে বলেছেন, ‘আধুনিক বিশ্বে স্কুল শিক্ষককে কদাচিৎ তার নিজস্ব দৃষ্টিভঙ্গি পোষণ করতে দেওয়া হয়। শিক্ষা কর্তৃপক্ষ বা ম্যানেজিং কমিটি তাকে নিয়োগ করেন এবং যদি দেখা যায়, যে তিনি প্রকৃত শিক্ষা দিচ্ছেন তাহলে তাকে পুরস্কৃত করার ব্যবস্থা রাখা নেই।’

এ কথা সত্য শিক্ষার সাথে যতগুলো পক্ষ জড়িত তাদের মধ্যে শিক্ষক হচ্ছেন সর্বোত্তম। প্রগতির জন্যে মূলত তার সাহায্য আমরা নিতে পারি। শিক্ষা সম্পর্কে অভিভাবকদের দৃষ্টিভঙ্গি তাদের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী হয়। শ্রমজীবী বাবা-মা চান তাদের সন্তান দ্রুত শিক্ষা শেষ করুক, যাতে তার আয় থেকে সাহায্য পাওয়া যায়। অন্যদিকে উন্নত শিক্ষাপ্রাপ্ত পেশাজীবীরা বেশি প্রতিযোগিতামূলক সমাজে গড়পড়তা মা-বাবা তাদের ছেলে মেয়েদের জন্য উত্তম শিক্ষা চান না। তারা এমন শিক্ষা চান, যা অন্য লোকদের প্রাপ্ত শিক্ষার চেয়ে ভালো। শিক্ষার সাধারণ মান নিচু রেখেই এটা করা সম্ভব। আর এ কারণে আমরা আশা করতে পারি না যে, শ্রমজীবী সন্তানদের উচ্চতর শিক্ষার সুযোগ-সুবিধা সম্পর্কে একজন পেশাজীবী আগ্রহী হবেন।

শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের পড়ার মধ্যে, পাসের মধ্যে, সীমাবদ্ধ না রেখে মূল্যবোধ শিক্ষা, নৈতিক শিক্ষা, বিনয় ও ন্যায়ের পথে পরিচালিত করার দীক্ষা অবশ্যই আমাদের শিক্ষকদের দিতে হবে। মনে রাখতে হবে শিক্ষক কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত নন, তিনি সমাজেরও শিক্ষক। শিক্ষার্থীদের পরীক্ষানির্ভরতা কমিয়ে মানসিক চাপমুক্ত করতে সহায়তা করা শিক্ষকের একান্ত দায়িত্ব। এ কথা সত্য, পরীক্ষার ওপর বেশি গুরুত্ব দেওয়ার কারণে শিক্ষার্থীরা সৃজনশীলতা হারাচ্ছে। 

এ ক্ষেত্রে অভিভাবকদেরও সমান সচেতনতা প্রয়োজন। তারাও অনেকটা যন্ত্রের মতো এ কোচিং থেকে ওকোচিং প্রাইভেট টিউটরদের কাছে ছুটে চলেন সকাল-সন্ধ্যা অবধি। উদ্দেশ্য একটাই, সন্তানের ‘এ’ প্লাস। কিন্তু সন্তান কতটা মানুষ হচ্ছে, জ্ঞানার্জন করছে, সেদিকে খেয়াল নেই। কোনো কোনো অভিভাবক শিক্ষার্থীদের বেশি বেশি পড়া দেওয়ার জন্য শিক্ষকদের অনুরোধ করেন। এতে হিতে বিপরীত হতে পারে তা তিনি ভাবতেও পারেন না। শিশু সন্তানটি কতটা ভার বইতে পারবে সেই ভাবনাও অভিভাবকরা করেন না। এ ব্যাপারে অভিভাবক এবং সমাজকে অনেক বেশি ভাবতে হবে। 

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইজ) তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে মোট মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২১ হাজার ৮৬টি। এর মধ্যে প্রায় ৯৩.৭ শতাংশ বা ১৯ হাজার ৭৫৭টি প্রতিষ্ঠান বেসরকারি এবং বাকি ১ হাজার ৩২৯টি সরকারি। জাতীয় সংসদের তথ্যমতে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে মোট প্রতিষ্ঠানের সংখ্যা ২০ হাজার ৩১৬টি। এর গঠনগত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো :

১. মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ-১০ম) : ১৬ হাজার ৫১৬টি। ২. নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ-৮ম) : ২ হাজার ৫৭টি। ৩. স্কুল অ্যান্ড কলেজ : ১ হাজার ৪৪৩টি। কওমি এবং আলিয়াÑ উভয় ধারা মিলিয়ে মাদ্রাসার মোট সংখ্যা ৫০ হাজারের বেশি। সরকারি তথ্য অনুযায়ী, দেশে কওমি মাদ্রাসার সংখ্যা প্রায় ১৯ হাজার ১৯৯টি এবং আলিয়া মাদ্রাসার সংখ্যা (দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরসহ) ৯ হাজারের বেশি। বাংলাদেশে মাদ্রাসার ধরন ও সংখ্যা নিচে দেওয়া হলো :

১. কওমি মাদ্রাসা : সরকারি তথ্যমতে (সূত্র : উইকিপিডিয়া) সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে কওমি মাদ্রাসার সংখ্যা ১৯ হাজার ১৯৯টি। তবে বিভিন্ন বেসরকারি গবেষণা ও অনানুষ্ঠানিক হিসাবমতে, সারা দেশে ছোট-বড় কওমি মাদ্রাসার সংখ্যা ৪০ হাজারেরও বেশি, যেখানে প্রায় ৮০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে।

২. দাখিল মাদ্রাসা : বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দাখিল মাদ্রাসার সংখ্যা ৬,৫১১টি। ৩. আলিম মাদ্রাসা : ১,৩৯৪টি ৪. ফাজিল মাদ্রাসা : ১০৮৪টি ৫.কামিল মাদ্রাসা : ৪৪৩টি। ৬. সরকারি মাদ্রাসা : সারা দেশে সরকারি মাদ্রাসার সংখ্যা মাত্র ৩টি। 

বাংলাদেশে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারি ও বেসরকারি মিলিয়ে কয়েক হাজার কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রধান সরকারি প্রতিষ্ঠানগুলোর সংখ্যা নিচে দেওয়া হলো :

১. সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট : ৪৯টি। ২. সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ (TSC) : ১৫৫টি। ৩. কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC) : ১০৪টি (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোÑ বিএমইটির অধীনে)। ৪. ইঞ্জিনিয়ারিং কলেজ: ৪টি। ৫. কারিগরি শিক্ষক প্রশিক্ষণ কলেজ : ১টি। ৬. ভোকেশনাল টিচার্স ট্রেনিং কলেজ (VTTC) : ১টি। ৭. বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট : ৬১৩টি ৮. বেসরকারি ভোকেশনাল ইনস্টিটিউট : বাংলাদেশে সুনির্দিষ্ট বা একক কোনো পরিসংখ্যান না থাকলেও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্তিতে বর্তমানে সারা দেশে এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) পর্যায়ে প্রায় ২,০০০ থেকে ৩,০০০-এর অধিক বেসরকারি ভোকেশনাল ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে ১,০০০ থেকে ১,১০০-এর মতো প্রতিষ্ঠান এমপিওভুক্ত (MPO)। ( তথ্যসূত্র : গুগল) 

৯. টেক্সটাইল : বাংলাদেশে স্নাতক (B.Sc.) পর্যায়ের ১১টি সরকারি এবং ৬টিরও বেশি বেসরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (BUTEX) অধীনে ৮টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সরাসরি পরিচালিত হয়। এ ছাড়াও ডিপ্লোমা কোর্সের জন্য রয়েছে বেশ কয়েকটি সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট। ১০. এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট : বাংলাদেশে চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা প্রদানের জন্য বর্তমানে ১৬২টি বেসরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান রয়েছে। এর পাশাপাশি সরকারিভাবে ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ATI) এই কোর্সটি পড়ানো হয়।

সমাজের প্রয়োজনেই উল্লিখিত সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান) সৃষ্টি। মানুষের সামাজিক ও মনস্তাত্ত্বিক চাহিদা অর্জনই এর পেছনে কাজ করেছে। একদিকে ব্যক্তির চাহিদা অপর দিকে সমাজের চাহিদা, এ দুয়ের সুষ্ঠু সমন্বয়ে কাজটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে সুচারুরূপে সাধিত হয়। আজকের শিশু আগামী দিনের নাগরিক। শিশুটি কীভাবে বেড়ে উঠছে তা অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু কার্যক্রমের ওপরই নির্ভর করবে। 

এক্ষেত্রে সরকারের দায়ও কোনো অংশে কম নয়। ওপরে উল্লিখিত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা আমরা দেখলাম। এ প্রতিষ্ঠানগুলো নিবিড়ভাবে দেখার দায়িত্ব সরকারি কর্মকর্তাদের যেমন আছে, তেমনি সমাজসচেতন মানুষদেরও দায়িত্ব কম নয়। প্রতিটি প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি অভাব দক্ষ, আন্তরিক শিক্ষকের। 

দক্ষ শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ আগামী দিনের নাগরিকদের গড়ে তুলবে। আজকের শিশুরা আগামী দিনের প্রকৃত মানুষ হতে পারলেই তারা হতে পারবেন বরেণ্য শিক্ষক, মানবিক চিকিৎসক, দক্ষ প্রকৌশলী, দক্ষ প্রযুক্তিবিদ, দক্ষ টেকনিশিয়ান এবং অনুসরণীয় উদ্যোক্তা। কেউ হবেন শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞানী, দার্শনিক, রাজনীতিবিদ, লেখক, কবি, সাংবাদিক তৈরি হবে শিক্ষাঙ্গনেই। তাই শিক্ষাঙ্গনের শ্রেণিকক্ষই শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের প্রস্তুতির ক্ষেত্র। পৃথিবীর প্রায় সব দেশই বর্তমান সমাজের প্রয়োজনমতো চাহিদা ও ভবিষ্যৎ সমাজের সম্ভাব্য চিত্রকে সামনে রেখে তাদের শিক্ষাব্যবস্থা তথা শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে সচেষ্ট। 

হিংসা-বিদ্বেষ ভুলে মসৃণ পথচলা নিশ্চিত করতে সুশিক্ষাই পারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। যার পেছনে প্রয়োজনীয় জোগান দেবেন আমাদের প্রিয় শিক্ষক, স্নেহের শিক্ষার্থী, শ্রদ্ধেয় অভিভাবক ও সমাজের সুশিক্ষিত সচেতন নাগরিকবৃন্দ, সর্বোপরি সরকার। এ সম্মিলিত উদ্যোগ আগুয়ান সমাজ বিনির্মাণে ইতবাচক ভূমিকা রাখবে। 

 

লেখক: ড. শামসুদ্দীন শিশির (শিক্ষা গবেষক)


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা