মহিউদ্দিন খান মোহন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
শিরোনামে উল্লিখিত বাক্যটি বাংলা ভাষায় বহুল প্রচলিত একটি প্রবাদ। এর মর্মার্থ বোধকরি কাউকে ব্যাখ্যা করে বলার প্রয়োজন পড়ে না। এক মণ দুধের মধ্যে এক ফোঁটা গো-মূত্র (চোনা) পড়লে তা অখাদ্যে পরিণত হয়। তেমনি সামান্য ভুল একটি ভালো কাজের মহিমাকে ম্লান করে দিতে পারে। আর তখনই এ প্রবাদটি ব্যবহৃত হয়। এর অসংখ্য উদাহরণ রয়েছে। সেসব উদাহরণের সঙ্গে অতিসম্প্রতি যুক্ত হয়েছে গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান। মহিমান্বিত এ দিনটি পালনের ক্ষেত্রে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে কর্মসূচি নিয়েছিল, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অপরিণামদর্শিতা ও অদক্ষতার কারণে তার সৌন্দর্যহানি ঘটেছে, স্থাপিত হয়েছে ন্যক্কারজনক দৃষ্টান্ত।
ঘটনাটি এখন আর কারোই অবিদিত নেই। ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেদিন রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। প্রধান অতিথি ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমদ (অব.)। আমন্ত্রিত ছিলেন জুলাই আন্দোলনে শহীদদের পরিবার, আন্দোলনে আহতরা, বৈষম্যবিরাধী আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ঢাকাস্থ বিদেশি দূতাবাস ও মিশনের কূটনীতিকগণ। অনুষ্ঠানটি শুরু হয়েছিল সুন্দরভাবেই। কিন্তু গোল বাধে একটি ডকুমেন্টারি বা তথ্যচিত্র প্রদর্শনের পর। সে তথ্যচিত্রে জুলাই আন্দোলনের ইতিহাসকে অবিকৃতভাবে উপস্থাপন করা হয়নিÑ এ অভিযোগ তোলা হয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের একাংশের পক্ষ থেকে। অভিযোগ উত্থাপনকারীরা সবাই চব্বিশের জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী এবং তাদের বেশিরভাগ বর্তমানে জাতীয় নাগরিক পার্টিÑ এনসিপির সঙ্গে সম্পৃক্ত। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তথ্যচিত্রে জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের ছবি বা তার সম্পর্কে কোনো বর্ণনা ছিল না। উপরন্তু ডকুমেন্টারিতে ৩ আগস্টে শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবির ঘোষক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা বলা হয়েছে। এ নিয়ে অনুষ্ঠানে উপস্থিত এনসিপি নেতারা এবং আমন্ত্রিতদের একটি অংশ প্রতিবাদে ফেটে পড়েন। তারা অডিটোরিয়ামে হইচই করতে থাকেন। এ সময়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খান ডায়াসে ওঠে কিছু বলতে চাইলে দর্শক-শ্রোতাদের সারি থেকে ‘ভুয়া ভুয়া’ ধ্বনি তোলা হয়। বিশৃঙ্খল এই পরিস্থিতিতে আমন্ত্রিত বিদেশি কূটনীতিকগণ একযোগে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। উপস্থাপক বারবার অনুরোধ করেও পরিবেশ শান্ত করতে পারছিলেন না। এ পযায়ে মাইক নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আযম খান। তিনিও ব্যর্থ হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মাইকে এসে প্রতিবাদকারীদের ধমকের সুরে বলেন, ‘আপনারা কি নিজেদের জাহির করতে এখানে এসেছেন? কী করেছেন আপনার জুলাই শহীদদের জন্য? কিছুই করেন নাই।’ তার বক্তব্যে উত্তেজনা প্রশমিত হওয়ার পরিবর্তে আরও বেড়ে যায়। এমতাবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঞ্চে এসে সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, আপনাদের মধ্যে যারা কথা বলতে চান, তারা এখানে এসে বলুন, আমরা আপনাদের কথা শুনব। একপর্যায়ে তিনি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপিকে মঞ্চে আহ্বান করেন। আখতার মঞ্চে ওঠার পর পরিস্থিতি শান্ত হয়। আখতার হোসেন বলেন, ‘রাষ্ট্রীয় একটা প্রোগ্রামেও ইতিহাসের সবকিছুকে আমরা ধারণ করতে ব্যর্থ হলাম।’ তিনি বলেন, ‘আপনারা খেয়াল করে দেখবেন, এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন একপেশেভাবে আওয়ামী লীগ দখল করেছিল; ঠিক একই ধরনের একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে।’ এরপর তিনি ‘অনুষ্ঠানে তার পক্ষে থাকা সম্ভব নয়’ বলে মঞ্চ ত্যাগ করে চলে যান।
রাষ্ট্রীয় একটি অনুষ্ঠান যেখানে প্রধান অতিথি হিসেবে স্বয়ং অস্থায়ী রাষ্ট্রপতি উপস্থিত, সেখানে এ ধরনের হট্টগোল কারও কাছেই কাম্য ছিল না। খোদ অস্থায়ী রাষ্ট্রপতি এতে বিব্রত এবং কিছুটা ক্ষুব্ধও হয়েছেন। এই ক্ষোভের কথা তিনি তার ভাষণেও উল্লেখ করেছেন। বলেছেন, বিদেশিদের সামনে যে পরিস্থিতি সৃষ্টি হলো, তাতে তিনি ব্যথিত ও মর্মাহত। ডকুমেন্টারি সম্পর্কে অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, ‘যেখানে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারিই নয়।’ এতে বেগম খালেদা জিয়ার ছবি থাকা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন। অস্থায়ী রাষ্ট্রপতির কথাগুলোর যথার্থতা নিয়ে কারও দ্বিমত থাকার কথা নয়। আমরা যদি চব্বিশের গণআন্দোলনের দিকে দৃষ্টি ফেরাই, তাহলে নিশ্চয়ই দেখতে পাব ১৬ জুলাই দুঃশাসকের অস্ত্রের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো এক অকুতোভয় তরুণের সেই ছবি; যা লাখো তরুণকে অনুপ্রাণিত করেছিল রাজপথে নেমে আসতে। এ কথা তো মিথ্যে নয় যে, রংপুরের আবু সাঈদই ছিলেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ। তার সেদিনের রক্তদান আন্দোলনকে সফল পরিণতির পথ দেখিয়েছিল। সে আন্দোলন ও গণঅভ্যুত্থানের পটভূমিতে নির্মিত তথ্যচিত্রে আবু সাঈদের ছবি কিংবা তার আত্মদান সম্পর্কে কোনো কথা থাকবে না, এটা রীতিমতো ইতিহাসের অঙ্গহানি!
আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন (বর্তমানে মরহুমা) খালেদা জিয়া। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে যদি একটি ঝঞ্ঝাক্ষুব্ধ সাগর ধরা হয়, তাহলে সে সাগর পাড়ি দেওয়ার বাতিঘর ছিলেন বেগম খালেদা জিয়া। জীবন সায়াহ্নেও দৃঢ় ঋজু ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন তিনি। সে গণআন্দোলনের ওপর তথ্যচিত্র নির্মিত হবে, অথচ তাতে বেগম খালেদা জিয়া সম্পর্কে একটি শব্দ বা বাক্যও থাকবে না, এটা সচেতন কোনো নাগরিকের পক্ষে মেনে নেওয়া একেবারেই অসম্ভব। সবচেয়ে বেদনাদায়ক হলো, তথ্যচিত্রটি নির্মিত হয়েছে বেগম জিয়ার উত্তরাধিকারী বিএনপি সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে; যে সরকারের প্রধান তারই পুত্র। যে দলকে তিনি চার দশকেরও বেশি সময় ধরে নেতৃত্ব দিয়েছেন, তার অবর্তমানে সে দল রাষ্ট্রক্ষমতায় গিয়ে যে তথ্যচিত্র নির্মাণ করল, তাতে তার কোনো উল্লেখই নেই! এটা কি নিছক ভুল, নাকি বর্তমানকে নিয়ে ব্যস্ততার দরুন অতীতকে অবজ্ঞা?
দ্বিতীয়ত, যে বিষয়টি গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানকে হই-হট্টগোলে নিপতিত করেছে তাহলো, শেখ হাসিনার পদত্যাগের একদফার ঘোষক বিতর্ক। ওই ডকুমেন্টারিতে বলা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানই ওই ঘোষণাটি দিয়েছিলেন। ডকুমেন্টারিতে এ তথ্য প্রচারের পর উপস্থিত এনসিপি নেতাকর্মীদের সেদিন ক্ষিপ্ত করে তুলেছিল। এটা ঠিক, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটাতে দীর্ঘ পনেরো বছর বিএনপি যেসব আন্দোলন-সংগ্রাম করেছে, তাতে দলটির নেতৃবৃন্দ বহুবার ‘হাসিনা পতনের একদফা’ দিয়েছেন। সে সময় লন্ডনে অবস্থানরত দলটির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই ধরনের কথা বলেছেন। কিন্তু বাস্তবতা হলো, তাদের সে একদফা কখনোই পরিণতি পায়নি। তারা একের পর এক ‘আল্টিমেটাম’ দিয়েছেন, আবার পিছু হটেছেন। বিএনপির তখনকার ওইসব আল্টিমেটাম অনেকের কাছে হাস্যরসের বিষয়ে পরিণত হয়েছিল। ‘আগামী ঈদের পরে চূড়ান্ত আন্দোলন’ এ কথাও দেশবাসী শুনেছে অনেকবার। কিন্তু প্রতি বছর ঈদের চাঁদ উঠলেও আন্দোলনের চাঁদ মুখ দেখায় নি।
২০২৪-এর বাস্তবতা ছিল ভিন্ন। ১৬ জুলাই রংপুরে আবু সাঈদ, ঢাকায় ২ জন ও চট্টগ্রামে ৩ জন পুলিশের গুলিতে শাহাদতবরণ করলে আন্দোলনের স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়ে। দেশের অবস্থা তখন ছিল চৈত্রের প্রখর তাপে তাতিয়ে থাকা খড়-বিচালির মতো, যাতে আবু সাঈদের মৃত্যু দিয়াশলাইয়ের কাঠির ন্যায় কাজ করেছে। বস্তুত পনেরো বছরের অপশাসন-দুঃশাসনে জনগণের মধ্যে হাসিনা সরকার সম্পর্কে রোষ এতটাই তীব্র ছিল যে, যেকোনো মূল্যে ওই সরকারের পতন ছিল সবার কাম্য। এমন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন সে সুযোগ এনে দেয়। জনগণ আশান্বিত হয়, এই তরুণরাই পারবে জাতির কাঁধে সিন্দবাদের দৈত্যের ন্যায় চেপে বসা লীগ সরকারের কবল থেকে দেশকে মুক্ত করতে।
তদুপরি আন্দোলনের তীব্রতা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে সরকারি বাহিনীর নির্বিচারে হত্যা জনঅসন্তোষকে জনবিস্ফোরণের দিকে নিয়ে যায়। ওই সময় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী প্রথম সারির ছয়জন ছাত্রনেতাকে গোয়েন্দা পুলিশ কর্তৃক অপহরণ ও তাদের দিয়ে জোরপূর্ক আন্দোলন স্থগিত করার ঘোষণা দেওয়ানোর চেষ্টা জনগণকে ক্ষুব্ধ করে। পুলিশ ও অন্যান্য বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে ছাত্রদের নিহত হওয়ার ঘটনা দেশবাসীকে প্রচণ্ড ক্ষিপ্ত করে তোলে। পরিস্থিতি রূপ নেয় কবি আবদুল গাফ্ফার চৌধুরীর কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র পঙ্ক্তিÑ ‘জাগো নাগিনীরা জাগো, জাগো কালবৈশাখীরা/ শিশুহত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা’র মতো। একের পর এক শিক্ষার্থী হত্যা মানুষের মনে যে দ্রোহের আগুন জ্বেলে দেয়, তাতেই শেষ পযন্ত পুড়ে ভস্ম হয়ে যায় শেখ হাসিনার ক্ষমতার প্রাসাদ।
মাত্র দুই বছর আগের ঘটনা। এতো তাড়াতাড়ি তো কারও সে বিভীষিকাময় স্মৃতি ভুলে যাবার কথা নয়। এটা ঠিক, শুরুতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি বিএনপি শুধু নৈতিক সমর্থন জানালেও শেষদিকে দলটির নেতাকর্মীরা ব্যাপক হারে রাজপথে নেমে এসেছিল। দলটির বহু সংখ্যক কর্মী নিহতও হয়েছে। তাছাড়া ২০ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছিলেন, ওই আন্দোলনের প্রতি তাদের নৈতিক সমর্থন থাকলেও তার সঙ্গে তারা সরাসরি সম্পৃক্ত নন। মির্জা আলমগীর সাহেবের ওই বক্তব্যের পরে জুলাই আন্দোলনে হাসিনার পদত্যাগের ‘একদফার ঘোষক’ হিসেবে তার দলের চেয়ারম্যানকে উপস্থাপন কতটা যৌক্তিক, এ প্রশ্ন এড়িয়ে যাওয়া যাবে না।
পৃথিবীর রাজনৈতিক ইতিহাস বলে, একটি আন্দেোলন কখনও এককভাবে কারও দ্বারা সফল হতে পারে না। অবদান অনেকেরই থাকে। সেসব অবদানকে স্বীকার করে নেওয়াই উত্তম। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল যেমন দীর্ঘ দেড় দশক আন্দোলন করেছে, তেমনি চব্বিশের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে তার পরিসমাপ্তি ঘটেছে। এখন দরকার সে গণঅভ্যুত্থানের অর্জনকে সংহত করে একটি মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার কাজে মনোনিবেশ করা। কৃতিত্ব দখলের অনভিপ্রেত দ্বন্দ্বে লিপ্ত হয়ে সে লক্ষ্য থেকে বিচ্যুত হলে তা হবে দুর্ভাগ্যজনক।
লেখক: মহিউদ্দিন খান মোহন (সহকারী সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ )