× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বালু ডাকাতি বন্ধ করতে হবে

সম্পাদকীয়

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১১:৫৩ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের খবরটি উদ্বেগজনক। একটি নদীর বুক থেকে এভাবে নির্বিচারে বালু তুলে নেওয়া শুধু এলাকার পরিবেশ ও অর্থনীতির ক্ষতিই করে না; এর অভিঘাত ছড়িয়ে পড়ে নদীর স্বাভাবিক প্রবাহ, জীববৈচিত্র্য, কৃষি এবং নদীপাড়ের মানুষের জীবন-জীবিকায়। খাসিয়ামারার ঘটনা তাই কেবল স্থানীয় সমস্যা নয়, এটি দেশের নদ-নদীর অস্তিত্বের ওপর চলমান হুমকির প্রতিচ্ছবি। অভিযোগ রয়েছে, নদীর বিভিন্ন স্থান থেকে অনুমোদন ও নিয়মনীতি উপেক্ষা করে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীর তলদেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, কোথাও কোথাও নদীভাঙনের ঝুঁকি বাড়ছে। নদীপাড়ের বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা নিয়ে শঙ্কায় রয়েছেন এলাকাবাসী। নদী ঘিরে যাদের জীবন-জীবিকা— জেলে, কৃষক, নৌযান শ্রমিকসহ নানা পেশার অসংখ্য মানুষ পড়ছেন অনিশ্চয়তায়।

গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘দিন-রাত ড্রেজারে বালু উত্তোলন’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এ চিত্র কেবল খাসিয়ামারা নদীর নয়, দেশের অন্যান্য নদ-নদীরও। প্রায়শই দেশের গণমাধ্যমগুলোয় এসব খবর উঠে আসছে। সম্প্রতি পদ্মা সেতুর পিলারের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টিও দেশবাসীর জানা। খোদ রাজধানীর চারপাশে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু এমনকি মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকেও অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এসব বালুখেকোর ক্ষমতার উৎস স্থানীয় প্রশাসন, ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি এবং প্রভাবশালী মহল। এ অনিয়ম যাদের দেখার দায়িত্ব তাদের নীরবতা ও উদাসীনতা সব সময় লক্ষ করা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, খাসিয়ামারা নদীতে অর্ধশত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। মানা হচ্ছে না ইজারার শর্ত। এতে নদীর দুই তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ভাঙনের কারণে বসতভিটা, রাস্তাঘাট, ফসলি জমি ও রাবারড্যামসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে অনেক বসতভিটা। পরিবেশবিধ্বংসী ড্রেজারের বিকট শব্দে নদীপাড়ের মানুষ অতিষ্ঠ। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বললেও কার্যত তারা আইন প্রয়োগে নির্বিকার। জানা গেছে, উপজেলার এক ইউপি চেয়ারম্যান নদী ইজারা নেওয়ার পর থেকেই ক্ষমতার উৎকট দাপট দেখিয়ে অবৈধ বালু উত্তোলনে নেতৃত্ব দিচ্ছেন। তার ভয়ে স্থানীয়রা তো বটে, প্রশাসনও তটস্থ। উল্টো ভূমি কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কারও কারও যোগসাজশের কথা বলা হচ্ছে। নদীপাড়ের অধিবাসীরা বলছেন, ড্রেজারের বিকট শব্দে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার ভীষণ ক্ষতি হচ্ছে। শিশু, বৃদ্ধ থেকে সব বয়সী মানুষ হারাচ্ছে শ্রবণশক্তি। অনেকের স্বাস্থ্যঝুঁকিও দেখা দিয়েছে। পরিবেশকর্মীরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে নদী থেকে এসব অবৈধ ড্রেজার সরানো না হলে বড় ধরনের পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। 

নদীর নাব্য রক্ষা এবং পানিপ্রবাহকে নির্বিঘ্ন করতে নদী খনন করার প্রয়োজন হতে পারে। তা ছাড়া উন্নয়ন ও নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় বালু সংগ্রহের জন্য্ও নদী থেকে তা উত্তোলন আবশ্যক হতে পারে। তবে সেটা অবশ্যই হতে হবে বৈজ্ঞানিক সমীক্ষা, পরিবেশগত ভারসাম্য এবং সরকারি বিধিবিধান মেনে। নদীর যে অংশ থেকে যতটুকু বালু উত্তোলন করা নিরাপদ, তার বাইরে গিয়ে মুনাফার জন্য নির্বিচারে বালু তোলা হলে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যেতে পারে। বাড়তে পারে ভাঙন, ক্ষতিগ্রস্ত হতে পারে নদীর তীর ও আশপাশের কৃষিজমি। দীর্ঘমেয়াদে এর অর্থনৈতিক ক্ষতি অবৈধ বালু ব্যবসার সাময়িক লাভের চেয়ে বহুগুণ বেশি। 

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও অনেক ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা দৃশ্যমান হয় না। অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হলে শুধু অভিযান চালিয়ে কয়েকটি নৌযান জব্দ করাই যথেষ্ট নয়। এর পেছনে কারা মদদদাতা, কারা অর্থের জোগানদাতা, কারা নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের সুযোগদাতাÑ সেসবও খুঁজে বের করতে হবে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বিত ও নিরপেক্ষ ভূমিকা জরুরি।

মনে রাখতে হবে, নদী কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ নয়, জাতীয় সম্পদ। এর সঙ্গে মানুষের জীবন-জীবিকার সম্পর্ক অবিচ্ছেদ্য। নদী ধ্বংস করে সাময়িক অর্থনৈতিক লাভের সুযোগ দেওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ নষ্ট করা। আমরা চাই, খাসিয়ামারা নদীর এ বালু ডাকাতির অভিযোগ দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি নদীপাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দেশের সব নদ-নদীর বালু উত্তোলন ব্যবস্থাপনায় কঠোর নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। মনে রাখতে হবে, নদী বাঁচলে জনজীবন বাঁচবে, কৃষি বাঁচবে, পরিবেশ বাঁচবে। খাসিয়ামারা নদীকে রক্ষা করা তাই শুধু একটি নদী রক্ষার উদ্যোগ নয়— এটি বাংলাদেশের নদী, প্রকৃতি ও মানুষের ভবিষ্যৎ রক্ষার দায়িত্ব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা