× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ ভয়ংকর ফাঁদ ছিন্ন করতে হবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১১:৩০ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সামাজিক অপরাধগুলোর মধ্যে প্রতারণা অন্যতম একটি। একশেণির মানুষ কথার ছলনে কিংবা প্রলোভনে ভুলিয়ে-ভালিয়ে নিজের স্বার্থ আদায় এবং অপরকে সর্বস্বান্ত করে থাকে। এনালগ যুগ পেরিয়ে বিশ্ব এখন ডিজিটাল যুগের পরবর্তী ধাপ এআই যুগে। ফলে প্রতারণাও এনালগ সিস্টেম থেকে ডিজিটাল সিস্টেমে উন্নীত হয়েছে। আগে প্রতারকরা আশ্রয় নিত কথা, চিঠি কিংবা টেলিফোনের। এখন তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে সে কাজটি করে চলেছে। আর সে প্রতারণার রয়েছে নানান রকমফের। একসময় গভীর রাতে মানুষের কাছে ‘জিনের বাদশাহ’ পরিচয়ে ফোন করে নানারকম ভয়ভীতি দেখিয়ে পরিত্রাণের উপায় হিসেবে টাকা হাতিয়ে নিত একাধিক চক্র। এরকম বেশ কয়েকটি চক্র আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পড়েছে। কিন্তু এ ডিজিটাল প্রতারণা বন্ধ হয়নি। বরং নতুন নতুন কায়দাকানুন বের করেছে অপরাধী চক্র। 

গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘ডিজিটাল দস্যুতা’ শিরোনামের প্রধান প্রতিবেদনে সেসব প্রতারণার কথাই তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে যেসব সাইবার প্রতারণার কথা বলা হয়েছেÑ সেগুলোর মধ্যে অন্যতম হলো, কৌশলে মানুষের অনলাইন অ্যাকাউন্টের পিনকোড সংগ্রহ করে সমুদয় অর্থ হাতিয়ে নেওয়া। বিকাশ, নগদসহ নানা অনলাইন অ্যাকাউন্টের গ্রাহকরা এ প্রতারণার শিকার হচ্ছেন। প্রতিবেদনে এটাও বলা হয়েছে, শিক্ষিত-অশিক্ষিত সব শ্রেণি-পেশার মানুষই প্রতারকদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন। প্রতারকরা কখনও লাখ লাখ টাকা পাওয়ার লোভ দেখিয়ে মানুষকে তাদের জালে আটকে সব লুটে নিচ্ছে, আবার কখনও কারও ফোন নম্বর হ্যাক করে বিভিন্ন জনের কাছে সাহায্য চাওয়ার নামে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। এমনকি ফেসবুক আইডি হ্যাক করেও একই ধরনের প্রতারণা করছে ওইসব চক্র। পাশাপাশি ডেবিট-ক্রেডিট কার্ডের পিন নম্বর কৌশলে জোগাড় করে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট শূন্য করে দিচ্ছে তারা। বলা বাহুল্য, সরলমনা মানুষেরাই এসব প্রতারণার শিকার হচ্ছেন। সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং ডিজিটাল প্লাটফরমগুলোর পক্ষ থেকে বারবার সবাইকে সতর্ক করে দেওয়া সত্ত্বেও অসচেতন নাগরিকগণ প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়ে মাথায় হাত দিচ্ছেন।

জুয়া একটি সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত প্রাচীনকাল থেকেই। প্রচলিত কথা হলো- মদের নেশাও একসময় কেটে যেতে পারে, কিন্তু জুয়ার নেশা একবার কাউকে ধরলে তাকে নিঃস্ব না করে ছাড়ে না। এনালগ যুগে তাস খেলা ছিল জুয়ার প্রধান বাহন। পরে হাউজি, ক্যাসিনো ইত্যাদি যুক্ত হয় এর সঙ্গে। ডিজিটাল যুগে জুয়ার ধরনও বদলেছে। অপরাধের তালিকায় এখন অনলাইন জুয়া দখল করেছে শীর্ষ স্থান। এই প্রতারণার ফাঁদে পড়ে বহু মানুষ নিঃস্ব হচ্ছে প্রতিদিনের বাংলাদেশের ওই প্রতিবেদনে উল্লিখিত শাহিনুল ইসলামের মতো। বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রামের শাহিনুল ইসলাম অনলাইন জুয়ার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। খোঁজ নিলে সারা দেশে এমন অসংখ্য শাহিনুলের সন্ধান পাওয়া যাবে। 

অপরাধের এসব বিষয়ে পত্রপত্রিকায় নিউজ হচ্ছে প্রতিনিয়ত। বেরুচ্ছে এর ফলে পারিবারিক ও সামাজিক বিপর্যয়ের খবর। কিন্তু কোনো প্রতিকার নেই। অপরাধ চলছে বিরামহীনভাবে। আইনশৃঙ্খলা বাহিনীর কথিত ‘কঠোরতা’ এ ক্ষেত্রে ‘বজ্র আঁটুনি ফস্কা গেরো’ প্রবাদের জ্বলন্ত উদাহরণ হিসেবেই প্রতীয়মান হচ্ছে। অবশ্য সিআইডির একজন কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশের কাছে স্বীকার করেছেন, প্রতারকরা এখন আরও ভয়ংকর সব কৌশল অবলম্বন করছে। এমনকি তথ্যপ্রযুক্তির অত্যাধুনিক সংযোজন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার করে প্রতারকরা নিত্যনতুন অপকৌশল প্রয়োগ করে প্রতারণা করছে বলেও তিনি উল্লেখ করেছেন। অপরাধীরা তাদের অপরাধ সংঘটনে নব নব কৌশল আবিষ্কার ও ব্যবহার করবে এতে অবাক হওয়ার কিছু নেই। অবাক হতে হয় অপরাধীদের কৌশলের কাছে আইনশৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থার অসহায়ত্ব দেখে। সিআইডির উল্লিখিত কর্মকর্তার সরল স্বীকারোক্তি যেকোনো যুক্তিতেই গ্রহণযোগ্য নয়, সেটা না বললেও চলে। প্রশ্ন হলো, অপরাধীদের নতুন নতুন কৌশলের বিপরীতে গোয়েন্দা সংস্থা কী করছে? তারা কি সাইবার অপরাধ দমনে নতুন কোনো কৌশল উদ্ভাবন বা প্রয়োগ করছেন? অবশ্য ডিএমপির সাইবার ক্রাইম বিভাগের উপ-কমিশনার বলেছেন, সন্দেহজনক অ্যাপ বা ওয়েবসাইটের তথ্য পেলেই তারা স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিয়ে থাকেন। এটা অবশ্য একটা ভালো দিক। তবে তা সংঘটিত অপরাধের তুলনায় প্রতুল কি না তা ভেবে দেখার অবকাশ রয়েছে। 

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে বলেছেন, ‘প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কে কোথায় ধরা পড়ে কে জানে’। রবীন্দ্রনাথ ঠাকুর যদিও মানুষের প্রেম সম্পর্কে কথাগুলো বলেছেন, তবে সমাজের সর্বত্র এখন প্রতারণার সব ভয়ংকর ফাঁদ পাতা রয়েছে। ডিজিটাল বা সাইবার প্রতারণা সেগুলোর মধ্যে অন্যতম। এ ফাঁদ এড়িয়ে জীবন ও সম্পদ রক্ষায় মানুষের সচেতনতা ও সতর্কতা যেমন প্রয়োজন, তেমনি আইনের কঠোর প্রয়োগেরও বিকল্প আছে বলে মনে হয় না। বিগত লীগ সরকার তথ্যপ্রযুক্তি আইন করে সাংবাদিকতাকে শেকল পরাতে চেয়েছিল। তাদের কালো আইনে বহু সাংবাদিক নির্যাতিত হয়েছেন। কিন্তু সাইবার প্রতারণায় কারও কঠিন সাজা ভোগের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আমরা মনে করি, কঠোর আইন প্রণয়ন ও তার কার্যকর প্রয়োগই এ ভয়ংকর অপরাধ নিয়ন্ত্রণের একমাত্র উপায়। দেশবাসীর প্রত্যাশাÑ সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা