× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৈতিক অধঃপতনের ন্যাক্কারজনক দৃষ্টান্ত

ড. মিহির কুমার রায়

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১১:১৮ এএম

ড. মিহির কুমার রায়।

ড. মিহির কুমার রায়।

জালিয়াতির কারণে ২০১৯ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সম্মানজনক সাময়িকী থেকে অন্তত ৩২৫টি বাংলাদেশি গবেষকের গবেষণাপত্র প্রত্যাহার করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, জালিয়াতির ধরনগুলো কেবল ভুলবশত হওয়া কোনো ত্রুটি নয়; বরং তা পরিকল্পিত ও সুসংগঠিত। ভুয়া পিয়ার রিভিউ বা বিশেষজ্ঞ মূল্যায়ন, উপাত্ত ও ফলাফলের কৃত্রিম হেরফের, চৌর্যবৃত্তি, অপ্রাসঙ্গিক উদ্ধৃতি দিয়ে কৃত্রিমভাবে ইমপ্যাক্ট বাড়ানো এবং ভুয়া পেপার মিল থেকে গবেষণাপত্র কিনে নাম বসানোর মতো গুরুতর নৈতিক অপরাধ এসব ক্ষেত্রে সংঘটিত হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই প্রবণতা কোনো একক বিশ্ববিদ্যালয় বা ব্যক্তিবিশেষে সীমাবদ্ধ নয়। সরকারি-বেসরকারি উভয় খাতের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠের শিক্ষকরা এসব কাজে যুক্ত। তাহলে স্বভাবতই প্রশ্ন ওঠে, দেশে একাডেমিক দায়বদ্ধতা আজ কোথায়? 

মুখ্য বিষয়টি হলো, অনেক বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয় বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার জন্য শিক্ষকদের দ্রুত গবেষণাপত্র প্রকাশে চাপ দেয় কিংবা অন্ধভাবে সাইটেশন বোনাস প্রদান করে। ফলে গবেষণার গুণগত মানকে বলি দিয়ে সংখ্যাকে প্রাধান্য দেওয়ার এক অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যকর ইনস্টিটিউশনাল এথিক্স কমিটি বা গবেষণা পর্যবেক্ষণ সেল না থাকায় অসৎ উপায়ে প্রকাশিত কাজগুলো অভ্যন্তরীণভাবে কোনো বাধার মুখে পড়ে না। এ ঘটনায় স্বাভাবিকভাবে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় বা গবেষণা সংস্থাগুলো ভবিষ্যতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথ গবেষণায় অর্থায়নে অনাগ্রহ প্রকাশ করতে পারে। প্রতিবেদনে আরও ইঙ্গিত মেলে, আন্তর্জাতিক জার্নালগুলো জালিয়াতি ধরে গবেষণাপত্র প্রত্যাহার করলেও নিজ নিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায়ই অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দৃশ্যমান বা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয় না। এই শাস্তিহীনতার সংস্কৃতি নতুনদেরও অসদুপায় অবলম্বনে উৎসাহিত করে। ৩২৫টি গবেষণাপত্র প্রত্যাহার কেবল কয়েকজনের ব্যক্তিগত নৈতিক স্খলন নয়। বরং এটি দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থা ও গবেষণা অবকাঠামোর জন্য এক বিশাল সতর্কসংকেত। 

এসব ঘোষণার খোঁজ রেখে তালিকা প্রকাশ করে রিট্রাকশন ওয়াচ নামের একটি ওয়েবসাইট। প্রত্যাহারকৃত গবেষণার তথ্য সংগ্রহে রিট্রাকশন ওয়াচের সহায়তা নেওয়া হয়েছে। পাশাপাশি নিজেরা ঘেঁটে এই ৩২৫টি গবেষণা পাওয়া গেছে। উল্লেখ্য, এটাই চূড়ান্ত সংখ্যা নয়। আরও গবেষণা প্রত্যাহার হয়ে থাকতে পারে। এই প্রতিবেদনে একই গবেষণাপত্রে একাধিক বাংলাদেশি প্রতিষ্ঠান বা গবেষকের নাম থাকলেও মোট হিসাবের ক্ষেত্রে সেটি একবার গণনা করা হয়েছে। অন্যদিকে এলসেভিয়ার, স্প্রিঞ্জার নেচার, উইলি, হিন্দাউই, আইইইইর মতো জার্নাল থেকেই বেশি প্রত্যাহার করা হয়েছে। ৩২৫টি গবেষণার মধ্যে ৪৪টিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ৪২টিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ৩২টিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২১টিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি (ইউআইইউ) এবং ২০টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নাম রয়েছে। অন্যদিকে ১১টি করে গবেষণায় নাম আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (১০), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১০), বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি (১০), বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (৭), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (৬) গবেষকও রয়েছেন এই তালিকায়।

 বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো করছে না কেন? বিরল সম্মান অর্জনের সুযোগ থাকা সত্ত্বেও আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি এ কারণেই বিশ্ববাজারে গবেষণায় ভালো করছে না? তাদের কি যোগ্যতার ঘাটতি আছে? এ অভিযোগগুলো কি আমরা ঢালাওভাবে গ্রহণ করব, নাকি একটু খতিয়ে দেখব? প্রথমে আসা যাক- 

১. নীতি সহয়িতার প্রশ্ন যেমন বাংলাদেশে বর্তমানে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে হয়েছে ১৭টি বিগত সরকারের ১৫ বছরের শাসনামলে কেবলই রাজনৈতিক বিবেচনায়। অপরদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১১৬টি, যার বেশিরভাগের মালিক হয় রাজনীতিবিদ বা ব্যবসায়ী, যারা লাভ ছাড়া আর কিছুই বোঝেন না । সরকারের ভ্রান্তনীতিই কেবল এই পরিস্থিতির জন্য দায়ী।

২. বিভিন্ন সংস্থার বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কর্মক্ষমতা সূচকগুলোর মূল্যায়নের মানদণ্ড থেকে এটি খুব স্পষ্ট যেসব সংস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছে গবেষণা। গবেষণায় রয়েছে প্রকাশনা, প্রতি শিক্ষকের সাইটেশন, প্রকাশনার প্রভাব, গবেষণা তহবিল বা আয়, নোবেলবিজয়ী এবং আন্তর্জাতিক সহযোগিতা। অতএব বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মক্ষমতা উন্নত করতে প্রধান অগ্রাধিকার গবেষণা উন্নয়ন ও প্রচার। বর্তমানে এটি সত্য যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এর দৃশ্যমান কোনো কিছুই নেই। 

৩. মানসম্মত আন্তর্জাতিক জার্নালে যে মানের গবেষণা প্রকাশ করা হয়, সেটা সম্পন্ন করতে পর্যাপ্ত অর্থ, সময় এবং ল্যাব ফ্যাসিলিটিজ দরকার হয়, যা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোয় অপ্রতুল। 

৪. এসব জার্নালে গবেষণাপত্র প্রকাশ করতে হলে কয়েকশ থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত খরচ হয় আর্টিকেল প্রসেসিং চার্জ বা এপিসি হিসেবে। উন্নত বিশ্বে এ খরচ বিশ্ববিদ্যালয়গুলো বহন করে। কিন্তু আমাদের দেশে শিক্ষকদেরকে সংসার চালানোর খরচ বাঁচিয়ে এ টাকা জোগাড় করতে হয়।

৫. হাজার রাতের পরিশ্রমলব্ধ গবেষণাপত্র প্রকাশের জন্য দেশে অধিকাংশ ক্ষেত্রে কোনো প্রণোদনা নেই। একজন শিক্ষক সাধারণত অফিস সময়ের বাইরে রাত-দিন পরিশ্রম করে এসব গবেষণা সম্পন্ন করেন। কিন্তু এর জন্য কোনো প্রণোদনা নেই, যা উন্নত বিশ্বে আছে। ফলে সেখানকার শিক্ষকদের মাথাপিছু উন্নত প্রকাশনার সংখ্যা বেশি থাকে, যা তাদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব ফেলে। 

৬. বাংলাদেশের গবেষণাকে আরও মানসম্পন্ন ও গবেষকদের আরও প্রতিযোগিতামূলক এবং মর্যাদাপূর্ণ করে তুলতে উচ্চ মানসম্পন্ন জার্নালে নিবন্ধ প্রকাশ করলে তাদের পুরস্কৃত করা উচিত। দেশে বিশ্ববিদ্যালয়গুলোয় পদোন্নতির জন্য অন্তত কিছু প্রকাশনা কিউ-১ (ডি-১ না হলেও) জার্নালে প্রকাশের পূর্বশর্ত হওয়া উচিত, যা বর্তমানে একেবা্রেই অনুপস্থিত। 

৭. ঐতিহ্যগতভাবে শিক্ষাদানের অভিজ্ঞতা ও গবেষণার কর্মক্ষমতা বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষকদের পদোন্নতির মূল বিবেচ্য বিষয় ছিল। কিন্তু বর্তমানে সবকিছু সংগঠিত হচ্ছে রাজনৈতিক বিবেচনায়। 

৮. কর্মক্ষম গবেষকদের ধারাবাহিকতা নিশ্চিত করতে গবেষণায় উচ্চ কৃতিত্ব অর্জনকারীদের জন্য সম্পদের প্রাপ্যতা এবং যথাযথ পারিশ্রমিক ও পুরস্কার নিশ্চিত করা উচিত। আমাদের শিক্ষকদের গবেষণায় উদ্ভাবন, তত্ত্বাবধান, পরামর্শদাতা এবং সহযোগিতায় উৎকর্ষ সাধনের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি সাংস্কৃতিক পরিবর্তন সময়ের দাবি। কিন্তু বর্তমানে তা একেবারেই অনুপস্থিত বলে প্রতীয়মান হয়।

৯. একটা বিশ্ববিদ্যালয় নানা উদ্ভাবনের জন্য বছরে কতটা পেটেন্ট নিবন্ধন করতে পারছে, সেটাও বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ের একটি মানদণ্ড। এ ক্ষেত্রে আমাদের সক্ষমতা এখনও পোক্ত হয়নি। পর্যাপ্ত পেটেন্ট নিবন্ধন করার জন্য যে ধরনের গবেষণার পরিবেশ ও সুযোগ প্রয়োজন তা দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান নেই সেটা সরকারি কিংবা বেসরকারি যাই হোক না কেন। 

১০. দেশের বিশ্ববিদ্যালয়গুলো মূলত টিচিং বিশ্ববিদ্যালয়Ñ গবেষণাপ্রধান নয়। ফলে উদ্ভাবনের মাধ্যমে পেটেন্ট করার মতো যথেষ্ট সময় ও সুযোগ শিক্ষকদের থাকে না। আবার পেটেন্টের আবেদন করলেও দীর্ঘসূত্রতার কারণে যথাসময়ে আশার আলো কদাচিৎ দেখা যায়। 

১১. বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ের জন্য আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শিল্পায়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, বিভিন্ন ক্ষেত্রে সম্পাদিত গবেষণার প্রভাব, গবেষণা সম্পাদন ও প্রকাশে আন্তর্জাতিক গবেষকদের সম্পৃক্তকরণ, বিদেশি শিক্ষক নিয়োগ, বিদেশি শিক্ষার্থী ভর্তি, দেশীয় শিক্ষার্থীদের বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ। কিন্তু সেই অর্থ জোগানোর ক্ষমতা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর নেই। 

১২. বিশ্ব গবেষণার জন্য আরেকটি বিবেচ্য বিষয় হলো প্রাতিষ্ঠানিক আয়। রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব থাকে ন্যূনতম খরচে নাগরিকদের জন্য উচ্চশিক্ষার পথ সুগম করা। ফলে তাদের আয়ের সুযোগ থাকে খুব কম, যা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ। 

১৩. আয় বৃদ্ধির বিকল্প পথ হতে পারে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে অর্থের বিনিময়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ উন্মুক্ত করা এবং চাহিদাভিত্তিক প্রফেশনাল প্রোগ্রাম ও কোর্স চালু করা। কিন্তু অর্থাভাবে অত্যাধুনিক ল্যাব যেমন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে তৈরি করা সম্ভব হয়নি, তেমনি পর্যাপ্ত দক্ষ জনবলেরও ঘাটতি রয়েছে। আবার প্রফেশনাল প্রোগ্রাম ও পেইড-কোর্স চালু করার বিষয়টিও আমাদের দেশে ভালোভাবে দেখা হয় না। অধিকাংশ ক্ষেত্রে এটাকে বরং নিরুৎসাহিতই করা হয়। 

এ ঘটনায় স্বাভাবিকভাবে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় বা গবেষণা সংস্থাগুলো ভবিষ্যতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথ গবেষণায় অর্থায়নে অনাগ্রহ প্রকাশ করতে পারে। আন্তর্জাতিক জার্নালগুলো জালিয়াতি ধরে গবেষণাপত্র প্রত্যাহার করলেও নিজ নিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায়ই অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দৃশ্যমান বা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয় না। এই শাস্তিহীনতার সংস্কৃতি নতুনদেরও অসদুপায় অবলম্বনে উৎসাহিত করে। ৩২৫টি গবেষণাপত্র প্রত্যাহার কেবল কয়েকজনের ব্যক্তিগত নৈতিক স্খলন নয়। বরং এটি দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থা ও গবেষণা অবকাঠামোর জন্য এক বিশাল সতর্কসংকেত। এখনই প্রাতিষ্ঠানিক সংস্কার ও কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে বিশ্বদরবারে এর নেতিবাচক প্রভাব পড়বে; সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হলো, প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হবে। এই গভীর উপলব্ধি আমাদের নীতিনির্ধারকদের আদৌ আছে কি না, তাও নিশ্চিত করে বলা যায় না। তাহলে সংকটের গভীরতা কতটা ব্যাপক, তা কি আমরা বুঝতে পারছি?

লেখক: অধ্যাপক ও গবেষক 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা