× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন প্রজন্মের বিদেশমুখী প্রবণতা

শরিফুল খান প্লাবন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১১:১৩ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আবেগ দিয়ে নয়, তথ্য দিয়েই শুরু করা যাক। ব্রিটিশ কাউন্সিলের ‘Next Generation Bangladesh 2024’ শীর্ষক গবেষণাটি এই প্রবণতার সবচেয়ে বড় দলিল। ২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বরে অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে, ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৩ হাজার ৮১ জন তরুণের ওপর এই জরিপ চালানো হয়। ফলাফলে দেখা যায়, দেশের ৫৫ শতাংশ তরুণই বিদেশে চলে যেতে আগ্রহী। এর মধ্যে সবচেয়ে বেশি পছন্দের গন্তব্য সৌদি আরব (২৭ শতাংশ), এরপর কানাডা (১৮ শতাংশ) ও অস্ট্রেলিয়া (১৩ শতাংশ)। আগ্রহের কারণ হিসেবে ৪২ শতাংশ তরুণ বেকারত্বকেই সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে, যার পেছনে দুর্নীতি, স্বজনপ্রীতি ও নিয়োগে বৈষম্যকে প্রধান কারণ হিসেবে দেখা হয়েছে।

এই চাওয়াটা এখন আর শুধু জরিপের কাগজে আটকে নেই, বাস্তবে রূপ নিচ্ছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী ২০২৪ সালে ১০ লাখ ১১ হাজার ৯৬৯ জন বাংলাদেশি বৈধভাবে বিদেশে গেছেন। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৩০ হাজার ৭৫৭ জনে অর্থাৎ এক বছরের ব্যবধানে অভিবাসী শ্রমিকের সংখ্যা বেড়েছে প্রায় ১২ শতাংশ। প্রতিবছর গড়ে ১০ লাখের বেশি মানুষ দেশ ছাড়ছে, যার সিংহভাগই যাচ্ছে মধ্যপ্রাচ্যে, বিশেষত সৌদি আরবে।

ডিগ্রি আছে, চাকরি নেই

কেন এই বিদেশমুখিতা? প্রথম এবং প্রধান কারণÑ শিক্ষিত বেকারত্ব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক প্রকাশিত শ্রমশক্তি জরিপ (এলএফএস) ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন আমাদের এক নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। দেশে বর্তমানে মোট বেকারের সংখ্যা ২৬ লাখ ২৪ হাজার, যার মধ্যে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা প্রায় ৮ লাখ ৮৫ হাজার। উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার ১৩ দশমিক ৫ শতাংশ, আগের বছর ছিল ১৩ দশমিক ১১ শতাংশ এবং যা সব শিক্ষা স্তরের মধ্যে সর্বোচ্চ। বিপরীতে, যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তাদের মধ্যে বেকারত্বের হার মাত্র সোয়া ১ শতাংশ। অর্থাৎ বাংলাদেশে এখন যত বেশি শিক্ষিত, বেকার থাকার সম্ভাবনা তত বেশি। প্রতি তিনজন বেকারের মধ্যে একজনই স্নাতক ডিগ্রিধারী।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) হিসাবে প্রতি বছর প্রায় ১০ লাখ শিক্ষার্থী স্নাতক পাস করে বের হচ্ছে। কিন্তু তাদের জন্য কোনো সুসংগঠিত চাকরির বাজার বা জাতীয় কর্মসংস্থান কৌশল নেই। একজন তরুণ যখন দেখে চার বছর অনার্স, এক বছর মাস্টার্স করে, বিসিএসের জন্য আরও দুই বছর কোচিং করেও তার চাকরি হচ্ছে না, তখন তার সামনে বিদেশ ছাড়া আর কোন স্বপ্ন অবশিষ্ট থাকে?

আছে মর্যাদার সংকটও

বিষয়টি শুধু চাকরি না পাওয়া নয়, বিষয়টি মর্যাদা ও ন্যায্যতারও। ব্রিটিশ কাউন্সিলের জরিপেই তরুণরা বেকারত্বের জন্য দুর্নীতি ও স্বজনপ্রীতিকে বড় কারণ হিসেবে চিহ্নিত করেছে, বহু তরুণ সরাসরি নিয়োগে পক্ষপাতিত্বকে দায়ী করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রটি জানে, একটি তৃতীয় শ্রেণির সরকারি চাকরির জন্যও তাকে লাখ লাখ টাকা ঘুষ দিতে হতে পারে। গ্রামের ছেলেটি জানে, বিদেশ যেতে সরকার নির্ধারিত ফি যেখানে অনেক কম, সেখানে দালালকে গুনতে হয় কয়েক গুণ বেশি টাকা। এই বৈষম্য তরুণদের মনে গেঁথে দিয়েছে একটি বিশ্বাসÑ এই দেশে শুধু মেধা দিয়ে কিছু হয় না, হয় টাকা আর ‘মামা-খালুর’ জোরে।

দ্বিতীয়ত, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও কর্ম-জীবনের ভারসাম্যের অভাব একটি বড় কারণ। বেসরকারি খাতে দীর্ঘ কর্মঘণ্টা, সামাজিক নিরাপত্তার অভাব, যেকোনো সময় চাকরি হারানোর শঙ্কাÑ এসব মিলিয়ে একজন তরুণ হিসাব করে দেখে, ঢাকায় স্বল্প বেতনের চাকরি করে বাসাভাড়া আর যাতায়াতেই বেতনের বড় অংশ চলে যাওয়ার চেয়ে, মধ্যপ্রাচ্যে গিয়ে পরিবারের জন্য বেশি অর্থ পাঠানো অনেক বেশি সম্মানের। অন্তত পরিবার গর্ব করে বলতে পারেÑ ছেলে বিদেশ থাকে।

এখানেই আসে মূল প্রশ্নÑ এটা কি রাষ্ট্রের ব্যর্থতা? উত্তরটা নির্মম হলেও সত্যিÑ হ্যাঁ, এটা অনেকাংশেই রাষ্ট্রেরই ব্যর্থতা। রাষ্ট্র ব্যর্থ হয়েছে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টিতে ও যথাযথ নিরাপত্তা দিতে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদন বলছে, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে দেশের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৬০ দশমিক ৯ শতাংশ থেকে নেমে ৫৮ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। এই সময়ে প্রায় ৩০ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, যাদের মধ্যে প্রায় ২৪ লাখই নারী। কর্মসংস্থান ও কর্মক্ষম জনসংখ্যার অনুপাতও দুই শতাংশীয় পয়েন্টের বেশি কমে গেছে। অর্থাৎ মানুষ শুধু বেকার থাকছে না, কাজ খুঁজতে গিয়েও হতাশ হয়ে শ্রমবাজার থেকে ছিটকে পড়ছে।

রাষ্ট্র ব্যর্থ হয়েছে শিক্ষাব্যবস্থাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে মেলাতে। আমরা প্রতিবছর লাখ লাখ বিবিএ, এমবিএ তৈরি করছি, কিন্তু শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষ টেকনিশিয়ান, নার্স বা কেয়ারগিভার তৈরি করছি না। ফলে একদিকে গ্র্যাজুয়েট বেকার বাড়ছে, অন্যদিকে দেশের ভেতরে ও বিদেশে দক্ষ কর্মীর চাহিদাও পূরণ হচ্ছে না। তবে সবচেয়ে বড় ব্যর্থতা সংখ্যায় নয়, আস্থায়। ব্রিটিশ কাউন্সিলের জরিপে দেখা গেছে, ২০১৫ সালে ৬০ শতাংশ তরুণ মনে করত দেশ সঠিক পথে আছে; ২০২৪ সালে তা নেমে এসেছে ৫১ শতাংশে। এই ৯ শতাংশ পয়েন্টের পতন আসলে ভবিষ্যতের প্রতি আস্থার পতন। তরুণরা যখন নিজের দেশে নিজের ভবিষ্যৎ দেখতে পায় না, তখন সে দেশ ছাড়তে চাইবেই।

তবে পুরো দোষ শুধু রাষ্ট্রকে দিলেও অন্যায় হবে। বিশ্বায়নের এই যুগে মাইগ্রেশন একটি স্বাভাবিক ও বৈশ্বিক প্রবণতাÑ উন্নত দেশের তরুণরাও দেশ বদলাতে চায়, তবে সেটা সুযোগের খোঁজে, বাধ্য হয়ে নয়। বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেকের বয়স ২৫ বছরের নিচে। এই বিশাল তরুণ জনগোষ্ঠীকে অর্থবহ কর্মসংস্থানের মধ্য দিয়ে দেশের ভেতরে ধরে রাখা যেকোনো সরকারের জন্যই একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু চ্যালেঞ্জ কঠিন বলে সেটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেইÑ বরং এখানেই রাষ্ট্রের দায়িত্ব সবচেয়ে বেশি।

ভিয়েতনাম বা ফিলিপাইনের মতো দেশগুলোর অভিজ্ঞতা থেকে শেখার আছে। এই দেশগুলোও একসময় ব্যাপক শ্রম-অভিবাসনের মুখোমুখি হয়েছিল, কিন্তু তারা অভিবাসনকে শুধু ‘রেমিট্যান্স আয়ের উৎস’ হিসেবে না দেখে, দক্ষতা উন্নয়ন ও শিল্পায়নের সঙ্গে যুক্ত করেছে। কর্মীদের বিদেশে পাঠানোর পাশাপাশি দেশের ভেতরেও উৎপাদনমুখী শিল্প ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান তৈরি করেছে, যাতে অভিবাসন হয় একটি বিকল্প, বাধ্যবাধকতা নয়। বাংলাদেশের নীতিনির্ধারকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষাÑ শুধু রেমিট্যান্সের সংখ্যা দিয়ে সাফল্য মাপা যায় না, দেশে ফিরে আসার মতো সুযোগও তৈরি করতে হয়।

এই দেশ ছাড়ার হিড়িককে আমরা ‘ব্রেইন ড্রেইন’ বলছি, কিন্তু আসলে এটা ‘আস্থা ড্রেইন’। তরুণরা দেশকে ঘৃণা করে ছাড়ছে না, তারা বাধ্য হয়ে ছাড়ছে। এর সমাধান আবেগী দেশপ্রেমের বক্তৃতায় হবে না। সমাধান মূলত তিনটি জায়গায় :

নিয়োগে স্বচ্ছতা : সরকারি ও বেসরকারি সব নিয়োগে মেধার শতভাগ নিশ্চয়তা দিতে হবে, ঘুষ ও তদবিরের সংস্কৃতি ভাঙতে হবে । দক্ষতাভিত্তিক শিক্ষা : শুধু সার্টিফিকেট নয়, বাজারের চাহিদা অনুযায়ী কাজ শেখাতে হবেÑ কারিগরি ও পেশাগত শিক্ষাকে মূলধারায় আনতে হবে। উদ্যোক্তাবান্ধব পরিবেশ : একজন তরুণ যাতে ঘুষ না দিয়ে, সেই টাকা দিয়ে নিজের ব্যবসা শুরু করার সাহস ও সুযোগ পায়, সহজ ঋণ ও নীতিসহায়তা নিশ্চিত করতে হবে। নাহলে এ স্রোত থামানো যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেটি প্লেনে উঠবে, গ্রামের ছেলেটি সমুদ্রপথে ঝুঁকি নিয়ে হলেও রওনা দেবে। একজন যাবে কানাডা, আরেকজন মালয়েশিয়া বা সৌদি আরব। রয়ে যাবে শুধু একটি ক্রমশ মেধাশূন্য হতে থাকা দেশ, যেখানে বয়স্করা বসে থাকবেন সন্তানের পাঠানো রেমিট্যান্সের অপেক্ষায়। সেটাই কি আমরা চাই?

লেখক: কলামিস্ট ও সাংবাদিক


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা