× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ই-মেইল থেকে

নারীরা কতটা নিরাপদ

আফিয়া আবিদা এষা

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১১:০৪ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গণমাধ্যমে প্রায়শই কোনো না কোনো নারী কিংবা কন্যাশিশুর রক্তাক্ত নিথর দেহের ছবি আমাদের বিবেককে প্রশ্নবিদ্ধ করে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, দেশের প্রায় ৭৬ শতাংশ নারীই জীবনে কখনও না কখনও সহিংসতার শিকার হয়েছেন, আর প্রতিবছর হাজার হাজার মামলা দায়ের হচ্ছে কেবল নারী নির্যাতনের দায়ে। আমরা যখন জেন্ডার সমতা আর আধুনিকতার গালভরা বুলি আউড়ে চলি, তখন পর্দার আড়ালের এই রক্তাক্ত বাস্তবতা আমাদের এক গভীর সামাজিক মহামারির কথাই মনে করিয়ে দেয়।

যে সমাজে একজন নারী ঘরে-বাইরে, কর্মস্থলে কিংবা চলন্ত বাসেও ন্যূনতম নিরাপত্তা পায় না, সে সমাজকে ‘সভ্য’ বলে দাবি করা যায় না। সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু নির্যাতনের মাত্রা ক্রমেই ঊর্ধ্বমুখী এবং তা আর বিচ্ছিন্ন কোনো অপরাধের তালিকায় পড়ে নাÑ এটি এখন এক সামাজিক মহামারিতে রূপ নিয়েছে।

নারী নির্যাতনের এই চিত্র কতটা ভয়াবহ, তা বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং সরকারি সাম্প্রতিক পরিসংখ্যানের দিকে তাকালেই স্পষ্ট হয়ে ওঠে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যমতে, এদেশের প্রায় ৭৬ শতাংশ নারী তাদের জীবনে অন্তত একবার স্বামী বা জীবনসঙ্গী দ্বারা কোনো না কোনোভাবে সহিংসতার শিকার হয়েছেন। আরও ভীতিজনক তথ্য হলো, সাম্প্রতিক মাসগুলোতে এই সহিংসতার গ্রাফ প্রতিনিয়ত ওপরের দিকেই যাচ্ছে। পুলিশ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার নথি অনুযায়ী, ২০২৫ সালেও সারা দেশে দায়ের হওয়া অপরাধ সংক্রান্ত মামলার মধ্যে সবচেয়ে বড় অংশটি ছিল নারী ও শিশু নির্যাতনের। শুধু গত বছরই ২১ হাজার ৯৩৬টি নারী ও শিশু নির্যাতনের মামলা নথিভুক্ত হয়েছে পুলিশের খাতায়। অথচ এই বিশাল সংখ্যার পেছনে আরও একটি অন্ধকার সত্য লুকিয়ে আছেÑ সামাজিক লোকলজ্জা আর ভয়ের কারণে তিনজনের মধ্যে দুজন ভুক্তভোগী নারী তাদের ওপর ঘটে যাওয়া নির্যাতনের কথা কখনও প্রকাশই করতে পারেন না। ফলে মামলার খাতার এই হিসাব হিমশৈলের চূড়ামাত্র, প্রকৃত দৃশ্য আরও বহুগুণ ভয়ংকর।

নারীর প্রতি এই সহিংসতার সবচেয়ে কুৎসিত রূপটি প্রকাশ পায় যখন তা হত্যাকাণ্ডে রূপ নেয়। যৌতুকের দাবি, পারিবারিক কলহ কিংবা ধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য প্রতিনিয়ত নারীদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর পাঁচ বছরের সংকলিত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এই সময়ে কেবল যৌন সহিংসতার পরেই হত্যা করা হয়েছে ২০৭ জন নারী ও কন্যাশিশুকে, যার মধ্যে অর্ধেকেরও বেশি নিষ্পাপ শিশু। এ ছাড়া যৌতুক ও পারিবারিক সহিংসতার শিকার হয়ে প্রতিবছর শত শত নারী প্রাণ হারাচ্ছেন, আর শত শত নারী শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। 

এই অন্তহীন ট্র্যাজেডির মূল কারণ আমাদের বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা, অপরাধীদের এক ধরনের অলিখিত দায়মুক্তি এবং সব দোষ নির্যাতনের শিকার হওয়া মানুষকে দেওয়া। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোতে হাজার হাজার মামলা বছরের পর বছর ধরে ঝুলে থাকে। সাক্ষী না পাওয়া, তদন্তের গাফিলতি, কিংবা প্রভাবশালী আসামিদের সামাজিক ও রাজনৈতিক ক্ষমতার দাপটে অধিকাংশ মামলার বিচার আলোর মুখ দেখে না। পরিসংখ্যানে দেখা গেছে, নারী নির্যাতনের মামলার ক্ষেত্রে অপরাধীদের শাস্তি হওয়ার হার অত্যন্ত হতাশাজনক। যখন একজন ধর্ষক বা নির্যাতনকারী দেখে যে অপরাধ করেও সে পার পেয়ে যাচ্ছে, তখন তা অন্য অপরাধীদের আরও বেশি বেপরোয়া হয়ে ওঠার লাইসেন্স দেয়। 

নারী নির্যাতন বন্ধ করতে হলে এখন আর কেবল ফাঁপা গোলটেবিল বৈঠক বা লিপ-সার্ভিসের সময় নেই। এর জন্য প্রয়োজন এক আমূল ও বৈপ্লবিক পরিবর্তন। প্রথমত, প্রতিটি থানায় নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা নেওয়ার ক্ষেত্রে শতভাগ সংবেদনশীলতা এবং পেশাদারত্ব নিশ্চিত করতে হবে। তদন্ত প্রক্রিয়া প্রভাবমুক্ত রেখে দ্রুততম সময়ে চার্জশিট দাখিল করতে হবে এবং বিশেষ ট্রাইব্যুনালগুলোতে মামলা নিয়মিত ও দ্রুত শুনানির মাধ্যমে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে বিচার সম্পন্ন করার কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ও পরিবারে পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাঠ দিতে হবে; নারীকে ভোগ্যপণ্য বা দুর্বল ভাবার মানসিকতা ভেঙে তাকে একজন মানুষ হিসেবে সম্মান করতে শেখাতে হবে।

একটি সমাজ কতটা উন্নত, তা পরিমাপ করা যায় সেই সমাজে নারীরা কতটা নিরাপদ এবং স্বাধীনভাবে বাস করতে পারছেন তার ওপর ভিত্তি করে। আমরা মনে করি, অর্ধেকেরও বেশি জনগোষ্ঠীকে প্রতিনিয়ত নির্যাতনের মুখে রেখে রাষ্ট্র সত্যিকার অর্থে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এই অন্ধকারের বৃত্ত ভাঙতে হলে রাষ্ট্র, আইন এবং সমাজকে একযোগে কঠোর অবস্থান নিতে হবে।

লেখক: শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা