× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝুঁকিতে কৃষকের জীবন

মো. আব্দুল্লাহ খান

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৩:৪৫ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের সবচেয়ে অবহেলিত পেশাজীবীদের কথা বলতে গেলে সবার আগে আসে কৃষকের নাম। দেশটি কৃষিপ্রধান হলেও যাদের অক্লান্ত পরিশ্রম, ঘাম আর ত্যাগের বিনিময়ে আমাদের মুখে অন্ন ওঠে, তাদের কথা খুব কমই বলা হয়। তাদের প্রাপ্য সম্মান, সুযোগ-সুবিধা, দুঃখকষ্ট, জীবন-জীবিকা এবং প্রতিনিয়ত নানা ঘাত-প্রতিঘাতের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার গল্প যেন আড়ালেই থেকে যায়।

মাঠে ফসল ফলানো মানুষগুলোর জীবনের গল্প শোনার যেমন মানুষের অভাব, তেমনি তাদের কথা তুলে ধরার মানুষের অভাবও আজ বড় বেশি। অথচ কৃষক বাঁচলে বাঁচবে কৃষি, আর কৃষি বাঁচলে তবেই বাঁচবে দেশ। সেই কৃষকদের জীবন আজ এক অদৃশ্য আতঙ্কের ছায়ায় ঢাকা। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (NICRH) এক জরিপে উঠে এসেছে এক নির্মম বাস্তবতার ছবিÑ হাসপাতালে ভর্তি হওয়া মোট ক্যানসার আক্রান্ত রোগীদের মধ্যে ৩৪.৩% কৃষক। আর শুধুমাত্র পুরুষ ক্যানসার রোগীদের হিসাব করলে প্রায় ৬৪% পুরুষ ক্যানসার রোগীই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত। যে হাত মাটি দিয়ে সোনা ফলায়, সেই হাতই আজ ধেয়ে আসা মরণব্যাধি ক্যানসারের সাথে লড়াই করছে। বছরের পর বছর ধরে কোনো প্রকার সুরক্ষা সরঞ্জাম ছাড়া জমিতে অতিরিক্ত কীটনাশক স্প্রে করা, ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে থাকা এবং কড়া রোদে কাজ করাই কৃষকদের এই ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। 

সাধারণ কৃষকের বাস্তব চিত্রটা লক্ষ করলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। দুজন কৃষকের সাথে সরাসরি কথা বললাম, যাদের একজন ফসলের পোকা মারতে গিয়ে খালি গায়ে ও মুখে গামছা পেঁচিয়ে তীব্র কীটনাশক স্প্রে করেন। ফলে বাতাসের সেই রাসায়নিক বাষ্প অনায়াসেই তার ফুসফুসে প্রবেশ করে। অন্যজন যিনি টানা তিরিশ বছর ধরে খালি পায়ে ও খালি হাতে রাসায়নিক সার জমিতে ছিটিয়ে আসছেন। তাদের মতে, ‘মাস্ক বা চশমা পরে কাজ করা কঠিন, আর কেমিক্যাল না দিলে তো ফসল বাঁচানো যাবে না।’ সঠিক সচেতনতা ও সুরক্ষার অভাবে এভাবেই দেশের লাখ লাখ কৃষক নিজেদের অজান্তেই প্রতিদিন বিষ পান করছেন। গবেষণায় সব থেকে বড় কারণ হিসেবে বলা হয়েছে ‘গ্লাইফোসেট’, ‘অর্গানোফসফেট’ ও ‘কার্বামেট’-এর মতো অতিতীব্র কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার। স্প্রে করার সময় এই বিষাক্ত বাষ্প শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে কিংবা ত্বকের সংস্পর্শে এসে শোষিত হয়, যা কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করে। শুধু কীটনাশকই নয়, দীর্ঘ সময় প্রখর রোদে কাজ করার ফলে নির্গত অতিবেগুনি রশ্মি ত্বক ক্যানসারের (মেলানোমা) ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এ ছাড়াও ভূগর্ভস্থ দূষিত পানি এবং ধান মাড়াইয়ের ধূলিকণাও তাদের শরীরে ধীরে ধীরে ব্যাধির বীজ বুনে দিচ্ছে।

 যারা রোদবৃষ্টি মাথায় নিয়ে আমাদের জন্য খাদ্য উৎপাদন করে, তাদের এই অসহায়ত্ব ও নীরব যন্ত্রণা আমাকে গভীরভাবে ব্যথিত করে। এই বীর অন্নদাতাদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি ও সহমর্মিতা থাকা উচিত। একই সাথে সরকারের প্রতি আকুল আবেদনÑ কৃষকদের সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে গ্রামগঞ্জে সহজ ভাষায় প্রশিক্ষণের আয়োজন করতে হবে, যাতে কৃষকরা কীটনাশক স্প্রে করার সময় এন-৯৫ মাস্ক, চশমা ও গ্লাভস ব্যবহারে অভ্যস্ত হন। এ ছাড়া জৈব ও পরিবেশবান্ধব বালাই ব্যবস্থাপনাকে উৎসাহিত করা, ক্ষতিকর রাসায়নিকের অনিয়ন্ত্রিত বিক্রি বন্ধে আইনি তদারকি বাড়ানো এবং প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ক্যানসার স্ক্রিনিংয়ের বিশেষ ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।

কৃষকদের স্বাস্থ্য সুরক্ষা কেবল তাদের নিজেদের বিষয় নয়, বরং পুরো জাতির খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যের সাথে এটি সরাসরি জড়িত। তারা যদি এভাবে বছরের পর বছর রোগে ভুগে ধুঁকতে থাকেন, তবে একসময় পুরো কৃষি খাতই হুমকির মুখে পড়বে। তাই অবিলম্বে সরকারি-বেসরকারি উদ্যোগ এবং গবেষণার সমন্বয়ে কৃষকদের জন্য একটি নিরাপদ কাজের পরিবেশ গড়ে তুলতে হবে। আমাদের শস্য-সৈনিকেরা যেন ফসলের সাথে সাথে নিজেদের স্বাস্থ্যকেও রক্ষা করতে পারেনÑ এই হোক আগামীর প্রত্যাশা।


লেখক: মো. আব্দুল্লাহ খান (রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা