ইমেইল থেকে
মো. বাইজিদ শেখ
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৩:৩৫ পিএম
প্রতীকী ছবি
বাংলাদেশের নিম্নবিত্ত ও নির্দিষ্ট আয়ের মধ্যবিত্ত মানুষের জীবন এখন এক অবর্ণনীয় ট্র্যাজেডির নাম। বাজার করতে গিয়ে থতমত খেয়ে দাঁড়িয়ে থাকা একজন বাবার মুখের দিকে তাকানো যায় না। দুই কেজি চাল কিনতে গিয়ে চালের বস্তা আর দামের ট্যাগ দেখে থমকে দাঁড়ানো মধ্যবিত্ত মায়ের চোখের জল আজ সমাজের বিবেককে নাড়া দেয়। একটি ডিম বা এক হালি লেবুর দাম যখন একজন দিনমজুরের এক ঘণ্টার পরিশ্রমের সমপরিমাণ হয়ে দাঁড়ায়, তখন বোঝা যায় সমাজব্যবস্থায় কোথায় যেন মস্ত বড় একটা ফাটল ধরেছে। মানুষের আবেগ এখানে কেবল অসহায়ত্বে রূপ নিয়েছে। ঈদ কিংবা বিশেষ উৎসব দূরে থাক, সাধারণ মাসের প্রতিটি দিনই যেন তাদের জন্য এক একটি যুদ্ধক্ষেত্র। প্রশ্ন হলোÑ এই অসম যুদ্ধে প্রতিপক্ষ কে? সাধারণ মানুষ, নাকি…।
মাছের বাজারে দাঁড়িয়ে মধ্যবিত্ত ক্রেতার দীর্ঘশ্বাস কিংবা খোলা বাজারে চালের ট্রাকের পেছনে খেটে খাওয়া মানুষের অন্তহীন সারি আমাদের সামাজিক বাস্তবতার এক নির্মম চিত্র ফুটিয়ে তোলে। যে দেশের খেটে খাওয়া মানুষ এক বেলা মাছ-মাংসের স্বপ্ন বাদ দিয়ে কেবল ডাল-ভাতের নিশ্চয়তা খুঁজতে গিয়ে সর্বস্বান্ত হয়, সে দেশের প্রবৃদ্ধির পরিসংখ্যান এক নিষ্ঠুর তামাশা ছাড়া আর কিছু নয়। এই দীর্ঘশ্বাসের কোনো শব্দ হয় না, কিন্তু এর তীব্রতা গোটা সমাজকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছে। সন্তানের আবদার মেটাতে না পেরে একজন অভিভাবকের নীরব কান্না কিংবা পরিবারের পুষ্টির জোগান দিতে গিয়ে হিমশিম খাওয়া মায়ের অসহায়ত্ব আজ আমাদের সামাজিক সাম্যের দাবিকেই বড় করে প্রশ্নবিদ্ধ করে।
বাজারের চালিকাশক্তি নির্ধারিত হয় মুক্তবাজার অর্থনীতির নিয়মেÑ চাহিদা এবং জোগান দিয়ে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এই তত্ত্ব এক অদ্ভুত বিকৃতির শিকার। করপোরেট গুদামজাতকারী, পাইকারি আড়তদার এবং কিছু অসাধু মধ্যস্বত্বভোগী মিলে তৈরি করেছে এক শক্তিশালী সিন্ডিকেট। কোল্ড স্টোরেজে পচে যাওয়া আলু কৃত্রিম সংকটের অজুহাতে দ্বিগুণ দামে বিক্রি হয়। মিলগেট থেকে চালের বস্তা বের হওয়ার পর খুচরা বাজারে পৌঁছতে পৌঁছতে তার দাম আকাশচুম্বী হয়ে যায়। এই চক্র এতটাই শক্তিশালী যে, তারা মুহূর্তের মধ্যে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে পারে। সাধারণ ভোক্তা এই সিন্ডিকেটের কাছে আজ সম্পূর্ণ জিম্মি। চালকের আসনে সাধারণ জনতা তো দূর, অনেক সময় নীতিনির্ধারকদেরও মনে হয় দর্শকের সারিতে বসে থাকা অসহায় দর্শক। এই চক্রের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের পকেট কেটে নিজেদের মুনাফার পাহাড় উঁচু করা। তারা ভালো করেই জানে মানুষের অন্নবস্ত্রের প্রয়োজন ফুরানোর নয়, তাই এই মৌলিক চাহিদাকে পুঁজি করেই তারা খোলে শোষণের অভিনব সব বাক্স।
আমাদের দেশে আইনের অভাব নেই, অভাব কেবল তার সঠিক প্রয়োগের। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এবং সিন্ডিকেট ভাঙতে বেশ কিছু কঠোর আইন রয়েছে। যার মধ্যে অন্যতম হলো দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ (Special Powers Act, 1974)। এই আইনের ধারা ২৫(সি)-এর অধীনে মজুদদারি ও কালোবাজারির জন্য যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর অধীনে বাজারে অতিরিক্ত মূল্য আদায় বা কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি প্রতিযোগিতা আইন, ২০১২ (Competition Act, 2012) অনুযায়ী মনোপলি বা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়াও দণ্ডবিধির বিভিন্ন ধারায় জনস্বার্থবিরোধী অপরাধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সংবিধানের অনুচ্ছেদ ১৫-এ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক উপকরণের সংস্থান নিশ্চিত করার ওপর রাষ্ট্রকে দায়িত্ব দেওয়া হয়েছে, যার ব্যত্যয় ঘটলে তা পরোক্ষভাবে সাংবিধানিক অঙ্গীকারের ওপর আঘাত হিসেবেই গণ্য হয়।
কিন্তু প্রশ্ন হলো, এত আইন থাকার পরও বাজারে এর প্রতিফলন কোথায়? ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট মাঝেমধ্যে কিছু খুচরা বিক্রেতাকে জরিমানা করে সাময়িক স্বস্তির চেষ্টা করে, কিন্তু মূল হোতা বা রাঘববোয়ালরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। আইন কাগজে-কলমে বাঘের মতো হলেও বাস্তবে যেন তা নির্বাক দর্শক। আইনি দীর্ঘসূত্রতা এবং তদারকি সংস্থার নজরদারির অভাব সিন্ডিকেটকে আরও বেশি বেপরোয়া করে তুলেছে। আইনের ফাঁকফোকর গলিয়ে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। মাঝেমধ্যে লোকদেখানো কিছু অভিযান পরিচালিত হলেও দীর্ঘমেয়াদি ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে এক ধরনের অনীহা বা কাঠামোগত দুর্বলতা লক্ষ করা যায়।
বাজার সিন্ডিকেট বনাম জনতার এই অসম লড়াইয়ে চালকের আসনে শেষ পর্যন্ত জনতাই জয়ী হতে হবে। কারণ একটি স্বাধীন রাষ্ট্রে সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার এবং স্বস্তির নিঃশ্বাস ফেলার অধিকার সংবিধানেই নিশ্চিত করা হয়েছে। জনগণের পকেট কেটে কিছু মানুষের আঙুল ফুলে কলাগাছ হওয়ার দিন শেষ হওয়া দরকার। সময় এসেছে সিন্ডিকেটের বিরুদ্ধে আইনের কঠোর খড়্গ নামিয়ে আনার এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর। অন্যথায়, এই পুঞ্জীভূত ক্ষোভ একদিন অপ্রতিরোধ্য বিস্ফোরণে রূপ নিতে পারে, যা সামলানো কারও পক্ষেই সম্ভব হবে না। জনতা জেগে উঠলে সিন্ডিকেটের এই কৃত্রিম প্রাচীর ধূলিসাৎ হতে বাধ্য।
লেখক: মো. বাইজিদ শেখ (শিক্ষার্থী,আইন বিভাগ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)