ই-মেইল
হাবিবুর রহমান সাগর
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৩:৩০ পিএম
প্রতীকী ছবি
কোনো রাষ্ট্রের উন্নয়নের দাবির সবচেয়ে দৃশ্যমান পরীক্ষাগুলোর একটি হলো তার বিদ্যুৎব্যবস্থা। যে রাষ্ট্র নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে পারে না, সে রাষ্ট্রের উন্নয়নের দাবি স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়ে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং সাধারণ মানুষের দৈনন্দিন বাস্তবতায় পরিণত হয়েছে। একই সঙ্গে অসংখ্য গ্রাহক অভিযোগ করছেন তথাকথিত ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের বিরুদ্ধে। দুই সমস্যার প্রকৃতি ভিন্ন হলেও তাদের উৎস প্রায় একইÑ পরিকল্পনার ঘাটতি, দুর্বল ব্যবস্থাপনা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং সর্বোপরি জবাবদিহিতার অভাব।
প্রশ্ন হলো, যে খাতে গত দেড় দশকে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মিত হয়েছে, উৎপাদন সক্ষমতা কয়েকগুণ বেড়েছে, সেই খাতের সেবা নিয়ে কেন এখনও জনগণকে এমন ভোগান্তির মুখোমুখি হতে হবে? উৎপাদন সক্ষমতা বৃদ্ধির সরকারি পরিসংখ্যান যতই আশাব্যঞ্জক হোক না কেন, একজন সাধারণ নাগরিকের কাছে সবচেয়ে বড় সত্য হলোÑ সুইচ চাপলে আলো জ্বলে কি না। না জ্বললে কাগজে-কলমে সক্ষমতার হিসাব সাধারণ মানুষের কাছে অর্থহীন হয়ে পড়ে।
লোডশেডিংয়ের প্রভাব কেবল অস্বস্তিতে সীমাবদ্ধ নয়; এটি অর্থনীতির ওপর বহুমাত্রিক চাপ সৃষ্টি করে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানা উৎপাদন ব্যাহত হওয়ার কারণে ক্ষতির মুখে পড়ে। অনলাইনভিত্তিক ব্যবসা ও তথ্যপ্রযুক্তি খাতের কর্মীরা নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে পারেন না। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হয়। হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধ সংরক্ষণ ব্যবস্থাও ঝুঁকির মধ্যে পড়ে। এদিকে লোডশেডিংয়ের চেয়েও বেশি উদ্বেগের বিষয় হয়ে উঠেছে ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল। এই অভিযোগ নতুন নয়। বছরের পর বছর ধরে গ্রাহকরা অভিযোগ করে আসছেন, বাস্তব ব্যবহারের সঙ্গে বিলের কোনো মিল নেই। কখনও বন্ধ বাড়িতে এসেছে কয়েক হাজার টাকার বিল, কখনও মিটার রিডিং না নিয়েই অনুমান-নির্ভর বিল তৈরি হয়েছে, আবার কোথাও কয়েক মাসের ভুল হিসাব একত্র করে হঠাৎ বিশাল অঙ্কের বিল ধরিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই সমস্যার সমাধান চাইতে গিয়ে অনেক গ্রাহককে হয়রানির শিকার হতে হয়।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক উপেক্ষা করা যায় না। বিদ্যুৎ খাতে সমস্যার ব্যাখ্যা হিসেবে প্রায়ই জ্বালানি আমদানি, গ্যাসের ঘাটতি, বৈদেশিক মুদ্রার সংকট কিংবা বৈশ্বিক বাজারের অস্থিরতার কথা বলা হয়। এসব কারণ বাস্তব। কিন্তু এসব বাস্তবতার দায় এককভাবে গ্রাহকের ওপর চাপানো যায় না। নাগরিক নিয়মিত বিল পরিশোধ করবেন, কিন্তু বিনিময়ে অনিশ্চিত সেবা পাবেনÑ এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
বিদ্যুৎ খাতে সুশাসনের প্রশ্ন তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। উৎপাদন, সঞ্চালন ও বিতরণÑ এই তিন স্তরের মধ্যে কোথায় সমস্যা, কোথায় অপচয়, কোথায় অদক্ষতা এবং কোথায় দুর্নীতি রয়েছে, তা নিয়মিত স্বাধীন নিরীক্ষার মাধ্যমে জনসমক্ষে তুলে ধরা প্রয়োজন। কারণ জবাবদিহিতা ছাড়া কোনো খাতই দীর্ঘমেয়াদে কার্যকর হতে পারে না।
বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর উচিত গ্রাহককে প্রতিপক্ষ নয়, অংশীদার হিসেবে বিবেচনা করা। ভুল বিল প্রমাণিত হলে দ্রুত সংশোধন, ক্ষতিগ্রস্ত গ্রাহকের কাছে আনুষ্ঠানিক দুঃখপ্রকাশ এবং দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা- এসবই একটি আধুনিক সেবাব্যবস্থার স্বাভাবিক অনুশীলন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের বাস্তবতায় এসব এখনও ব্যতিক্রম।
লোডশেডিংয়ের অন্ধকার এবং ‘ভুতুড়ে’ বিলের আতঙ্কÑ দুটিই আমাদের মনে করিয়ে দেয়, অবকাঠামো নির্মাণের পাশাপাশি সুশাসন, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। উন্নয়নের প্রকৃত সাফল্য বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা দিয়ে নয়, বরং একজন সাধারণ নাগরিকের ঘরে নিরবচ্ছিন্ন আলো জ্বলে কি না এবং সেই আলোর জন্য তাকে ন্যায্যমূল্যই পরিশোধ করতে হয় কি না সেই বাস্তবতা দিয়েই পরিমাপ করা হবে।
লেখক: হাবিবুর রহমান সাগর (শিক্ষার্থী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)