× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদী হত্যা থামাও

সম্পাদকীয়

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১২:০৯ পিএম

নদীদূষণ আজ এক ভয়াবহ রূপ নিয়েছে- যা নদী হত্যার শামিল। ফাইল ছবি

নদীদূষণ আজ এক ভয়াবহ রূপ নিয়েছে- যা নদী হত্যার শামিল। ফাইল ছবি

আমাদের দেশ নদীমাতৃক। দেশের অর্থনীতি, কৃষি, জীববৈচিত্র্য এবং মানুষের জীবনযাত্রা সবকিছুই নদীকেন্দ্রিক। কিন্তু দুঃখজনক সত্য হলো, দেশের অধিকাংশ নদীই আজ দূষণের কবলে। পাশাপাশি নদীগুলোর ওপর দখল-বেদখল আর বালু ব্যবসায়ীদের আগ্রাসন তো আছেই। তবে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে দূষণ। সহজ করে বললে, নদীদূষণ আজ এক ভয়াবহ রূপ নিয়েছে- যা নদী হত্যার শামিল।

খোদ, রাজধানীর চারপাশের নদীগুলোর পানি কালচে ও বিষাক্ত হয়ে পড়েছে। অপরিশোধিত শিল্পবর্জ্য, পলিথিন ও প্লাস্টিক এবং নগরীর পয়োবর্জ্য সরাসরি নদীতে ফেলার কারণে জলজ প্রাণ ও পরিবেশ ধ্বংস হচ্ছে। এমন এক বাস্তবতায় নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নদীদূষণ রোধে আর অবহেলার সুযোগ নেই। এই সংকট থেকে বাঁচতে এখনই সমন্বিত ও কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, কেবল কর্মপরিকল্পনা প্রণয়ন করলেই হবে নাÑ এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। 

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা এবং রাজধানীসংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদি সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে নদীগুলোতে শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য নির্গমন, অপর্যাপ্ত পয়োনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, খালগুলোর নাব্য হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে নদীদূষণের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়। দূষণ রোধে শিল্পকারখানায় বর্জ্য শোধনাগারের কার্যকর ব্যবহার নিশ্চিতকরণ, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপরও জোর দেওয়া হয়। বৈঠকে বিদ্যমান পরিবেশ আইনের কঠোর প্রয়োগ, সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ও উঠে আসে। জানা গেছে, এসব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়।

আমরা মনে করি, প্রধানমন্ত্রীর এই বক্তব্য সময়োপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নদী রক্ষা শুধু পরিবেশ সংরক্ষণের বিষয় নয়Ñ এটি জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা এবং টেকসই উন্নয়নেরও পূর্বশর্ত। বর্তমানে দেশের বিভিন্ন নদীতে প্রতিদিন বিপুল পরিমাণ শিল্পবর্জ্য, রাসায়নিক পদার্থ, পয়োবর্জ্য ও প্লাস্টিক ফেলা হচ্ছে। অনেক শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) থাকলেও তা নিয়মিত চালু রাখা হয় না। এমনকি শহরগুলোর অপরিকল্পিত পয়োনিষ্কাশন ব্যবস্থাও নদীর পানিকে বিষাক্ত করে তুলছে। ফলে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর আবাস ধ্বংস হচ্ছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে এবং নদীর পানি কৃষিকাজ বা দৈনন্দিন ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে। তাই দূষণ রোধে বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সমাধানের উপায় খুঁজে বের করতে হবে।

বলা বাহুল্য, নদীদূষণ রোধে প্রথমেই প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। এই ক্ষেত্রে নদী দখল-দূষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দিতে হবে। পরিবেশবিধি লঙ্ঘনকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রতিটি কারখানায় বর্জ্য শোধনাগার বাধ্যতামূলকভাবে চালু রাখতে হবে। নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নদী দখল ও অবৈধ বর্জ্য ফেলার বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অনুসরণ করা জরুরি। তবে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, শিল্প-মালিকদের পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গ্রহণ করতে হবে। স্থানীয় সরকার, পরিবেশ অধিদপ্তর, নদী রক্ষা কমিশন, নাগরিক সমাজ, গণমাধ্যম এবং পরিবেশবাদী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিবেশ সচেতনতা বাড়ানোর কার্যক্রম জোরদার করতে হবে, যাতে নতুন প্রজন্ম নদী রক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পারে। মানুষকেও প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য নদীতে না ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এই ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারও নদী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নিয়মিত পানি পরীক্ষার ব্যবস্থা এবং দূষণের উৎস শনাক্তে ডিজিটাল নজরদারি কার্যকর হতে পারে। পাশাপাশি নদী খনন, তীর সংরক্ষণ এবং নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখার উদ্যোগও অব্যাহত রাখতে হবে।

বাংলাদেশে নদী ও মানুষ একে অন্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। বাস্তবতা এমন যে, নদী বাঁচলে দেশ বাঁচবে, বাঁচবে মানুষও। তাই নদী হত্যা থামাতে হবে। এজন্য নদী রক্ষাকে অগ্রাধিকার বিবেচনায় কাজ করতে হবে। তাই প্রধানমন্ত্রীর বক্তব্যের সুরে আমরাও বলতে চাই, নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপের কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, সরকারের আন্তরিক উদ্যোগের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে পারলেই দেশের নদীগুলো আবারও প্রাণ ফিরে পাবে। তাহলেই আমরা প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে পারব।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা