নূরুদ্দীন দরজী
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১১:৫৩ এএম
নূরুদ্দীন দরজী। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বিশ্বের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ‘বোর্ড অব পিস’ গঠন করার বিশেষ উদ্যোগ নিয়েছেন। তার উদ্যোগকে মৃদু স্বাগত জানিয়ে এবং সতর্ক আশাবাদ ব্যক্ত করে আজকের লেখাটি শুরু করছি। বিশ্বে মানুষের শান্তি ও নিরাপত্তা দারুণভাবে হুমকির মুখে পড়ে আছে। মানুষের মৌলিক অধিকার অনিশ্চিত। পরাশক্তির আধিপত্য বিস্তার, সন্ত্রাসবাদ, চরমপন্থা ও মারণাস্ত্রের যাচ্ছেতাই ব্যবহার তাদের শান্তি কেড়ে নিয়েছে। বলতে গেলে ইসরায়েল যুক্তরাষ্ট্র বনাম ইরানের সাম্প্রতিক ভয়াবহ লড়াই বিশ্ববাসীকে আতঙ্কিত ও সমস্যায় ফেলে দিয়েছে। মানুষ শান্তি চায়।
কিন্তু সামান্য কিছু মানুষের অযৌক্তিক দাবি আর একঘেয়েমির কারণে বিশ্বের সকল শান্তিপ্রিয় মানুষ চরম অবস্থার মধ্যে রয়েছে। আমরা জানি, অশান্তি সৃষ্টি করতে বেশি মানুষের প্রয়োজন হয় না। অতি অল্প সংখ্যাই পৃথিবীকে অশান্তিতে ভরে দিতে পারে, শান্তিময় পৃথিবী, সমাজ ও রাষ্ট্রকে ব্যর্থ করে দিতে পারে। তাদের নিঃশ্বাসে সবকিছুইতে আজ অশান্তি। শক্তিধরদের অস্ত্রের ঝনঝনানি, বারুদের গন্ধ আর রক্তের প্রবাহ চলছে। শত্রুর ভয়ে বহু মানুষ এখন গৃহ ও ধনসম্পদহারা হয়ে ত্রাণ-নির্ভর ও উদ্বাস্তু জীবন যাপন করছে।
যুদ্ধের ডামাডোল ফিলিস্তিন-গাজায়, ইসরায়েল-ইরানে, ইউক্রেন-রাশিয়ায়। গৃহযুদ্ধে শান্তি বিনষ্ট হচ্ছে সিরিয়ায়, ইয়েমেনে, মিয়ানমারে রোহিঙ্গায়, কঙ্গোয় ও সোমালিয়ায়। মারাত্মক সংকট চলছে তুর্কি-গ্রিসে, আর্মেনিয়-আজারবাইজানে, তুরস্ক- ইরান-ইরাকে, কাশ্মিমিরে, সুদান-কারফুরে, চীন-তাইয়ানে, চীনের উইঘরে। পৃথিবীর অধিকাংশ দেশেই রয়েছে নানা ধরনের জাতিগত, ধর্মীয়, সাংস্কৃতিক এবং ভাষাগত সমস্যা। রক্ত ঝরছে প্রতিনিয়ত। কঠিন ও সংকটময় সময় পার করছে মানুষ। দিনের পর দিন বসবাস হয়ে উঠছে অস্থিতিশীল ও অনিরাপদ।
এরই মাঝে বিষাদময় পরিস্থিতিতে শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের শান্তির শীতল বাণী। তার নেতৃত্বে গঠিত হয়েছে বোর্ড অব পিস বা শান্তির বোর্ড। ইরানে মার্কিন আগ্ৰাসন, দমনপীড়ন, নির্বিচারে নিরীহ মানুষ হত্যা, সভ্যতা ও অবকাঠামো ধ্বংস, বাতাস বিষাক্ত করে শ্বাসরুদ্ধ করাসহ অমানবিক কাণ্ড আর অন্যদিকে বিশ্বব্যাপী শান্তি আনয়নে শান্তির বোর্ড গঠন হাস্যকর ব্যতীত অন্য কিছুই মনে হয় না। বলা হচ্ছে, গাজাসহ সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধ বিরতি, পুনর্গঠন ও দীর্ঘ মেয়াদে শান্তি প্রতিষ্ঠাই এর প্রধান লক্ষ্য। অর্থাৎ রাজনৈতিক সংঘাত নিরসন করে শান্তির লক্ষ্যে শান্তি বোর্ড বা পরিষদ গঠন করা হয়েছে। এ বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বয়ং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম। পৃথিবীর সমস্ত শান্তিপ্রিয় দেশকে এ বোর্ডের সদস্য হওয়ার আহ্বান জানানো হয়েছে। এ লেখাটি লেখা পর্যন্ত সদস্য সংখ্যা ২৭টি দেশ। ‘বোর্ড অব পিসের’ সদর দপ্তর ওয়াশিংটনে করা হয়েছে। ৮ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী নির্বাহী পরিষদ গঠনও করা হয়েছে বোর্ডকে কার্যকর করার জন্য। উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে গাজায় যুদ্ধ বিরতির পর এ জাতীয় পরিকল্পনা গ্ৰহণ করা হয়। সেখানেই প্রস্তাব করা হয় একটি শান্তির বোর্ড বা সংস্থা গঠনের। ওই আলোকে ২০২৬ সালের ১৫ জানুয়ারি বোর্ড অব পিস গঠন সম্পন্ন হয়। বোর্ডের মূল লক্ষ্য গাজা যুদ্ধ পুরোপুরি শেষ করে সেখানে শান্তি ফিরিয়ে আনা। অর্থাৎ ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তির কথা চিন্তা করা হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে এমন সুকোমলবৃত্তি ও সহানুভূতি কেন জাগ্ৰত রয়েছে তা তিনিই জানেন। তার মনে অন্য কোনো দুরভিসন্ধি আছে কি না তা নিয়েও কথা হচ্ছে। তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ২০২৫ সালের জানুয়ারিতে। তার এ শাসন আমলে বিশ্বের বেশ কয়েকটি জায়গায় মার্কিন সামরিক হস্তক্ষেপ বৃদ্ধি পেয়েছে। বিমান হামলা হয়েছে মুহুর্মুহু। অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। যদিও দ্বিতীয় মেয়াদের নির্বাচনের প্রচারকালে তিনি নিজেকে শান্তির দূত দাবি করেছিলেন। কিন্তু ক্ষমতা গ্ৰহণ করে তার বিপরীত রুদ্রমূর্তি ধারণ করেছেন বলা হয়ে থাকে। তার ইচ্ছায় গত উনিশ মাসে মার্কিনিরা অনেকগুলো সামরিক অভিযান পরিচালনা করেছে। সরাসরি যুদ্ধে জড়িয়েছে ইরানের সাথে। ইরানের শীর্ষ নেতাসহ একের পর এক নেতা ও বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তার স্বদেশভূমি থেকে বন্দি করে মার্কিন মুল্লুকে উঠিয়ে নেওয়া হয়েছে। সিরিয়া ও ইরাকে হামলা করা হয়েছে। সোমালিয়ায় হামলা বৃদ্ধি করাসহ অনুরূপ বহুবিধ ঘটনা ঘটিয়ে যাচ্ছেন। তার ভয়ে অনেকে আতঙ্কে আছে। তিনি ২০২৫ সালের ২০ জানুয়ারিতে শপথ নেওয়ার সময় বলেছিলেন আমেরিকার কথা, বলেছিলেন বিশ্বভ্রাতৃত্বের কথা। যুক্তরাষ্ট্রের চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের বন্দনা ছিল তার শপথে। আমেরিকাকে একটি ন্যায়পরায়ণ রাষ্ট্র করার প্রার্থনা ছিল তার ভাষণে।
মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে। জীবন ও কাজের শুরুতে একটি সুন্দর মানসিকতা তৈরি হয়। আর এটিই মানুষের মনের প্রথম প্রবৃদ্ধি হয়ে থাকে। ‘বোর্ড অব পিস’ গঠনের জন্য কি প্রেসিডেন্ট ট্রাম্পের মনে খানিকটা শপথের কথা মনে পড়ল? শপথে তিনি কি বলেছিলেন তা চিন্তায় এলো? যদি তাই হয়ে থাকে তবে পৃথিবীর শান্তিকামী মানুষ আশাহত হবে না। ইতোমধ্যে তার দ্বিতীর মেয়াদের শাসনামলে ৮/১০টি যুদ্ধ বা সংঘাত থামিয়ে দিয়েছেন বলে দাবি করেন তিনি। তার দাবিগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল- ফিলিস্তিন, ইসরায়েল-ইরান, পাকিস্তান-ভারত, আফগানিস্তান-পাকিস্তান, রুয়ান্ডা-কঙ্গো, থাইল্যান্ড-কম্বোডিয়া, মিসর-ইথিওপিয়া, আর্মেনিয়া-আজারবাইজান এবং সার্বিয়া ও কসোভোর মধ্যকার দ্বন্দ্ব। কিন্তু আন্তর্জাতিক গবেষণা ও তথ্য অনুসন্ধানীরা বিশেষ করে জাতিসংঘ, আন্তর্জাতিক সংকট গ্ৰুপ, আইসিজি, বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের এ দাবিগুলো অতিরঞ্জিত। তার দাবিগুলো নেহায়েত সাময়িক । কারণ দ্বন্দ্বগুলো পরে আবার মাথাচারা দিয়ে উঠেছে। ইরান-ইসরায়েল যুদ্ধই তার বড় প্রমাণ। এগুলো ছাড়াও তাকে যারা আন্তর্জাতিক ও বাণিজ্যচুক্তির সফল দাবিদার বলে থাকেন সেগুলোও সকল ক্ষেত্রে যথেষ্ট নয়।
বিশ্বের মানব জাতির জন্য রয়েছে নানাবিধ হুমকি ও অস্থির সংকট। রয়েছে জলবায়ু পরিবর্তন, বৈরী আবহাওয়া, খাদ্যের অনিরাপত্তা, তীব্র জ্বালানি সমস্যা, উষ্ণায়ন, আদ্রতা, তাপমাত্রা বৃদ্ধি, পানি সংকট, দাবানল, খরা, হঠাৎ প্রলয়ংকরী বন্যা, নতুন নতুন রোগের প্রাদুর্ভাব। এ ছাড়াও মানুষের কল্পনায় আসে ভিনগ্ৰহে প্রাণীর নানা তথ্য- উপাত্ত। তার ওপর শক্তিমত্তা দেখিয়ে মানুষে মানুষে বৈষম্য তৈরি, ভূ-রাজনৈতিক সংঘাত, রক্তক্ষয়ী সংঘর্ষ, যুদ্ধবিগ্ৰহ, দুর্ভোগ সৃষ্টি মোটেও শান্তিপ্রিয় মানুষের কাম্য হতে পারে না। এ সমস্ত পরিহার করার জন্য বিশ্বমোড়ল হিসেবে যুক্তরাষ্ট্রকেই সর্বাগ্ৰে এগিয়ে আসতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার যুক্তরাষ্ট্র পৃথিবীতে এক নম্বর শক্তি হিসেবে বিবেচিত হয় এখনও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বৈশ্বিক সকল বিষয়ে নাক গলিয়ে থাকেন। তাদের এমন শক্তিমত্তা যদি পৃথিবীবাসীর কল্যাণার্থে ব্যবহার করা হয় তখনি কেবল শান্তি আশা করা যায়। যুগে যুগে বিশ্বব্যাপী মোড়লদারত্বের অবসান হয়েছে। কত শক্তি এসে আবার মিলিয়ে গেছে, শেষ হয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র এ শক্তিশালীরূপে আবির্ভূত হয়েছে। তার পূর্বে ছিল গ্ৰেট ব্রিটেন, ফ্রান্স এবং সর্বপ্রথম রোম। পৃথিবীর সমস্ত রাস্তা রোমমুখী ছিল একসময়। বিধাতার ইচ্ছায় ও প্রকৃতির নিয়মে ক্ষমতা আসে আবার চলে যায়। পৃথিবীতে কোনোকিছুই চিরস্থায়ী নয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যদি শুভবুদ্ধির উদয় হয়ে থাকে, যদি মানবতার কল্যাণে তার সময়কে কাজে লাগাতে চান তবেই তার ‘বোর্ড অব পিস’ গঠন যথার্থ হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার জীবনের শেষ সুযোগটি কাজে লাগিয়ে যদি তিনি অন্ধকার থেকে আলোর পথে হাঁটেন, তবেই মুক্তি, হবেন সার্থক, হবেন ইতিহাস। তার আবার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা একেবারেই কম। মেয়াদের বাকি সময়ে সকল বিভাজন থেকে বেরিয়ে মানুষের বন্ধু হওয়ার এটিই শেষ সুযোগ। আশায় থাকি, দেখা যাক কী হয়। পৃথিবীর শান্তিকামী মানুষ ট্রাম্পের এমন পদক্ষেপকে রেখে দিক তাদের সুদূর কল্পনায় সঞ্চয়ের ভান্ডারে।
লেখক: নূরুদ্দীন দরজী (কলামিস্ট ও সাবেক শিক্ষা অফিসার)