× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঁজিবাজারে গতিসঞ্চারে করণীয়

নিরঞ্জন রায়

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১১:৩৩ এএম

নিরঞ্জন রায়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

নিরঞ্জন রায়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

প্রায় এক দশক ধরে বাংলাদেশের ঝিমিয়ে থাকা পুঁজিবাজারে গতি সঞ্চার করার মতো দৃশ্যমান কোনো পদক্ষেপ এর নিয়ন্ত্রক সংস্থা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) গ্রহণ করতে দেখা না গেলেও, মাঝেমধ্যেই তাদেরকে কিছু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়। এসব বিক্ষিপ্ত শাস্তিমূলক ব্যবস্থায় দেশের পুঁজিবাজার কতটা লাভবান হয়, তা নিশ্চিত করে বলা না গেলেও বিএসইসির অন্তত একটি লাভ হয়। তারা এর মাধ্যমে দেশের পুঁজিবাজারে তাদের অবস্থান জানান দিতে পারে।

একই সাথে তারা আলোচনায়ও থাকতে পারে। সম্প্রতি বিএসইসি দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা বা চিফ রেগুলেটরি অফিসারের (সিআরও) বিরুদ্ধে সে রকম একটি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সেই অভিযুক্ত সিআরওকে যে কেবল চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাই নয়, সেই সাথে তাকে বাংলাদেশের পুঁজিবাজার থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এই শাস্তির কারণে সেই সিআরও এখন থেকে বাংলাদেশের পুঁজিবাজার সংক্রান্ত কোনো প্রতিষ্ঠানের কোনো দায়িত্বই পালন করতে পারবেন না। পুঁজিবাজার সংক্রান্ত যতগুলো শাস্তিমূলক ব্যবস্থা বিএসইসি এখন পর্যন্ত গ্রহণ করেছে, তার মধ্যে সিআরওকে অব্যাহতি দেওয়া এবং নিষিদ্ধ করার সিদ্ধান্তটি বলা চলে যেমন দৃষ্টান্তমূলক, তেমনি নজিরবিহীন। তার আগে বিএসইসি এই মাত্রার শাস্তিমূলক ব্যবস্থা কারও বিরুদ্ধে গ্রহণ করেছে কি না তা আমাদের জানা নেই।

যে সিআরওর বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছেÑ তিনি বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে চরম গাফিলাতি ও অবহেলার পরিচয় দিয়েছেন। পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, কয়েকটি ব্রোকারেজ হাউস থেকে বিনিয়োগকারীদের শত শত কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটে। সেসব ব্রোকারেজ হাউস নিয়মিত পরিদর্শন না করায় বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। এই পরিদর্শন নিশ্চিত করার দায়িত্ব ছিল সেই অভিযুক্ত সিআরওর। শুধু তাই নয়, বিএসইসি এসব ব্রোকারেজ হাউস পরিদর্শন করে একটি প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে বিএসইসিতে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল, যা পরিপালন করতে সেই সিআরও ব্যর্থ হয়েছেন। অভিযোগ তার দায়িত্বে অবহেলা, তাতে কোনো সন্দেহ নেই। তবে এ ব্যাপারে যে সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেখানে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের সাথে সেই সিআরওর জড়িত থাকার মতো কোনো অভিযোগ নেই। 

স্টক এক্সচেঞ্জের সিআরও দায়িত্বে অবহেলা করলে, তাকে শাস্তি দেওয়া নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বের মধ্যেই পড়ে এবং সেই দায়িত্ব বিএসইসি যথার্থই পালন করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শাস্তি লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল কি না। তা ছাড়া পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে দেশের পুঁজিবাজারে দীর্ঘ মেয়াদে ভালো ফল বয়ে আনবে কি না। একজন সিআরওকে যখন শুধুমাত্র দায়িত্ব থেকে অব্যাহতিই নয়, সেই সাথে তাকে পুঁজিবাজারে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়, তখন ধরে নেওয়া যায় যে তার অপরাধের মাত্রা ভয়াবহ। আর এই ভয়াবহ অপরাধের দায় কেবল এক সিআরওর ওপর বর্তাবে কেন। এর প্রথম দায়িত্ব তো পড়ার কথা ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহীর ওপর। কেননা তিনি কেন সময়মতো তাকে দিয়ে ব্রোকারেজ হাউস পরিদর্শন করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া নিশ্চিত করতে পারলেন না। এই ব্যর্থতার দায়ভার ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের, বিশেষ করে চেয়ারম্যানের ওপরও বর্তায়। কেননা তারা কেন এই ধরনের অনিয়ম বন্ধ করতে পারলেন না। আমি মনে করি, সর্বশেষ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসিও এই ব্যর্থতার দায়ভার এড়াতে পারে না। এমনকি যেসব ব্রোকারেজ হাউস থেকে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবসার লাইসেন্স বাতিল এবং সম্পদ জব্দসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কথা। 

এদের কারও বিরুদ্ধে কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছেÑ এমন তথ্য প্রকাশিত প্রতিবেদনে নেই। এই মাত্রার অপরাধের জন্য শুধুমাত্র একজন সিআরওকে চাকরি থেকেই বিদায় করা হয়নি, তার রুটিরুজির পথও বন্ধ করে দেওয়া হয়েছে। কেননা যে পেশায় তার কাজ করার যোগ্যতা আছে, সেই পেশায় তাকে আর কাজ করতে দেওয়া হবে না। যদি এই সিআরওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি অন্যদেরকেও দায়িত্বে অবহেলার জন্য শাস্তি প্রদান করা হয়ে থাকে, তাহলে বিএসইসির এমন সিদ্ধান্ত পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফেরাতে সহায়ক হবে। সবাইকে শাস্তির আওতায় না এনে শুধুমাত্র এক সিআরওকে এমন কঠোর শাস্তি দেওয়া হয়, তাহলে বিএসইসির এমন সিদ্ধান্তকে বিনিয়োগকারীরা সন্দেহের চোখেই দেখবে, যার সুদূরপ্রসারী ফল মোটেই ভালো হবে না। 

যে সিআরওকে শাস্তি দেওয়া হয়েছে, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগ থেকে মাস্টার্স করে যুক্তরাজ্যের এক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। যে বিএসইসি তার বিরুদ্ধে এমন নজিরবিহীন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, সেই বিএসইসিতেও তার দীর্ঘ সময় দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। এমনকি কানাডার এক বৃহৎ ব্যাংকে বেশ কয়েক বছর কাজ করার অভিজ্ঞতা তার আছে। ছিলেন বাংলাদেশে একটি মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহীর দায়িত্বে। সে পেশাগত দিক থেকে কতটা দক্ষ ও সমৃদ্ধ তা নিশ্চিত করে বলতে না পারলেও, এটা অন্তত বলা যেতে পারে যে, বাংলাদেশ এবং কানাডার মতো দেশে তার ব্যাংক ও পুঁজিবাজার নিয়ে কাজ করার বিস্তর অভিজ্ঞতা আছে। এরকম একজন ব্যক্তিকে যখন শুধুমাত্র নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত ব্রোকারেজ হাউস পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার ব্যর্থতার অভিযোগে কঠোর শাস্তি দেওয়া হয়, তখন অন্য পেশাজীবীরাও দায়িত্ব পালনে আতঙ্কিত বোধ করবেন, যা পুঁজিবাজারে দীর্ঘ মেয়াদে ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে।

এমনিতেই আমাদের দেশের পুঁজিবাজারে ভালো এবং যোগ্যতাসম্পন্ন মানুষ কাজ করতে আগ্রহ দেখায় না। ভালো পেশাদার পুঁজিবাজার বিশেষজ্ঞ এখানে নেই বললেই চলে। স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহীর পদে নিয়োগ দেওয়ার জন্য যোগ্যতাসম্পন্ন লোক খুঁজে পাওয়া যায় না। স্টক এক্সচেঞ্জের গুরুত্বপূর্ণ পদে, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, কোথাওই পেশাদার লোক নিয়োগ দেওয়ার জন্য খুঁজে পাওয়া যায় না। এর অর্থ এই নয় যে, দেশে যোগ্যতাসম্পন্ন লোক নেই। অনেক আছে। কিন্তু তারা পুঁজিবাজারে যোগ দিতে চায় না। এই সিআরওর এমন কঠোর শাস্তি দেখে আর যদি কেউ এই পদে চাকরি করতে আগ্রহ না দেখায়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। এ কথা সত্য যে, তীব্র বেকার সমস্যার দেশে হয়তো নিয়োগ দেওয়ার মতো লোকের অভাব হবে না। কিন্তু এমন পরিস্থিতিতে ভালো এবং যোগ্যতাসম্পন্ন কেউ এখানে কাজ করতে মোটেই আগ্রহ দেখাবে বলে মনে হয় না। আর এমনটা হলে, দেশের পুঁজিবাজারের জন্য সেটা হবে অপূরণীয় ক্ষতি, যার দায়ভার বিএসইসি এড়াতে পারবে না। 

এ কথা অস্বীকার করার উপায় নেই যে, পুঁজিবাজারে কঠোর শাস্তি প্রদানের কোনো বিকল্প নাই। পুঁজিবাজারে শৃঙ্খলা বজায় রেখে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে হলে, অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। তবে সেই দৃষ্টান্ত হতে হবে দেশের পুঁজিবাজারের দৃষ্টান্ত, কোনো ব্যাক্তির দৃষ্টান্ত নয়। সিআরওর বিরুদ্ধে বিএসইসি যে ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, তাতে মনে হয় এ যেন পুঁজিবাজারের দৃষ্টান্ত না হয়ে ব্যক্তির দৃষ্টান্ত হয়ে গেছে। বিএসইসির এমন শাস্তিমূলক সিদ্ধান্তের কারণে সেই সিআরও যত না ক্ষতিগ্রস্ত হবে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হতে পারে দেশের পুঁজিবাজারে। কেননা সেই সিআরও সম্ভবত চাকরিজীবনের প্রায় শেষপ্রান্তে চলে এসেছেন। খুব সহসাই হয়তো তার অবসরে যাওয়ার কথা। তা ছাড়া কানাডার একটি ব্যাংকে কাজের অভিজ্ঞতা তার আছে। তাই সে যদি কাজ করতেই চায়, তাহলে কানাডা এসে সে একটি চাকরি জোগাড় করে নিতে পারবে। কিন্তু বিএসইসির এরকম নজিরবিহীন শাস্তি প্রদানের বিষয়টি জানার পর অনেক পেশাদার যোগ্যতাসম্পন্ন কেউ আর এখানে দায়িত্ব পালন করতে আগ্রহ দেখাবে না। ফলে দেশের পুঁজিবাজারে পেশাদারত্ব ক্ষুণ্ন হবে। আর দেশের পুঁজিবাজারে পেশাদারত্ব ক্ষুণ্ন হয়Ñ এমন সিদ্ধান্ত মোটেই কাম্য নয়। 


 লেখক: নিরঞ্জন রায় (সার্টিফায়েড অ্যান্টি-মানি লন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার, টরন্টো, কানাডা) 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা