প্রতীকী ছবি
দেশে বিচারক সংকটের কারণে মামলাজট দীর্ঘদিন ধরেই চলছে। বিচারালয়ের বিভিন্ন স্তরে এই সংকট এতটাই তীব্র হয়ে উঠেছে যে, অমীমাংসিত বিচারের সংখ্যা হিমালয়সম আকার ধারণ করেছে। এর অবশ্যম্ভাবী প্রতিক্রিয়ায় বিচারপ্রার্থীরা যেমন হয়রানির শিকার হচ্ছেন, তেমনি তাদের মধ্যে হতাশাও বাড়ছে। গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিবেদনে উচ্চ আদালতে বিচারপতি সংকট ও মামলাজটের যে চিত্র তুলে ধরা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। প্রতিবেদনে বলা হয়েছে, হাইকোর্টের আপিল বিভাগে মাত্র চারজন বিচারপতির একটি বেঞ্চে আপিল শুনানি ও নিষ্পত্তি চলছে। বিচারক স্বল্পতার কারণে একাধিক আপিল বেঞ্চ গঠন করতে পারছে না সুপ্রিম কোর্ট। বিষয়টি অবহিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম কোর্টের কয়েকজন সিনিয়র আইনজীবী রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৭ লাখ ৯১ হাজার ৯২১টি। আর হাইকোর্টের আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ৩৮ হাজার ৯৭৩টি মামলা। এর পর গত চার মাসে কত মামলার নিষ্পত্তি হয়েছে, নতুন কত সংখ্যক মামলা আদালতে নথিভুক্ত হয়েছে, পরিসংখ্যানে সেটা নেই। তবে অনুমান করা যায়, অনিষ্পন্ন মামলার সংখ্যা হয়তো আরও বেড়েছে। বিস্ময়কর সত্য হলো, স্বাধীনতার পর ১৯৭২ সালে যখন বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৪ হাজার ৫৬টি, তখন আপিল বিভাগের যাত্রা শুরু হয়েছিল ৪ জন বিচারপতি দিয়ে। ২০০৯ সালে সর্বোচ্চ ১১ জন বিচারপতি আপিল বিভাগে দায়িত্ব পালন করেছেন। সে সময় মামলার সংখ্যা ছিল ৫ হাজার ২৬০টি। ২০২৪ সালে মামলার সংখ্যা ছিল ৩১ হাজার ১২০ এবং বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৭১৩-তে। ২০০৯ সালের তুলনায় বিচারাধীন মামলার সংখ্যা প্রায় পাঁচগুণ বৃদ্ধি পেলেও বিচারপতির সংখ্যা তো বাড়েইনি, বরং তা নেমে এসেছে অর্ধেকেরও নিচে। ফলে উচ্চ আদালতে মামলাজট রাজধানীর যানজটকেও হার মানাচ্ছে। আইনজীবীরা বিচারপতি স্বল্পতাকেই এজন্য দায়ী করেছেন। তারা এও বলেছেন, যেহেতু সংবিধানে একাধিক বেঞ্চ গঠনে কোনো নিষেধ নেই, তাই অধিক সংখ্যক বেঞ্চ গঠন করে মামলাজট কমানো উচিত। তা ছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি নিয়োগও জরুরি। না হলে এ মামলাজট কোনোদিন কমবে না, বরং দিন দিন তা বৃদ্ধি পেতেই থাকবে। উচ্চ আদালতে বিচারক নিয়োগের দীর্ঘসূত্রতা যে বিচারপতি সংকটের প্রধান কারণ, সে কথা বলার অপেক্ষা রাখে না। ইতোমধ্যে কয়েকজন সিনিয়র বিচারপতি অবসরে গেলেও রাজনৈতিক ও আইনি জটিলতার কারণে সেসব শূন্য পদে বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে না বলেও জানা গেছে।
‘জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড’Ñ প্রবাদটি এ ক্ষেত্রে প্রণিধানযোগ্য। বিচার বিলম্বিত হলে বিচারপ্রার্থীর ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। আমাদের দেশে এটা অনেকটা স্থায়ী রূপ নিয়েছে। প্রলম্বিত বিচার প্রক্রিয়ার কারণে বহু বিচারপ্রার্থী ন্যায়বিচার না পেয়ে হতাশায় ভুগছেন। মাসের পর মাস, বছরের পর বছর মামলার জন্য কোর্টে দৌড়ঝাঁপ করতে করতে তারা হয়ে পড়েন ক্লান্ত, অবসন্ন। পাশাপাশি উকিল-মোক্তারের পেছনে টাকা ঢালতে ঢালতে তারা হয়ে পড়েন নিঃস্ব। এমনও দেখা গেছে একটি মামলা আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই বাদী পরপারে চলে গেছেন।
এটা বলার অপেক্ষা রাখে না, আপিল বিভাগের একটিমাত্র বেঞ্চের দ্বারা আদালতের মামলাজট নিরসন করা সম্ভব নয়। এজন্য দ্রুত বিচারক নিয়োগের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। বর্তমান প্রক্রিয়ায় বিচারপতি নিয়োগে যে দীর্ঘসূত্রতা রয়েছে, বিচারালয়ের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা এবং নতুন নিয়োগবিধিই তা দূর করতে পারে। পরিতাপের বিষয় হলো, সম্প্রতি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার একটি বিল জাতীয় সংসদে প্রত্যাখ্যাত হয়েছে। আমরা মনে করি, রাজনৈতিক মনোভঙ্গি থেকে নয়, দেশের যেকোনো সমস্যাকে দেখতে হবে বৃহত্তর জাতীয় স্বার্থের আলোকে। উচ্চ আদালতে বিচারপতি সংকট ও মামলাজটের বিষয়টিও এর বাইরে নয়। জনগণের দ্রুত ন্যায়বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার ত্বরিত পদক্ষেপ নেবে, দেশবাসীর মতো আমরাও সে প্রত্যাশা করি।