× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসযোগ্য পরিবেশ সুরক্ষা জরুরি

মতিলাল দেব রায়

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৩:১৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। ভৌগোলিক অবস্থান, ঘনবসতি, নদী-নির্ভর জীবনব্যবস্থা এবং সীমিত প্রাকৃতিক সম্পদের কারণে পরিবেশগত যেকোনো সংকট আমাদের জন্য বহুমাত্রিক বিপর্যয়ের কারণ হতে পারে। একদিকে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব, অন্যদিকে বনভূমি ধ্বংস, পাহাড় কাটা, নদী দখল, জলাভূমি ভরাট, অপরিকল্পিত নগরায়ণ এবং শিল্পবর্জ্যের দূষণÑ হাসপাতালের বর্জ্য, শহর ও গ্রামে মানুষের দৈনন্দিন খাবারের বর্জ্য সব মিলিয়ে বাংলাদেশের পরিবেশ আজ মারাত্মক হুমকির মুখে। এই বাস্তবতায় পরিবেশ-বিরোধী কর্মকাণ্ড বন্ধ করা, বনভূমি দখলমুক্ত করা এবং বননির্ভর মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য হয়ে পড়েছে। 

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব যত বাড়ছে, বাংলাদেশের ঝুঁকিও তত গভীর হচ্ছে। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, অতিবৃষ্টি, দীর্ঘস্থায়ী খরা, লবণাক্ততার বিস্তার এবং অস্বাভাবিক তাপমাত্রা মানুষের জীবনযাত্রা ও অর্থনীতিকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করছে। কৃষি উৎপাদন কমছে, পানির সংকট বাড়ছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। অথচ এই সংকট মোকাবিলায় সবচেয়ে কার্যকর প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হলো সজীব বনভূমি ও জীববৈচিত্র্য। কিন্তু দুঃখজনকভাবে সেই বনভূমিই আজ সবচেয়ে নির্জীব হতে চলেছে। 

সিলেট অঞ্চল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চল। এখানকার সংরক্ষিত বন, চিরসবুজ বন, পাহাড়ি জীববৈচিত্র্য এবং অসংখ্য বন্যপ্রাণী দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু বছরের পর বছর ধরে বনভূমি দখল, অবৈধ স্থাপনা নির্মাণ, পাথর আহরণ, পাহাড় কাটা এবং বৃক্ষ নিধনের কারণে এ অঞ্চলের বনাঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু সিলেট নয়, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, শেরপুর, টাঙ্গাইল এবং পার্বত্য অঞ্চলের বনও একই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বনভূমি কমে গেলে শুধু গাছ হারায় না; হারিয়ে যায় অসংখ্য প্রাণীর আবাসস্থল, নষ্ট হয় পানির উৎস, বৃদ্ধি পায় ভূমিধসের ঝুঁকি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও ভয়াবহ হয়ে ওঠে।

বন বিভাগের অধীন সংরক্ষিত বনভূমির একটি বড় অংশ দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর দখলে রয়েছে। কোথাও অবৈধ বসতি, কোথাও শিল্পপ্রতিষ্ঠান, কোথাও বাণিজ্যিক স্থাপনা, আবার কোথাও কৃষি সম্প্রসারণের নামে বনভূমি দখল করা হয়েছে। এসব দখলদারত্ব শুধু আইনের লঙ্ঘন নয়Ñ এটি রাষ্ট্রীয় সম্পদ এবং জনগণের ভবিষ্যতের বিরুদ্ধে অপরাধ। সরকারকে কঠোর রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতার মাধ্যমে সিলেটসহ দেশের সব বনভূমি দখলমুক্ত করতে হবে। যেসব বনভূমি অবৈধভাবে দখল হয়েছে, সেগুলো দ্রুত উদ্ধার করে পুনঃবনায়নের উদ্যোগ নিতে হবে। উদ্ধার করা জমিতে দেশীয় প্রজাতির গাছ লাগিয়ে বন পুনরুদ্ধারের দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

তবে বন রক্ষার প্রশ্নে আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা রয়েছে। বহু মানুষ প্রজন্মের পর প্রজন্ম বননির্ভর জীবনযাপন করে আসছে। তাদের মধ্যে আদিবাসী জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বনসংলগ্ন দরিদ্র পরিবার রয়েছে, যাদের জীবিকা বনজ সম্পদের ওপর নির্ভরশীল। পরিবেশ সংরক্ষণের নামে যদি তাদের জীবন-জীবিকার বিষয়টি উপেক্ষা করা হয়, তাহলে টেকসই সমাধান সম্ভব হবে না। কারণ বন এবং বননির্ভর মানুষ একে অপরের পরিপূরক। তাই বন দখলমুক্ত করার পাশাপাশি প্রকৃত বননির্ভর মানুষের জন্য নিরাপদ আবাসন, বিকল্প কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশে কমিউনিটি ফরেস্ট ব্যবস্থাপনা সফল হয়েছে, যেখানে স্থানীয় জনগণ বন সংরক্ষণের অংশীদার হিসেবে কাজ করে। বাংলাদেশেও বননির্ভর মানুষকে বন রক্ষার অংশীদার করা গেলে বন ধ্বংস অনেকাংশে কমানো সম্ভব। তাদের প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ, কৃষিভিত্তিক বিকল্প আয়ের সুযোগ, পরিবেশবান্ধব পর্যটন, নার্সারি, মৌ চাষ, ঔষধি গাছের চাষ, বাঁশ ও বেতশিল্পসহ বিভিন্ন টেকসই উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। এতে যেমন মানুষের আয় বাড়বে, তেমনি বন উজাড়ের প্রবণতাও কমে আসবে।

পরিবেশ-বিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলাও জরুরি। এখনও অনেক ক্ষেত্রে নদী ভরাট, পাহাড় কাটা, বন উজাড় কিংবা জলাভূমি দখলকে উন্নয়নের অংশ হিসেবে দেখানো হয়। কিন্তু প্রকৃত উন্নয়ন কখনও পরিবেশ ধ্বংসের বিনিময়ে হতে পারে না। যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে বিপন্ন করে, সেটি টেকসই উন্নয়ন নয়। উন্নয়ন পরিকল্পনায় পরিবেশগত প্রভাব মূল্যায়ন কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং কোনো প্রকল্প পরিবেশের জন্য ক্ষতিকর হলে তা পুনর্বিবেচনা করতে হবে।

একই সঙ্গে স্থানীয় সরকার, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচারব্যবস্থার মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। পরিবেশ-বিরোধী অপরাধের দ্রুত বিচার, অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং বনভূমি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা গেলে আইনের প্রতি মানুষের আস্থা বাড়বে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে স্যাটেলাইট নজরদারি, ড্রোন এবং ডিজিটাল মানচিত্রের মাধ্যমে বনভূমি পর্যবেক্ষণও সময়ের দাবি।

শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও পরিবেশ রক্ষার আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে শিক্ষা দেওয়া প্রয়োজন। নাগরিকদের মধ্যে গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, জলাশয় রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের সংস্কৃতি গড়ে তুলতে হবে। 

বাংলাদেশ ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ন্যায্য অর্থায়নের দাবি তুলে ধরেছে। কিন্তু আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি নিজেদের ঘরও গুছিয়ে নিতে হবে। যদি আমরা নিজেরাই বনভূমি রক্ষা করতে না পারি, নদী ও পাহাড় সংরক্ষণে ব্যর্থ হই এবং পরিবেশ-বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে অসমর্থ হই,তাহলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা অসম্ভভ হয়ে পড়বে। 

মোদ্দা কথা হলো, পরিবেশ রক্ষা করতে পারলে তবেই আমরা একটি নিরাপদ, সমৃদ্ধ ও বাসযোগ্য বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারব। পরিবেশ রক্ষার এই সংগ্রাম কোনো একক প্রতিষ্ঠানের নয়; এটি রাষ্ট্র, সমাজ এবং প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়, কারণ প্রকৃতি কারও মুখ চেয়ে আচরণ করে না। 


লেখক: মতিলাল দেব রায় (কলামিস্ট ও সমাজ সংগঠক)

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা