× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাস্থ্যবিনাশী প্রসাধনী

সম্পাদকীয়

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১১:৩২ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জাতীয় মান সংস্থা বিএসটিআই দেশের বাজারে থাকা অননুমোদিত ও চোরাই পথে আসা ৮টি ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার বিষাক্ত মার্কারি বা পারদ শনাক্ত করেছে। এই ক্রিমগুলো ত্বকের মারাত্মক ক্ষতিসহ কিডনি, স্নায়ুতন্ত্র এবং গর্ভবতী নারীদের অনাগত শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত করতে পারে। গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই গণমাধ্যমকে এমন তথ্যই জানায়। সংস্থাটি বলছে, বাজারজাত বেশিরভাগ ত্বক ফর্সাকারী ক্রিমই অবৈধভাবে আমদানি করা। এসব পণ্য লাগেজ কিংবা বিভিন্ন চোরাই পথে দেশে প্রবেশ করে। ফলে মান যাচাইয়ের সুযোগ থাকে না। বিএসটিআইয়ের পক্ষ থেকে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকির কথা বিবেচনায় সাধারণ মানুষকে এসব প্রসাধনী ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিএসটিআইর তথ্য বলছে, যেকোনো প্রসাধনীতে মার্কারির সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা ১ পিপিএম। অথচ পরীক্ষায় পাকিস্তানের এসজে এন্টারপ্রাইজের চাঁদনি হোয়াটেনিং ক্রিমে ১২০.৩৯ পিপিএম, কিউসিআই কোম্পানির নিউ ফেইস বিউটি ক্রিমে ৪৪.৭২ পিপিএম, লোয়া ইন্টারন্যাশনালের নাভিয়া বিউটি ক্রিমে ৫৯.৮২ পিপিএম ও নাভিয়া হোয়াটেনিং ক্রিমে ৭৯.৭০ পিপিএম, নুর এন্টারপ্রাইজের নুর হোয়াটেনিং ক্রিমে ৮২.৭৬ পিপিএম, ক্রিয়েটিভ কসমেটিকসের ডিউ বিউটি ক্রিমে ১২৩.৩৭ পিপিএম, গৌরী কসমেটিকস প্রাইভেট লিমিটেডের গৌরী বিউটি ক্রিমে ৫৬.৯৩ পিপিএম এবং চীনের জিএলডিজেবি (হারবিন) কসমেটিকস কোম্পানি লিমিটেডের ন্যাচারাল পার্ল স্ক্রিন ক্রিমে ৬৭.৪৯ পিপিএম মার্কারি শনাক্ত হয়েছে। এই ব্যাপারে সংস্থাটির মহাপরিচালক বলেছেন, জনস্বাস্থ্যের প্রশ্নে আমাদের কোনো ধরনের আপসের সুযোগ নেই। তিনি বলেন, ক্ষতিকর উপাদানযুক্ত প্রসাধনী উৎপাদন, আমদানি বা বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশ্বাস দিয়েছেন বাজার তদারকি, নমুনা সংগ্রহ, পরীক্ষাগার বিশ্লেষণ, মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স কার্যক্রম আরও জোরদার করার।

এটা সত্য যে, ত্বক ফর্সা করার আকাঙ্ক্ষাকে পুঁজি করে বাজারে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের স্কিন ক্রিম বিক্রি হচ্ছে। আকর্ষণীয় বিজ্ঞাপন, সামাজিক সৌন্দর্যবোধ এবং দ্রুত ফল পাওয়ার প্রলোভনে অনেকেই এসব প্রসাধনী ব্যবহার করছেন। এই বাস্তবতায় সাম্প্রতিক পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত হওয়ার ঘটনা জনস্বাস্থ্যের জন্য সত্যিই উদ্বেগজনক। এটি শুধু ভোক্তা অধিকার লঙ্ঘনই নয়Ñ জনস্বাস্থ্য, পরিবেশ এবং বাজার তদারকির ক্ষেত্রেও একটি বড় সতর্কবার্তা।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, মার্কারি একটি অত্যন্ত বিষাক্ত ভারী ধাতু। দীর্ঘদিন মার্কারিযুক্ত প্রসাধনী ব্যবহারের ফলে ত্বকের স্থায়ী ক্ষতি, স্নায়ুতন্ত্রের সমস্যা, স্মৃতিশক্তি হ্রাসসহ নানা নেতিবাচক প্রভাব পড়তে পারে। অনেক সময় ত্বক সাময়িকভাবে উজ্জ্বল দেখালেও এর আড়ালে শরীরে ধীরে ধীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। ফলে এই ধরনের প্রসাধনী ব্যবহারকারীরা অজান্তেই নিজেদের স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছেন।

দুঃখজনক সত্য হলো, কিছু অসাধু আমদানিকারক ও উৎপাদনকারী প্রতিষ্ঠান অধিক মুনাফার আশায় নিষিদ্ধ বা ক্ষতিকর উপাদান ব্যবহার করছে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর নিয়মিত নমুনা পরীক্ষা, বাজার তদারকি এবং আইন প্রয়োগে ঘাটতির সুযোগ নিয়ে বছরের পর বছর তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। বাজারে এসব প্রসাধনী দামে কম হওয়ায় সহজলভ্যও।

এমন পরিস্থিতিতে প্রথমেই প্রয়োজন কঠোর প্রশাসনিক ব্যবস্থা। যেসব প্রতিষ্ঠানের পণ্যে নিরাপদ মাত্রার চেয়ে বেশি মার্কারি পাওয়া গেছে, সেগুলো অবিলম্বে বাজার থেকে প্রত্যাহার করতে হবে। দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, জরিমানা এবং প্রয়োজনে লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সীমান্ত ও আমদানি পর্যায়ে প্রসাধনীর মান যাচাই আরও জোরদার করতে হবে, যাতে ক্ষতিকর পণ্য বাজারে প্রবেশের আগেই আটকে দেওয়া যায়।

পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও সমানভাবে গুরুত্বপূর্ণ। ভোক্তাদের বুঝতে হবে, সৌন্দর্যের নামে স্বাস্থ্যের ঝুঁকির বিনিময়ে কোনো পণ্যই গ্রহণযোগ্য হতে পারে না। প্রসাধনী কেনার আগে অনুমোদিত প্রস্তুতকারকের তথ্য, উপাদানের তালিকা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা আরও জোরদার করা দরকার।

আমরা সৌন্দর্যচর্চার ধারণাতে ইতিবাচক পরিবর্তন আনার পরামর্শের কথা বলব। এই ক্ষেত্রে গায়ের রঙ নয়, সুস্থ ও পরিচ্ছন্ন ত্বকই প্রকৃত সৌন্দর্যের পরিচায়কÑ এই বার্তাটি সমাজে প্রতিষ্ঠা করার কথা বলছি। আমরা মনে করি, এসব ক্ষতিকর প্রসাধনীর বিস্তার রোধ করতে ভোক্তা, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, চিকিৎসক, গণমাধ্যম এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ জরুরি। স্কিন ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত হওয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি জনস্বাস্থ্য সুরক্ষায় আরও কার্যকর তদারকি, কঠোর আইন প্রয়োগ এবং ব্যাপক জনসচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ আহ্বান। মানুষের স্বাস্থ্য নিরাপত্তার প্রশ্নে কোনো আপসই গ্রহণযোগ্য নয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা