ফেরদৌস আরা রুমী
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১১:১৫ এএম
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক অস্থিরতা বা বিচ্ছিন্ন ঘটনা ছিল না; এটি অনিবার্য ছিল। দেড় দশক ধরে বাংলাদেশের মানুষের ওপর চেপে বসা স্বৈরাচারী শাসন, অর্থনৈতিক শোষণ এবং জমে থাকা তীব্র সম্মিলিত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল জুলাইয়ের বিস্ফোরণ। ফাইল ছবি
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক অস্থিরতা বা বিচ্ছিন্ন ঘটনা ছিল না; এটি অনিবার্য ছিল। দেড় দশক ধরে বাংলাদেশের মানুষের ওপর চেপে বসা স্বৈরাচারী শাসন, অর্থনৈতিক শোষণ এবং জমে থাকা তীব্র সম্মিলিত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল জুলাইয়ের বিস্ফোরণ। রাজনৈতিক বিশ্লেষক না হয়েও কেবল একজন সাধারণ নাগরিক হিসেবে চারপাশের বাস্তবতা থেকে এটি স্পষ্ট হয়ে ওঠে।
সংকুচিত গণতান্ত্রিক স্পেস, ধ্বংসপ্রাপ্ত অর্থনৈতিক ব্যবস্থা এবং সামাজিক বৈষম্য আমাদের এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছিল যে, প্রতিরোধ ছাড়া ভিন্ন কোনো পথ খোলা ছিল না। কোটা সংস্কার আন্দোলন ছিল সেই জমে থাকা ক্ষোভের উপলক্ষ মাত্র। আজ সেই জনবিস্ফোরণের দিনগুলোর দিকে ফিরে তাকালে দ্রোহ, ক্ষোভ, বেদনা জাগে প্রাণে; একই সঙ্গে কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়তে না পারার অথবা পুরনো সিস্টেম না বদলানোর কারণে হতাশ এবং ক্ষুব্ধ হই বারবার।
স্বৈরাচার হাসিনা সরকার দেশে কর্তৃত্ববাদী ব্যবস্থার ভিত কীভাবে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে তৈরি করছিল, তা রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজ তার বিভিন্ন বিশ্লেষণে বিশদভাবে দেখিয়েছেন। বাস্তবেও আমরা দেখেছি, কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে শাসনব্যবস্থা চালনা করা হয়েছিল। বিচার বিভাগ, প্রশাসন আর আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় ক্যাডার বাহিনীতে রূপান্তর করে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এই প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা যখন শূন্যের কোঠায় নেমে আসে, তখন নাগরিক হিসেবে আমাদের আসলে কোনো মর্যাদাই ছিল না। সাধারণ মানুষের স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ করাই মুক্তির একমাত্র উপায়।
রাজনৈতিক অধিকার হারানোই এই অভ্যুত্থানের একমাত্র কারণ ছিল না; এর আরেকটি মূল প্রভাবক ছিল চরম অর্থনৈতিক সংকট ও বৈষম্য। অর্থনীতিবিদ আনু মুহাম্মদের বিভিন্ন পর্যালোচনায় বারবার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি, ব্যাংক খাতে লুটপাট, অবাধ অর্থ পাচার এবং নিত্যপণ্যের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে গেছেন কঠোর ভাষায়। একদিকে শাসকগোষ্ঠী ও তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী সিন্ডিকেটের অঢেল সম্পদের পাহাড়, অন্যদিকে সাধারণ খেটে খাওয়া মানুষের দুবেলা-দুমুঠো খাবারের প্রতিদিনের সংগ্রাম মানুষকে ক্ষুব্ধ করে রেখেছিল। মেধা থাকা সত্ত্বেও চাকরি না পেয়ে দেশের লাখ লাখ বেকার তরুণের সেই হতাশা যখন চূড়ান্ত সীমায় পৌঁছল, তখন রাজপথে দাবানল জ্বলে ওঠা অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল।
এই ক্ষোভের চূড়ান্ত রূপ আমরা দেখলাম, যখন রাজপথে নেমে আসা সাধারণ জনতা ও তরুণ শিক্ষার্থীদের ওপর হেলিকপ্টার থেকে গুলি, সাউন্ড গ্রেনেড আর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে রাষ্ট্রীয় গণহত্যা চালানো হলো। লেখক ও গবেষক আলতাফ পারভেজ তার বিশ্লেষণে বলেছেন, ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে শাসক দল যখন আন্দোলনকারীদের ‘রাজাকার’ ট্যাগ দিয়ে রাজপথে রক্ত ঝরাতে শুরু করল, তখনই তারা নিজেদের রাজনৈতিক পতন ডেকে এনেছিল। রাজপথে শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের রক্ত ঝরার মধ্য দিয়েই এই গণঅভ্যুত্থানের রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। ফলে জুলাইয়ের সেই প্রতিবাদের ঝড় কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র ছিল না, তা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে সাধারণ মানুষের টিকে থাকার এক প্রাণপণ লড়াই।
এই আন্দোলন কেবল মধ্যবিত্ত বা ছাত্রসমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং দেশের নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ যেমনÑ রিকশাচালক, দিনমজুর, গার্মেন্টস শ্রমিক, টং দোকানদার এবং হকাররা সেদিন রাজপথে নেমে এই অভ্যুত্থানকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে গিয়েছিল। এমনকি হেলিকপ্টারের গুলি কিংবা পুলিশের ছোড়া রাবার বুলেটের ভয় তাদের দমাতে পারেনি। সবচেয়ে বেশি শহীদ ও পঙ্গুত্বের শিকার হয়েছে এই খেটে খাওয়া মানুষগুলোই।
কিন্তু গণঅভ্যুত্থানের পর আজকের বাংলাদেশের দিকে তাকালে এক গভীর হতাশা কাজ করে। যে মেহনতি জনতা নিজেদের জীবন বাজি রেখে স্বৈরাচারের গদি উল্টে দিল, ক্ষমতার পালাবদলের পর কৌশলে তাদের সব হিসাবের বাইরে ঠেলে দেওয়া হলো। সেই খেটে খাওয়া মানুষ আগের মতোই অবহেলিত, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক রয়ে গেল।
অত্যন্ত পরিতাপের বিষয় হলো, শাসকের চেহারার পরিবর্তন ঘটলেও সিস্টেমের কোনো মৌলিক পরিবর্তন দেখা যাচ্ছে না। সিন্ডিকেট ভাঙেনি, নিত্যপণ্যের দাম কমার লক্ষণ নেই, খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক নিরাপত্তার জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেই। এমনকি রাষ্ট্র পুনর্গঠন কিংবা নীতিনির্ধারণের কোনো আলোচনার টেবিলে শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের প্রতিনিধিত্ব নেই। রাজপথের তাজা রক্তের ওপর দাঁড়িয়ে একদল সুবিধাবাদী ও রাজনৈতিক এলিট গোষ্ঠী আগের মতো ক্ষমতার ভাগাভাগি এবং নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়ল।
ইতিহাস সাক্ষী, যে আন্দোলনের প্রধান নায়ক ছিলেন শ্রমিক ও সাধারণ জনতা : তাদের বাদ দিয়ে কেবল রাজনীতির চালের ঘুঁটি হিসেবে ব্যবহার করে সেই রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি কখনোই আসেনি। এত প্রাণের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থান যদি কেবল কিছু দল বা গোষ্ঠীর ক্ষমতা দখলের হাতিয়ার হয়ে যায় এবং মূল ব্যবস্থার কোনো পরিবর্তন না ঘটে, তবে তা শহীদদের রক্তের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। একটি সাম্য ও ন্যায়ের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে সব শ্রেণির ন্যায্য হিস্যা ঠিকঠাক বুঝিয়ে দিতে হবে।
লেখক: ফেরদৌস আরা রুমী (অধিকারকর্মী)