মেশকাত সাদিক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১০:৪৪ এএম
২০২৪ সালের এই দিনে এক নজিরবিহীন গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ফলে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান হয়। সেদিন দেশের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসে। ফাইল ছবি
আজ ঐতিহাসিক ৫ আগস্ট। ২০২৪ সালের এই দিনে এক নজিরবিহীন গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ফলে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান হয়। সেদিন দেশের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসে। প্রাণভয়ে ফ্যাসিস্ট হাসিনা দিল্লিতে পালিয়ে যান। সঙ্গে দেশের প্রাচীন ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটিও জনরোষের ভয়ে অদৃশ্য হয়। ছাত্র-জনতার এই রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে প্রায় দেড় থেকে ২ হাজার মানুষ প্রাণ হারায়। বলাবাহুল্য, যারা প্রাণোৎসর্গ করে তাদের এই অভ্যুত্থান খুব একটা কোনো কাজে আসেনি। কিছুটা মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের পুনরাবৃত্তিই বলা যায়।
দুই বছরের ব্যবধানে অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের প্রতি বাংলাদেশের জনগণের এত ঘৃণা ও ক্ষোভ কেন জন্ম নিল? তার একটি বিশ্লেষণ ও সেই নেতৃত্বের আত্মজিজ্ঞাসা ভীষণ প্রয়োজন। অভ্যুত্থানের ছাত্র-নেতৃত্বের অবস্থা কিছুটা রবার্ট ব্রাউনিংয়ের ‘দ্য প্যাট্রিয়ট’ কবিতার সে বীর রাষ্ট্রনায়কের মতো; যিনি এক বছর যেতে না যেতেই জনসাধারণের সমালোচনার পাত্রে পরিণত হয়েছিলেন। তাকে দেওয়া হলো, দেশদ্রোহী তকমা। আসলে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে এক ধরনের দূরত্বই আজকের এ শঙ্কার কারণ। গণঅভ্যুত্থানে যারা ছিলেন দেশবাসীর কাছে ভবিষ্যতের আশার প্রদীপ, আজ তারা স্বকর্মের কারণে তীব্রভাবে সমালোচিত।একদিন যাদের ডাকে দলে দলে মানুষ ছুটে আসত, তাদের পাশে এখন কার্যত সেই ছবি নেই।
রবার্ট ব্রাউনিংয়ের কবিতাটির মূল বক্তব্য হলো
মানুষের জনপ্রিয়তা, ক্ষমতা, সাফল্য এবং জনমত অস্থায়ী ও পরিবর্তনশীল। কবিতার শুরুতে দেখা যায়, এক বছর আগে দেশপ্রেমিক নায়ককে জনগণ বিপুল উৎসাহ ও সম্মানের সঙ্গে বরণ করে নেয়। শহরের সর্বত্র উৎসবের আবহ, ফুল, পতাকা এবং মানুষের উল্লাস। জনগণ তাকে বীর হিসেবে স্বীকৃতি দিল এবং তার কাছ থেকে আরও বড় সাফল্যের প্রত্যাশা করল। কিন্তু মাত্র এক বছরের ব্যবধানে সেই একই মানুষ সম্পূর্ণ বিপরীত অবস্থার মুখোমুখি। যাদের জন্য তিনি সর্বস্ব উৎসর্গ করেছিলেন, তারাই তাকে অপরাধী হিসেবে মৃত্যুদণ্ডের মঞ্চে নিয়ে যাচ্ছে। জনতার প্রশংসা ও উল্লাসের স্থান নিয়েছে ঘৃণা, অবজ্ঞা ও পাথর নিক্ষেপ। কিন্তু কেনো এমন হলো? সেই আত্মসমালোচনা এখন সবচেয়ে বেশি জরুরি।
২০২৪-এর ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। এতে শুরুতেই নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ দুজন ছাত্র উপদেষ্টা হন। এরপর নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পদত্যাগ করেন এবং তদস্থলে মাহফুজ আলম তথ্য উপদেষ্টা হন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ করে। দলটি ২০২৪ সালের জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রনেতা ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত হয়। তারপর থেকেই সামাজিক মাধ্যমসহ মূল ধারার গণমাধ্যম ও বিভিন্ন টিভি টকশোতেও এনসিপি গঠন, দল পরিচালনার তহবিল ইত্যাদি আলোচনা হতে থাকে। তখন উপদেষ্টা থাকা অবস্থায় ‘তারা দুর্নীতি’ করেছেনÑ এমন বহু বাক-বাক্যে দেশের ভেতরে ও বাইরের বাঙালি সমাজ ভারাক্রান্ত হয়ে পড়ে। ছাত্রনেতাদের মধ্যে একমাত্র হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কম। তবে কথাবার্তা আচরণে অরাজনৈতিক মনোবৃত্তির জন্য তিনিও ব্যাপকভাবে সমালোচিত। দলটির অন্য কেন্দ্রীয় সব নেতাকে নিয়েই দুর্নীতি, বদলিবাণিজ্যসহ নানাবিধ বিষয় ভয়াবহভাবে চাউর হতে থাকে। সেগুলো ধীরে ধীরে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতাও পেতে শুরু করে। সামাজিক মাধ্যমের এই যুগে তথ্য ও অপতথ্য দুটিই ছড়িয়ে পড়ে। কেউ ঠেকাতে পারে না।
এনসিপি ৫ আগস্ট ২০২৪ সালের রাজপথে নেমে আসা জনগণকে মনে করেছে তাদের সমর্থক। এটি ভুল। ক্ষেত্রবিশেষে তা মহাভুল। কারণ ছাত্র-নেতৃবৃন্দ ৩৬ দিন আন্দোলন করেছে। সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে কিন্তু বিএনপি এবং জামায়াতের বাইরের কোনো লোক ছিল না। তাদের নিজস্ব লোক বলতে সামান্য বলা যেতে পারে। এর মধ্যে তরুণ-যুবক ছাত্র-ছাত্রীদের মধ্যে বেশ কিছু গ্রহণযোগ্যতা তৈরি হলেও ডাকসু নির্বাচনে এনসিপির প্রার্থী আব্দুল কাদেরের ১০৮ ভোট পাওয়া দেখেও এনসিপি কোনো শিক্ষা নেয়নি। সত্যিকার অর্থে তাদের সারা দেশে প্রতিটি উপজেলায় গড়ে ৩-৪ হাজার ভোটার থাকতেও পারে।
এনসিপির মহাভুলের একটি হলোÑ বিএনপিকে অরাজনৈতিক ভাষায় আক্রমণ করা। এনসিপি নেতৃত্ব মনে করছে, অরুচিকর ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করলেই মনে হয়, বিপ্লবী হওয়া যায়। কিন্তু পৃথিবীর ইতিহাস তা বলে না। বিপ্লবীকে কিন্তু প্রকৃত বীর হতে হয়। কোনো দলের বয়োজ্যেষ্ঠ নেতাদের অশ্রাব্য ভাষায় গালাগাল করা স্বাভাবিক-সামাজিক আচরণ নয়। ছাত্রনেতাদের বিশেষ করে নাসীরউদ্দীন পাটওয়ারী ও সালাহউদ্দীন আম্মারসহ অসংলগ্ন ভাষা ব্যবহারকারীদের রাজনৈতিক শালীনতা ও বিপ্লবীর বৈশিষ্ট্য ভালো করে পড়তে হবে। এই আন্দোলনে ছাত্রনেতাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে একসময় বিএনপি-জামায়াত। আর এখন জামায়াতের খেলোয়াড় হয়ে বিএনপিকে অশ্রাব্য কটুকথা বললে, তাদের মাথা ছাতাহীন হয়ে যাবে।
শুধু জুলাই-আগস্টের ৩৬ দিন নয়, দীর্ঘ সাড়ে পনের বছরের আন্দোলনের প্রেক্ষাপটে এখন বিএনপি ক্ষমতায়। ঠিক একইভাবে এনসিপি-জামায়াতকে সামনে রেখে পতিত আওয়ামী লীগ যদি বিএনপির পতন ঘটায় সেক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগই সুবিধা নেবে। কারণ সামগ্রিক প্রেক্ষাপট বলে, জামায়াত-এনসিপি জোটের নিকট ভবিষ্যতে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। কারণ বাংলাদেশ পীর-পূজারিদের দেশ। এখানে মানুষকে মানুষ আইডল বানায়। এখানে রাজনৈতিক আদর্শ মানুষ দেখে না। যেমনÑ আওয়ামী লীগ মানে শেখ মুজিব। বিএনপি মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দুজনই তুমুল জনপ্রিয়।
৫ আগস্ট ২০২৪-এর থেকে প্রতিবেশি একটি দেশ বা তাদের দোসরগণ বসে নেই। তারা ফ্যাসিস্ট যুগের মতোই ন্যারেটিভ তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে। বিভিন্ন মিডিয়ায় বিনিয়োগ আবারও চলছে। আর এসব না চললেও অসুবিধে নেই। কারণ ইতোমধ্যেই জামায়াতের ধর্মীয় গ্রহণযোগ্যতাও প্রশ্নের মুখে। জামায়াতকে তুলে ধরার জন্য সেই মাপের আলেম তাদের দলে নেই। আমীর হামজার মতো যারা হয়ে উঠছিলেন, তারাও অত্যন্ত অবান্তর, ভিত্তিহীন, অপতথ্য ও মিথ্যা উদাহরণ সেট করাতেই, তাদেরও গ্রহণযোগ্যতা নেই।
উহুদ যুদ্ধের (৬২৫ খ্রিস্টাব্দ) শুরুতে মুসলমানরা বিজয়ের পথে এগিয়ে ছিলেন। রাসুল (সা.) উহুদ পাহাড়ের একটি গিরিপথে পঞ্চাশজন তীরন্দাজকে নিয়োজিত করে কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন, যেকোনো পরিস্থিতিতে যেন তারা নিজেদের অবস্থান ত্যাগ না করেন। কিন্তু যুদ্ধের মাঝপথে কিছু তীরন্দাজ যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের আশায় সেই স্থান ছেড়ে চলে যান। এই সুযোগে খালিদ ইবনুল ওয়ালিদ, অশ্বারোহী বাহিনী নিয়ে পেছন দিক থেকে আক্রমণ করেন। ফলে যুদ্ধের মোড় ঘুরে যায় এবং মুসলমানরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন। এ যুদ্ধে মহানবী (সা.) আহত হন এবং তাঁর প্রিয় চাচা হজরত হামযা (রা.) শাহাদত বরণ করেন। এই ঘটনাটি বলার কারণ হলোÑ ‘কিছু তীরন্দাজ যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের আশায় সেই স্থান ছেড়ে চলে যান।’ এরপর মুসলমানরা যুদ্ধে পরাজিত হন।
আমার কাছে মনে হয় ৫ আগস্টের পর যেভাবে সম্পদ সংগ্রহের প্রতিযোগিতা দেখলাম, তাতে এই বিজয় বেশি দিন ধরে রাখা সম্ভব হবে কিনা সন্দেহ। ফ্যাসিবাদবিরোধী অনৈক্য সে শঙ্কারই সৃষ্টি করেছে।
লেখক: মেশকাত সাদিক (কলাম লেখক)