× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহামুক্তির মহান দিবস

সম্পাদকীয়

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১০:৩৭ এএম

ইতিহাসের বর্বরতম ফ্যাসিস্ট সরকারের কবল থেকে এদেশের মানুষের মহামুক্তির মহান দিন হিসেবে তা ইতিহাসে ঠাঁই করে নিয়েছে। দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে গত বছর থেকে পালিত হচ্ছে। ফাইল ছবি

ইতিহাসের বর্বরতম ফ্যাসিস্ট সরকারের কবল থেকে এদেশের মানুষের মহামুক্তির মহান দিন হিসেবে তা ইতিহাসে ঠাঁই করে নিয়েছে। দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে গত বছর থেকে পালিত হচ্ছে। ফাইল ছবি

প্রতিটি জাতির জীবনেই এমন কিছু দিবস থাকে, যেগুলো অবিস্মরণীয় হিসেবে বিবেচিত। সে জাতি চিরকাল ওই দিবসগুলোকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে। এসব দিবসের কোনো কোনোটি জাতীয় ইতিহাসের বাঁক পরিবর্তনের দিকনির্দেশক। আমাদের জাতীয় জীবনেও তেমন কয়েকটি দিন রয়েছে যেগুলো ইতিহাসের স্মারক হিসেবে স্বীকৃত। ৫ আগস্ট তেমনই একটি দিন।

ইতিহাসের বর্বরতম ফ্যাসিস্ট সরকারের কবল থেকে এদেশের মানুষের মহামুক্তির মহান দিন হিসেবে তা ইতিহাসে ঠাঁই করে নিয়েছে। দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে গত বছর থেকে পালিত হচ্ছে। এ উপলক্ষে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। আমরাও সশ্রদ্ধ চিত্তে জুলাই শহীদদের স্মরণ করি। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। 

দীর্ঘ সাড়ে পনেরো বছরের স্বৈরশাসনের অবসান ঘটেছিল এদিন। শ্বাসরুদ্ধকর অবস্থায় দিনাতিপাত করা এদেশের মানুষ ২০২৪ সালের ৫ আগস্ট অপরাহ্ণে ফেলেছিল স্বস্তির নিঃশ্বাস। স্বৈরশাসকের কবল থেকে মুক্তির আনন্দে তারা সেদিন বাঁধভাঙা জোয়ারের ন্যায় নেমে এসেছিল রাজপথে। বিজয়ের উল্লাসে তারা আকাশ-বাতাস কাঁপিয়েছিল উদাত্ত কণ্ঠের স্লোগানে। সে ছিল এক অভূতপূর্ব দৃশ্য। মুক্তির আনন্দে একটি জাতি কতটা উচ্ছ্বসিত হতে পারে, চব্বিশের ৫ আগস্ট তার উদাহরণ। সেদিন স্বৈরশাসক ও তাদের তল্পিবাহকরা ছাড়া গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল; সব নদী এক মোহনায় মিলিত হওয়ার মতো। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ও ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছাড়া এমন দৃশ্য বাংলাদেশে আর দেখা যায়নি। এ দিনগুলোতে যেমন সর্বস্তরের মানুষ রাজপথে উল্লাসনৃত্য করেছিল, তেমনি ৫ আগস্ট সারা বাংলাদেশ পরিণত হয়েছিল একটি উল্লাস মঞ্চে। ছাত্র-শিক্ষক, যুবক-প্রৌঢ়, কর্মজীবী নারী-পুরুষ, গৃহবধূ এমনকি শিশুরাও নেমে এসেছিল ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করতে। সে ছিল এক শিহরণ জাগানো দৃশ্য। 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সঙ্গী-সাঙাতসহ শেখ হাসিনার বাংলাদেশ থেকে পলায়ন ছিল ইতিহাসের অনিবার্য পরিণতি। পৃথিবীর ইতিহাসে দেখা যায়, কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসকই বেশিদিন টিকে থাকতে পারেনি। রাষ্ট্রক্ষমতার অপব্যবহার, চরম দমন-পীড়ন ও হত্যাযজ্ঞ চালিয়ে তারা হয়তো মানুষকে সাময়িক সময়ের জন্য দমিয়ে রাখতে পারে, তবে সময়ের কাছে তাদের হার মানতে হয়। ক্ষুব্ধ মানুষ যখন ‘জীবন-মৃত্যু পায়ের ভৃত্য’Ñ মনীষীর বাণীকে শিরোধার্য করে জিঘাংসায় উন্মত্ত শাসকের মুখোমুখি দাঁড়ায়, তখন সে শাসককে মাথা নুইয়ে পরাজয় বরণ করতে হয়। কখনও-বা পালিয়ে যেতে হয় শেয়ালের মতো লেজ গুটিয়ে। চব্বিশের ৫ আগস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিণতি এর চেয়ে ভিন্ন কিছু হয়নি। 

ইতিহাস সাক্ষ্য দেয়, স্বৈরশাসনের প্রাসাদ অত্যন্ত দুর্বল হয়। জনসমর্থনহীন শাসকগোষ্ঠী দাঁড়িয়ে থাকে নড়বড়ে ভিত্তির ওপর। জনবিক্ষোভ বা গণ-আন্দোলনের ভূকম্পন সহ্য করার ক্ষমতা তাদের থাকে না। এ ভূমিকম্পের মাত্রা মাপার কোনো রিখটার স্কেল হয়তো নেই। তবে এর মাত্রা সবচেয়ে তীব্র হয়, পৃথিবীর ইতিহাস তারও সাক্ষী। যুগে যুগে ফ্যাসিবাদী শাসকরা জনগণের অধিকার হরণের মাধ্যমে ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার চেষ্টা করেছে। শেখ হাসিনাও তার ব্যতিক্রম ছিলেন না। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করে যে বিভীষিকাময় পরিস্থিতি তিনি কায়েম করেছিলেন, তা ছিল এদেশের ইতিহাসে নজিরবিহীন। পর পর তিনটি জাতীয় সংসদ নির্বাচন ভোটারবিহীনভাবে সম্পন্ন করে রাষ্ট্রক্ষমতাকে স্থায়ী করার অপচেষ্টায় লিপ্ত হয়েছিলেন তিনি। পাশাপাশি বিরুদ্ধবাদী রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা, গুম ও টর্চার সেলে অমানবিক নির্যাতন শেখ হাসিনাকে ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট শাসক জার্মানির হিটলার ও ইতালির মুসোলিনীর কাতারে দাঁড় করিয়েছে।

আজ দুই বছর পরে পেছন ফিরে তাকালে আক্ষরিক অর্থে ঐক্যবদ্ধ এক বাংলাদেশের চিত্র চোখের সামনে ভেসে ওঠে। সেদিন কারও আহ্বানের অপেক্ষায় থাকেনি এদেশের মুক্তিকামী মানুষ। বলা নিষ্প্রয়োজন, জনতার সে ইস্পাত-কঠিন ঐক্যই বিদায় ঘণ্টা বাজিয়েছিল লীগ স্বৈরশাসনের। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সে ঐক্য এখন বিনষ্ট হওয়ার পথে। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষশক্তির মধ্যে সৃষ্ট বিভাজনকে আমরা অশনিসংকেত হিসেবেই দেখছি। রাষ্ট্রক্ষমতা নিয়ে দলগুলোর কাড়াকাড়ি, সমালোচনার নামে প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে শালীনতা বিবর্জিত বিষোদগার জনসাধারণকে ক্রমশ হতাশার সাগরে নিমজ্জিত করছে। কেননা, তারা বিশ্বাস করে, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষশক্তির মধ্যে যেকোনো বিভক্তি-বিভাজন এর শত্রুপক্ষকেই মাথা তোলার মওকা দেবে। প্রচলিত প্রবচন ‘স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন’ এ ক্ষেত্রে স্মরণযোগ্য। দীর্ঘ দেড় দশকের নিরবচ্ছিন্ন আন্দোলন, ক্ষমতাসীন গোষ্ঠীর নিপীড়ন-নির্যাতন ও সর্বশেষ জুলাই আন্দোলনে হাজারো মানুষের আত্মাহুতির মধ্য দিয়ে যে মুক্তি অর্জিত হয়েছে, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের দ্বন্দ্বে তা বিনষ্ট হোক, দেশবাসী তা চায় না। 

রাজনৈতিক নেতৃত্বকে স্মরণে রাখতে হবে, গণতন্ত্রের সুরক্ষায় উদার মানসিকতা ও সহনশীলতার অনুশীলনের বিকল্প নেই। বলা বাহুল্য, এর আগেও আমরা স্বৈরশাসনের জিঞ্জির ছিন্ন করে গণতন্ত্র উদ্ধার করেছিলাম। কিন্তু রাজনৈতিক দল ও নেতৃত্বের সংকীর্ণতার কারণে তা হারিয়েও গিয়েছিল। আর গণতন্ত্র একবার হারালে তা উদ্ধার করা যে কতটা দুঃসাধ্য শেখ হাসিনার বিরুদ্ধে দেড় দশকের সংগ্রামই তার প্রমাণ।

ঘরপোড়া গরু পশ্চিমাকাশে সিঁদুরে মেঘ দেখলে যেমন আঁতকে ওঠে, তেমনি রাজনৈতিক দলগুলোর বিভাজন দেশবাসীকে সঙ্গত কারণেই শঙ্কিত করে তুলছে। আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাব, নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত না হতে। ঐক্যে ফাটল ধরিয়ে পতিত শক্তিকে মাথা তুলে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হবে চরম আত্মবিনাশী কাজ। রাজনৈতিক নেতৃত্বের শুভবুদ্ধির উদয় হবেÑ এ প্রত্যাশা দেশবাসীর। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা