মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
দেশে তীব্র গ্যাস সংকটে গৃহিণীদের হেঁসেল, শিল্পকারখানার উৎপাদন এবং যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তবে বিশেষ ক্ষতির সম্মুখীন দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি শিল্প খাত। এতে সরাসরি ক্ষতির মুখে পড়েছে দেশের প্রায় ২৫০০ শিল্পকারখানা। মাতারবাড়ীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধের পর জাহাজ সংকটের কারণে গ্যাস সরবরাহ কমেছে দৈনিক ৪৫ কোটি ঘনফুট। এতে সারা দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
মোট ক্ষতি তাৎক্ষণিকভাবে নিরূপণ করা না গেলেও, উৎপাদন ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমে গেছে এবং বিকল্প জ্বালানি ব্যবহার করায় পরিচালন ব্যয় বহুলাংশে পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা রপ্তানি খাত ও শিল্প বিনিয়োগকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। কবে নাগাদ এ সংকট কাটবে, তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। এতে শুধু শিল্প উদ্যোক্তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না; কর্মসংস্থান, রপ্তানি, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনীতিও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে।
শিল্প উৎপাদনের মৌলিক অনুষঙ্গ হলো জ্বালানি। সহজ করে বললে, শিল্প খাতের বিকাশ অনেকটাই জ্বালানির ওপর নির্ভরশীল। যে কারণে ছোট বড় সকল কারখানা পরিচালনায় অব্যাহত জ্বালানি সুবিধা পাওয়া যাবে কি না সেটি উদ্যোক্তাদের কাছে প্রথম বিবেচ্য বিষয়। কেননা জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হলে বিনিয়োগের প্রত্যাশিত মুনাফা না পাওয়া, বাণিজ্যিক ঋণ পরিশোধের সক্ষমতা কমে যাওয়া তথা ব্যবসায়িক ঝুঁকি তৈরি হয়। অবশ্য শিল্প খাতে এই জ্বালানি সংকট স্বল্প সময়ে তৈরি হয়নি। দীর্ঘদিন ধরে গ্যাস অনুসন্ধানে স্থবিরতা, দেশীয় গ্যাসক্ষেত্র উন্নয়নে ধীরগতি, আমদানি-নির্ভর জ্বালানি নীতির ঝুঁকি, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং বৈশ্বিক বাজারে জ্বালানির মূল্য অস্থিরতাÑ সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সংকট মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ যেমন জরুরি, তেমনি প্রয়োজন দীর্ঘমেয়াদি ও বাস্তবসম্মত পরিকল্পনাও।
বিগত বছরগুলোয় দেশে শিল্প প্রবৃদ্ধি ছিল নিম্নমুখী। এর কারণ হিসেবে বেসরকারি খাতে ঋণপ্রবাহ সীমিত ও বিনিয়োগ স্থবিরতাকে দায়ী করা হয়। বাস্তবে এটা উপেক্ষা করার সুযোগ নেই। তবে কাঙ্ক্ষিত ঋণ প্রবৃদ্ধি ও বিনিয়োগ না আসার পেছনে বড় কারণ হিসেবে কাজ করছে জ্বালানি সংকট। পরিসংখ্যান বলছে, দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ সক্ষমতা মাত্র ২ হাজার ৬৭০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুটের বেশি ঘাটতি নিয়ে দেশের শিল্প খাত পরিচালিত হচ্ছে। ফলে গ্যাসের ঘাটতি দৃশ্যমান। এই ঘাটতির বড় প্রভাব পড়ছে উৎপাদন ব্যয়ের ওপর। পর্যাপ্ত গ্যাস না থাকায় অনেক প্রতিষ্ঠান বিকল্প হিসেবে ডিজেল বা ফার্নেস অয়েল ব্যবহার করছে। এতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে যেখানে প্রতিযোগিতা ক্রমেই কঠিন হচ্ছে, সেখানে অতিরিক্ত উৎপাদন ব্যয় বাংলাদেশের রপ্তানি সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে সময়মতো পণ্য সরবরাহ না হলে বায়ারদের আস্থা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘমেয়াদে এটি নতুন ক্রয়াদেশ হারানোর কারণও হতে পারে।
শুধু বড় শিল্প নয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পও সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বড় প্রতিষ্ঠান কিছুটা হলেও বিকল্প ব্যবস্থা নিতে পারে, কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের সেই সক্ষমতা নেই। ফলে অনেক কারখানা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে শ্রমিকদের আয় ও জীবিকায়। কর্মঘণ্টা কমে যাওয়া, ওভারটাইম বন্ধ হওয়া এবং নতুন নিয়োগ স্থগিত হওয়ার মতো পরিস্থিতি ইতোমধ্যে অনেক শিল্পাঞ্চলে দেখা যাচ্ছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ২০১৭-২৫ সাল নাগাদ দীর্ঘ আট বছরে স্থানীয় উৎস থেকে গ্যাস উৎপাদন কমেছে ৩৭ শতাংশ। অন্য দিকে প্রতিবছর বিপুল পরিমাণ পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল, এলএনজি, এলপিজি ও কয়লা আমদানি করা হচ্ছে। এসব জ্বালানি পণ্য আমদানিতে বিপুল অর্থ ব্যয় হচ্ছে। জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর যে পরিমাণ এলএনজি আমদানি করা হয়, তা মোট গ্যাসের চাহিদার এখন ২৫ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ। এ গ্যাস আমদানি করতে সরকারকে গত অর্থবছরে ৫৯ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে। আর এ খাতে ভর্তুকি লেগেছে অর্থবছরে ১৪ হাজার ৬০০ কোটি টাকা। আবার গ্যাসের বড় অংশ যাচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। যদিও পর্যাপ্ত গ্যাসের অভাবে বিদ্যুৎ খাত বর্তমানে রেশনিং করে চালানো হচ্ছে।
দেশে সাত হাজার মেগাওয়াট সক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। প্রতিবছর এসব কেন্দ্রের জন্য অন্তত ১৫ হাজার কোটি টাকার কয়লাও আমদানি করা হচ্ছে। অথচ দেশে পাঁচটি খনিতে যে পরিমাণ কয়লা রয়েছে তার ২০ শতাংশ উত্তোলন করা গেলেও ১ হাজার ৫৬৪ মিলিয়ন কয়লা উত্তোলন করা যেতে পারে, যা ৪০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা পূরণ হতে পারে বলে জ্বালানি বিভাগ বলছে। এসব তথ্য স্পষ্ট করে যে, দেশীয় জ্বালানির সম্ভাবনা কাজে লাগানোয় জোর না দিয়ে কীভাবে আমদানি-নির্ভরতা বাড়ানো হয়েছে, যা অর্থনীতিতে ঝুঁকি বেড়েছে।
আমদানি-নির্ভর জ্বালানি কাঠামোর সবচেয়ে বড় ঝুঁকি ভূ-রাজনৈতিক অস্থিরতা। এতে দাম আন্তর্জাতিক ও স্থানীয় জ্বালানির বাজার দোদুল্যমান থাকে, যার সাম্প্রতিক উদাহরণ মধ্যপ্রাচ্যের সংঘাত। এর আগে ২০২২ সালের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটেও জ্বালানি ঘিরে বড় সংকট তৈরি হয়। একদিকে সরবরাহ সংকট, অন্যদিকে বাড়তি দাম শিল্প থেকে শুরু করে সংশ্লিষ্ট সব খাতেও প্রতিবন্ধকতা তৈরি করে। এ কথা সত্য, বর্তমান সরকার শিল্পের বিকাশে নানা উদ্যোগ নিচ্ছে। সেই লক্ষ্যে সম্প্রতি ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। জ্বালানি ও গ্যাস সংকট মোকাবিলায় বৈদেশিক সহায়তা কামনা, নতুন গ্যাস কূপ খনন ও সংরক্ষণমূলক বিভিন্ন নীতিগত পদক্ষেপও গ্রহণ করেছে। এর মধ্যে মালয়েশিয়ার সহায়তা চেয়ে দ্বিপক্ষীয় আলোচনা, ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনার পরিকল্পনা এবং নতুন সংযোগ সাময়িক স্থগিত করার মতো সিদ্ধান্ত নিয়েছে। তবে মাঠপর্যায়ে শিল্পকে টিকিয়ে রাখতে ও সম্প্রসারণে প্রয়োজন চাহিদামাফিক জ্বালানি সরবরাহ করা। এজন্য প্রাথমিক জ্বালানি হিসেবে গ্যাসের অনুসন্ধান ও উত্তোলনকে অগ্রাধিকার দিতে হবে। কীভাবে নিজস্ব কূপ থেকে কয়লা উত্তোলন করা যায় এবং এটাকে যতটা সম্ভব পরিবেশবান্ধব রাখা যায় তা নিয়ে ভাবা যেতে পারে।
এ অবস্থায় সদাশয় সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিম্নলিখিত বিষয়গুলোতে নজর দিতে বলব :
১. শিল্প খাতে গ্যাস সরবরাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। বিদ্যমান সীমিত গ্যাস কীভাবে সবচেয়ে উৎপাদনশীল খাতে বণ্টন করা যায়, সে বিষয়ে একটি স্বচ্ছ ও তথ্যভিত্তিক পরিকল্পনা প্রয়োজন। শিল্প, বিদ্যুৎ ও আবাসিক খাতের মধ্যে সমন্বিত গ্যাস ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। কোথায় কত গ্যাস যাচ্ছে এবং কোথায় অপচয় হচ্ছেÑ এসব তথ্য নিয়মিত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে।
২. এলএনজি আমদানির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থার দক্ষতা উন্নত করা জরুরি। শুধু আমদানি বাড়ালেই সমস্যার সমাধান হবে না; আমদানি করা গ্যাস দ্রুত জাতীয় গ্রিডে যুক্ত করার সক্ষমতা, সংরক্ষণ ব্যবস্থা এবং বিতরণ অবকাঠামোও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামার ঝুঁকি বিবেচনায় দীর্ঘমেয়াদি আমদানি চুক্তি এবং বহুমুখী উৎস থেকে জ্বালানি সংগ্রহের কৌশল গ্রহণ করা উচিত।
৩. দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বহু সম্ভাবনাময় এলাকায় এখনও পর্যাপ্ত অনুসন্ধান হয়নি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্থল ও সমুদ্র উভয় অঞ্চলে অনুসন্ধান কার্যক্রম জোরদার করা প্রয়োজন। দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত না করে কেবল আমদানি-নির্ভর নীতি দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না।
৪. জ্বালানি খাতে বিনিয়োগের পরিবেশ আরও আকর্ষণীয় করতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য নীতিগত স্থিতিশীলতা, দ্রুত অনুমোদন এবং স্বচ্ছ নিয়ন্ত্রক কাঠামো নিশ্চিত করা জরুরি।
৫. গ্যাস বিতরণ ব্যবস্থায় অপচয় ও অবৈধ সংযোগ বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সিস্টেম লস কমানো গেলে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস সাশ্রয় সম্ভব। আধুনিক মিটারিং ব্যবস্থা, ডিজিটাল মনিটরিং এবং নিয়মিত নিরীক্ষার মাধ্যমে এই খাতের দক্ষতা বৃদ্ধি করা যেতে পারে।
৬. নবায়নযোগ্য জ্বালানির প্রসারও এখন সময়ের দাবি। যদিও সৌর বা বায়ু বিদ্যুৎ এককভাবে শিল্পের সব চাহিদা পূরণ করতে পারবে না, তবে শিল্পপ্রতিষ্ঠানের নিজস্ব সৌরবিদ্যুৎ ব্যবস্থা জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে পারে।
৭. সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো শিল্প উদ্যোক্তাদের সঙ্গে নিয়মিত সংলাপ বজায় রাখা। জ্বালানি সংকটের সময় বাস্তব পরিস্থিতি সম্পর্কে সরকারের কাছে নির্ভুল তথ্য থাকা জরুরি। কোন খাতে কী ধরনের সমস্যা হচ্ছে, কোথায় উৎপাদন কতটা কমেছে, কোন শিল্প সবচেয়ে বেশি ঝুঁকিতেÑ এসব তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে তা আরও কার্যকর হবে। একই সঙ্গে নীতি-সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকটের কার্যকর সমাধান সম্ভব নয়।
৮. স্বল্পমেয়াদে সরকার শিল্পাঞ্চলভিত্তিক লোড ম্যানেজমেন্ট পরিকল্পনা গ্রহণ করতে পারে। হঠাৎ গ্যাস বন্ধ করে দেওয়ার পরিবর্তে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সরবরাহ নিয়ন্ত্রণ করলে শিল্পপ্রতিষ্ঠানগুলো উৎপাদন পরিকল্পনা করতে পারবে। এতে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমবে।
এই সংকটময় পরিস্থিতি আমাদের জ্বালানি নীতি পুনর্বিবেচনার সুযোগ তৈরি করেছে। এখন যদি সরকার বাস্তবভিত্তিক, বিজ্ঞানসম্মত এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে, তাহলে ভবিষ্যতে আরও স্থিতিশীল জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। কেবল তাৎক্ষণিক সংকট মোকাবিলা নয়, আগামী দুই বা তিন দশকের চাহিদা বিবেচনায় রেখেই পরিকল্পনা করতে হবে।
আসলে শিল্পের চাকা সচল রাখা মানেই অর্থনীতির চাকা সচল রাখা। আগামীতে জ্বালানির চাহিদা আরও বাড়বে, যা সীমিত প্রাকৃতিক জ্বালানির মজুদ নিয়ে মেটানো কঠিন হয়ে পড়বে। গ্যাস ও জ্বালানির বর্তমান সংকট যদি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা না যায় তাহলে দেশের শিল্পায়নের গতি আরও মন্থর হবে। কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে। বড় ধরনের চাপে পড়বে দেশের রপ্তানিমুখী অর্থনীতি। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং জাতীয় উন্নয়নের স্বার্থে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
লেখক: মোয়াজ্জেম হোসেন বাদল (কলামিস্ট ও শিল্পোদ্যোক্তা)