× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর সময়োপযোগী নির্দেশনা

সম্পাদকীয়

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১১:৫২ এএম

 ঢাকার সদরঘাট থেকে শুরু করে মিরপুরের আমিনবাজার হয়ে টঙ্গী, বালু নদ হয়ে ডেমরাঘাট পর্যন্ত নৌ যোগাযোগ ব্যবস্থা চালু হলে এ রুটে প্রতিদিন চলাচলকারী হাজার হাজার মানুষের সময় যেমন সাশ্রয় হবে, তেমনি দুর্ভোগও হ্রাস পাবে। ছবি: সংগৃহীত

ঢাকার সদরঘাট থেকে শুরু করে মিরপুরের আমিনবাজার হয়ে টঙ্গী, বালু নদ হয়ে ডেমরাঘাট পর্যন্ত নৌ যোগাযোগ ব্যবস্থা চালু হলে এ রুটে প্রতিদিন চলাচলকারী হাজার হাজার মানুষের সময় যেমন সাশ্রয় হবে, তেমনি দুর্ভোগও হ্রাস পাবে। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার যানজট কমিয়ে আনা এবং গণ-যাতায়াত ব্যবস্থার উন্নতির লক্ষ্যে চারপাশের নদীকে কেন্দ্র করে সার্কুলার নৌপথ চালুর প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হয়ে আসছে। ঢাকার সদরঘাট থেকে শুরু করে মিরপুরের আমিনবাজার হয়ে টঙ্গী, বালু নদ হয়ে ডেমরাঘাট পর্যন্ত নৌ যোগাযোগ ব্যবস্থা চালু হলে এ রুটে প্রতিদিন চলাচলকারী হাজার হাজার মানুষের সময় যেমন সাশ্রয় হবে, তেমনি দুর্ভোগও হ্রাস পাবে।

গণ-চাহিদার এ বিষয়টিকে গুরুত্ব দিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকা ঘিরে বহমান নদীসমূহের খনন, পানিপ্রবাহ সচল রাখা এবং যাত্রী চলাচলের সুবিধার লক্ষ্যে ওয়াটার বাস চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে নদী-তীরবর্তী ওয়াকওয়ের উন্নয়ন ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি। গত রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে খবরে উল্লেখ করা হয়েছে। 

বিষয় বিবেচনায় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা যে অত্যন্ত সময়োপযোগী তাতে কোনো সন্দেহ নেই। বর্তমানে রাজধানী ঢাকায় যানজট যে ভয়ংকর রূপ ধারণ করেছে, তা বলার অপেক্ষা রাখে না। এমতাবস্থায় দেশের নাভিকেন্দ্রের এ মেগা সিটির এক প্রান্তের মানুষকে অন্য প্রান্তে যেতে অসহনীয় হ্যাপা পোহাতে হয়। বতর্মানে ঢাকা নগরীর বিস্তৃতি নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে টঙ্গী এবং মিরপুরের আমিনবাজার থেকে ডেমরাঘাট-কাঁচপুর পর্যন্ত। প্রচণ্ড যানজটের কারণে এক প্রান্তের মানুষ অন্য প্রান্তে যাতায়াত করা অনেক সময় দুঃসাধ্য হয়ে পড়ে। তারপরও মানুষ বিকল্প নেই বলে প্রত্যহ দুঃসহ কষ্ট সহ্য করে যাতায়াত করছে। ফলে দীর্ঘদিন ধরেই সড়কের বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থার অসহনীয় যন্ত্রণা যাতে নগরবাসীকে পোহাতে না হয়, সেজন্য এর চারপাশের নদীসমূহকে সচল করে বিকল্প পরিবহন ব্যবস্থা চালুর কথা বলে আসছিলেন নগর পরিকল্পকরা। 

উল্লেখ্য, এর আগে সদরঘাট-আশুলিয়া নৌ-রুটে ওয়াটার বাস চালু হলেও কর্তৃপক্ষীয় অব্যবস্থাপনার কারণে প্রকল্পটি লোকসানেরর মুখে পড়ে বন্ধ হয়ে যায়।

রাজধানী ঢাকায় সড়কের যানজট এড়িয়ে নৌপথে যাতায়াত যে কতটা স্বাচ্ছন্দ্য ও সময়-সাশ্রয়ী তার উদাহরণ হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি সার্ভিস। রামপুরা থেকে এফডিসি গেট এবং গুলশান গুদারাঘাট পর্যন্ত এ নৌ-সার্ভিসটি এখন অত্যন্ত জনপ্রিয়। ঝঞ্ঝাটবিহীন, আরামদায়ক ও নিরাপদ এ রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ সকাল থেকে রাত অবধি যাতায়াত করছে। অনেকেরই ধারণা বুড়িগঙ্গা, তুরাগ, বালু নদ ও শীতলক্ষ্যাকে সংযুক্ত করে একটি দীর্ঘ নৌ-রুট চালু করা গেলে তাও ব্যাপক জনপ্রিয়তা পাবে। 

একসময় ঢাকার বুক চিরে অসংখ্য ছোট-বড় খাল প্রবহমান ছিল। ওইসব খাল দিয়ে পণ্যবাহী বড় বড় গয়না নৌকা-ট্রলার যাতায়াত করত। কয়েক বছর আগেও রামপুরা-ডেমরা খাল দিয়ে পণ্যবাহী ট্রলার রামপুরা ব্রিজ পর্যন্ত যাওয়া-আসা করত। তারও আগে ধোলাইখাল ছিল ঢাকার পণ্য পরিবহনের অন্যতম রুট। পোস্তগোলা ও বাবুবাজার পয়েন্টে দুদিকে এ খালটি বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত ছিল। ‘ধোলাইখাল সড়ক’ নাম ছাড়া এই খালটির এখন আর কোনো অস্তিত্ব নেই। নগরায়ণের থাবায় এমন অনেক ছোট-বড় খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। 

ঢাকার চারপাশের নদীগুলোকে সচল করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা আমাদের আশান্বিত করে। কেননা, বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদীসমূহ দখল-দূষণে আজ জীবন্মৃত অবস্থায় উপনীত হয়েছে। গতকালই একটি সহযোগী দৈনিক তাদের প্রতিবেদনে বুড়িগঙ্গা নদীর অস্তিত্ব সংকটের কথা তুলে ধরেছে। একদিকে কারখানার বর্জ্য মিশে নদীর পানি দূষিত হচ্ছে, অন্যদিকে দখলের মহোৎসব চলছে নদীর দুই তীরে। বিগত লীগ সরকারের এক এমপির দখলেই রয়েছে নদীর ৫৪ একর জমি। সময় এসেছে, এসব জবরদখলকারীর কবল থেকে দেশের সব নদনদীকে রক্ষার। 

বিশ্বের অনেক দেশেই বড় বড় নগর-মহানগরের ভেতর দিয়ে বহুসংখ্যক খাল প্রবাহিত হওয়ার নজির রয়েছে। সেসব দেশে নদীকে মেরে ফেলে রাস্তাঘাট বা ভবন নির্মাণ করা হয় না। পরিবেশ সুরক্ষার জন্য তারা পানিপ্রবাহকে অব্যাহত রাখার স্বার্থে খাল ও নদীর নাব্য রক্ষার জন্য নিয়মিত খনন-পুনঃখনন করে থাকে। নগরের এক অংশের সঙ্গে অন্য অংশের সংযোগ রক্ষা করা হয় সেতু এবং কালভার্টের মাধ্যমে। শহর হিসেবে পত্তনের সময় ঢাকা অসংখ্য খাল দ্বারা বিভক্ত ছিল। তখন এক অংশের সঙ্গে অন্য অংশের সংযুক্তি ছিল উঁচু উঁচু পুল দ্বারা। বর্তমান বাস্তবতায় সেসব খাল বা সেতু ফিরিয়ে আনার উপায় আর নেই। তবে রাজধানীর চারপাশের নদীগুলোকে মৃত্যুর হাত থেকে রক্ষা ও পরিবহন রুট হিসেবে এগুলোর ব্যবহার কিছুটা হলেও নগরবাসীকে স্বস্তি দেবে। 

প্রধানন্ত্রীর নির্দেশনার গুরুত্বপূর্ণ একটি দিক হলোÑ তিনি এ প্রক্রিয়ার সঙ্গে প্রয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করার কথা বলেছেন। আমরা বলব ‘প্রয়োজনে’ নয়, এই গুরুত্বপূর্ণ প্রকল্পে অবশ্যই বেসরকারি বিনিয়োগকারীদের সম্পৃক্ত করতে হবে। কেননা, সরকারি কর্তৃপক্ষের ওপর দেশবাসীর ভরসা সঙ্গত কারণেই কম। অনেক মহৎ প্রকল্প সরকারি আমলাদের কারণে ভেস্তে যাওয়ার নজির রয়েছে। বেসরকারি উদ্যোক্তা-বিনিয়োগকারীরা অংশীদার হলে প্রকল্প বাস্তবায়ন অনেকটাই নিশ্চিত হয়। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা দ্রুত বাস্তবায়িত হবে বলে দেশবাসী আশা করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা