সম্পাদকীয়
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১২:৫২ পিএম
ব্যাটারিচালিত অটোরিকশা বর্তমানে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় এক বাস্তবতা। তবে ত্রুটিপূর্ণ ব্রেকের এই শ্লথগতির ক্ষুদে যানবাহন জনাকীর্ণ নগরীতে চালাবার অনুমতি দেওয়া ঠিক হয়েছে কি-না, তা নিয়ে বিতর্ক আছে। কম বিনিয়োগে বিনা লাইসেন্সের এই যানবাহন অনেকের কর্মসংস্থান করেছে। তবে নগরীতে যানজট, বিশৃঙ্ক্ষলা ও সড়ক দুর্ঘটনার এক বড় কারণ হয়ে উঠেছে ‘টেলসা’ নামে অবহিত এই যান। এই যানবাহনের আরেকটি বড় ক্ষতিকারক দিক হচ্ছেÑ অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ব্যাটারি চার্জিং ব্যবস্থা। সেই সুযোগে গড়ে উঠেছে অবৈধ বিদ্যুৎ বাণিজ্য। ফলে সরকার একদিকে হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপরও বাড়ছে অতিরিক্ত চাপ। সরকারের জন্য এই অটোরিকশা অনেকটা বিষফোড়ার মতো।
উল্লেখ করা প্রয়োজন, রাজধানীতে যানজটের অন্যতম কারণ এখন অটোরিকশা। একটি বাসের জায়গায় তিনটি অটোরিকশা দাঁড়িয়ে থাকে। ট্রাফিক পুলিশ হিমশিম খায় এদের সামলাতে। অবৈধভাবে অলিগলি দিয়ে এরা উঠে আসে প্রধান সড়কে। ফলে দ্রুতগতির যানবাহনের গতি কমে যায়। নষ্ট হয় হাজার হাজার কর্মঘণ্টা। শুধু তাই নয়, চোরাই বিদ্যুতে এ যানটির ব্যাটারি চার্জের ফলে বিদ্যুৎ খাতের ওপরও বিশাল চাপ সৃষ্টি হচ্ছে। বৈধ বিদ্যুৎ গ্রাহকদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। সরকার বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে বিপুল বিনিয়োগ করলেও চুরি ও অবৈধ ব্যবহারের কারণে সেই বিনিয়োগের প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না।
গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘অটোরিকশা চার্জকে ঘিরে অবৈধ বিদ্যুৎ বাণিজ্য’ শীর্ষক সরেজমিন প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। অনুসন্ধানে দেখা যায়, রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রায় ৪৮ হাজারেরও বেশি অবৈধ চার্জিং পয়েন্ট গড়ে উঠেছে। এসব চার্জিং পয়েন্ট থেকে প্রতিদিন প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক উৎপাদনের প্রায় ৫ শতাংশ বিদ্যুৎ নিয়ে নিচ্ছে। এর মধ্যে ৮০ শতাংশ গ্যারেজে সরাসরি খুঁটি থেকে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ নেওয়া হয়। এতে সরকার ব্যাপকভাবে রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে লোডশেডিং সংকটে পড়তে হচ্ছে প্রকৃত গ্রাহকদের। উল্লেখ্য, একটি অটোরিকশায় সাধারণত ৪ থেকে ৫টি ব্যাটারি থাকে। এগুলো পুরোপুরি চার্জ হতে প্রায় ৬-৮ ঘণ্টা সময় নেয় এবং ৫-৭ ইউনিট বিদ্যুৎ খরচ করে। সম্প্রতি সিপিডির এক গবেষণায় বলা হয়েছে, এভাবে সরকার প্রতি বছর প্রায় ৪ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। শুধু তাই নয়, গভীর রাতে লাখ লাখ অটোরিকশা একসাথে চার্জ দেওয়ার ফলে অতিরিক্ত ‘লোড’-এর কারণে লোকাল ট্রান্সফর্মার পুড়ে যাওয়া ও ভোল্টেজ ড্রপের মতো সমস্যারও সৃষ্টি হচ্ছে।
জানা যায়, বেশিরভাগ ক্ষেত্রে গ্যারেজ মালিকরা কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যুতের মেইন লাইন বা খুঁটি থেকে অবৈধভাবে তার টেনে চার্জ দেন। সাধারণত এই যানগুলো চার্জ হতে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় নিয়ে থাকে। অতিরিক্ত সময় ব্যাটারি চার্জে রাখার ফলে সিস্টেম লস ও বিদ্যুতের অপচয়ও ঘটে। বিদ্যুৎ প্রকৌশলীরা বলছেন, প্রতিবার এই ব্যাটারি পূর্ণ চার্জের জন্য গড়ে ৯০০ থেকে ১১০০ ওয়াট বিদ্যুৎ খরচ হয়। সে হিসাবে প্রতিদিন প্রতিটি রিকশার পেছনে গড়ে ৬ থেকে ১০ ইউনিট বিদ্যুৎ ব্যয় হয়। আমরা মনে করি, এই ধরনের চুরি ও অবৈধ বিদ্যুৎ বাণিজ্য ঠেকাতে আইনি ব্যবস্থার প্রয়োগ জরুরি।
অবশ্য, সমস্যাটিকে শুধু আইনি দৃষ্টিকোণ থেকে দেখলেই সমাধান মিলবে তা নয়। কারণ, এই মুহূর্তে লাখ লাখ বেকার যুবক এবং নিম্নআয়ের পরিবার অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছে। লাখো পরিবারের অন্ন-বস্ত্রের জোগান দিচ্ছে এই অটোরিকশা। আর গণপরিবহনের সীমাবদ্ধতার কারণে ব্যাটারিচালিত অটোরিকশাই মানুষের সহজ ও সাশ্রয়ী যাতায়াতের প্রধান মাধ্যম। তাই হঠাৎ কঠোর অভিযান চালিয়ে চার্জিং বন্ধ করে দিলে শুধু চালকরাই নয়, সাধারণ যাত্রীও ভোগান্তির মুখে পড়বে। এতে কর্মসংস্থান ও জনজীবনে নেতিবাচক প্রভাব সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
বিদ্যুৎ চুরি আমাদের দেশে নতুন কোনো ব্যাপার নয়। অনেক আগে থেকেই এ অপকর্মটি চলে আসছে। বিদ্যুৎ বিভাগের কর্তাব্যক্তিরা এই চুরিকে ‘সিস্টেম লস’ বলে জায়েজ করার চেষ্টা করে থাকেন। তবে এ ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ অবৈধ কর্মকাণ্ডকে বন্ধ করতে কেবল শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণই যথেষ্ট হবে না। যেহেতু ব্যাটারিচালিত অটোরিকশা আমাদের পরিবহন ব্যবস্থায় জড়িয়ে গেছে এবং এর সঙ্গে প্রায় কোটি মানুষের জীবিকার প্রশ্ন জড়িত, তাই সমস্যাটি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখে সমাধান করতে হবে। অটোরিকশা নিয়ন্ত্রণের জন্য সারা দেশে এর নিবন্ধন করা জরুরি। নগরীর ব্যস্ত সড়কেও এই যান চলাচল কঠোরভাবে নিষিদ্ধ থাকতে হবে। সে সাথে সব এলাকায় বিদ্যুৎ বিভাগের অনুমতি নিয়ে চার্জিং স্টেশন স্থাপন করা হলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে না। একেই সঙ্গে এসব চার্জিং স্টেশনে রাত ১২টার আগে অটোরিকশার চার্জ দেওয়া কড়াকড়িভাবে নিষিদ্ধ করতে হবে।
আমরা সবসময় বলি, মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলা সমাধান নয়, বরং প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করে মাথাব্যথা থেকে নিষ্কৃতি পাবার ব্যবস্থা করাই উত্তম। অটোরিকশার ব্যাটারি চার্জিং ব্যবস্থা যে সমস্যার সৃষ্টি করেছে, বৈধতা দেওয়ার মাধ্যমে এ গণমাধ্যমকে সরকারের নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করাই হবে সর্বোত্তম সমাধান।