× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কী আছে সাহাবুদ্দিন চুপ্পুর ভাগ্যে

মহিউদ্দিন খান মোহন

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১২:৪৯ পিএম

কী আছে সাহাবুদ্দিন চুপ্পুর ভাগ্যে

রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন ২৪ জুলাই। এরপর তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজের ফ্ল্যাটে উঠেছেন। বর্তমানে তিনি সেখানেই দিনযাপন করছেন। জনমনে এখন যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছেÑ কী আছে সাবেক এই রাষ্ট্রপতির ভাগ্যে? কারও কারও মতে, ক্ষমতাসীন বিএনপির মনোভাব সাহাবুদ্দিনের চরম বিপাকে পড়ার ইঙ্গিত বহন করে না। বিশেষত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ‘সাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আমলে নেওয়ার সুযোগ নেই’Ñ এ জাতীয় মন্তব্য সন্দেহকে জোরদার করেছে। তাদের মতে, আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু বিএনপির সহায়তায় অবসর-পরবর্তী নিরাপদ জীবনযাপনের সুযোগ পেতে যাচ্ছেন। অথচ ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত লীগ সরকারের অন্যতম সহযোগী হিসেবে তার সেটা পাওয়ার কথা নয়Ñ এমনটি মনে করেন কেউ কেউ।

এটা বলা নিশ্চয়ই অযৌক্তিক হবে না, দেশের রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের নিয়োগ প্রথম থেকেই কেউ মেনে নিতে পারেননি। তবে তার মতো লো-প্রোফাইলের একজন মানুষ; যার বিরুদ্ধে নানান অনৈতিকতার অভিযোগ ছিল, তাকে রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বাসানো অপ্রত্যাশিত হলেও অস্বাভাবিক ছিল না। কেননা, যে সরকার ও সরকারপ্রধানের কাজকর্ম ছিল চরম বিতর্কিত, তাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা ছিল বাতুলতা মাত্র। এই নিয়োগের (যদিও নির্বাচনের একটি রিহার্সেল হয়েছে) দ্বারা আওয়ামী লীগ তথা শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপতি পদটিকে কলুষিত করেছেনÑ এমন মন্তব্য সচেতন ব্যক্তিদের। সাধারণত রাষ্ট্রপতিকে রাষ্ট্রের অভিভাবক মনে করা হয়। যদিও সরকারি বা রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা রাখার কোনো সুযোগ সংবিধানে রাখা হয়নি।

সংবিধানের ৪৮ অনুচ্ছেদের (৩) ধারায় বলা হয়েছে, ‘এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন, তবে শর্ত থাকে যে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শদান করিয়াছেন কি না এবং করিয়া থাকিলে কি পরামর্শ দান করিয়াছেন, কোনো আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করিতে পারিবে না।’ সংবিধানের এই অনুচ্ছেদে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতিকে স্বাধীনতা দেওয়া হলেও তিনি সে স্বাধীনতা কতটা ভোগ করেন, তা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর নয়। প্রকৃতার্থে এক্ষেত্রেও রাষ্ট্রপতি নিয়মের কঠিন বেড়াজালে আবদ্ধ। কেননা, তিনি প্রধানমন্ত্রী পদে তাকেই নিয়োগ দেন, যিনি জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থন লাভ করেন। এ পদে সংসদের অভিপ্রায়ের বাইরে গিয়ে রাষ্ট্রপতি তার পছন্দের কাউকে নিয়োগ দিতে পারেন না। আর সংসদের অভিপ্রায় যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতারই অভিপ্রায়, সেটা না বললেও চলে। অন্যদিকে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি একক ক্ষমতাবান হলেও ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর পছন্দের বাইরে গিয়ে তিনি কাউকে নিয়োগ করবেন, বাংলাদেশের বাস্তবতায় তা কল্পনাতীত। সুতরাং এ দুটি নিয়োগের ক্ষেত্রে আপাতদৃষ্টিতে রাষ্ট্রপতির স্বাধীনতা থাকলেও দৃশ্যমান ও অদৃশ্য শৃঙ্খলে তার হাত-পা বাঁধা।

ব্রিটেনের রাজা-রানী সম্পর্কে একটি বহুল প্রচলিত প্রবাদ হলোÑ ‘রাজা বা রানী কোনো ভুল করতে পারেন না।’ এ কথার মর্মার্থ হলো, যেহেতু সাংবিধানিকভাবে রাষ্ট্রীয় কার্যক্রমে ব্রিটেনের রাজা বা রানীর কোনো কিছু করার ক্ষমতা নেই, তাই তাদের ভুল করারও সুযোগ থাকে না। তবে বাংলাদেশের রাষ্ট্রপতির কিছু কাজ করার এখতিয়ার রয়েছে। সেটা সাংবিধানিকভাবেই স্বীকৃত। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ ছাড়াও রাষ্ট্রপতি ইচ্ছা করলে দণ্ডপ্রাপ্ত আসামির সাজা হ্রাস এমনকি মওকুফও করে দিতে পারেন। তবে সেজন্য প্রধানমন্ত্রীর অনুমোদনের প্রয়োজন হয়। এমনকি বছরের শুরুতে রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশনে যে ভাষণ দেন, তা মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদিত হতে হয়। এ কাজগুলো রাষ্ট্রপতি করেন তার সীমিত স্বাধীনতার মধ্যেই। আর সে কারণে অনেক দিন থেকেই রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, তথা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বিদগ্ধজনরা বলে আসছেন। শোনা যাচ্ছে, জুলাই সনদের ভিত্তিতে যে সংবিধান সংশোধন করা হবে, তাতে রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগের অধিক্ষেত্র বৃদ্ধির চিন্তাভাবনা করা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।

এ মুহূর্তে সেটা আলোচ্য বিষয় নয়। কথা হলো, রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রপতির কার্যকর কোনো ভূমিকা না থাকলেও তাকে রাষ্ট্রের অভিভাবক হিসেবেই বিবেচনা করা হয়। সেজন্য জনসাধারণের প্রত্যাশা থাকে রাষ্ট্রের সর্বোচ্চ এ পদটিতে এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করা হবে; যার যোগ্যতা এবং গ্রহণযোগ্যতা দুটোই থাকবে। সে হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর দুটির একটিও ছিল, এ কথা বলা যাবে না। হ্যাঁ, সাংবিধানিক বিধি অনুযায়ী তিনি রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ‘যোগ্য’ ছিলেন বটে, তবে মর্যাদার বিচারে ছিলেন একেবারেই অনুপযুক্ত ও অগ্রহণযোগ্য। তিনি একসময় ছাত্রলীগের রাজনীতি করেছেন, আওয়ামী লীগের সমর্থক ছিলেন, এটাকে আমি অযোগ্যতা মনে করি না। এদেশে সবারই কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকে। তবে যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হবেন, তারা তাদের কথাবার্তা-আচরণে দলীয় আনুগত্যের প্রতিফলন ঘটানো থেকে বিরত থাকবেনÑ এটাই প্রত্যাশিত। এক্ষেত্রে সাহাবুদ্দিন চুপ্পু দেশবাসীকে হতাশ করেছেন। রাষ্ট্রপতি পদে বসেও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তার প্রশস্তি গেয়ে ঢাউস এক নিবন্ধ লিখেছেন একটি বহুল প্রচারিত দৈনিকে। একজন রাষ্ট্রপতি দলীয় আনুগত্যে কতটা নতজানু হলে নিজের পদের ভাবমর্যাদাকে ভূলুণ্ঠিত করে দলীয় নেত্রীর বন্দনায় লিপ্ত হতে পারেন, চুপ্পুর ওই নিবন্ধ তার ন্যক্কারজনক উদাহরণ। তা ছাড়া সরকারি ও রাষ্ট্রীয় বিভিন্ন পদে থাকাকালীন তার বিরুদ্ধে নানা অনৈতিকতা ও দুর্নীতির অভিযোগ ছিল। এমনকি দুর্নীতি দমন কমিশনের পরিচালক থাকা অবস্থায়ও তার বিরুদ্ধে নানা অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এহেন একজন ব্যক্তিকে দেশের রাষ্ট্রপতি পদে বসিয়ে শেখ হাসিনা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন বলা অযৌক্তিক হবে না। 

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দাবি উঠেছিল সাহাবুদ্দিনকে অপসারণের। বিশেষ করে জামায়াতে ইসলামী এবং গণঅভ্যুত্থানের অন্যতম শক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ দাবিতে সোচ্চার হয়েছিল। শোনা যায়, চুপ্পুকে অপসারণ করে তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বসানোর চেষ্টাও করা হয়েছিল। উদ্দেশ্য ছিল প্রধান উপদেষ্টার শূন্য পদে ড. আসিফ নজরুলকে সমাসীন করা। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেফারেন্সের জন্য ড. আসিফ নজরুল ও নাহিদ ইসলাম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের বাসায়ও গিয়েছিলেন। কিন্তু তিনি অসাংবিধানিক সে প্রক্রিয়ার অংশীদার হতে সরাসরি অস্বীকার করেন। তারপরও বিভিন্ন সময়ে সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি। কিন্তু বিএনপির অনমনীয়তার কাছে তারা হার মেনেছে। যদিও সাহাবুদ্দিন চুপ্পুর প্রশ্নে বিএনপির ভূমিকার অপব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছে দল দুটি। তবে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সঠিক ভূমিকায় ছিল। কেননা, সংবিধান অনুযায়ী দেশের রাষ্ট্রপতিকে অপসারণের কিছু বিধিবদ্ধ নিয়ম রয়েছে। রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করুন কিংবা ইমপিচমেন্টে বাধ্য হয়ে করুন, সংবিধানের ৫০ অনুচ্ছেদ-এর (৩) ধারা মোতাবেক জাতীয় সংসদের স্পিকারের কাছে স্ব-স্বাক্ষরিত ইস্তফাপত্রের মাধ্যমে তিনি পদত্যাগ করবেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর পদত্যাগ ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু মামলার আসামি হয়ে কারাগারে যাওয়ায় সে সুযোগ ছিল না। সেসময়ে চুপ্পু পদত্যাগ করলে দেশে এক ভয়ংকর সাংবিধানিক শূন্যতা বা সংকট দেখা দিত। যার পরিপ্রেক্ষিতে কোনো অসাংবিধানিক শক্তির সে শূন্যতা পূরণের আশঙ্কা অমূলক ছিল না। মূলত এ আশঙ্কা থেকেই নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী বিএনপি রাষ্ট্রপতি পদ থেকে সেসময় চুপ্পুর অপসারণে সম্মত হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকার ক্ষমতাসীন হওয়ায় সে ধরনের সংকট উদ্ভবের শঙ্কা দূর হয়েছে। সেজন্য রাষ্ট্রপতি যখন পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেছেন, বিএনপি সরকার তাতে আপত্তি করেনি। এর ফলেই লীগ সরকারের সৃষ্ট দুষ্টক্ষত হিসেবে চিহ্নিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর বিদায় নিশ্চিত হয়। 

এখন প্রশ্ন দেখা দিয়েছে, লীগ সরকারের অপকর্মের প্রত্যক্ষ-পরোক্ষ অংশীদার হিসেবে চুপ্পুকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে কি না। যদিও বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশের রাষ্ট্রপতি কিছু সুবিধা ভোগ করেন; যেগুলোর মধ্যে ‘রাষ্ট্রপতি পদে থাকাকালীন তার কর্মকাণ্ড নিয়ে কোনো আদালতে অভিযোগ করা যাবে না’ অন্যতম। সংবিধানের ৫১ অনুচ্ছেদের (১) ধারায় বলা হয়েছে, ‘এই সংবিধানের ৫২ অনুচ্ছেদের হানি না ঘটাইয়া বিধান করা হইতেছে যে, রাষ্ট্রপতি তাহার দায়িত্ব পালন করিতে গিয়া কিংবা অনুরূপ বিবেচনায় কোনো কার্য করিয়া থাকিলে বা না করিয়া থাকিলে সেই জন্য তাহাকে কোনো আদালতে জবাবদিহি করিতে হইবে না।’ একই অনুচ্ছেদের (২) ধারায় রাষ্ট্রপতির কার্যভার পালনকালে তার বিরুদ্ধে দেশের কোনো আদালতে ফৌজদারি অভিযোগ দায়ের, গ্রেপ্তার বা পরোয়ানা জাইর করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে। লক্ষণীয়, রাষ্ট্রপতিকে দায়িত্ব পালনকালীন কার্যকলাপের জন্য দায়মুক্তি দেওয়া হলেও ওই পদে বহাল হওয়ার আগে কোনো অভিযোগে অভিযুক্ত হয়ে থাকলে এ দায়মুক্তি তার বেলায় প্রযোজ্য হবে কি না, সংবিধানে তার উল্লেখ নেই। 

সাহাবুদ্দিন চুপ্পুর অতীত কর্মকাণ্ড যে বিতর্কিত, সেকথা বলার অপেক্ষা রাখে না। ফলে প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ও শেখ হাসিনার ‘রামভক্ত হনুমান’ সদৃশ এই ব্যক্তির অতীতের কোনো দুর্নীতি, নৈতিক স্খলন কিংবা ক্ষমতার অপব্যবহার নিয়ে সংক্ষুব্ধ কেউ আদালতের শরণাপন্ন হলে তিনি কি ‘সাবেক রাষ্ট্রপতি’ হিসেবে দায়মুক্তি পাবেন, নাকি সাধারণ অপরাধীর ন্যায় কাঠগড়ায় দাঁড়াতে হবে তাকে? দেখা যাক, ভাগ্য কোথায় টেনে নেয় দেশের সবচেয়ে নিন্দিত সাবেক এ রাষ্ট্রপতিকে।

লেখক: সহকারী সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা