ড. আশরাফুর রহমান ভূঁইয়া
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১২:৪৬ পিএম
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে ‘ খেলাধুলা ’ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুইটি বই পাঠ্যভুক্ত হবে বলে জানিয়েছে এনসিটিবি। অনুরূপভাবে ষষ্ঠ শ্রেণিতে ‘আমার কারিগরি শিক্ষা’ এবং ‘আনন্দময় শিখন’ নামক দুটি বইও পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত রাখার খসড়া প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ১৩ জুলাই একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী চতুর্থ শ্রেণিতে যুক্ত হতে যাওয়া ‘খেলাধুলা’ নামক বইয়ে আটটি খেলার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। খেলাগুলো হলো Ñ ‘ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি, দাবা, আ্যথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্ট, ‘শরীরচর্চা ও ব্যায়াম, নতুন কুঁড়ি ক্রীড়া’ ইত্যাদি নামে কয়েকটি অধ্যায় সংযোজন করার কথা খসড়ায় উল্লেখ করা আছে।
খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীর মানসিক বিকাশ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সর্বোপরি খেলাধুলার প্রতি আকর্ষণ তৈরি করা এইসব পাঠ্যবইয়ের মৌল উদ্দেশ্য বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পাঠ্যভুক্ত হতে যাওয়া ‘বাংলাদেশের সংস্কৃতি’ বইয়ের মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে দেশের সংস্কৃতির সাঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া। এই বইয়ের ‘ আমি ও আমার সংস্কৃতি, উৎস ও ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি ইত্যাদি অধ্যায় সংযোজন করা হয়েছে। .
বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বরাবরই একটা নিরীক্ষার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। ২০২৭ সালের চতুর্থ শ্রেণিতে পাঠ্যসূচির পরিবর্তন নিয়ে আমরা নির্মোহভাবে নিম্নোক্ত আলোচনা করতে পারি।
প্রথমত, বর্তমানে চতুর্থ শ্রেণিতে জাতীয় টেক্সট বুক বোর্ড ছয়টি বই বা বিষয় পাঠ্যভুক্ত করেছে। এগুলো হলোÑ বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ধর্ম ও নৈতিক শিক্ষা। প্রসঙ্গত, নতুন দুটো বই যুক্ত হলে বিষয় হবে আটটি। প্রাথমিক শিক্ষার শিখনকাল সম্পর্কে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রতিদিন ৬টি করে ক্লাস নেওয়ার নির্দেশনা দিয়েছে। প্রতিটি ক্লাসের ব্যাপ্তিকাল ধরা হয়েছে (শিফটভেদে) ৩৫/৪০ মিনিট। আ্যসেম্বলি, টিফিন পিরিয়ডসহ এই পর্যায়ের একজন শিক্ষার্থী স্কুলে ৬ ঘণ্টার মতো অবস্থান করে।
ইউনেস্কো ও ইউনিসেফ প্রাথমিক স্তরের শিক্ষার্থী পাঠ আনন্দময় রাখতে ৫/৬ ঘণ্টার বেশি বিদ্যালয়ে রাখতে নিরুৎসাহিত করেছে। বর্তমানে দেশে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়। সাপ্তাহিক ছুটি, বিভিন্ন ধর্মীয় উৎসব, জাতীয় দিবস, গ্রীষ্ম ও শীতকালীন ছুটি বাদ দিলে প্রাথমিক বিদ্যালয়ে বাৎসরিক শিক্ষাকার্যক্রম চলে কমবেশি ২৩৫ দিন। এ ছাড়া বার্ষিক পরীক্ষা, স্পোর্টস ও কালচারাল কমপিটিশন ইত্যাদির জন্য আরও ৩০/৩৫ দিন বাদ গেলে পূর্ণ ক্লাস বা পঠন দান কার্যক্রম চলে কমবেশি ২০০ দিন, অর্থৎ প্রায় ১২শ ঘণ্টা। আন্তর্জাতিক বিধি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ৮০০/৯০০ ঘণ্টার (পিরিয়ড) বেশি হওয়া সমীচীন নয়। গবেষণায় দেখা গেছে, শিশুরা শ্রেণিকক্ষে ৯/১০ মিনিটের বেশি সময় মনঃসংযোগ রাখতে পারে না। সার্বিক বিবেচনায় শিশুদের পঠনকালকে লক্ষ্য রেখে এই পর্যায়ের শিক্ষার্থীদের বিষয় এবং বিষয়ের সংখ্যা নির্ধারণ যুক্তিযুক্ত। প্রাথমিক স্তরে বর্তমানের ৬টি পাঠ্যবিষয়ের সাথে আরও ২টি বিষয় পাঠ্যভুক্ত করলে সাপ্তাহিক ক্লাস বিন্যাসে বড় পরিবর্তন আনতে হবে।
দ্বিতীয়ত, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দাপ্তরিক পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় ১,১৮,৬০৭টি। এ ছাড়া নিবন্ধিত কিন্ডারগার্টেন ২৬,৪৭৮টি।এইসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ২,০১,৮৬,০৪৮ জন। পরিসংখ্যান অনুযায়ী চতুর্থ শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৫ লাখ। অর্থাৎ ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের জন্য পূর্বের চেয়ে প্রায় ৭০ লাখ বই বেশি ছাপতে হবে।
তৃতীয়ত, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (৬৫,৫৬৯টিতে) শিক্ষক আছেন (প্রধান শিক্ষকসহ) ৩,৮৩,৬২৪ জন। নেপ-এর হিসাব অনুযায়ী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক প্রয়োজন ন্যূনতম ০৬ জন করে (শিফট থাকলে আরও বেশি)। প্রধান শিক্ষক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় পাঠদান কার্যক্রমে সম্পৃক্ত হতে পারেন না। পঞ্চম শ্রেণি পর্যন্ত ৬টি বিষয় পড়ানোর শিক্ষকের সংকট সর্বজনবিদিত। আরও দুটি বিষয় পাঠ্যভুক্ত করার পূর্বে শিক্ষকের ঘাটতির কথাটি অবশ্যই আমলে রাখতে হবে। এ ছাড়াও বেসরকারি বা কিন্ডারগার্টেনগুলোতে এই বিষয়টি পর্যবেক্ষণ এবং মূল্যায়নের আওতা নিশ্চিত করা হবে কীভাবে?
চতুর্থত, শিক্ষকদের প্রশিক্ষণ। প্রাথমিক বা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক যেকোনো পর্যায়ের শিক্ষক প্রশিক্ষণের বিষয়টি অতিমাত্রায় আমলাতান্ত্রিক হওয়ায় তৃণমূল পর্যায়ের শিক্ষক প্রশিক্ষণের সামষ্টিক সুফল লাভে অসমর্থ হন। বলা যায়, পূর্বের ৬টি বিষয়ের প্রশিক্ষণ নিশ্চিত করে নয়া বিষয়গুলোর জন্য প্রশিক্ষিত শিক্ষকের নিয়োগ সম্পন্ন করতে হবে।
পঞ্চমত, প্রাথমিক শাখায় চালু হতে যাওয়া খেলাধুলার মধ্যে আউটডোর এবং ইনডোর দুই ধরনের খেলার কথাই বলা হয়েছে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যডমিন্টন, আ্যথলেটিকস ইত্যাদির জন্য যেমন মাঠ প্রয়োজন, তেমনি সাঁতারের জন্য প্রয়োজন ক্ষেত্রমত সুইমিংপুল বা পুকুর। বয়সভেদে স্কুল পর্যায়ে একটা ফুটবল মাঠের জন্য ১৯৫ (১১৫×৭৪ গজ) × ৬৮ মিটারের একটা মাঠ প্রয়োজন। ক্রিকেট মাঠের জন্য ২২ গজ পিচকে (৬০×৪০ গজ) কেন্দ্র করে বৃত্তাকার একটি মাঠ আবশ্যক। ব্যডমিন্টন (৪৪×২০ ফুট) ও কাবাডির (১১×৯ মিটার) জন্য মাঠ প্রয়োজন। দেশের শহরের প্রাথমিক বিদ্যালয় শুধু নয় গ্রাম বা উপজেলা/জেলা পর্যায়ের বিদ্যালয়গুলোতেও উল্লিখিত পরিমাণ সংবলিত মাঠ আছে কিনা সেটা ভেবে দেখা দরকার। প্রশ্ন করা যায়। ধরা যাক, একটি মাঠই বিভিন্ন খেলার জন্য ঋতুভেদে ব্যবহার করার সুযোগ রয়েছে। খেলার অবকাঠামো নিশ্চিত না করে বিষয়গুলো পাঠ্যভুক্ত করে কেবল শ্রেণিকক্ষে পাঠদান করে এর উদ্দেশ্য পুরোপুরিভাবে বাস্তবায়িত হওয়ার আশা করা যায় না।
আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রচলিত নিয়ম অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে দুইটি বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছয়টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বভাবতই প্রশ্ন আসে সংযোজিত বিষয়ে পরীক্ষা হবে কি না, হলে কীভাবে হবে।
ষষ্ঠত, ক্রীড়া ও সংস্কৃতি পড়াতে পারবেন এমন বিষয় শিক্ষক প্রাথমিক শাখায় নিয়োজিত আছে কি না এর সরল উত্তর নেই। যে যোগ্যতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ লাভ করেন তারা শিক্ষাজীবনের কোনো পর্যায়ে উল্লিখিত বিষয়ে পড়াশোনা করেননি বা সুযোগ হয়নি।
অনুরূপভাবে আমরা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পাঠ্যভুক্ত হতে যাওয়া বিষয় দুটির কথাও বলতে পারি।এখানে ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’ নামে দুটি বিষয় যুক্ত হতে চলেছে। ষষ্ঠ শ্রেণি হলো মাধ্যমিক শিক্ষার বাতায়ন। প্রাথমিক শাখার গণ্ডি পেরিয়ে এই শিক্ষার্থীরা নতুন পরিবেশে নতুন শিক্ষকের সান্নিধ্যে আসে। বর্তমানে এই স্তরে বাংলা ( ১ম ও ২য়), ইংরেজি ( ১ম ও ২য়), গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি আবশ্যক বিষয়ের পাশাপাশি আরও একটি ঐচ্ছিক বিষয় পড়তে হয়। এই অবস্থায় প্রস্তাবিত বই দুটো কি আবশ্যক হবে না ঐচ্ছিক তা পরিষ্কার হওয়া বাঞ্ছনীয়।
এ ছাড়াও কারিগরি বিষয়টি পড়ানোর ক্ষেত্রে বিষয় সুনির্দিষ্ট করা বাঞ্ছনীয়। যে ট্রেডই পাঠ্যভুক্ত করা হোক প্রায়েগিক জ্ঞান অর্জনের জন্য শেড নির্মাণ ও মেশিনারিজ স্থাপন জরুরি। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক নিয়োগ করা এক্ষেত্রে অতি আবশ্যক। অর্থাৎ অবকাঠামো নিশ্চিতকরণ, প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ, পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি স্পষ্ট করা ছাড়া নতুন বিষয় সংযোজন করা কোমলমতি শিক্ষার্থীদের জন্য কতটুকু মঙ্গলজনক হবে তা ভেবে দেখা আবশ্যক।
লেখক: শিক্ষক ও গবেষক