× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভেজালের মহোৎসব

সম্পাদকীয়

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১১:০১ এএম

ভেজালের মহোৎসব

বেঁচে থাকার জন্য মানুষ এবং অন্যান্য প্রাণীর খাদ্যগ্রহণের প্রয়োজন হয়। তবে সে খাদ্য হতে হবে নিরাপদ। যে খাদ্য ভক্ষণ বা পান করলে স্বাস্থ্য বা প্রাণহানির আশঙ্কা থাকে, সে খাদ্য বা পানীয় বর্জনীয়Ñ এ পরামর্শ চিকিৎসকগণ দিয়ে থাকেন। ‘মানুষের স্বাস্থ্য রক্ষার প্রধান পূর্বশর্ত ওষুধ বা প্রতিষেধক নয়, নিরাপদ খাদ্য’Ñ এটাও চিকিৎসাবিজ্ঞানীদের অভিমত। এজন্য মানুষের চেষ্টা থাকে নিরাপদ খাদ্য গ্রহণের।

কিন্তু নির্মম সত্যি হলো, আমাদের দেশে সে নিরাপদ খাদ্য ক্রমশ সোনার হরিণে পরিণত হচ্ছে। কারখানায় প্রস্তুতকৃত খাদ্য কিংবা খাদ্য উপাদান, নদী বা খামারের মাছ, জমির শাকসবজি কিংবা ফলমূল কোনো কিছুই আর মানুষের জন্য নিরাপদ থাকছে না।

ভেজাল ও নিম্নমানের উপকরণ দিয়ে কারখানায় তৈরি হচ্ছে খাদ্য নামের অখাদ্য, মাছকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর ফরমালিন, ফল পাকানো ও রঙ উজ্জ্বল করার জন্য ব্যবহার করা হচ্ছে কার্বাইড। গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষার পর বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে, খাদ্যদ্রব্যে এসব রাসায়নিকের ব্যবহার মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর ফলে মানুষ নানারকম জটিল ও কঠিন রোগব্যাধিÑ এমনকি ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগেও আক্রান্ত হতে পারে।

এসব কথা আমরা সবাই কমবেশি জানি এবং এ নিয়ে কথা চালাচালি, লেখালেখি কম হয়নি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কথা মিলিয়ে গেছে বাতাসে, আর লেখা পড়ে রয়েছে কাগজে। অপরদিকে খাদ্যপণ্যে ভেজালের দৌরাত্ম্য চলছে অব্যাহত গতিতে। সবকিছু জানা সত্ত্বে মানুষ ওইসব খাদ্য নামের অখাদ্য-কুখাদ্য গিলছেÑ একরকম বাধ্য হয়েই। 

খাদ্যদ্রব্যে ভেজালের সে উৎকট চিত্রই তুলে ধরা হয়েছে গতকালের প্রতিদিনের বাংলাদেশের ‘কী খাচ্ছি এসব’ শীর্ষক প্রতিবেদনে। প্রতিবেদনটি পাঠ করলে বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীনতার যে চিত্র চোখের সামনে ভেসে ওঠে, তাতে যে কারও হৃৎকম্প সৃষ্টি হওয়া স্বাভাবিক। সর্বগ্রাসী ভেজালের দৌরাত্ম্যে মানুষের জন্য নিরাপদ কোনো খাবার পাওয়া এখন দুষ্কর হয়ে পড়েছে। মানুষের জন্য ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্যব্যবস্থা নিশ্চিত করতে যে তিনটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে, তারা যে কার্যত কিছুই করতে পারছে না, তাও স্পষ্ট হয়ে উঠেছে ওই প্রতিবেদনে।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই), ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বছরব্যাপী বহু সংখ্যক অভিযান চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। অবশ্য বিএসটিআইয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, রমজান মাস এলে ঈদ মৌসুমে লাচ্ছা সেমাই, ঘি, কোল্ড ড্রিংকসহ বিভিন্ন পণ্যে ভেজালের মাত্রা বেড়ে যায়।

তারা দেশের জেলা, উপজেলায় অভিযান চালিয়ে চানাচুর, মিষ্টি, চকলেট শিশুখাদ্যসহ বিভিন্ন খাদ্যপণ্যে ভেজালের ভয়াবহ চিত্র পেয়েছেন বলেও উল্লেখ করেছেন। তবে তিনি এটা উল্লেখ করেননি যে, তাদের এত তৎপরতা সত্ত্বেও কীভাবে ভেজাল দেশের জনস্বাস্থ্যকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিচ্ছে।   

এ প্রশ্ন এখন কোনো ব্যক্তিবিশেষের নয়। এ প্রশ্ন ভুক্তভোগী পুরো জাতির। সরকারি এতসব সংস্থা এবং তাদের ‘কঠোর নজরদারি’ থাকা সত্ত্বেও খাদ্যে ভেজালদান কিংবা জনস্বাস্থ্যহানিকর নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন-বিপণন কেন বন্ধ হচ্ছে নাÑ এ যেন উত্তরহীন এক প্রশ্ন। অবশ্য এ প্রশ্নের আংশিক জবাব রয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেনের মন্তব্যে।

তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, ল্যাব পরীক্ষায় ভেজাল প্রমাণিত হওয়ার পরও সরকারি সংস্থাগুলো সেসব প্রতিষ্ঠানের নাম জনসমক্ষে প্রকাশ করে না। এর ফলে জনগণের মধ্যে ওইসব পণ্য ব্যবহারের বিষয়ে সচেতনতা সৃষ্টি হচ্ছে না। তিনি বলেছেন, এ ক্ষেত্রে বিদ্যমান আইনে সীমাবদ্ধতা রয়েছে। রাষ্ট্রের এ দুর্বলতাকে ভেজালকারী ও অনিরাপদ খাদ্য উৎপাদক গোষ্ঠী ঢাল হিসেবে ব্যবহার করছে বলে তিনি উল্লেখ করেছেন। 

আমরাও সে কথাই বলতে চাই। কেননা, এটা চিরন্তন সত্যে পরিণত হয়েছেÑ আইনের কঠোর প্রয়োগ ছাড়া দুর্নীতি-অনিয়ম নিয়ন্ত্রণ সম্ভব নয়। উন্নত দেশগুলোতে খাদ্য কিংবা ব্যবহার্য পণ্যের মধ্যে ‘পিওর’ বা খাঁটি বলে আলাদা কিছু নেইÑ এমন একটি কথা প্রচলিত আছে। সেসব দেশে খাদ্যপণ্য কিংবা প্রাণরক্ষাকারী ওষুধের একটিই ধরনÑ মানুষের ব্যবহারোপযোগী ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। ওরা মানুষ, এমনকি পশুখাদ্যেও ভেজাল দেওয়ার কথা চিন্তাও করে না।

এ ক্ষেত্রে আইনের ভয় যেমন রয়েছে, তেমনি তাদের মধ্যে জাগ্রত রয়েছে বিবেক। কিন্তু আমাদের দেশে এ দুটোর অভাবই প্রকট। এখানে আইন থাকলেও তা যেমন ‘বজ্র আঁটুনি ফস্কা গেরো’, অন্যদিকে একশ্রেণির মানুষের মগজ-মননে বিবেক বলে কোনো বোধের অস্তিত্ব নেই। ফলে এখানে বাধাহীনভাবে চলে ভেজালের মহোৎসব। 

সচেতন ব্যক্তিরা শঙ্কিত এ ভেবে যে, যেভাবে অনৈতিকতা, দুর্নীতি ও দুর্বৃত্তপনার বিস্তার ঘটছে, যদি দ্রুত এর লাগাম টেনে ধরা না হয়, তাহলে এ সমাজ অচিরেই মনুষ্য বসবাসের অযোগ্য হয়ে উঠবে; যেখানে দুর্নীতি হবে ‘নীতি’ আর অনিয়ম হবে ‘নিয়ম’। খাদ্যে ভেজালদান এবং অনিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করাও সে দুর্নীতির অন্যতম অংশ। সরকার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কঠোর পদক্ষেপ নেবেÑ দেশবাসীর ন্যায় আমরাও সে প্রত্যাশা করি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা