× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি সংকটের বহুমুখী প্রতিক্রিয়া

ড. এস এম জাহাঙ্গীর আলম

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১০:৫৮ এএম

জ্বালানি সংকটের বহুমুখী প্রতিক্রিয়া

আধুনিক সভ্যতার অগ্রযাত্রায় জ্বালানি একটি অপরিহার্য সম্পদ। শিল্পকারখানা, কৃষি, পরিবহন, বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্র জ্বালানির ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলো নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশে জ্বালানি সংকট ক্রমেই প্রকট আকার ধারণ করেছে- যা জাতীয় অর্থনীতি ও জনজীবনে বহুমাত্রিক প্রভাব ফেলছে। বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন, শিল্পকারখানায় উৎপাদন হ্রাস, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পেছনে এই সংকট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দেশে প্রাকৃতিক গ্যাসের মজুত হ্রাস, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, আমদানিনির্ভরতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, পরিকল্পনার ঘাটতি এবং জ্বালানির অপচয়- এসব কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। 

এমন বাস্তবতায় জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই। দেশীয় জ্বালানি সম্পদের যথাযথ অনুসন্ধান ও ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা, অবকাঠামোর উন্নয়ন এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এই সংকট মোকাবিলা করা সম্ভব। তাই দেশের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি সংকট নিরসনে সময়োপযোগী, বাস্তবসম্মত ও টেকসই পদক্ষেপ গ্রহণ জরুরি।

পেট্রোবাংলা সূত্রে জানা যায়, ২ হাজার ৫২৪ দশমিক ০৯ কোটি মিলিয়ন ঘনফুট, যার বিপরীতে সরবরাহ করা হচ্ছে ৭৯৭ দশমিক ৯ কোটি মিলিয়ন ঘনফুট। বিদ্যুৎ খাতে দৈনিক চাহিদা ২৭৮ কোটি ঘনফুট, যার বিপরীতে সরবরাহ করা সম্ভব হচ্ছে মাত্র ৬৪ দশমিক ৩ কোটি ঘনফুট। কাজেই জ্বালানি সংকট কতটা মারাত্মক আকার ধারণ করছে তা এ থেকেই বোঝা যাচ্ছে। বিদ্যুৎকেন্দ্র, সার, শিল্পকারখানায় গ্যাসের সরবরাহ স্বল্পতা শুরু হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। দেশে জ্বালানি অনুসন্ধানে বিনিয়োগ না করে আমদানির মাধ্যমে সরবরাহ ঠিক রাখার নীতি অনুসরণ করা হয় সে সময়ে।

বিদ্যুৎকেন্দ্র, সার, শিল্পকারখানায় গ্যাসের সরবরাহ স্বল্পতা দেখা দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। দেশে জ্বালানি অনুসন্ধানে বিনিয়োগ না করে আমদানির মাধ্যমে সরবরাহ ঠিক রাখার নীতি অনুসরণ করা হয় সে সময়ে। কিন্তু অর্থ সংকট এবং আমদানির মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে গিয়ে দফায় দফায় জ্বালানি পণ্যের দাম বাড়ানো হয়। কিন্তু এসব উদ্যোগ ক্রমেই ভয়াবহ উদ্বেগে রূপ নিচ্ছে, এমনকি আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার ঢেউ এসে চাপ বাড়াচ্ছে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায়। একদিকে যেমন জ্বালানি সংগ্রহে রাজস্ব আয় থেকে বিপুল পরিমাণ অর্থের সংস্থান করতে হচ্ছে, অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক ঘটনা সরবরাহ চেইনে বিঘ্ন সৃষ্টি করছে। এরই মধ্যে দেশে এলপিজি সংকট তৈরি হয়েছে। এলএনজি সরবরাহ চেইনে যদি কোনো কারণে বিঘ্ন হয়, তা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক তৎপরতাকে বড় রকমের বিপদে ফেলতে পারে।

দেশে বর্তমানে গ্যাসের চাহিদা দৈনিক ৩৮০ কোটি ঘনফুট। যেখানে সরবরাহ করা হচ্ছে ২৫৮ কোটি ঘনফুট। চাহিদা ও সরবরাহে বর্তমানে ঘাটতি থাকছে দৈনিক ১২২ কোটি ঘনফুট। অন্যদিকে বর্তমানে যে গ্যাস সরবরাহ হচ্ছে তা গত বছরের এ সময়ের (১০ জানুয়ারি, ২০২৫) তুলনায় ১৭ কোটি ৬০ লাখ ঘনফুট কম। ওই সময়ে দেশে গ্রিডে গ্যাসের সরবরাহ ছিল ২৭৫ কোটি ঘনফুট।

দেশে গ্যাস উত্তোলনে নিয়োজিত পাঁচ কোম্পানির চারটির উৎপাদন গত এক বছরে হ্রাস পেয়েছে। স্থানীয় উৎপাদনের এ ঘাটতি মেটাতে বিকল্প সমাধান হিসেবে বিপুল অর্থে কেনা হচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)। গেল ২০২৫-২৬ অর্থবছরেও অন্তত সাড়ে ৫১ হাজার কোটি টাকার ১১৫ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ। কিন্তু সেখানেও রয়েছে সরবরাহ ব্যবস্থা নিয়ে বড় অনিশ্চয়তা। জ্বালানির বৈশ্বিক বাজার নিয়ে পরাশক্তিগুলোর কৌশলে আটকে গেলে আগামীতে গভীর জ্বালানি সংকটে পড়ার আশঙ্কা করছেন জ্বালানি বিশেষজ্ঞ থেকে শুরু করে ব্যবসায়ীরা।

এরই মধ্যে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে বড় সংকট তৈরি হয়েছে। বিশ্ববাজার থেকে পণ্যটি আমদানিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও জাহাজে যুক্তরাষ্ট্রের স্যাংশনের বড় নেতিবাচক প্রভাব পড়েছে দেশে। খাত-সংশ্লিষ্টরা বলছেন, দেশে জ্বালানি খাত বিশেষত, গ্যাসের সরবরাহ সংকটের এ পরিস্থিতি এক দিনের নয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে এ পরিস্থিতি অব্যাহত আছে। অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ছিল অর্থনীতির প্রাণশক্তি জ্বালানি খাতে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে স্বল্পসময়ে একটা কার্যকর ও টেকসই কৌশল বাস্তবায়ন করা। যার মাধ্যমে আমদানি-নির্ভরতা কমবে এবং স্থানীয় সরবরাহ বাড়বে। কিন্তু দেখা যাচ্ছে, গ্যাসের সরবরাহ সংকট আগের চেয়ে প্রকট হয়েছে। 

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে এলএনজি আমদানির একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। এ সিন্ডিকেটের কারণে রুদ্ধ ছিল স্থানীয় গ্যাস অনুসন্ধানের পথ। অন্যদিকে গত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরও স্থানীয় গ্যাস উৎপাদন ও সরবরাহ বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেয়নি। যদি নেওয়া হতো তার প্রভাব আর্থিক ব্যয়ে উঠে আসত। কিন্তু দেখা যাচ্ছে, দেশে কর্মরত বেশিরভাগ কোম্পানির উৎপাদন হ্রাস পাচ্ছে।

দেশে গ্যাস উত্তোলনে স্থানীয় তিনটি কোম্পানির পাশাপাশি দুটি বিদেশি কোম্পানি নিয়োজিত রয়েছে। কোম্পানিগুলোর গত এক বছরের গ্যাস উৎপাদনচিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, চারটি কোম্পানিরই উৎপাদন কমেছে। তথ্য বলছে, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) ২০২৪-২৫ অর্থবছরে গ্যাস উৎপাদন করেছে ৫ হাজার ৩১৪ এমএমসিএম (মিলিয়ন ঘনমিটার), যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৫ হাজার ৮৩৭ এমএমসিএম। অর্থাৎ এক বছরের ব্যবধানে গ্যাস উৎপাদন কমেছে ৫২৩ এমএমসিএম।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) গত ২০২৪-২৫ অর্থবছরে গ্যাস উৎপাদন করেছে ১ হাজার ৩৯২ এমএমসিএম, যা তাদের আগের অর্থবছরে(২০২৩-২৪) ছিল ১ হাজার ৭৩ এমএমসিএম। কোম্পানিটির গ্যাস উৎপাদন কিছুটা বেড়েছে। বাপেক্সের ২০২৪-২৫ অর্থবছরে গ্যাস উৎপাদন ছিল ১ হাজার ১৫৫ এমএমসিএম, যা আগের অর্থবছরে ছিল ১ হাজার ৩৩৪ এমএমসিএম। এক বছরের ব্যবধানে বাপেক্সের গ্যাস উৎপাদন কমেছে প্রায় ১৪ শতাংশ।

দেশের স্থলভাগে বিদেশি কোম্পানি হিসেবে গ্যাস উত্তোলন করছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন। সরবরাহ ব্যবস্থাপনায় কোম্পানির আওতাধীন গ্যাস ফিল্ডের হিস্যা মোট সরবরাহের প্রায় অর্ধেক। সেখান থেকেও গ্যাস সরবরাহ এক বছরের ব্যবধানে বড় আকারে কমেছে।

পেট্রোবাংলার হিসাব অনুযায়ী, শেভরনের তিনটি গ্যাস ফিল্ড থেকে ২০২৪-২৫ অর্থবছরে গ্যাস উৎপাদন হয়েছে ১১ হাজার ৩৬৮ এমএমসিএম, যা আগের বছরে ছিল ১২ হাজার ৪০৭ এমএমসিএম। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির গ্যাস উৎপাদন কমেছে ১ হাজার ৩৯ এমএমসিএম।

দেশের অভ্যন্তরে বিদেশি আরেকটি কোম্পানি তাল্লো গ্যাস উৎপাদন করছে। কোম্পানিটির উৎপাদনও কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি ৩৬৯ এমএমসিএম গ্যাস উৎপাদন করেছে, যা আগের বছরে ছিল ৪২১ এমএমসিএম।

পেট্রোবাংলা বলছে, স্থানীয় মজুদ-সরবরাহ কমে আসার সঙ্গে সঙ্গে কোম্পানিগুলোর উৎপাদনও কমছে। তবে উৎপাদন বৃদ্ধিতে নতুন কূপ খনন করে গ্রিডে সংযোগ দেওয়া হলেও তা খুব বেশি কাজে আসছে না। সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন গ্রিড থেকে ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস কমে যাচ্ছে। এ কারণে গ্রিডে নতুন করে সরবরাহ যুক্ত হলেও সে বাড়তি গ্যাসের কোনো ইতিবাচক প্রভাব সার্বিকভাবে পড়ছে না। স্থানীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ার ঘাটতি মেটাতে বিদেশ থেকে এলএনজি আমদানি বাড়িয়েছে জ্বালানি বিভাগ। ২০২৫-২৬ অর্থবছরে দীর্ঘমেয়াদি ও স্পট থেকে ১১৫ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। এ পরিমাণ কার্গো আমদানিতে ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৫১ হাজার ৫৪০ কোটি টাকা। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে ৪০ হাজার ৭৫২ কোটি টাকার এলএনজি কেনা হয়েছে।

আওয়ামী লীগ সরকারও বড় আকারে এলএনজি আমদানি করেছিল। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ৪২ হাজার ৮৪৫ কোটি, ২০২২-২৩ অর্থবছরে ৩৫ হাজার ২৭৪ কোটি এবং ২০২১-২২ অর্থবছরে ৪০ হাজার ৫৬৩ কোটি টাকার এলএনজি কেনা হয়েছে। চলতি অর্থবছরে পরিকল্পিত ১১৫টি কার্গো আমদানি করা হলে ২০১৮-১৯ অর্থবছরের পর থেকে এ যাবৎ দেশে ২ লাখ ৫৬ হাজার ৭৯৩ কোটি টাকার এলএনজি আমদানি হবে। দেশে স্থানীয়ভাবে গ্যাসের উত্তোলন বৃদ্ধিতে বিগত আওয়ামী লীগ সরকার সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র আহ্বান করেছিল। এ দরপত্রে বিদেশি কয়েকটি কোম্পানি তথ্য-উপাত্ত কিনলেও পরে একটি কোম্পানিও দরপত্রে অংশ নেয়নি। 

দেশে এলএনজি সরবরাহে দুটি টার্মিনাল রয়েছে। দুটির সক্ষমতা দৈনিক ১০০ কোটি ঘনফুট। গ্যাসের সরবরাহ সংকট মেটাতে তাৎক্ষণিকভাবে এলএনজি আমদানি করে গ্রিডে দিতে নতুন অবকাঠামো প্রয়োজন। জানা গেছে, ২০২৮ সালের মধ্যে ১০০ কূপ খনন করা হবে। এ খাতের প্রতিযোগিতা বাড়াতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ আইন বাতিল করা হয়েছে। স্পট থেকে এলএনজি আমদানি কমাতে স্বল্পমেয়াদে গ্যাস সরবরাহ চুক্তিতে যাওয়া হচ্ছে। এ ছাড়া দুটি গ্যাস কূপ খননে রিগ কেনা হচ্ছে। স্থলভাগে বিদেশি কোম্পানি দিয়ে গ্যাস অনুসন্ধান করতে পিএসসি হালনাগাদ করাসহ আরও বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।


লেখক: সাবেক কর কমিশনার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশন

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা