× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেধা হোক সবচেয়ে বড় পরিচয়

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১০:৫৬ এএম

মেধা হোক সবচেয়ে বড় পরিচয়

‘কেবল প্রাকৃতিক সম্পদই রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ নয়; তার চেয়েও বড় সম্পদ হলো এমন প্রতিষ্ঠান- যেখানে একজন সাধারণ নাগরিক বিশ্বাস করতে পারেনÑ ন্যায়বিচার হবে, সুযোগ মিলবে এবং যোগ্যতার মূল্যায়ন হবে।’ এই কথাটি কোনো রাজনৈতিক বক্তৃতা থেকে নেওয়া নয়। বরং দীর্ঘদিন প্রশাসনিক কাঠামো নিয়ে কাজ করতে গিয়ে যে উপলব্ধি তৈরি হয়েছে, তারই সারাংশ। আজও মনে পড়ে, প্রায় দুই দশক আগে সচিবালয়ের একটি করিডোরে একজন সিনিয়র আমলা আমাকে বলেছিলেন, ‘সরকার বদলাবে, মন্ত্রী বদলাবেন; কিন্তু প্রশাসনের মেরুদণ্ড যদি প্রতিবার বদলে যায়, তাহলে রাষ্ট্র একদিন দাঁড়িয়ে থাকবে কেবল ভবনের ওপর, প্রতিষ্ঠানের ওপর নয়।’ সেই কথার গভীরতা আমি সময়ের সঙ্গে আরও ভালোভাবে বুঝেছি।

অতি সম্প্রতি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা।’ এটি একটি রাজনৈতিক বক্তব্য, যার মধ্যে একটি গুরুতর অভিযোগ নিহিত আছে। অভিযোগটি সত্য কি না, সেটি নির্ধারণ করবে তথ্য, প্রমাণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুসন্ধান। কোনো রাজনৈতিক বক্তব্যকে প্রমাণিত সত্য হিসেবে গ্রহণ করা যেমন দায়িত্বশীলতা নয়; তেমনি এমন বক্তব্যকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেওয়াও রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে সমীচীন নয়। কারণ এখানে ব্যক্তি নয়, প্রশ্নটি রাষ্ট্রের। সংবিধানের ২৯ অনুচ্ছেদে সরকারি চাকরিতে সব নাগরিকের জন্য সমান সুযোগের নীতি প্রতিফলিত হয়েছে। এর অন্তর্নিহিত দর্শন স্পষ্টÑ রাষ্ট্রের চাকরি কোনো রাজনৈতিক পুরস্কার নয়; এটি জনগণের সেবা করার সাংবিধানিক দায়িত্ব। এই জায়গায় এসে প্রশ্ন জাগেÑ যদি জনপরিসরে এমন ধারণা জন্ম নেয় যে, রাজনৈতিক পরিচয় মেধার চেয়ে বেশি কার্যকর, তাহলে ক্ষতিটা কিন্তু হয় রাষ্ট্রেরই। 

জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার আধুনিক আমলাতন্ত্রের যে ধারণা দিয়েছেন, তার কেন্দ্রবিন্দু ছিল তিনটি বিষয়Ñ যোগ্যতা, নিয়ম এবং নিরপেক্ষতা। তার মতে রাষ্ট্রের কর্মকর্তা হবেন পেশাদার; তিনি ব্যক্তির নয়, প্রতিষ্ঠানের প্রতি অনুগত থাকবেন। তার সিদ্ধান্তের ভিত্তি হবে আইন, ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক আনুগত্য নয়। কেননা, রাষ্ট্র যদি ব্যক্তি-নির্ভর হয়, তাহলে শাসন টিকে থাকতে পারে; কিন্তু প্রতিষ্ঠান টিকে থাকে না। আজ এক শতাব্দীরও বেশি সময় পরেও তার সেই তত্ত্ব অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ উন্নত রাষ্ট্রগুলো রাজনৈতিক সরকার পরিবর্তনকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেয়, কিন্তু প্রশাসনের পেশাদারত্ব পরিবর্তনের মতো আত্মঘাতী পদক্ষেপ নেয় না। 

বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসও কম শিক্ষণীয় নয়। পাকিস্তান আমলে সিভিল সার্ভিস ছিল ক্ষমতার অন্যতম স্তম্ভ। স্বাধীনতার পর সেই কাঠামোকে জনগণমুখী করার চেষ্টা হয়েছে। পরে বিভিন্ন সময়ে প্রশাসনিক সংস্কার কমিশন গঠিত হয়েছে, জনপ্রশাসন সংস্কারের সুপারিশ এসেছে, সরকারি কর্ম কমিশনের কার্যকারিতা বাড়ানোর কথা বলা হয়েছে। তবু একটি অভিযোগ বারবার ফিরে এসেছেÑ প্রশাসন কি যথেষ্ট নিরপেক্ষ? মজার বিষয় হলো, এই অভিযোগ কোনো এক সরকারের বিরুদ্ধে সীমাবদ্ধ নয়। এক সময় একদল বলেছে প্রশাসন দলীয়করণ হয়েছে। ক্ষমতার পালাবদলের পর আরেক দল একই অভিযোগ করেছে। অর্থাৎ একসময় যারা ছিল অভিযুক্ত, পরবর্তী সময়ে তারাই হয়েছে অভিযোগকারী। 

আমাদের রাজনীতির একটি চমকপ্রদ বৈশিষ্ট্য আছে। বিরোধী দলে থাকলে প্রায় সব দলই মেধার কথা বলে। ক্ষমতায় গেলে প্রায় সব দলই ‘বিশ্বস্ততা’র গুরুত্ব আবিষ্কার করে। অবশ্য এই বিশ্বস্ততা সব সময় রাষ্ট্রের প্রতি নয়; অনেক সময় ক্ষমতার প্রতিও হয়ে থাকে। এ যেন প্রশাসন নয়, একটি দোলনা। ক্ষমতা যেদিকে দোলে, আনুগত্যও সেদিকে দোল খায়। কিন্তু রাষ্ট্র দোলনার ওপর দাঁড়িয়ে থাকতে পারে না। রাষ্ট্রের প্রয়োজন পাথুরে ভিত্তি।

রাষ্ট্র সম্পর্কে মানুষের ধারণা তৈরি হয় খুব সাধারণ কিছু অভিজ্ঞতা থেকে। থানায় গেলে কী আচরণ পেলেন, ভূমি অফিসে কী হলো, পাসপোর্ট করতে কত দিন লাগল, একটি চাকরির পরীক্ষায় নিজের মেধার যথাযথ মূল্যায়ন হলো কি নাÑ এ ছোট ছোট অভিজ্ঞতাগুলোই বড় রাজনৈতিক দর্শনের চেয়ে বেশি শক্তিশালী। কারণ মানুষ সংবিধান পড়ে না; রাষ্ট্রকে অনুভব করে। যখন জনপরিসরে কোনো রাজনৈতিক নেতা নিয়োগ নিয়ে অভিযোগ করেন, তখন সরকারের দায়িত্ব কেবল পাল্টা বক্তব্য দেওয়া নয়। সবচেয়ে কার্যকর জবাব হলোÑ আরও স্বচ্ছতা। আরও তথ্য প্রকাশ। আরও শক্তিশালী প্রতিষ্ঠান। কারণ রাজনৈতিক বক্তব্যের জবাব রাজনৈতিক ভাষণে দেওয়া যায়। কিন্তু জন-আস্থা প্রতিষ্ঠা করতে হয় বিশ্বাসযোগ্যতা দিয়ে।

মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য জনমনে কতটা প্রভাব ফেলবে বা আদৌ প্রভাব ফেলবে কি না সেটা একটি প্রশ্ন। তবে তার এ বক্তব্য যে প্রশ্নটি সামনে এনেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র কি এমন একটি নিয়োগব্যবস্থা গড়ে তুলতে পেরেছে, যেখানে একজন তরুণ নিশ্চিত থাকতে পারে রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় নয়, মেধাই হবে তার যোগ্যতার মাপকাঠি? এই প্রশ্নের উত্তর এক কথায় কোনো সরকার দিতে পারবে না। তা দেবে রাষ্ট্রের প্রতিষ্ঠান। দেবে স্বচ্ছ নিয়োগব্যবস্থা, প্রশাসনের পেশাদারত্ব। 

গণতন্ত্রে সরকার পরিবর্তন স্বাভাবিক। কিন্তু রাষ্ট্রের নীতি প্রতিবার বদল হতে পারে না। ক্ষমতা বদলাবে, মতাদর্শ বদলাবে, সংসদের আসন বদলাবে। যা বদলানো উচিত নয়, তা হলো রাষ্ট্রের ন্যায়বোধ। কারণ একটি রাষ্ট্রের প্রকৃত পরিচয় নির্ধারিত হয় তার শাসকের রাজনৈতিক পরিচয়ে নয়; বরং সেই রাষ্ট্রে একজন সাধারণ নাগরিক কতটা বিশ্বাস করেন যে, তিনি রাষ্ট্রের কাছে ন্যায়বিচার পাবেন। সেটা চাকরি ক্ষেত্রে যেমন, গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রেও তেমনি। আর একটি সফল রাষ্ট্রের সফলতা নির্ভর করে সে জন-আস্থার ওপরই। 


লেখক: বিশেষ প্রতিনিধি, প্রতিদিনের বাংলাদেশ 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা