× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিপার্শ্ব

মোবাইলে আর্থিক প্রতারণার ফাঁদ

শিমলা পাল

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১০:৫৩ এএম

মোবাইলে আর্থিক প্রতারণার ফাঁদ

দিনকয়েক আগের ঘটনা। জ্যৈষ্ঠের এক ভরদুপুরে কৃষক রহমত আলীর ফোনে একটি কল এলো। অপর প্রান্ত থেকে বেশ প্রাতিষ্ঠানিক ও গম্ভীর কণ্ঠে বলা হলো, ‘চাচা, আপনার এমএফএস অ্যাকাউন্টের কেওয়াইসি তথ্য অসম্পূর্ণ থাকায় অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাচ্ছে। এখনই ঠিক না করলে জমাকৃত সব টাকা বাজেয়াপ্ত হবে।’ ভীতি আর সরল বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারক চক্র তার থেকে ওটিপি ও পিন নম্বরটি জেনে নেয়। ঠিক দুই মিনিটের মাথায় রহমত আলীর কঠোর পরিশ্রমে জমানো ৫০ হাজার টাকা গায়েব হয়ে যায়। এই নিঃশব্দ আর্তনাদ আজ আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি আমাদের ডিজিটাল জীবনের এক নির্মম বাস্তবতা।

বর্তমানে বাংলাদেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস কেবল একটি আধুনিক সেবা নয়, এটি সাধারণ মানুষের অর্থনৈতিক জীবনের মূল চালিকাশক্তি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের মোবাইল ব্যাংকিং বা এমএফএস খাতে নিবন্ধিত গ্রাহক সংখ্যা ২৪ কোটির বেশি ছাড়িয়েছে, যেখানে প্রতিদিন গড়ে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে। কিন্তু এই বিশাল অর্থনৈতিক আশীর্বাদের উল্টো পিঠেই ডালপালা মেলছে মোবাইলভিত্তিক আর্থিক অপরাধের অদৃশ্য জাল।

বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের এক গবেষণায় দেখা যায়, বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনে ঘটে যাওয়া অপরাধের সিংহভাগই আর্থিক প্রতারণা-সংক্রান্ত। মোট গ্রাহকের প্রায় ৫২ শতাংশ বা অর্ধেকের বেশি গ্রামীণ এলাকার। প্রতারকরা মূলত মানুষের অসচেতনতা, প্রযুক্তিগত ভীতি কিংবা অতি-লোভকে পুঁজি করে ফাঁদ ফেলে। তারা নিজেদের কখনও বিকাশ, নগদ বা ব্যাংকের কর্মকর্তা, কখনও লটারির প্রতিনিধি আবার কখনও ভুলবশত টাকা চলে যাওয়ার নাটক সাজিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। প্রযুক্তিবিদরা এই মনস্তাত্ত্বিক কৌশলকে বলেন ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’।

প্রতারণার এই কৌশলে এখন যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মতো আধুনিক প্রযুক্তি। তবে এই ডিজিটাল জালিয়াতির দৌরাত্ম্য যতই বাড়ুক না কেন, একটু সচেতনতাই পারে এই বিশাল ফাঁদ নিষ্ক্রিয় করে দিতে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তা জোরদারে তিনটি মৌলিক নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি।

আমাদের মনে রাখতে হবে যে, কোনো ব্যাংক, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান কিংবা সরকারি সংস্থা কখনোই ফোন করে গ্রাহকের গোপন পিন নম্বর বা চার/ছয় সংখ্যার ওটিপি জানতে চায় না। এই পিন ও ওটিপি হলো আপনার ব্যাংক ভল্টের একমাত্র চাবি, যা যেকোনো পরিস্থিতিতে সম্পূর্ণ গোপন রাখা বাধ্যতামূলক। অস্বাভাবিক কোনো অফার বা জরুরি সতর্কবার্তা পেলে আতঙ্কিত না হয়ে আগে ঠান্ডা মাথায় যাচাই করতে হবে। অ্যাকাউন্টে টাকা ভুল করে চলে যাওয়ার কথা বললে নিজের ফোনের ব্যালেন্স চেক না করে এক টাকাও ফেরত পাঠানো উচিত নয়। পরিচিত কেউ হঠাৎ বিপদের কথা বলে টাকা চাইলে আগে অন্য কোনো মাধ্যমে বা সরাসরি ফোনে তার সাথে কথা বলে সত্যতা নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই কেবল একটি মেসেজ বা অডিও বার্তার ওপর ভিত্তি করে আর্থিক লেনদেন করা যাবে না।

সাইবার অপরাধের শিকার হলে ভয় না পেয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা, নিকটস্থ থানায় জিডি করা কিংবা বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। 

তবে সচেতনতা, সুস্থ বুদ্ধি ও সতর্কতার চর্চাকে আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় শামিল করতে পারলেই এই অদৃশ্য প্রতারণার জাল ছিন্ন করে একটি নিরাপদ ও আস্থাভাজন ডিজিটাল সমাজ গড়ে তোলা সম্ভব।


লেখক: আইন বিভাগ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা