চলতি মাসের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে। ছবি: সংগৃহীত
চলতি মাসের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে। মালয়েশিয়ায় নতুন করে কর্মী পাঠানোর সংবাদটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চপর্যায়ের ফলপ্রসূ আলোচনার পর এই সিদ্ধান্ত হয়। গত বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মাহদী আমিন বলেন, প্রথম ধাপে সরকারি জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কর্মী পাঠানো হবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের পাঠানোর পথ পুনরায় উন্মুক্ত হওয়ার খবর নিঃসন্দেহে আশাব্যঞ্জক। সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এই সফল প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। স্মর্তব্য, বিগত সময়ে সিন্ডিকেট, অনিয়ম ও অতিরিক্ত অভিবাসন সমস্যার কারণে এই গুরুত্বপূর্ণ শ্রমবাজার বহুবার অনিশ্চয়তার মুখে পড়েছিল। তবে বাজারটি চালুর পাশাপাশি উল্লিখিত অনিয়ম ও সিন্ডিকেট আধিপত্য রোধে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
‘সবার আগে বাংলাদেশ’Ñ নীতিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সরকার শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ রাখতে কাজ করছে। বলা যায়, আগামী এক মাসের মধ্যে কর্মী যাওয়া শুরু হলে তা দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। উল্লেখ্য, বিগত সময়ে মালয়েশিয়ায় শ্রমবাজারে বাংলাদেশসহ ১৪টি দেশ কর্মী পাঠালেও একমাত্র বাংলাদেশের ক্ষেত্রে চক্রব্যবস্থা গড়ে উঠেছিল। এই চক্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রভাবশালীরাই যুক্ত ছিলেন। বাংলাদেশ প্রথমে ২৫টি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পেয়েছিল। পরে ধাপে ধাপে রিক্রুটিং এজেন্সির সংখ্যা ১০০ করা হয়েছিল। এই চক্রে সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্যরাও যুক্ত ছিলেন। বিপুল অঙ্কের ঘুষ, দুর্নীতির কারণে দুই দেশের এই সিন্ডিকেট-নির্ভর ব্যবস্থা টিকে থাকলেও মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অনেকেই দুর্বিষহ, মানবেতর ও অমর্যাদাকর পরিস্থিতির মধ্যে পড়ে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) এই বিষয়ে বিবৃতি দিয়েছিল। ফলে সে সময় মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয়। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পর মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশিদের জন্য খুলছে।
দেশের বিপুলসংখ্যক তরুণ প্রতিবছর বিদেশে কর্মসংস্থানের প্রত্যাশায় শ্রমবাজারে প্রবেশ করেন। দেশের সীমিত কর্মসংস্থানের সুযোগের কারণে অনেকেই মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে কাজের সন্ধান করেন। এই প্রেক্ষাপটে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়া হাজারো পরিবারের জন্য আশার আলো হয়ে উঠতে পারে। বিশেষ করে নির্মাণ, উৎপাদন, কৃষি ও সেবা খাতে বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও পরিশ্রমের সুনাম রয়েছে, যা ভবিষ্যতেও দেশের অবস্থানকে শক্তিশালী করতে পারে। উল্লেখ করা প্রয়োজন, বৈদেশিক কর্মসংস্থানের অন্যতম প্রধান গন্তব্য হিসেবে মালয়েশিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতি ও শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফলে এই বাজার আবার সচল হওয়া যেমন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, তেমনি দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
তবে অতীতের নানা অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয়, সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং প্রতারণার ঘটনাগুলো এখনও মানুষের স্মৃতিতে স্পষ্ট। অনেক শ্রমিক বিদেশে যাওয়ার জন্য ঋণ নিয়ে বিপুল অর্থ ব্যয় করেও প্রত্যাশিত চাকরি বা বেতন পাননি। কেউ কেউ চুক্তি অনুযায়ী কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছেন। তাই শ্রমবাজার খুললেই যেন পুরনো সমস্যাগুলো আবার ফিরে না আসে, সে বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। আমরা মনে করি, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার এটিও একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দুই দেশের মধ্যে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর দ্বিপক্ষীয় সমঝোতা বাস্তবায়ন অপরিহার্য।
শুধু তাই নয়, বিদেশগামী কর্মীদের নিবন্ধন, নিয়োগ, ভিসা প্রক্রিয়া এবং বিমান ভাড়াÑ সব ক্ষেত্রেই স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। অভিবাসন ব্যয় আন্তর্জাতিক মানের মধ্যে সীমিত রাখতে হবে এবং কোনো ধরনের সিন্ডিকেট বা একচেটিয়া ব্যবসার সুযোগ দেওয়া যাবে না। একই সঙ্গে কর্মীদের যথাযথ প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ও আইনগত সচেতনতা বৃদ্ধি করা হলে তারা বিদেশে গিয়ে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন এবং নিজেদের অধিকারও রক্ষা করতে সক্ষম হবেন।
নিঃসন্দেহে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জন্য এটি ইতিবাচক অগ্রগতি। তবে এই সুযোগের প্রকৃত সুফল তখনই মিলবে, যখন শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে। রেমিট্যান্স বৃদ্ধির পাশাপাশি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে দক্ষ, প্রশিক্ষিত ও সুরক্ষিত শ্রমশক্তি পাঠানোর কোনো বিকল্প নেই। তবে শ্রমিক পাঠানোর প্রক্রিয়াটি যাতে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হয়, সরকারকে সেটা নিশ্চিত করতে হবে। সম্ভাবনার এই নতুন দ্বার যেন অনিয়মের নয়, বরং সুশাসন, মানবিকতা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেÑ সেটিই হওয়া উচিত রাষ্ট্রের প্রধান লক্ষ্য। আমরা চাই, মালয়েশিয়ার শ্রমবাজার আর যেন কোনোভাবেই বন্ধ না হয়।