× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চব্বিশের শহিদদের হারিয়ে যাওয়ার নেপথ্যে

ফাহাদ বিন মর্তুজা

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১১:০৩ এএম

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের সংখ্যাটা ঠিক কত, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ছবি: সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের সংখ্যাটা ঠিক কত, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ছবি: সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের সংখ্যাটা ঠিক কত, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সারা দেশের জেলা প্রশাসন, হাসপাতাল থেকে তথ্য নিয়ে, চব্বিশের অভ্যুত্থানে নিহতদের যে হালনাগাদ তালিকা তৈরি করেছে, তাতে নিহতের সংখ্যা ৮৪৩ জন। তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় বা ওএইচসিএইচআর-এর তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই সময় প্রায় ১৪০০ জনের মতো নিহত হয়েছেন (১২ ফেব্রুয়ারি ২০২৫)। প্রশ্ন উঠছে, সরকারের তালিকা ও জাতিসংঘের প্রতিবেদনে নিহতের সংখ্যায় এতটা পার্থক্য কেন?

বাংলাদেশে জনপ্রশাসনের কর্মকর্তাদের তৈরি তালিকা নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে : ২০১৯ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের তৈরি ১০,৭৮৯ জন রাজাকারের তালিকা বিতর্কিত ছিল। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধার অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা এখনও চলছে। চব্বিশের শহীদদের তালিকাও প্রশ্নবিদ্ধ হয়েছে, তালিকা প্রণয়নের সময় প্রশাসন কিছু ভুয়া ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত করে, আবার জুলাই আন্দোলনে নিহত কিন্তু বেওয়ারিশ হিসেবে দাফন করা অনেককে শহীদ হিসেবে বিবেচনা করেনি। প্রশাসনের কর্মকর্তাদের কারণে শহীদের তালিকায় নাম ওঠাতেও স্বজনদের হয়রান হতে হয়েছে (৮ জানুয়ারি ২০২৫, সমকাল)। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে চব্বিশের জুলাই-আগস্টে দেওয়া গণকবর শনাক্ত করার চেষ্টা চলছে, একই সাথে একটি হাসপাতাল থেকে নদীতে মরদেহ ফেলে দেওয়ার অভিযোগ তদন্ত করা হচ্ছে, তদন্ত ও শনাক্তের কাজ শেষ হলে মোট শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে (১৫ জুলাই ২০২৬)।

চব্বিশের শহিদদের অদৃশ্য করতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমও অনেকটা দায়ী। গণমাধ্যম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা আন্দোলনকারীদের হত্যা করার খবর আড়াল করেছে (চব্বিশের গণহত্যায় ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা, ফাহাদ বিন মর্তুজা, ১১ আগস্ট ২০২৫, আমাদের সময়)। মুখ ফস্‌কে এক গণমাধ্যমকর্মী ‘মহাখালী আমতলী থেকে শুরু করে গুলশান এক পর্যন্ত নারকীয় হত্যা’ বলে ফেললেও সাথে সাথেই শব্দ পরিবর্তন করে আওয়ামী লীগের স্থাপনা-ধ্বংসের ন্যারেটিভ অনুযায়ী বলেছে ‘মানে ধ্বংসযজ্ঞ চলেছে’ (সংবাদকর্মীদের ওপর পরিকল্পিত হামলা করা হয়েছে, ২৫ জুলাই ২০২৪, ডিবিসি নিউজ, ইউটিউব)। 

এ ছাড়া জুলাই আন্দোলনে নিহতদের নিয়ে ত্রুটিপূর্ণ প্রতিবেদন প্রচার করা হয়েছিল। যেমন, এটিএন নিউজের শাহাদাত রিফাতের এক প্রতিবেদনে জানানো হয়, ‘১৬ জুলাই থেকে এ পর্যন্ত সংঘাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ৮৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আটজনের নাম-পরিচয় না পাওয়ায় ডিএনএ পরীক্ষা শেষে তাদের মরদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। অন্য দুই হাসপাতালের মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যারা হাসপাতালে পৌঁছার আগেই মারা গিয়েছেন’ (কোটা আন্দোলনে সহিংসতায় কতজনের মৃত্যু হয়েছে? ২৮ জুলাই ২০২৪, ইউটিউব), এই প্রতিবেদনে ত্রুটি রয়েছে। সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মরত একাধিক আনসার সদস্য, মর্গের কর্মচারী, নার্সের সাথে প্রবন্ধের লেখকের কথা হয়েছিল, ২০ জুলাই ২০২৪ তারিখ দুপুর ১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের কর্মচারী রফিক জানায়, মর্গে থাকা ১৫ জনের লাশ নিয়ে গেছে আত্মীয়-স্বজনরা, মর্গে আর কোনো লাশ নেই (ভয়েস রেকর্ড করা আছে), তাই ২০ জুলাইয়ের পর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে এটিএন নিউজের দেওয়া ‘১৩ জনের মৃত্যুর খবর’ সঠিক ছিল না। এ ধরনের ত্রুটিপূর্ণ প্রতিবেদন ও ডিবিসি নিউজের মতো উপরিউক্ত পক্ষপাতমূলক সাংবাদিকতা অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের হারিয়ে যেতে ভূমিকা রেখেছে।

ওই দুপুরে (২০ জুলাই ২০২৪) সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত নার্স লেখককে জানায়, আহত ও নিহতদের মধ্যে অনেকের তথ্য জরুরি বিভাগের নিবন্ধন খাতায় (রেজিস্টার খাতায়) অন্তর্ভুক্ত করা হয়নি! তখন অবাক হলেও ৫ আগস্ট পরবর্তী সময়ে জানা গেছে, অন্যান্য হাসপাতালেও আহত, নিহতদের তথ্য লোপাট করা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, জুলাই গণহত্যার সময় কয়েকটি হাসপাতালে নিহতদের মরদেহ হাসপাতালের নিবন্ধন খাতায় অন্তর্ভুক্ত করেনি (প্রাগুক্ত)। 

১৭ অক্টোবর ২০২৪-এ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্য, জাতিসংঘের ‘জুলাই-আগস্ট ২০২৪-এ বাংলাদেশে প্রতিবাদ-বিক্ষোভ সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক প্রতিবেদন (ক্ষমতাচ্যুত সরকার মানবাধিকার লঙ্ঘনের সত্য গোপন করেছে : জাতিসংঘের প্রতিবেদন, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, বাসস) এবং ১৩ মার্চ ২০২৫-এ প্রকাশিত ডেইলি স্টার পত্রিকার ‘আওয়ামী লীগ গভর্মেন্ট সোট্‌ টু হাইড ট্রু এক্সটেন্ট অভ্‌ ম্যাসাকার’ শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা যায়, শহীদ ও আহত ব্যক্তিদের চিকিৎসার কাগজপত্র আওয়ামী লীগ সরকার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল, যা বাস্তবায়ন করতে ডিজিএফআই, এনএসআই, পুলিশের গোয়েন্দা শাখা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন হাসপাতালে উপস্থিত থেকে চিকিৎসা-সংক্রান্ত নথি জব্দ করেছে।

চিকিৎসার নথি লোপাট করা শহিদদের লাশ নিশ্চিহ্ন করার প্রথম ধাপ। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সাড়ে ১৫ বছরে অগণিত ব্যক্তিকে গুম ও খুনের পর লাশ নিশ্চিহ্ন করেছিল। গুম-সংক্রান্ত কমিশন অভ্‌ ইনকোয়ারির প্রতিবেদন অনুযায়ী গুমের শিকার ব্যক্তিদের মধ্যে ৬৮ শতাংশ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ২২ শতাংশ জামায়াত-শিবিরের নেতাকর্মী এখনও নিখোঁজ (৪ জানুয়ারি ২০২৬, বণিক বার্তা), নিখোঁজদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, তার মৃতদেহ আজ পর্যন্ত পাওয়া যায়নি। ধারণা করা হয়, ক্ষমতাসীন আওয়ামী লীগের অনুগত সরকারি কর্মকর্তারা গুম করা অনেককেই হত্যা করে লাশ নিশ্চিহ্ন করেছে। কিন্তু রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নিহত ব্যক্তির লাশ নিশ্চিহ্ন করা গেলেও, হাসপাতালে নিহত ব্যক্তির তথ্য থাকলে, ওই ব্যক্তির অস্তিত্ব নিশ্চিহ্ন করা সম্ভব হয় না। তাই লাশ গুম করার আগেÑ আইনশৃঙ্খলা বাহিনী ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা চব্বিশের আন্দোলনে নিহত ব্যক্তিদের হাসপাতালে থাকার তথ্য লোপাট করে থাকতে পারে। সে ক্ষেত্রে কোনো কোনো শহীদের চিকিৎসা-সংক্রান্ত নথি, লাশ বা লাশের অবশিষ্টাংশ হয়তো পাওয়া যাবে না, কিন্তু, ‘অ্যাবসেন্স অভ্‌ এভিডেন্স ইজ নট এভিডেন্স অভ্‌ অ্যাবসেন্স’ (কার্ল সেগান)। তাই শহীদদের চিহ্নিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিকল্প পদ্ধতি বিবেচনায় নিতে হবে।


লেখক: কলাম লেখক ও গণমাধ্যম বিশ্লেষক

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা