ইসতিয়াক আহমেদ হৃদয়
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১০:৪৯ এএম
বিদ্যুৎ বিল যেন প্রতিনিয়ত আতঙ্কের গল্প হয়ে উঠছে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের হাতে যে বিদ্যুৎ বিলের কাগজ পৌঁছাচ্ছে, তাকে এককথায় ‘ভুতুড়ে বিল’ ছাড়া আর কিছু বলা যায় না। ছবি: সংগৃহীত
বিদ্যুৎ বিল যেন প্রতিনিয়ত আতঙ্কের গল্প হয়ে উঠছে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের হাতে যে বিদ্যুৎ বিলের কাগজ পৌঁছাচ্ছে, তাকে এককথায় ‘ভুতুড়ে বিল’ ছাড়া আর কিছু বলা যায় না। যে গ্রাহকের স্বাভাবিক সময়ে মাসে বিল আসত ১,৫০০ থেকে ২,০০০ টাকা, হঠাৎ করেই তার বিল এসেছে ৮,০০০ থেকে ১০,০০০ টাকা! কোনো কোনো ক্ষেত্রে এই অঙ্ক আরও কয়েকগুণ বেশি। অস্বাভাবিক এবং কাল্পনিক এই বিদ্যুৎ বিলের বোঝায় মধ্যবিত্ত ও নিম্ন-আয়ের মানুষ এখন পুরোপুরি দিশাহারা। পল্লী বিদ্যুৎ অফিসের এই খামখেয়ালিপনার শিকার হচ্ছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। একে তো তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে মানুষ অতিষ্ঠ, তার ওপর এই বাড়তি বিলের বোঝা যেন ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই সংকটে বিদ্যুৎ অফিসের চরম উদাসীন এবং একগুঁয়ে আচরণ। ভুক্তভোগী গ্রাহকরা যখন তাদের আয়ের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ এই বিল নিয়ে স্থানীয় বিদ্যুৎ অফিসে অভিযোগ জানাতে যাচ্ছেন, তখন তাদের কপালে জুটছে দীর্ঘ লাইন আর হয়রানি। বিদ্যুৎ অফিসের তৈরি করা নিয়মের বেড়াজালে বন্দি হয়ে সাধারণ মানুষকে বলা হচ্ছে, ‘আগে বিলের টাকা পরিশোধ করুন, পরবর্তীতে তা সমন্বয় করা হবে।’ প্রশ্ন জাগে, বিদ্যুৎ অফিসের কর্মীর গাফিলতি বা টাইপিং ভুলের খেসারত একজন সাধারণ দিনমজুর বা মধ্যবিত্ত পরিবার কেন দেবে? যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে হঠাৎ করে ১০ হাজার টাকার ভুয়া বিল পরিশোধ করার সামর্থ্য এই মানুষগুলোর কোথায়? আর টাকা না দিলে সংযোগ কেটে দেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে, তা স্রেফ মানসিক নির্যাতন।
গ্রাহকরা বিদ্যুৎ অফিসের এই একচেটিয়া আচরণের কাছে পুরোপুরি জিম্মি। এই ভোগান্তি দূর করতে অবিলম্বে মাঠ পর্যায়ের দুর্নীতিবাজ ও মিটার রিডারদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। গ্রাহকদের সুবিধার্থে ওয়ান-স্টপ অনলাইন কমপ্লেন সার্ভিস চালু করা জরুরি, যেখানে ঘরের মিটারের ছবি তুলে পাঠালেই ২৪ ঘণ্টার মধ্যে বিল সংশোধন হবে। কিন্তু অভিযোগ আছে, অর্থবছরের শেষে সিস্টেম লস কম দেখাতে বা রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে গ্রাহকদের ওপর বাড়তি বিল চাপানো হয়। বিদ্যুৎ কর্তৃপক্ষকে বুঝতে হবে, তারা জনগণের সেবক, শাসক নন। অনতিবিলম্বে এই ভুতুড়ে বিলের মহোৎসব বন্ধ করে সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে আনা হোক।
লেখক: কবি ও সাংবাদিক
আক্কেলপুর, জয়পুরহাট