জুবাইয়া বিন্তে কবির
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১০:৩৮ এএম
মাইক্রোপ্লাস্টিক। ছবি: সংগৃহীত
মানবসভ্যতার ইতিহাসে এমন অনেক বিপদ এসেছে, যেগুলো প্রথমে ছিল অদৃশ্য, কিন্তু পরে হয়ে উঠেছে ভয়াবহ বাস্তবতা। একসময় মানুষ ভাবেনি যে বায়ুদূষণ কোটি মানুষের জীবন কেড়ে নিতে পারে, আর্সেনিক নীরবে একটি জাতির স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে কিংবা ক্ষুদ্রাতিক্ষুদ্র রাসায়নিক উপাদান ভবিষ্যৎ প্রজন্মের বিকাশকে প্রভাবিত করতে পারে। আজ বিশ্ব সেই তালিকায় নতুন এক উদ্বেগের নাম যুক্ত করেছে মাইক্রোপ্লাস্টিক। এই ক্ষুদ্র প্লাস্টিক কণা এখন আর শুধু নদী, সমুদ্র কিংবা মাটির মধ্যে সীমাবদ্ধ নেই; এটি প্রবেশ করেছে মানুষের খাদ্য, পানি, বাতাস এবং শরীরের ভেতরেও। বাংলাদেশের সাম্প্রতিক গবেষণাগুলো নতুন করে এই বাস্তবতাকে সামনে এনেছে। দেশের বাজারে প্রচলিত দুধ, দুগ্ধজাত পণ্য, সয়াবিন তেল এবং টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে প্রকাশিত গবেষণা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে এই উদ্বেগের সঙ্গে আতঙ্ক নয়; বরং প্রয়োজন বিজ্ঞানসম্মত বিশ্লেষণ, দায়িত্বশীল নীতি এবং সচেতন নাগরিক আচরণ।
পাঁচ মিলিমিটারের কম আকারের প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর মধ্যে ১ মাইক্রোমিটারেরও ছোট কণাকে অনেক গবেষক ন্যানোপ্লাস্টিক হিসেবে চিহ্নিত করেন। ১৯০৭ সালে বেকেলাইট আবিষ্কারের মাধ্যমে আধুনিক প্লাস্টিক যুগের সূচনা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী প্লাস্টিকের ব্যবহার দ্রুত বৃদ্ধি পায়। ১৯৭২ সালে বিজ্ঞানীরা প্রথম সমুদ্রে ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি নিয়ে বৈজ্ঞানিক প্রতিবেদন প্রকাশ করেন। পরে ২০০৪ সালে ব্রিটিশ বিজ্ঞানী অধ্যাপক রিচার্ড থম্পসন ‘Microplastic’ শব্দটি বৈজ্ঞানিকভাবে জনপ্রিয় করেন। এরপর থেকেই বিশ্বজুড়ে গবেষণায় দেখা যায়, সমুদ্র, নদী, মাটি, বৃষ্টির পানি, বাতাস এমনকি মানুষের শরীরেও এই ক্ষুদ্র প্লাস্টিক কণা ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশে গত দুই দশকে প্লাস্টিকের ব্যবহার বহুগুণ বেড়েছে। খাদ্য মোড়ক, বোতল, প্যাকেজিং, পাইপলাইন, সিনথেটিক কাপড়, প্রসাধনী এবং দৈনন্দিন ভোগ্যপণ্যের মাধ্যমে প্লাস্টিক আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সাম্প্রতিক গবেষণাগুলো বলছে, এই সুবিধার আড়ালে তৈরি হয়েছে এক নীরব দূষণ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বাজারের সব পরীক্ষিত দুধ ও দুগ্ধজাত পণ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের গবেষণায় সয়াবিন তেলেও উল্লেখযোগ্য মাত্রায় মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। একই সময়ে ইএসডিওর গবেষণায় বাজারের অধিকাংশ টুথপেস্টেও এই কণার উপস্থিতি পাওয়া গেছে।
দুধকে আমরা দীর্ঘদিন ধরে পুষ্টির প্রতীক হিসেবে দেখেছি। কিন্তু গবেষণায় দেখা গেছে, কাঁচা দুধ, প্যাকেটজাত দুধ এবং বিভিন্ন দুগ্ধজাত পণ্যের প্রতিটি নমুনাতেই মাইক্রোপ্লাস্টিক রয়েছে। বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো, প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত দুধে কণার সংখ্যা তুলনামূলক বেশি। বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারেই প্রতিদিন সয়াবিন তেল ব্যবহার করা হয়। গবেষণায় প্রতি লিটার তেলে গড়ে কয়েক দশ হাজার মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া যাওয়ার তথ্য গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করা একটি স্বাস্থ্যকর অভ্যাস। কিন্তু সাম্প্রতিক গবেষণায় বাজারের বহু টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিশুদের জন্য বাজারজাত কিছু টুথপেস্টেও এই কণা শনাক্ত হওয়ায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে একই সঙ্গে মনে রাখতে হবে, বিএসটিআই জানিয়েছেÑ এখনও কোনো নির্দিষ্ট ব্র্যান্ডকে অনিরাপদ ঘোষণা করার মতো চূড়ান্ত বৈজ্ঞানিক ও আইনগত সিদ্ধান্ত হয়নি। তাই আতঙ্ক নয়, বরং বৈজ্ঞানিক অনুসন্ধান ও সতর্কতাই হওয়া উচিত আমাদের পথ।
লেখক: শিক্ষাবিদ, ঢাকা