× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোকালয়ে অজগর

সংগ্রাম দত্ত

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১০:৩২ এএম

 বন বিভাগ ও বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা যৌথভাবে অজগর উদ্ধার করেন। ছবি: প্রতিদিনে বাংলাদেশ

বন বিভাগ ও বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা যৌথভাবে অজগর উদ্ধার করেন। ছবি: প্রতিদিনে বাংলাদেশ

একই দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি চা-বাগান থেকে দুটি বিশাল আকৃতির অজগর উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গলের জাগছড়া চা-বাগানের ১৭ নম্বর সেকশনে চা-শ্রমিকরা প্রায় ১৬ ফুট দীর্ঘ ও প্রায় ৩০ কেজি ওজনের একটি অজগর দেখতে পান। একই দিন কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা-বাগানের ১৭ নম্বর সেকশনেও আরেকটি বড় অজগরের সন্ধান মেলে। দুটি ক্ষেত্রেই শ্রমিকরা সাপ দুটিকে আঘাত না করে বাগান কর্তৃপক্ষকে জানান। পরে বন বিভাগ ও বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা যৌথভাবে অজগর দুটি নিরাপদে উদ্ধার করেন। এর মাত্র ১৩ দিন আগে শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া ও হুগলিছড়া চা-বাগান থেকেও আরও দুটি অজগর উদ্ধার করা হয়েছিল। এই ঘটনাগুলোকে আলাদা করে দেখার সুযোগ নেই। বরং এগুলো একটি বড় বাস্তবতার দিকে ইঙ্গিত করে। প্রশ্ন হলোÑ অজগর কি মানুষের এলাকায় চলে আসছে, নাকি মানুষই ধীরে ধীরে বনের ভেতরে ঢুকে পড়ছে?

শ্রীমঙ্গল, কমলগঞ্জ, লাউয়াছড়া, পাথারিয়া, রেমা-কালেঙ্গা ও সাতছড়ি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের এমন এক বনভূমি অঞ্চল, যেখানে দেশের অন্যতম সমৃদ্ধ জীববৈচিত্র্য টিকে আছে। উল্লুক, মুখপোড়া হনুমান, লজ্জাবতী বানর, সোনালি বিড়াল, বনরুই, মেছোবিড়াল, অজগরসহ অসংখ্য বিরল প্রাণীর শেষ আশ্রয় এই বনগুলো। শুধু প্রাণী নয়, শত শত প্রজাতির উদ্ভিদ, পাহাড়ি ছড়া, চিরসবুজ অরণ্য এবং জলবায়ুর ভারসাম্য রক্ষার জন্যও এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু এই বনগুলো আজ নানা দিক থেকে চাপে রয়েছে। বনভূমি দখল, পাহাড় কেটে বসতি ও রিসোর্ট নির্মাণ, বাণিজ্যিক বাগান সম্প্রসারণ, অবৈধ বৃক্ষনিধন, পর্যটনের অনিয়ন্ত্রিত বিস্তার এবং সড়ক-রেলপথের চাপ ক্রমেই বনকে সংকুচিত করে তুলছে। ফলে বন্য প্রাণীর স্বাভাবিক আবাসস্থল ভেঙে পড়ছে, তাদের খাদ্য ও নিরাপদ চলাচলের পথ কমে যাচ্ছে। এরই পরিণতিতে অজগরসহ নানা প্রাণী লোকালয়ে চলে আসছে।

এই বাস্তবতায় বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের মতো সংগঠনগুলোর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রয়াত প্রকৃতিবিদ সীতেষ রঞ্জন দেবের হাতেগড়া এই সংগঠনটি গত প্রায় দুই দশকে দুই হাজারেরও বেশি বন্য প্রাণী উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বলে সংগঠন সূত্র জানিয়েছে। অজগর, কিং কোবরা, গোখরা, বনবিড়াল, মেছোবিড়ালসহ অসংখ্য প্রাণী উদ্ধার করে নিরাপদ পরিবেশে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সংগঠনটির অবদান প্রশংসনীয়। পাশাপাশি ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স এবং আরও কয়েকটি সংগঠনও সিলেট বিভাগের বিভিন্ন বনাঞ্চলে উদ্ধার ও সংরক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

প্রশ্নটি তাই কেবল একটি সাপকে ঘিরে নয়। প্রশ্নটি আমাদের উন্নয়ন, নীতি ও দায়বদ্ধতাকে ঘিরে। আমরা কি এমন উন্নয়ন চাই, যেখানে বন থাকবে না, বন্য প্রাণী থাকবে না, অথচ মানুষ নিরাপদ থাকবে? নাকি এখনই এমন সিদ্ধান্ত নেব, যাতে বনও বাঁচে, মানুষও বাঁচে, আর ভবিষ্যৎ প্রজন্ম একটি জীবন্ত, বৈচিত্র্যময় প্রকৃতি উত্তরাধিকার হিসেবে পায়?

উত্তরটি আমাদেরই দিতে হবেÑ এখনই।


লেখক: ফ্রিলেন্স রাইটার, সিলেট

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা