× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এআই খাতে অশনিসংকেত

নিরঞ্জন রায়

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১১:৫৪ এএম

নিরঞ্জন রায়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

নিরঞ্জন রায়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

আমাদের দেশে শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যাওয়ার মতো ঘটনার কথা কারও অজানা নয়। বিশেষ করে, যারা শেয়ারবাজারে বিনিয়োগ করেন বা শেয়ার লেনদেনের সঙ্গে জড়িত, তারা এর ভুক্তভোগীও। এমনকি যারা শেয়ার বাজার ওঠানামা নিয়ে লেখালেখি করেন বা টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে কথা বলেন, তারা যে শুধু শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যাওয়ার বিষয়টি জানেন তেমন নয়, তারা নিজেরাই জোরেশোরে এই অভিযোগ উত্থাপন করে থাকেন। শেয়ারবাজার থেকে টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনা যে শুধু আমাদের দেশে ঘটে তেমন নয়। পৃথিবীর অনেক দেশেই এমন ঘটনা ঘটে। এমনকি শক্তিশালী এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত আর্থিক বাজারের দেশ বলে স্বীকৃত আমেরিকার শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি ডলার উধাও হওয়ার মতো ঘটনার উদাহরণ রয়েছে। 

২০০৮ সালে সাবপ্রাইম মর্টগেজ কেলেঙ্কারির কারণে আমেরিকার আর্থিক খাতে যে ধ্স নেমেছিল, তখনও শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি ডলার উধাও হয়ে গিয়েছিল। এরপর আমেরিকার আর্থিক খাতে আরও অনেক কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু তারপরও শেয়ারবাজার থেকে অর্থ উধাও হওয়ার ঘটনা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। বরং এই ধরনের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। এই ঘটনার সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে গত সপ্তাহের আমেরিকার শেয়ারবাজার, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাত থেকে প্রায় ট্রিলিয়ন ডলার উধাও হয়ে গেছে। 

উল্লেখ্য, এই বিপুল অঙ্কের ডলার উধাও হয়ে যাওয়ার অর্থ এই নয় যে, সত্যিকারভাবে মূলধন সরিয়ে ফেলা হয়েছে। এটি মূলত কাগজ-কলমের হিসাব মাত্র, যেখানে শেয়ারমূল্যের দরপতনের কারণে ধারণাগত বা নোশানাল সম্পদের পরিমাণ কমে যায়। বিষয়টি বেশ জটিল বিধায় সঠিকভাবে ব্যাখ্যা করতে গেলে বিস্তারিত আলোচনার প্রয়োজন, যার সুযোগ এখানে সীমিত। 

আমেরিকার শেয়ারবাজারে বৃহৎ প্রযুক্তি কোম্পানি বলে খ্যাত সবকটি কোম্পানির শেয়ারমূল্যে ব্যাপক দরপতন হয়েছে। এসব প্রযুক্তি কোম্পানিগুলো আবার এআই খাতে ব্যাপক বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। আমেরিকার বৃহৎ এআই কোম্পানিগুলোর শেয়ারমূল্যে বড় মাত্রার দরপতন হওয়ায়, এক দিনে আমেরিকার শেয়ারবাজারের এআই খাত থেকে ৮৯০ বিলিয়ন ডলার মূল্যের বাজার মূলধন হাওয়া হয়ে গেছে। গত সপ্তাহে এআই কোম্পানির শেয়ারমূল্যের ব্যাপক দরপতনের পিছনে ছিল এসব কোম্পানির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ। যদিও প্রকাশিত প্রতিবেদনে ঢালাওভাবে সব এআই কোম্পানির রেভিনিউ হ্রাস পায়নি। কয়েকটি কোম্পানির রেভিনিউ হ্রাস পেলেও, অনেক কোম্পানির রেভিনিউ বৃদ্ধি পেয়েছে। তারপরও এসব কোম্পানির শেয়ারমূল্যে বড় ধরনের দরপতন হয়েছে। 

আমেরিকার মূলধারার সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গুগলের প্যারেন্ট কোম্পানি, অ্যালফাবেটের শেয়ারমূল্য হ্রাস পেয়েছে ৭%, যার ফলে এই কোম্পানির বজার মূলধন হারিয়েছে প্রায় ২৯৩ বিলিয়ন ডলার, যা গুগলের ইতিহাসে নজিরবিহীন। উল্লেখ্য বিশ্বে, বিশেষ করে আমেরিকায় যে কয়টি বৃহত্তম প্রযুক্তি কোম্পানি এআই খাতে ব্যাপক বিনিয়োগ করে চলেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যালফাবেট। এরকম আরেকটি বৃহত্তম প্রযুক্তি কোম্পানি হচ্ছে এলন মাস্কের টেসলা, যার শেয়ারমূল্যে এক দিনে দরপতন হয়েছে ১৫ শতাংশ। এত ব্যাপক দরপতন টেসলার শেয়ারে আগে কখনোই হয়নি। একইভাবে আরও দুটো বৃহৎ প্রযুক্তি কোম্পানি, মেটা প্লাটফর্ম, অর্থাৎ ফেসবুকের প্যারেন্ট কোম্পানি এবং ওরাকেলের শেয়ারমূল্যের দরপতন হয়েছে যথাক্রমে ৩.৪ এবং ৪.৬ শতাংশ। এরকম আরও কিছু প্রযুক্তি কোম্পানির শেয়ারমূল্যের বড় ধরনের দরপতন হয়েছে। একই সাথে প্রযুক্তি-নির্ভর নাজডাক কম্পোজিট ইনডেক্স ২.২ শতাংশ হ্রাস পেয়েছে। 

এআই কোম্পানির শেয়ারের বড় ধরনের দরপতনের জন্য অনেক বিশ্লেষক সাম্প্রতিক কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন প্রকাশকে দায়ী করছেন। কিন্ত অনেক বিশেষজ্ঞের মতে, শুধুমাত্র রেভিনিউ এজন্য দায়ী নয়। কেননা অনেক প্রযুক্তি কোম্পানির রেভিনিউ বৃদ্ধি পেয়েছে। তারপরও এসব প্রযুক্তি কোম্পানির শেয়ারের ব্যাপক দরপতন হয়েছে। এর কারণ হচ্ছে বিনিয়োগকারীরা এসব প্রযুক্তি কোম্পানির আরও অনেক বিষয় বিবেচনায় নেওয়ার চেষ্টা করছে। প্রথমত, এসব কোম্পানি এই খাতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং আরও কয়েকশ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে। এই বিপুল বিনিয়োগ থেকে প্রত্যাশা অনুযায়ী মুনাফা বা রিটার্ন আসবে কি না, সেটি একটি বিবেচ্য বিষয়। দ্বিতীয়ত, এআই খাতে এত ব্যাপক বিনিয়োগ হচ্ছে ঋণ নিয়ে। ফলে প্রযুক্তি কোম্পানিগুলোর ঋণের পরিমাণ অনেকগুণ বেড়ে যাবে। মাত্রাতিরিক্ত ঋণ নিয়ে এআই খাতে বিনিয়োগ করার কারণে কোম্পানিগুলো যথেষ্ট ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। তৃতীয়ত, কিছু সস্তা কোম্পানির কাছে থেকে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে এআই সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে, যা বৃহৎ প্রযুক্তি কোম্পানির জন্য এক ধরনের হুমকি। কেননা বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলো মানসম্পন্ন এবং সঠিক এআই সেবা নিশ্চিত করার স্বার্থে এআই অবকাঠামো, বিশেষ করে তথ্যভান্ডার বা ডেটা সেন্টার নির্মাণে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করে চলেছে। অথচ সস্তা এআই সেবা প্রদানকারী কোম্পানির এই মাত্রার বিনিয়োগ নেই। ফলে একটি অসম প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হতে পারে, যার প্রথম শিকার হবে বৃহৎ প্রযুক্তি কোম্পানি, যারা এই খাতে ব্যাপক হারে বিনিয়োগ করেছে। 

সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে এসব বৃহৎ প্রযুক্তি কোম্পানির প্রকৃত নগদ প্রবাহ বা ফ্রি ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়ে গেছে। একটি কোম্পানির রেভিনিউ এবং ফ্রি ক্যাশ ফ্লোর মধ্যে পার্থক্য আছে। রেভিনিউের ক্ষেত্রে নগদবিহীন ব্যয়, যেমন– অবচয় বা ডেপ্রিসিয়েশন এবং অবলোপন বা অ্যামোরটাইজেশন বিবেচনায় নেওয়া হয় না, কিন্তু ফ্রি ক্যাশ ফ্লোর ক্ষেত্রে এসব নগদবিহীন ব্যয় বিবেচনায় নেওয়া হয়। একটি কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লোর ওপর নির্ভর করে যে সেই কোম্পানির লভ্যাংশ প্রদান এবং শেয়ার পুনঃক্রয় বা রিপারচেজের মাধ্যমে শেয়ারমালিকদের অর্থ কতটা ফেরত দিতে সক্ষম। অধিকাংশ বৃহৎ প্রযুক্তি কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়ে গেছে। গুগলের প্যারেন্ট কোম্পানি, অ্যালফাবেটের ফ্রি ক্যাশ ফ্লো হ্রাস পেয়ে ঋণাত্মক বা নেগেটিভ ৫.৯ বিলিয়নে এসে দাঁড়িয়েছে। 

উল্লেখ্য, ২০০৪ সালে পাবলিক কোম্পানি হিসেবে যাত্রা শুরুর পর প্রথম এই কোম্পানির ঋণাত্মক ফ্রি ক্যাশ ফ্লো হয়েছে। বিশ্লেষকদের ধারণা যে আরেক বৃহৎ প্রযুক্তি কোম্পানি, ফেসবুকের প্যারেন্ট, মেটা প্লাটফর্মও ঋণাত্মক ফ্রি ক্যাশ ফ্লো রিপোর্ট করতে চলেছে। বৃহৎ প্রযুক্তি কোম্পানির মধ্যে একমাত্র ব্যতিক্রম হচ্ছে মাইক্রোসফট, যারা ধনাত্মক ফ্রি ক্যাশ ফ্লো রিপোর্ট করতে চলেছে। এভাবে অধিকাংশ বৃহৎ প্রযুক্তি কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়ে যাওয়া বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের কারণ, যা সাম্প্রতিক শেয়ারমূল্যের দরপতনে ভূমিকা রাখতে পারে।

বৃহৎ প্রযুক্তি কোম্পানির শেয়ারমূল্যের ব্যাপক দরপতন এবং এআই খাত থেকে প্রায় ট্রিলিয়ন ডলার মূল্যের বাজার মূলধন হারিয়ে যাওয়ার ঘটনা এমন সময় ঘটেছে, যখন এসব কোম্পানি এআই খাতে আকাশসম বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়ে বসে আছে। এই খাতে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। দীর্ঘ এক দশক ধরে এআই নিয়ে ব্যাপক আলোচনার পর এখন এই খাতে দৃশ্যমান সফলতা আসতে শুরু করেছে। প্রযুক্তি কোম্পানিগুলো এ ধারণা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে যে, আগামী কয়েক দশকের পথচলা হবে এআই-নির্ভর। আগামী দিনের সবকিছু এআই নিয়ন্ত্রিত হবে। এই লক্ষ্য সামনে রেখে সকল প্রকার কর্মক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার দ্রুতগতিতে শুরু হয়ে গেছে। দুয়েকটি প্রযুক্তি কোম্পানি এআই খাতের বিনিয়োগ থেকে রেভিনিউ ঘরে তুলতে শুরু করেছে। 

এআই খাত এক ব্যাপক সম্ভাবনার সৃষ্টি করেছে, যেখানে আগামী কয়েক বছরের মধ্যে প্রায় দশ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ হতে পারে বলে বিশ্লেষক এবং ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা ধারণা দিয়েছেন। ঠিক এরকম একটি সময় আমেরিকার শেয়ারবাজারের এআই খাত থেকে প্রায় ট্রিলিয়ন ডলার বাজার মূলধন উধাও হয়ে যাওয়া এক ধরনের অশনিসংকেত। শেয়ারবাজারে ব্যাপক দরপতন বা শেয়ার মার্কেটের ধ্স নতুন কিছু নয়। পুঁজিবাদী অর্থনীতির এটি একটি অনিবার্য বাস্তবতা। নিয়মিত বিরতি দিয়ে পুঁজিবাজারে উত্থান-পতনের ঘটনা ঘটবেÑ এটাই স্বাভাবিক। কিন্তু এআই খাতের কোম্পানির শেয়ারমূল্যের যেভাবে দরপতন হয়েছে এবং এর পিছনের কারণগুলো যেভাবে আলোচনায় চলে এসেছে, সেটাই বিনিয়োগকারীদের মূল উদ্বেগ। আমেরিকার শেয়ারবাজারের প্রযুক্তি কোম্পানিগুলোর বিশাল অঙ্কের বাজার মূলধন হারিয়ে যাওয়ার কারণে এআই খাতের অগ্রযাত্রা থেমে যাবে, নাকি এই অবস্থা কাটিয়ে এআই খাত ঘুরে দাঁড়াবে এবং পূর্ণমাত্রায় এগিয়ে যাবে, সেটিই এখন দেখার বিষয়। তবে যেমনটাই ঘটুক না কেন, এআই খাতের আগামী দিনের চলার পথটা মসৃণ হবে না, যেমনটা আগে প্রত্যাশা করা হয়েছিল। 

 লেখক: নিরঞ্জন রায় (সার্টিফায়েড অ্যান্টি-মানি লন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার, টরন্টো, কানাডা)

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা